কর্নেল হেসে উঠলেন। বললেন, তা হলে ডঃ আলুওয়ালার পাঠোদ্ধারটা দাঁড়াচ্ছে : শস্য অধিকর্তাকে একটি সেরা জাতের হনুমান পাঠানো হল। এই তো? বৎস, হনুমান শস্যের যম। অতএব শস্য অধিকর্তার কাছে হনুমান পাঠিয়ে রসিকতা করেছিল কেউ!
–তা ছাড়া আর কী হতে পারে? ডঃ আলুওয়ালা ওটাকে কীভাবে বলদ ভাবলেন কে জানে! –আচ্ছা জয়ন্ত, ওটাকে ঘোড়া ভাবতে দোষ কী?
–কিন্তু ডঃ আলুওয়ালা তো বললেন, মোহেনজোদাড়োতে ঘোড়ার কোনো মূর্তি পাওয়া যায়নি। বুনো জন্তু-জানোয়ারের মূর্তি আছে। ঘোড়ার মতো উপকারি গৃহপালিত প্রাণীর মূর্তি কেন থাকবে না? তার মানে ঘোড়ার কথা কেউ জানত না। তাই ঘোড়ার চিহ্নই নেই।
–তা বটে। হরাপ্পাতে কুকুর আর মুরগির মূর্তি পর্যন্ত পাওয়া গেছে।
–তা হলে বুঝতেই পারছেন, ওটা ঘোড়া নয়, হনুমান!
–হুম! জয়ন্ত তুমি শুনলে খুশি হবে যে ওখানে হনুমানের ছবিও পাওয়া গেছে।
লাফিয়ে উঠে বললুম,–তবে তো আর কথাই নেই। ওটা হনুমান। বাঁদিক থেকে চতুর্থ চিহ্নটা লক্ষ করুন না! হনুমানটার তাড়া খেয়ে একটা লোক পালাচ্ছে। এই লোকটাই শস্যঅধিকর্তা।
কর্নেল হাসতে-হাসতে বললেন,–শাবাশ জয়ন্ত, শাবাশ! প্রত্নতত্ত্ব দফতর তোমাকে যাতে পুরস্কৃত করেন, তার ব্যবস্থা করা যাবে। কিন্তু মুশকিল কী হয়েছে জানো? ডঃ পরমেশ্বর ভট্টাচার্যও এই ফলকটার পাঠোদ্ধার করেছেন বলে দাবি করেছিলেন। তার অনুবাদ একেবারে আলাদা। তোমাকে দেখাচ্ছি।
বলে কর্নেল উঠে টেবিলের দেরাজ থেকে একটা কালো জীর্ণ নোট বই বের করে আনলেন। নোট বই খুলে বললেন,–ডঃ ভট্টাচার্যের মতে প্রাচীন যুগের ভারতে প্রচলিত খরোষ্ঠী লিপির মতো সিন্ধুলিপি ডানদিক থেকে পড়তে হবে। সেইভাবে পড়ে উনি কী অনুবাদ করেছেন শোনো :
‘… প্রথম চিহ্নের অর্থ : সৌর বৎসরের ষষ্ঠ মাস। সূর্যের চাকার মধ্যে ছটা রেখা থাকায় ওটা হবে ষষ্ঠ মাস। দ্বিতীয় চিহ্নের অর্থ : চন্দ্রের প্রতিপদ। চন্দ্রকলার মধ্যে একটা দাঁড়ি রয়েছে। তৃতীয় চিহ্নের অর্থ : সিন্ধুনদের বাঁকের মধ্যবর্তী ত্রিকোণ ভূমি। চতুর্থ চিহ্নের অর্থ : ঘোড়া। পঞ্চম চিহ্নের অর্থ : মানুষ। ষষ্ঠ চিহ্নের অর্থ : খণ্ডিকৃত কৃষিজমি। সপ্তম চিহ্নের অর্থ : শস্য। অষ্টম চিহ্নের অর্থ : বৃক্ষমূলে প্রোথিত সম্পদ।
কথাগুলি বাক্যের আকারে সাজালে দাঁড়ায় : বৎসরের ষষ্ঠ মাসে চাঁদের প্রথম তিথিতে এক ব্যক্তি ঘোড়া নিয়ে সিন্ধুনদের বাঁকে ত্রিকোণ শস্যক্ষেত্রের সীমানায় এক বিশাল গাছের তলায় ধনসম্পদ পুঁতে রেখেছিল। ..
আমি চমকে উঠে বললুম,–গুপ্তধন! গুপ্তধন!
কর্নেল হাত তুলে আমাকে থামিয়ে দিয়ে বললেন,–ডঃ ভট্টাচার্যের ডাইরি থেকে পড়ে শোনাচ্ছি। শুনে যাও।
‘… রাখালদাসবাবুর সঙ্গে আমার এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি আমার অনুবাদ যথার্থ বলে স্বীকার করেছেন। সিন্ধুনদ এখন মোহেনজোদাড়ো থেকে সামান্য দুরে সরে গেলেও ধ্বংসাবশেষের দু’মাইল দুরে প্রাচীন খাতের চিহ্ন আমরা দুজনেই দেখে এসেছি। অবিকল ওই তৃতীয় চিহ্নের মতো বাঁক দেখেছি। তিনকোণা জমিটার আয়তন আন্দাজ বারো একর। পোড়ো রুক্ষ জমি। ক্ষয়াখবুটে গুল্মে ঢাকা। রাখালদাস বলেছেন, প্রত্নদফতরের কর্তা জন মার্শালকে কথাটা বলবেন এবং ওই জায়গায় মাটি খোঁড়ার কাজ শুরু করা হবে।‘ …
কর্নেল আবার কয়েকটা পাতা উল্টে গিয়ে পড়তে শুরু করলেন :
‘…আমাদের দুর্ভাগ্য। প্রবল বর্ষার জন্য খোঁড়ার কাজ একবছর পিছিয়ে গেল। তা ছাড়া জন মার্শালও বিশেষ উৎসাহ দেখাচ্ছেন না। রাখালদাস বলেছিলেন তাঁর শরীর ইদানীং ভালো যাচ্ছে না। শীঘ্র কলকাতায় ফিরতে চান। …
‘…রাখালদাস কাল চলে গেলেন দেশে। আমি স্টেশনে তাকে ট্রেনে তুলে দিয়ে এসেছি। স্টেশন মাস্টার রামচন্দ্র আলুওয়ালার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম। কথায় কথায় ঝোঁকের মুখে ওঁকে ব্রোঞ্জের ফলকটার কথা বলে ফেললাম। কাজটা ঠিক হল কিনা কে জানে! ভদ্রলোক কিন্তু পুরাতত্ত্বের ব্যাপারে খুব উৎসাহী। অনেক খোঁজখবর রাখেন। বললেন, সরকারি দফতরের ব্যাপার স্যাপারই এরকম। ওদের বিশ মাসে বছর। বরং আপনি যদি আমার সাহায্য চান, বলুন। মাটি কাটার লোক জোগাড় করে দেব। আমি বললুম ওখানে বেসরকারি লোককে মাটি কাটতে দেওয়া হবে না। আইনে বাধা আছে। তাই শুনে স্টেশনমাস্টার বললেন, তা হলে রাতে লুকিয়ে মাটি খোঁড়ার ব্যবস্থা করা যায়। আমার হাসি পেল। গুপ্তধনের কথা শুনেই ভদ্রলোক লোভে চঞ্চল হয়ে উঠেছেন। বললুম, তা কি সম্ভব? এক রাতের কাজ নয়। কাজেই ধরা পড়ে যাবার চান্স আছে। আমারও চাকরি যাবে মশাই? এতে মিঃ আলুওয়ালা খুব নিরাশ হলেন।
‘…স্যার জন মার্শালকে কলকাতার অফিসে সব জানিয়ে আবার চিঠি লিখেছিলাম। আজ জবাব এসেছে। উনি এবার স্পষ্ট করে বলেছেন যে আমার পাঠোদ্ধার ভুল। তা ছাড়া ওই বিশেষ চিহ্নটা ঘোড়া নয়। সিন্ধুসভ্যতায় ঘোড়ার কথা অবান্তর। তখন প্রাক-আর্য যুগে ওখানে ঘোড়ার কথা কেউই জানত না। ঘোড়াকে বশ মানানো হয়েছিল মধ্য এশিয়ায়। সে সিন্ধুসভ্যতার যুগের অন্তত দেড় দুই হাজার বছর পরের কথা।
‘…হায়! কীভাবে বোঝাব, আমার অনুবাদ যথার্থ। মার্শাল কেন বুঝতে পারছেন না, এমনও তো হতে পারে, তারও আগে তিব্বত বা চীনে ঘোড়াকে বশ মানানো হয়ে থাকবে এবং কোনো দেশত্যাগী অথবা পলাতক রাজপুরুষ ঘোড়ার পিঠে ধনরত্ন নিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন। মোহেনজোদাড়ো শহরে! তিনিই ধনরত্ন ওইভাবে গুপ্তস্থানে পুঁতে রেখেছিলেন এবং সেই সংবাদ প্রাচীন প্রথামতো একটা ব্রোঞ্জের ফলকে খোদাই করেছিলেন–যাতে তার অবর্তমানে কেউ না কেউ ধনরত্নের সঙ্গতি করতে পারে।
