তারাপদ তার জুতোর ডগা দিয়ে কিকিরার জুতোর ডগা চেপে থাকল।
কিকিরা বললেন, “বাঃ বাঃ, চমৎকার হয়েছে। এবার আমরা চোখ বন্ধ করব । বন্ধ করে আত্মার কথা ভাবব । চন্দনবাবু, আপনি চোখ খুলে সবই দেখতে পারেন, যদি অবশ্য এই অন্ধকারে দেখা যায়। রেডি,…তা হলে এবার আমরা আত্মা ডাকতে বসতে পারি। নিন তারাপদবাবু, চোখ বুজে ধ্যান করুন। কাকে ডাকতে চান?”
“বাবাকে।”
“বেশ, বেশ।”
তারাপদ চোখের পাতা বুজে ফেলল। কিকিরাও চোখ বন্ধ করার ভান করলেন–কিন্তু পুরোপুরি বন্ধ করলেন না। চন্দন সামান্য তফাতে দাঁড়িয়ে কিকিরাদের দিকে তাকিয়ে থাকল। এই অন্ধকারে দুজনকে অস্পষ্ট দেখা যাচ্ছিল মাত্র।
তারাপদ তার বাবাকে ডাকবার চেষ্টা করছিল, কিন্তু একমনে ডাকতে পারছিল না। নানা ধরনের চিন্তা এসে যাচ্ছিল। কখনো ভুজঙ্গ এসে পড়ছিল, কখনো। সেই মেয়েটি। বাবার কথা ভাবতে গিয়েও কিকিরার কথাটা মনে আসছিল। কিকিরা কেন বললেন ভুজঙ্গই তার বাবাকে মেরেছে?
সমস্ত মন এলোমেলো হয়ে থাকায় তারাপদ কিছুতেই তার বাবাকে তেমন করে ভাবতে পারছিল না।
এইভাবে সময় কেটে যাচ্ছিল, আস্তে আস্তে । কতক্ষণ যে কেটে গেল তাও বোঝা গেল না। সবই চুপচাপ। এক-আধবার বাইরে থেকে কোনো কাকের ডাক কিংবা দূরে কাঠ কাটার শব্দ খুব ফিকেভাবে ভেসে আসছিল।
হঠাৎ যেন কিকিরা সামান্য কেঁপে উঠলেন। তারপর বললেন, “তারাপদবাবু, উনি এসেছেন।”
তারাপদ বোধ হয় সামান্য অপ্রস্তুত ছিল। বলল, “কে?”
“আপনার বাবা।”
“বাবা?” তারাপদ বিশ্বাস করতে পারল না। কিকিরা কি তার সঙ্গে তামাশা করছেন! কোথায় বাবা?
কিকিরা বললেন, “আপনার বাবার আত্মা আমায় ভর করে নেই, কিন্তু তিনি আমার কাছেই রয়েছেন। প্রমাণ চান?”
তারাপদ মুখ ফুটে বলতে পারল না–হ্যাঁ চাই। তার মন বলছিল–চাই, নিশ্চয়ই চাই।
কিকিরা যেন তারাপদর মন বুঝেই বললেন, “আপনার বাবার আত্মা এসেছেন কিনা সেটা আপনিই যাচাই করে নিন। ওঁকে কিছু জিজ্ঞেস করুন। জবাব হ্যাঁ হলে ঘন্টার শব্দ শুনবেন; না হলে ঘণ্টা বাজবে না।”
তারাপদ এবার খানিকটা অবাক হল। কিকিরা ঘণ্টার ব্যবস্থাও রেখেছেন? আগে তো বলেননি! কেমন একটা থতমত ভাব হল তারাপদর সত্যি সত্যিই কি কিকিরা আত্মা নামিয়েছেন না মজা করছেন তার সঙ্গে?
কিকিরা বললেন, “কই, জিজ্ঞেস করুন?”
তারাপদ ঢোক গিলে প্রশ্ন করল,”বাবা! বাবা আপনি এসেছেন?”
প্রথমটায় চুপচাপ। তারপর সত্যি সত্যিই ঘণ্টা বেজে উঠল ।
তারাপদ চমকে গেল। সে স্বপ্নেও ভাবেনি কিকিরা এইভাবে তাকে অবাক করে দেবেন। হতবুদ্ধি হয়ে গেল তারাপদ। আর ওই অবস্থায় আবার জিজ্ঞেস করল, “বাবা, সত্যিই আপনি এসেছেন?”
আবার ঘণ্টা বাজল। তারাপদ কান পেতে শব্দটা শুনল। ভুজঙ্গর ঘরে ঘণ্টার শব্দ আরও সুন্দর শোনায়, এখানে শব্দটা একটু অন্যরকম। ঠাকুরঘরে ঘণ্টা বাজার মতনই অনেকটা। হঠাৎ তারাপদর ঝোঁক চাপল, কিকিরা কোনো চালাকি করছেন কিনা জানতে হবে। চোখ সামান্য খুলে তারাপদ কিকিরার দিকে তাকাল । কিকিরাও তাকিয়ে আছেন।
তারাপদ জিজ্ঞেস করল, “বাবা, আপনার সঙ্গে আর কেউ এসেছে?”
ঘণ্টা এবার বাজল না।
“কাল ভুজঙ্গর ঘরে পরী এসেছিল?”
ঘণ্টা বাজল।
“পরী কি কিছু রেখে গিয়েছে?”
এবারও ঘণ্টা বাজল।
তারাপদ বিচলিত হয়ে পড়ছিল। তার মনে হচ্ছিল, সে যেন হেরে যাচ্ছে । কিকিরা তাকে জব্দ করছেন। খানিকটা রাগও হচ্ছিল তার, কেন রাগ হচ্ছিল বুঝতে পারছিল না। কিকিরা তার বিশ্বাস ভেঙে দিচ্ছেন বলে কি?
আচমকা তারাপদ কতকগুলো উলটো-পালটা প্রশ্ন জিজ্ঞেস করে বসল। “আপনার নাম বিষ্ণুপদ না বিষ্ণুব্রত?…আপনি অ্যাকসিডেন্টে মারা যান না অসুখে ভুগে?…পরী বাড়িতে মারা গিয়েছিল না হাসপাতালে?”
হেরেই গেল তারাপদ। কিকিরার নামানো আত্মা ঠিক-ঠিক জবাবে ঘণ্টা বাজাল।
শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল তারাপদ।
এবার কিকিরা বললেন, “তারাপদবাবু, এ এক এমন আত্মা যে আপনার সমস্ত প্রশ্নেরই জবাব দিতে পারে, যদি অবশ্য তার জানা থাকে। যাকগে, এবার আর লুকোচুরির দরকার নেই, আসল ব্যাপারটা আপনাকে দেখাই।” বলে কিকিরা তাঁর হাত টেনে নিলেন। চন্দনকে বললেন, “চন্দনবাবু, আপনাকে একটু হাত লাগাতে হবে। এখানে তো আলো নেই, না দেখলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না। দয়া করে ওই ভেতর দিকের জানলাটা খুলে দেবেন? দরজাও খুলে দিন। ওপাশের উঁচু ঘুলঘুলি থেকে চটটা নামিয়ে নিন স্যার।
চন্দন ঝাপসা অন্ধকারে হাতড়ে হাতড়ে জানলা-টানলা খুলল। এবার খানিকটা আলো আসছিল। মোটামুটি সবই চোখে পড়ে।
কিকিরা চন্দনকে টেবিলের সামনে এসে দাঁড়াতে বললেন। তারপর তারাপদর দিকে তাকিয়ে হাসি-হাসি গলায় বললেন, “স্যার, এই আত্মা নামানোর ব্যাপারটা স্রেফ জোচ্চুরি। লোক ঠকানোর খেলা।…আপনারা স্যার লেখাপড়া-শেখা ছেলে–নিজেরাই জানেন মানুষ মনে-মনে কত দুর্বল। আমরা কেউই তো চাই না আমাদের মা বাবা ভাই বোন আমাদের ছেড়ে চলে যায়। অনেক বয়েস হল, মানুষ বুড়ো হল, অসুখবিসুখে ভুগে মারা গেল, সেটা অন্য কথা; কিন্তু সময় হল না, অথচ মা বাবা ছেলে মেয়ে ভাই বোন যদি চলে যায় তবে কে তা সহ্য করতে পারে বলুন। মানুষের এই দুর্বলতাকে কিছু লোক মাথা খাঁটিয়ে কাজে লাগায়। এরই নাম সেয়াঁস, বা আত্মা-নামানোর চক্র। আমাদের দেশ বলে নয়, সব দেশেই এটা বেশ ভাল ব্যবসা হিসেবে চলে। য়ুরোপ আমেরিকাতেও চলে, আবার হংকং-টংকংয়েও চলে। লাখ লাখ টাকার ব্যবসা চলছে স্যার এইভাবে। যাকগে, সে পরের কথা, এখন কাজের কথায় আসি।” বলে কিকিরা একটু থামলেন। তারপর হেসে বললেন, “এইবার দেখুন, স্যার ঘন্টাটা কেমন করে বাজে।”
