তারাপদরও খেয়াল হল, তারও প্রথম দিন শক্ত-শক্ত লেগেছিল। চন্দন বলল, “তারা, তোর মনে আছে–আমি তোর সঙ্গে একদিন জায়গা বদল করে নিয়েছিলাম। যেদিকে মেয়েটা ঘণ্টা এনে রাখত সেদিকের চেয়ারে বসেছিলাম। আমার সেদিন কেমন মনে হয়েছিল মেয়েটির পায়ের আঙুল বেশ শক্ত।”
তারাপদ অস্বীকার করতে পারল না। চুপ করে থাকল। চন্দন খানিকটা উত্তেজনার গলায় বলল, “কিকিরা স্যার, মেয়েটা তা হলে একটা মাত্র পায়ে ফলস ফুট পরত?”
“খুব সম্ভব তাই পরত। যেদিকে ঘণ্টা থাকত–সেই দিকের পায়ে পরত।“
“ওই পায়ে ঘন্টা বাজাত?”
“কোনো সন্দেহ নেই।”
“অত বড় ঘণ্টা পায়ের আঙুলে ধরে কেমন করে বাজাত?”
“ওটা অভ্যাসের ব্যাপার। অভ্যাসে মানুষ সবই শেখে। সাকাসের খেলা দেখেছেন তো! আপনি আমি পারব না। কিন্তু যে শিখেছে সে পারবে। অত কথায় দরকার কী স্যার, সামান্য একটা শাঁখ যদি আপনাকে বাজাতে বলি আপনি পারবেন না–অথচ কত ছোট-ছোট মেয়েরা কেমন চমৎকার শাঁখ বাজায়!”
তারাপদ আর. যেন কথা বলতে পারছিল না। এখন তার বিশ্বাস হচ্ছিল ভুজঙ্গ আগাগোড়া তাদের সঙ্গে ধাপ্পা মারছে! কিন্তু তাই কি?, সবই ধাপ্পা? মোমের আঙুলটাও ধাপ্পা?”
কিকিরা বললেন, “একটা কথা কিন্তু বলে রাখি। যে-ঘণ্টাটা পায়ের সামনে এনে রাখা হত–সেটা হয়ত আপনাদের ধোঁকা দেবার জন্যে। দেখানো হত–আত্মা কেমনভাবে এসে ঘণ্টা তুলে নিয়ে বাজায়। আসলে টেবিলের তলার দিকে লুকোনো একটা ঘণ্টা ঝুলানো থাকত। কিংবা এমনও হতে পারে–মেয়েটি পায়ের আঙুলে ঘণ্টার মুণ্ডুটা আঁকড়ে ধরে বাজাত। এতে অবশ্য কিছুই আসে যায় না। মোদ্দা কথা পা দিয়েই ঘণ্টা বাজানো হত?”
কেউ কোনো কথা বলল না কিছুক্ষণ। তারাপদর দীর্ঘ নিশ্বাস শোনা গেল।
সামান্য পরে ভারী গলায় তারাপদ বলল, “আপনি বাবার কথা তখন কী বলছিলেন? ভুজঙ্গই বাবাকে মেরেছে?”
কিকিরা বললেন, “সেকথাও বলব। তবে এখানে আর নয়–বাইরে চলুন।”
নিজের ঘরে এনে কিকিরা তারাপদদের বসালেন। আবার একবার দেহাতী চা খাওয়া হল। চন্দনের কাছ থেকে সিগারেট চেয়ে নিয়ে ধরালেন কিকিরা । জোরে-জোরে টান মারলেন। তারপর তারাপদর দিকে তাকালেন।
কিকিরা বললেন, “তারাপদবাবু, এবার আপনার বাবার কথা শুনুন। আপনার বাবাকে আমি কখনো চোখে দেখিনি। তবে তাঁর কথা শুনেছি। মানুষটি বড় ভাল ছিলেন, সরল সাদাসিধে। তাঁর মন খুব নরম ছিল, সামান্যতেই ছটফট করতেন, কেঁদেকেটে মরতেন। আপনার ছোট বোন পরী যখন ওইভাবে আচমকা একটা দুর্ঘটনায় মারা গেল, তিনি একেবারে পাগলের মতন হয়ে গেলেন।”
তারাপদ তখনকার কথা মনে করবার চেষ্টা করল। ওই বয়েসের কথা স্পষ্ট করে কিছুই মনে পড়ে না, অস্পষ্ট করেও বা কতটুকু মনে পড়তে পারে । পরী মারা যাবার পর সমস্ত বাড়িটাই কেমন ফাঁকা, ঠাণ্ডা হয়ে গিয়েছিল। বাবা, মা, সে নিজে–সকলেই যে যার মতন কেঁদে মরত।
কিকিরা বললেন, “মন একেবারেই ভেঙে গিয়েছিল আপনার বাবার। এই সময়ে মানুষ বড় দুর্বল হয়ে পড়ে। তার মতি নষ্ট হয়। আপনার বাবা সেই সময় পরলোক, আত্মা–এইসব ব্যাপার নিয়ে লেখা বইটই পড়তেন, নানা লোকের কাছে গল্প শুনতেন, লুকিয়ে লুকিয়ে প্ল্যানচেট করতে বসতেন। আপনার মা এ-সব একেবারেই পছন্দ করতেন না।…যাই হোক, এই সময় একবার আপনাদের সাধুমামা কলকাতার বাড়িতে এলেন। আপনার বাবা তাঁকে ধরলেন। সাধুমামাও আপনার বাবার অবস্থা দেখে তাঁকে ভুজঙ্গভূষণের কাছে নিয়ে যেতে চাইলেন। লুকিয়ে। সেই যাওয়াই কাল হল।”
তারাপদর বুকটা কেমন যেন করে উঠল। দুঃখে না রাগে বোঝা গেল না। উত্তেজনাতেও হতে পারে। কিকিরার দিকে সে তাকিয়ে থাকল।
“সাধুমামা বাড়ি ছেড়ে চলে যাবার দু-দিন দিন পরে আপনার বাবা চুরি করে লুকিয়ে ভুজঙ্গভূষণের কাছে হাজির। ভুজঙ্গকে হাতে পায়ে ধরলেন–আমার মেয়েকে একবার দেখান। ভুজঙ্গ তো মেয়ে দেখাল না, কিন্তু মেয়ের আত্মাকে দেখাল, যেমন করে আপনাদের দেখিয়েছে। মেয়ের পুরো হাতের একটা মোমের ছাঁচও দেখাল। সেই ছাঁচ বুকে করে আগলে আপনার বাবা কলকাতায় ফিরে এলেন। কিন্তু আসবার পথেই তাঁর মাথায় কী যে হল, একেবারে অন্য মানুষ। কথাবার্তা বলতেন না, কাজকর্মে যেতেন না, বোবা হয়ে থাকতেন, পাগলের মতন তাকাতেন। আপনার মা কিছুই জানলেন না। আপনার বাবার অসুখ করল–মাথার গোলমালের দরুনই হবে। অল্প ক’দিনের মধ্যে তিনি মারা গেলেন। সেই মোমের ছাঁচটার কী হল আমি জানি না। হয় আপনার বাবা নিজেই নষ্ট করে ফেলেছিলেন, না হয় আপনার মা কিছু না-জেনেই ফেলে দিয়েছিলেন।”
তারাপদর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বুক ধকধক করছিল। চন্দনও যেন। বোবা হয়ে দাঁড়িয়ে থাকল।
কিকিরাও অনেকক্ষণ কথা বললেন না ।
চন্দন হঠাৎ জিজ্ঞেস করল, “মোমের ছাঁচ–মানে হাতের ওই ছাঁচ তৈরি করা যায়?”
কিকিরা বললেন, “যায়। পৃথিবীতে যেখানেই সেয়াঁসের আড্ডা বসে–সেখানেই এটা চালু আছে। আত্মা যে এসেছে তার প্রমাণ দেবার জন্যে ছাঁচ দেখানো হয়।”
“কেমন করে হয়?”
“সেটা আপনি এখানে আপনাদের দেখাতে পারব না। কারণ খানিকটা মোম আমি এ-জায়গায় জোগাড় করতে পারলেও রবারের একটা দুস্তানা জোগাড় করতে পারব না। তবে নিয়মটা বলে দিই । রবারের একটা দস্তানার মধ্যে জল ভরে দস্তানাটা ইচ্ছেমতন ফুলিয়ে নিতে হয়। তারপর সেটা ভাল প্যারাফিন বা মোমের মধ্যে ডুবিয়ে দিতে হয়। দস্তানার গায়ে মোম জমে গেলেই সেটা উঠিয়ে নিয়ে জলের পাত্রে ডুবিয়ে দিতে হয়। তারপদ দস্তানার ভেতরের জল ফেলে দিলেই রবারের দস্তানা কুঁচকে যাবে। সেটা বেরিয়ে আসবে । ছাঁচটা ঠিক থাকবে। এইভাবে আঙুল করা যায়, হাতের মুঠো করা যায়..। অনেক সময় এগুলো আগে থেকেই করা থাকে। সেয়াঁসের সময় লুকোনো জায়গা থেকে বার করে দেওয়া হয়।”
