তারাপদ আর চন্দন ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। সেই ডায়নামোর শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মানুষের গলা পাওয়া যাচ্ছে না, কারও কোনো রকম টিকি দেখা যাচ্ছে না। ক’টা প্রজাপতি উড়ছে বাগানে। রোদ আরও গাঢ়, রীতিমত তাপ লাগছে গায়ে। শীত যেন এই রোদের কাছে। হার মেনে গেছে।
চন্দন বলল, “তারা, একটাও লোক নেই, কোনো সাড়াশব্দ নেই, তোর ভুজঙ্গভূষণ বেঁচে আছে তো?”
কথাটা শোনামাত্র তারাপদ যেন চমকে উঠল। সত্যিই তো, ভুজঙ্গভূষণ যদি মারা গিয়ে থাকে? ভুজঙ্গ নিজে অমাবস্যা পর্যন্ত বাঁচব বলেছে–কিন্তু মরা বাঁচা কি মানুষের নিজের হাতে? ওটা ভগবানের হাত । যদি ভুজঙ্গভূষণ মারা গিয়ে থাকে তবে তো হয়েই গেল! তারাপদর এই ছুটে আশা বৃথা হল । বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার যে আশা দেখা গিয়েছিল তাও গেল।
তারাপদ বেশ বুঝতে পারল, সে ভুজঙ্গভূষণকে জীবিত দেখতে চায় টাকার লোভে, সম্পত্তির লোভে? অথচ এই ভুজঙ্গকে নিয়ে তাদের ভয় দুশ্চিন্তা কি কম!
পাথরকুচি-ছড়ানো রাস্তা দিয়ে বাড়ির একেবারে সামনের সিঁড়িতে এসে দাঁড়াল তারাপদরা। তবু কোনো শব্দ নেই, কারও সাড়া নেই। একেবারে চুপচাপ সব।
চন্দন বন্ধুর দিকে তাকাল। “কী ব্যাপার রে?”
“কী জানি, বুঝতে পারছি না।”
“চেঁচিয়ে চেঁচিয়ে ডাকব?”
“কাকে?”
“কেন, ভুজঙ্গভূষণকে?”
তারাপদ বুঝতে পারল না, কী বলবে।
পাঁচ-সাত ধাপ সিঁড়ি উঠে গেল ওরা। বারান্দায় উঠে এসে দাঁড়াল। সামনেই একটা বড়-মতন ঘর। দরজা খোলা। বারান্দার একদিকে গোটা দুই চেয়ার পাতা রয়েছে।
চন্দন ঘরের দিকে পা বাড়িয়ে উঁকি মারতে যাচ্ছিল, এমন সময় পাশের ঘর থেকে কে বাইরে এসে দাঁড়াল। চন্দন তাকাল।
তারাপদ একদৃষ্টে লোকটিকে দেখছিল। তারপর অবাক হয়ে বলল, “সাধুমামা!”
সাধুমামা যেন তারপদকে চিনতে পারছিলেন না। তাকিয়ে থাকলেন।
তারাপদ আবার বলল, “সাধুমামা, আমি তারাপদ । তোমার এ কী চেহারা হয়েছে? তুমি ওভাবে আমায় দেখছ কেন? আমায় চিনতে পারছ না?”
সাধুমামার শরীর কঙ্কালের মতন, মাথার চুল একেবরে সাদা, ঘাড় পর্যন্ত ছড়ানো, মুখের মাংস কুঁচকে বিশ্রী হয়ে গেছে। বীভৎস দেখাচ্ছে। কিছু যেন হয়েছিল মুখে। কাটাকুটি, ঘা, নাকি সাধুমামারও মুখ পুড়ে গিয়েছিল ঝোঝা যাচ্ছে না। সাধুমামা এমন অদ্ভুত চোখে তাকিয়ে থাকলেন যেন সত্যিই তারাপদকে চিনতে পারছেন না।
তারাপদ বিশ্বাস করতে পারছিল না যে, সাধুমামা তাকে চিনতেও পারছেন না। বছর দেড় দুই আগেও সাধুমামা তার কাছে গিয়েছিলেন,
এমন সময় একেবারে আচমকা ভয়ংকর গম্ভীর গলায় কে যেন বলল, “ওদের হলঘরে বসাও। বসিয়ে তুমি ওপরে আমার কাছে এসো।”
তারাপদরা চমকে উঠল।
কে যে কথাটা বলল দেখবার জন্যে তারাপদরা তাকাল। কাউকে দেখতে পেল না কোথাও। গলার স্বরটা কী গম্ভীর, কী কঠিন। গমগম করে উঠল যেন বারান্দাটা। কিন্তু কে কথা বলল? কে?
সাধুমামা ওই গলা শোনামাত্র বাড়ির চাকরবাকরের মতন হাত দেখিয়ে তারাপদদেরর মাঝের ঘরটার দিকে যেতে ইশারা করলেন। কথা বললেন না।
.
ছয়
হলঘরে বসে থাকার সময়েই তারাপদরা বুঝতে পারল, তারা এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে। এই বিশাল বাড়ি এত ফাঁকায়–এমনিতেই নিঝুম থাকার কথা তার ওপর যদি এই বিরাট পুরীতে মানুষের সাড়াশব্দ, হাঁকডাক, চলাফেরা না থাকে–তবে কেমন লাগে? তারা কলকাতার মানুষ, মানে হইহই রইরইয়ের মধ্যে মানুষ। কোন্ ভোর থেকে মাঝরাত পর্যন্ত সেখানে শুধু শব্দ আর শব্দ, মানুষজন থেকে গাড়ি-ঘোড়া, রাস্তার খেকি কুকুরগুলোও কানের পরদা ফাটিয়ে দেয় অনবরত। আর এখানে এই অদ্ভুত চুপচাপ। শুধু ডায়নামো চলার সেই ফটফট শব্দ; মাঝে মাঝে বাইরে দু-চারটে পাখির ডাক।
হলঘরটাও কেমন জাদুঘরের মতন দেখাচ্ছে। রীতিমত বড় ঘর, কবেকার কোন্ মান্ধাতা আমলের আসবাবপত্র, কারিকুরি করা লোহার ফ্রেমের সোফা সেট, বড় বড় আর্ম চেয়ার, মোগলাই নকশার একটা বড় সেন্টার টেবিল, মোটা মোটা বেটপ আলমারি গোটা দুই, দেওয়াল জুড়ে নানা ধরনের সামগ্রী ঝুলছে, বাঘের মাথা, বুনো মোষের সিং, বড় বড় তীর-ধনুক, এক জোড়া খঙ্গ, মা কালীর বিরাট পট, আর ওই সবের মধ্যে একটিমাত্র মানুষের ছবি। ফটো নয়, তেলরঙে আঁকা ছবি । ও ছবি যে ভুজঙ্গভূষণের তাতে কোনো সন্দেহ নেই। ওই মুখের দিকে তাকালে সমস্ত শরীর যেন থরথর করে কাঁপে, গায়ের লোমকূপে কাঁটা দিয়ে ওঠে। বেশ লম্বা, খাঁড়ার মতন নাক, ভীষণ চওড়া কপাল; চোখ দুটো জ্বলজ্বল করছে, কী তীব্র, তীক্ষ্ণ। খুবই আশ্চর্য, ঘরের মাঝখানে যেখানেই তুমি বসো, মনে হবে ভুজঙ্গভূষণ তোমায় দেখছে। ঘাড় পর্যন্ত ঝাঁকড়া এলোমেলো চুল, মুখভরতি দাড়ি। দাঁত যেটুকু দেখা যাচ্ছে তাতে মনে হয় মানুষটি বড় ভয়ংকর।
তারাপদরা বসে থাকল তো বসেই থাকল। চুপচাপ। ঘরের মধ্যে একটা বড় দেওয়াল-ঘড়ি টিকটিক করে বেজে যাচ্ছিল। আর তারাপদর বুকের মধ্যে ধকধক করছিল, গলা শুকিয়ে আসছিল।
এমন সময় একজন ঘরে এল। ছিপছিপে চেহারা, গায়ের রঙ কালো, অন্তত বছর চল্লিশ বয়েস, লালচে রঙের গেরুয়া পরনে, মাথায় রুক্ষ একরাশ কোঁকড়ানো চুল, দাড়ি নেই। লোকটার মুখের দিকে তাকালেই প্রচণ্ড ধূর্ত মনে হয়।
