ভুজঙ্গভূষণ মন্ত্রের মতন করে সেই শ্লোক আবৃত্তি করতে করতে শেষ পর্যন্ত থেমে গেলেন কিছুক্ষণ পরে বললেন, “যাকে আনতে চাইছ, তাকে চোখ বন্ধ করে একমনে ডাকো, তারাপদ। কোনো কথা বলো না। তোমরা কেউ কাউকে স্পর্শ করো না।”
তারাপদ পরীকে মনে মনে ভাবতে লাগল। ডাকতে লাগল। পরী-পরী সেই ছোট্ট পরী।
চন্দন চোখ খোলার চেষ্টা করল বার কয়েক। পারল না। যেন পাতালের তলায় তারা কোথাও নেমে গেছে, ঘটুঘুট করছে অন্ধকার।
কোনো শব্দ নেই, আলোর একটি ফোঁটাও কোথাও নেই। সময় বয়ে যাচ্ছে। এর যেন শেষ নেই। তারাপদ কেমন আচ্ছন্ন হয়ে পরীকে ভাবতে লাগল।
কতক্ষণ যে কেটে গেল খেয়াল নেই। হঠাৎ ভুজঙ্গভূষণ বললেন, “আমি ফুলের গন্ধ পাচ্ছি। কে একজন এসেছে! কে?”
তারাপদ সচেতন হল। চন্দনও।
ভুজঙ্গভূষণ বললেন, “পরী, তুমি যদি এসে থাকো, তোমার দাদার কাছে যাও। তাকে ওই গন্ধ, তোমার বয়ে আনা গন্ধ তাকে জানতে দাও মা।”
তারাপদ একেবারে ধীরস্থির হয়ে বসে থাকল। বুক কাঁপছে। তবু সে অধৈর্য।
পরী আসছে না। কেন আসছে না? তার দাদা তাকে ডাকছে–তবু কেন আসছে না?
একেবারে আচমকা তারাপদর নাকে এক গন্ধ ভেসে এল। কোন ফুলের গন্ধ সে বুঝতে পারল না। চাঁপা ফুলের মতনই অনেকটা।
পরী এসেছে। তারাপদ থরথর করে কাঁপতে লাগল। পরী এসেছে। পরী, পরী, সোনা বোন আমার।
আবেগে তারাপদ যখন কেঁদে ফেলেছে, হঠাৎ তার গালের পাশে পরীর চুলের ছোঁয়া পেল। তারপর আর নয়। ছোঁয়া নয়। গন্ধটাও ফিকে হয়ে যেতে যেতে মিলিয়ে যাচ্ছিল।
ভুজঙ্গভূষণ বললেন, “পরী, তুমি যে এই ঘরে এসেছিলে তার কিছু চিহ্ন রেখে যাও। তোমার দাদা সামান্য কিছু চিহ্ন চায়। আমার সামনে মোমের পাত্র আছে। তোমার হাতের কিছু চিহ্ন রেখে যাও মা। অন্তত একটা-দুটো আঙুলের।”
আবার সব নিস্তব্ধ।
অনেকক্ষণ পরে জঙ্গভূষণ বললেন, “পরী চলে গেছে। আমি আর কোনো গন্ধ পাচ্ছি না।”
আরও সামান্য সময় গেল । ভুজঙ্গভূষণ ঘণ্টা নাড়লেন। তারাপদদের মাথার ওপরকার বাতি জ্বলে উঠল।
তারাপদ আর চন্দন অন্ধের মতন বসে থাকল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে তাদের চোখ ফুটল।
ভুজঙ্গভূষণ সামনের টেবিলের দিকে হাত বাড়িয়ে বললেন, “তারাপদ, তোমার বোন পরী এসেছিল। ওই দেখো সে তোমার জন্যে তার আঙুলের ওই চিহ্ন রেখে গেছে।”
তারাপদ প্রায় পাগলের মতন সামনে ছুটে গেল। ভুজঙ্গভূষণের সামনের টেবিলে মোমের একটা আঙুল পড়ে আছে।
আঙুলটা নেবার জন্যে তারাপদ হাত বাড়াল।
.
দশ
সকালে তারাপদর আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। ঘুম ভেঙে যাবার পরেও সে অনেকক্ষণ শুয়ে থাকল। শরীর যেন ভেঙে যাচ্ছে, হাত-পা ভার, চোখ জ্বালা করছিল। সারা রাত জ্বরের ঘোরে পড়ে থাকার পর সকালে ঘুম ভাঙলে যেমন লাগে, সেই রকম লাগছিল। শরীরের দোষ নেই, আজ ক’দিনই একটা-না-একটা এমন কিছু ঘটে যাচ্ছে যাতে মাথার ঠিক থাকে না, একের পর এক ভাবনা সারাক্ষণ জট পাকিয়ে থাকে মাথায় । রাত্রে ঘুম হয় না ভাল করে। তার ওপর কালকের ঘটনার পর তারাপদ একেবারেই ঘুমোত পারেনি। বিছানায় শুয়ে ছটফট করেছে, মাঝে মাঝেই কেঁদে উঠেছে বাবা-মা-পরীর কথা ভেবে। তবু বাবা কিংবা মা তাকে এমন করে বিহ্বল করে যায়নি। পরীই যেন সব উলটে-পালটে দিয়ে গেল। তার আত্মা তারাপদর গায়ের কাছে, সামনেই এসে দাঁড়াল, গন্ধ শুকিয়ে দিল, চুলের ছোঁয়া দিল মুহূর্তের জন্যে, একটা মোমের আঙুলও রেখে গেল চিহ্ন হিসেবে। এরপর তারাপদ কেমন করে স্থির থাকবে! সে কাকে বোঝাবে, এই ছোট্ট বোনটিকে সে কতদিন কোলে করে একটু বসে থাকার জন্যে মায়ের কাছে আবদার করত!পরী তখন চার ছ’মাসের বাচ্চা! ওইটুকু বাচ্চা কিছুই তো বোঝে না, তবু তারাপদ বিকেলে খেলাধুলো ছেড়ে বোনের পাশে শুয়ে-শুয়ে কাগজের ফুল দেখিয়েছে, ঝুমঝুমি নেড়েছে, প্রাণপণে ছড়া কেটেছে। পরী আরও যখন বড় হল একটু, তারাপদ বোনকে বসতে, পা-পা করে হাঁটতে, একটা দুটো আধো-আধো কথা বলতে শিখিয়েছিল। সেই বোন যখন থাকল না–তখন তারাপদর বুক ভেঙে গিয়েছিল। সমস্ত বাড়ি অসাড় থাকত তখন; মা আড়ালে বসে কাঁদত, বাবা কেমন পাথরের মতন হয়ে গিয়েছিল, আর তারাপদ বেড়াল-ছানার মতন সারা বাড়ি কেঁদে কেঁদে ঘুরে বেড়াত।
সেই পরী কাল এসেছিল। তারাপদ তাকে চোখে দেখতে পেল না বটে, তবে আসার প্রমাণ তো পেল। পরী আজও কোথাও-না-কোথাও রয়েছে এটা জানার পর বুকের মধ্যে কেমন হয় এ-কথা শুধু তারাপদই বুঝতে পারে। আর কেউ বুঝবে না।
মাঝরাত পর্যন্ত চন্দনকে জ্বালিয়ে শেষরাতে তারাপদ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এখন উঠল বেশ খানিকটা বেলায়, ঘরে রোদ ঢুকে পড়ার পর ।
চন্দন বিছানায় নেই । অনেক আগেই বোধ হয় উঠে পড়েছে ।
শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠল তারাপদ, অনেকটা জ্বোরো রোগীর মতন বেখেয়ালে মুখটা ধুয়ে এল। একজনকে দেখতে পেয়ে চা দিতে বলল রুক্ষ গলায়। কেন যে রুক্ষ হল নিজেও বুঝল না।
ঘরে বসে যখন চা খাচ্ছে তারাপদ, চন্দন এল।
“ঘুম ভাঙল তোর?” চন্দন বলল।
“হ্যাঁ। তুই কোথায় গিয়েছিলি?”
চন্দন হাত বাড়িয়ে নিজের জন্যে এক পেয়ালা চা ঢেলে নিল; কথা বলল প্রথমটায়, তারপর বলল, “রোগী দেখতে!”
অবাক হয়ে তারাপদ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকল।
