গতকাল রিলিজ অর্ডার এবং নার্সিং হোমের সমস্ত পাওনাগন্ডা মিটিয়ে দিয়েছেন মিনতি সেন। বললাম, আপনি আসবেন না, উনি বললেন, দেখি যদি সময় করতে পারি। বুঝতে পারছি কেউ আসবে না। একদিন যেমন সেলিনাকে একাকী আমাকে নিয়ে যেতে হয়েছিল, আজও রেহানাকে হয়তো একাকীই নিয়ে যেতে হবে। ভীষণ আনন্দের মাঝেও কি যেন বিষণ্ণতার সুর বাজছে আমার একতারাতে। এমন নিবিড় করে ওকে তো আর কখন কাছে পাবো না।
আজ ১০ দিন হলো ওর স্মৃতি ফিরে এসেছে। এই দশদিন ও যেমন নিঃস্ব করে নিজেকে উজাড় করে দিয়েছে আমার কাছে এত দীর্ঘদিনে তা কোনদিন করেনি। কত স্বপ্ন। কত কল্পনা কত অতীত স্মৃতির গভীর সাগরে নিজেদের ডুবিয়ে দিয়ে অস্তিত্ব খুঁজে ফিরেছি। এই দশদিনে মাত্র একদিন এসেছিল সেলিনা। বলেছিলাম ওকে, তুমি কি প্রতিশোধ নিচ্ছ? অবাক হয়ে বলেছিল প্রতিশোধ? কার উপর প্রান্তিক ভাই? আমার উপর? কেন কিসের প্রতিশোধ? বলেছিলাম তাহলে যাওনা কেন ওখানে? ও বলল, গানের ছন্দপতন ভাল লাগবে? আবার তো সেই অন্ধকার দিন, সেই একঘেয়েমি তীব্র বাস্তবের মুখোমুখি। মধুর বাঁশীর সুর বিলীন হতে তো সময় লাগবে না। এই সময়টুকু শুধু আপনাদেরই থাকুক। বলেছিলাম, সত্যি তোমাকে আজো বুঝতে পারলাম না আমি। তারপর বললাম তুমি কেন বোঝনা সেলিনা তোমারা না গেলে আমার ভাল লাগতে পারে না। ও বলল, ওটা অন্তরের কথা নয়। আপনাদের কোন এক কবি বলেছেন না নগদ যা পাও হাত পেতে নাও বাকীর খাতা শূন্য থাক। হা ওমর খৈয়াম। সেলিনা বলল ওই কবিই বোধ হয় আরেক জায়গায় বলেছেন, প্রিয়ার ডাগরচোখ ঘোলাটে হয়ে যাবে কিন্তু বই অনন্ত যৌবনা। আমি বললাম, তুলনাটা ঠিক হল না সেলিনা। আসলে এই বৈপরীত্যের জন্য দায়ী তোমার অন্তর। না গিয়ে কি তবে বইয়ের মধ্যে ডুবে থাকতে চাও। না, তাহলে? ভাবছি। কি ভাবছো? ভাবছি আপনার কথা? আমার কথা? হ্যাঁ প্রান্তিক ভাই আপনার কথা? কি? যদি আপনাকে রেহানার কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে যাই, কেমন লাগবে ওর। আমি হাসতে হাসতে বললাম, এরকম অবস্থায় ঠিক তোমার যেমন লাগবে। আপনি আমাকে এমন দুর্বল ভাবেন কেন বলুনতো? ওকে বাধা দিয়ে বললাম ওসব কথা থাক। কেন তুমি যেতে চাওনা ওখানে? কারণ আমার উপস্থিতি আপনাদের অস্বস্তিতে ফেলতে পারে। তার থেকে এই ভাল। আপনি আর দেরি করবেন না যান।
কথা বাড়ায়নি আর। আসতে আসতে ভাবছিলাম, সেই প্রথম যেদিন ওর কাছে নিজেকে ধরা দিয়েছিলাম সেদিন বলেছিলাম হিসেব মিলল কি না? বলেছিল সে, উত্তর কাল দেব। পরের দিন বলেছিল, না প্রান্তিক, আজো মেলেনি উত্তর। তবে মেলাতে আমাকে হবেই। তারপর দুষ্টুমি মাখা হাসি ফুটিয়ে বলেছিল, কি পাগল তুমি, উত্তর মেলানোর হিসাব চাইছ তুমি আমার কাছে, নিজেই তো মিলিয়ে নিতে পার। পার না?
রহস্য ভরা দৃষ্টি নিয়ে তাকালো ও আমার দিকে। রেহানা সুস্থ হয়ে উঠছে দ্রুত। ডাঃ পালও ভীষণ অবাক হয়ে গেছেন। এত দ্রুত এই আঘাত থেকে সেরে ওঠার কথা নয়। আমি বললাম, রোজ রোজ আর এখানে আসতে ভাল লাগেনা। তাড়াতাড়ি সুস্থ হও। সুস্থতা কি আমার হাতের মধ্যে। তোমারই মধ্যে। তোমার মনের জোর, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করবে রেহানা। আবার সেই চতুর হাসিতে মুখ ভরিয়ে বললে আমার সুস্থতায় তোমার লাভ হতে পারে, কিন্তু আমার তাতে যে ভীষণ ক্ষতি? সে আবার কি রকম?
ও তাকালো ঘরের চারদিকে তারপর বলল, এখানে যে তুমি আমার, একান্ত আমার, এমন করেতো তোমাকে এর বাইরে গিয়ে পাবোনা। গভীর আবেগে বললাম, নিভৃত মনের কোন সে গোপনে এত ভালবাসাকে তুমি নির্বাসিত করেছিলে রেহানা। ও বলেছিল ভালবাসাতো মনের গহনে লুকিয়ে থাকে। সমুদ্রের মত অতলান্ত আবার উত্তাল তরঙ্গ মালার মধ্যেও সত্যি কারের ডুবুরি কেবল তাকেই খুঁজে পেতে পারে যা সে খুঁজতে চায়। আমি তো মেকি ডুবুরি। তাই বুঝি? তা হলে কেমন করে খুঁজে পেলে তুমি সেই অমূল্য মুক্ত? পেয়েছি কি? পাওনি বুঝি। আমি হাসলাম। ও খুব আস্তে বলল কাছে এসো। কেন? যদি না পেয়ে থাক নিজের হাতে তুলে দেব তোমাকে। কোন দুঃখ থাকবে না। পায়ে পায়ে যখন এগিয়ে যাচ্ছি ওর দিকে। ঝড়ের মত ঢুকলে সেলিনা। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে হৃদস্পন্দন বেড়েচলেছে দ্রুত। বললাম, তুমিতো আসবে না বললে? বলেছিলাম। তবে কি খুব প্রয়োজন? কেন আমার আসায় আপনাদের কি কোন ক্ষতি হয়েছে? রেহানা বলল এভাবে কথা বলছিস কেন? তুই থাম রেহানা। তারপর আমাকে বলল, একবার বাইরে আসতে পারবেন প্রান্তিক ভাই। রেহানা বলল, এখানে বলা যায় না। কণ্ঠে উদ্বিগ্নতা। না যায় না। বললাম চল। তারপর রেহানার দিকে তাকিয়ে বললাম আমি আসছি।
বাইরে এলে সেলিনা বলল, আজ আপনি বিকালে এখানে আসবেন না প্রান্তিক ভাই। কেন? আমায় বিশ্বাস করতে পারছেন না? আমি যে না বলছি এটাই কি যথেষ্ট নয়? একদিন সে কথা মেনে নিতে কোন অসুবিধা ছিল না, কিন্তু সে বিশ্বাস তুমি নিজেই নষ্ট করেছে। মানে? কি বলতে চাইছেন আপনি প্রান্তিক ভাই? কি বলতে চাইছি তাতে তুমি আমার থেকেও বেশি জান। ও কোন কথা না বাড়িয়ে বলল, আপনার দুটি পায়ে পড়ি প্রান্তিক ভাই, আপনি আজ আসবেন না। পরে তার জন্য যে শাস্তি দেবেন তাই মাথা পেতে নেবো। কিন্তু আপনি এলে আমার ভীষণ বিপদ হবে। তা হলে কি করব।শুধু একটু অভিনয়। অভিনয়? হ্যাঁ প্রান্তিক ভাই অভিনয়? কার সাথে? আমার সাথে?
