“আচ্ছা, সে আমি পরে ভেবে দেখব। এখন তোমার বন্ধু থাকুক।” বলে মৃণাল দত্ত যেন সামান্য কি ভেবে নিলেন।
খুবই আচমকা মৃণাল দত্ত বললেন, “তুমি ভুজঙ্গবাবুকে কখনো দেখেছ?”
“আজ্ঞে, না।”
“তাঁর নাম শুনেছ?”
“আমার মনে পড়ছে না।“ মার কাছে আমার এক পিসিমার কথা শুনেছি। পিসিমার শ্বশুরবাড়ির পদবী ছিল হাজরা। সাঁওতাল পরগনার কোথায় যেন থাকতেন জায়গাটার নাম আমি জানি না । মা যদি বলেও থাকে–আমি ভুলে গিয়েছি।”
মৃণাল দত্ত খুব শান্তভাবে বসে, তারাপদর দিকে তাকিয়ে আছেন। একটু চুপ করে থেকে বললেন, “তোমার বাবা কবে মারা যান?”
“বাবা–! বাবা মারা গেছেন অনেক দিন। আমি তখন স্কুলে পড়ি। ক্লাস এইট-এ।”
“অসুখ করেছিল? কী অসুখ?”
“কী অসুখ আমি বলতে পারব না।…বাবা কলকাতার বাইরে কোথায় যেন গিয়েছিলেন। অসুস্থ হয়ে ফিরে আসেন। কয়েক দিনের মধ্যে মারা যান।”
“কোথায় গিয়েছিলেন জানো না?”
“না।”
“মা-র কাছে কিছু শুনেছ?”
“না।…বাবা যখন ফিরে আসেন তিনি কেমন যেন হয়ে গিয়েছিলেন, অনেকটা পাগলের মতন। অথচ একটা কথাও বলতেন না। বলতে পারতেন না। একেবারে বোবা। মাথায়ও কিছু হয়েছিল, মনে হত আমাদের চিনতেও পারছেন না।” বলতে বলতে তারাপদ দীর্ঘনিশ্বাস ফেলল। এতকাল পূরে বাবার কথা মনে হওয়ায় হঠাৎ যেন সেই পুরনো স্মৃতি তাকে কেমন বিষণ্ণ করে তুলল।
মৃণাল দত্ত নীরব। চন্দন আড় চোখে একবার কালো বেড়ালটার দিকে তাকাল। তার চোখের মণিতে আলো পড়েছে যেন।
“তোমার মা কবে মারা যান?” মৃণাল শুধোলেন।
“আমি কলেজ থেকে বেরুবার পর মা মারা যায়। বাবা মারা যাবার পর মা অনেক কষ্টে স্কুলে একটা চাকরি জুটিয়ে নেয়। আমরা বরাবরই খুব গরিবভাবে থেকেছি। কোনো রকমে চলত দুজনের। মার বুকের অসুখ করেছিল। তাতেই মারা যায়।”
মৃণাল দত্ত সেক্রেটারিয়েট টেবিলের ওপর রাখা চুরুটের বাক্স থেকে একটা চুরুট বেছে নিলেন। “তোমরা আগে কোথায় থাকতে, ঠিকানা কী?”
তারাপদ মদন দত্ত লেনের ঠিকানা বলল।
“তারপর?”
তারাপদ বটুকবাবুর মেসে এসে ওঠার আগে যেখানে যেখানে ছিল তার কথা বলল ।
চুরুট ধরিয়ে নিয়ে মৃণাল দত্ত এবার বললেন, “তোমার পিসেমশাই ভুজঙ্গভূষণ তোমায় তাঁর সমস্ত বিষয়সম্পত্তি স্থাবর অস্থাবর-সবই দিয়ে যেতে চান। ভূজঙ্গবাবুর প্রপার্টি যা যা আছে তার সঠিক ভ্যালুয়েশান আমি এখনই দিতে পারব না। ধরো মোটামুটি দেড় থেকে পৌনে দুই লাখ টাকার। এ-সমস্তই তোমার হবে। কিন্তু…”
তারাপদর মাথা প্রায় ঘুরে উঠল। দেড় লাখ টাকার সম্পত্তি! আজ সকালে দাঁত মাজার স্টে পর্যন্ত যার ছিল না, বটুকবাবুর তিরিশটা টাকার জন্যে যারা আত্মহত্যা করার ইচ্ছে করছিল, সেই লোক সন্ধেবেলায় দেড় লাখ টাকার সম্পত্তি পাচ্ছে। তারাপদর ইচ্ছে করছিল থিয়েটারের লোকদের মতন হাহা করে হেসে ওঠে।
মৃণাল দত্ত বললেন, “কিন্তু এই সম্পত্তি পাবার আগে তোমায় দুটো শর্ত পালন করতে হবে।”
তারাপদ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল।
মৃণাল দত্ত বললেন, “তুমিই যে ভুজঙ্গবাবুর আত্মীয় তারাপদ তা প্রমাণ করতে হবে।”
“কী করে করব?”।
“তোমার যা করার করেছ, বাকিটা আমি করব। আমার কাছে প্রমাণ আছে। আমি মিলিয়ে দেখব। তার আগে তোমার বন্ধুকে এ-ঘর থেকে কিছুক্ষণের জন্যে উঠে যেতে হবে।”
তারাপদ কিছু বলার আগেই চন্দন উঠে দাঁড়াল। সেও রীতিমত উত্তেজনা বোধ করছিল।
তারাপদ বলল, “আর-একটা শর্ত কী?”
মৃণাল দত্ত শান্ত গলায়, “প্রথমটা যদি মেলে তবে না দ্বিতীয়টা!”
চন্দন আর-একবার বেড়ালটার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল।
.
দুই
চন্দন চলে যাবার পর তারাপদর বড় ভয় করতে লাগল। ঘরে সে এখন একলা; মৃণাল দত্ত মুখোমুখি বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছেন তো দেখেই যাচ্ছেন, চুরুটটা তাঁর দাঁতের সঙ্গে ছোঁয়ানো, কেমন একটা কড়া তামাকের গন্ধ নাকে লাগছে। তারাপদ বুঝতে পারছিল না, অন্ধকারের আলো ফেলার মতন চোখ করে মৃণাল দত্ত এত কী দেখছেন তাকে! তার মাথায় ঢুকছিল না, ওই ভদ্রলোকের কাছে এমন কী প্রমাণ রয়েছে যাতে তিনি আসল আর জাল তারাপদ ধরে ফেলবেন? খানিকটা যেন রাগও হচ্ছিল তারাপদর, তার, পরিচয় এই নিয়ে সন্দেহ করার কী আছে? সে কি মুদির দোকানের বনস্পতি ঘি যে খাঁটি আর ভেজাল পরীক্ষা করে দেখতে হবে? বাস্তবিক পক্ষে এটা কিন্তু অপমান;. তারাপদ যেচে এখানে আসেনি, সে ভুজঙ্গভূষণের দেড় দু লাখ টাকার সম্পত্তি পাবার আশায় কাঙাল নয়, তবু তাকে নিয়ে এটা কি বিশ্রী ব্যাপার হচ্ছে? এভাবে তাকে বসিয়ে রাখার কোনো অধিকার মৃণাল দত্তর নেই।
তারাপদ মনে মনে যাই ভাবুক সে কিছু বলতে পারল না; বোবার মতন বসে থাকল।
শেষে মৃণাল দত্ত উঠলেন। ওঠার আগে টেবিলের ড্রয়ার খুললেন চাবি দিয়ে, ড্রয়ারের মধ্যে থেকে আরও একটা বড় মতন চাবির গোছা বার করলেন, দুটো কি তিনটে চাবি একসঙ্গে বাঁধা।
তারাপদর সামনে দিয়ে মৃণাল দত্ত আস্তে আস্তে দেওয়াল-সিন্দুকের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, “তোমার চেহারার সঙ্গে কার মিল বেশি বলে মনে হয়, তোমার বাবার না মা-র?”
তারাপদ খানিকটা অবাক হল। বাবা এতকাল হল মারা গিয়েছেন যে, তাঁর মুখ আর ভাল করে মনেই পড়ে না। তা ছাড়া বাবা মারা যাবার সময় সে ছেলেমানুষ ছিল, এখন কত বড় হয়ে গিয়েছে, চব্বিশ পঁচিশ বয়েস হতে চলল–কেমন করে সে বলবে তার চেহারা বাবার মতন’ হয়ে আসছে কি না! মা অবশ্য বলত, তারাপদর চেহারার আড় তার বাবার মতন হয়েছে, মুখের খানিকটা বাবার ছাঁদে, বাকিটা মার।
