মিস্টার শিভালকর বিয়ে করেননি?
না।
তার আত্মীয়স্বজন কাউকে চেনেন? আমরা তাঁদের খবর দিতে চাই।
না, চিনি না। ও কখনও কারও কথা বলেনি। তবে শিভালকরের বাবা-মা অনেকদিন মারা গেছেন। আমি জানি।
ওঁর আয় কেমন ছিল?
ভালোই। মোটামুটি আমার মতো। মাসে তিন-চার হাজার টাকার মতো। আপনিও পাথর কেনাবেচা করেন?
পাথর বলতে হীরে আর চুনি। শুধু বেচি। শিভালকরও তাই করত।
শিভালকরকে খুন করতে পারে এমন কাউকে আপনি সন্দেহ করেন?
তেতো হাসি হাসল সরজানা। বলল, দুতিনজনের নাম এখুনি বলতে পারি।
কে কে?
প্রথমত কবিতা পারেখ। এই মেয়েটাকে শিভালকর বিয়ে করবে বলে সব ঠিকঠাক ছিল, কিন্তু আর একটা মেয়ের প্রেমে পড়ে ও কবিতাকে ছেড়ে দেয়। তখন কবিতা বারবার করে
চেঁচিয়ে বলেছিল, বিশ্বনাথকে ও খুন করবে।
উনি নিশ্চয়ই সে-কথায় আমল দেননি?
না, প্রথমটা ঠিক দেয়নি। কিন্তু পরে ভয় পেতে শুরু করেছিল। সবসময় সতর্ক থাকতে চেষ্টা করত। শেষের দিকে তো কবিতার কথা পুরোপুরি বিশ্বাস করেই বসেছিল।
করার চুমুক দিল শাশ, মতো দামি পাথর
মতো হয়ে গেছে
কবিতা পারেখ কোথায় থাকে জানেন?
দমদম। তিনের এক, এম.সি. গার্ডেন রোড।
আর কার কথা যেন বলছিলেন?
গেলাসে আর একবার চুমুক দিল শ্যাম সরজানা।
হ্যাঁ–নৃপেন দত্তর কথা। সেও আমাদের মতো দামি পাথর বিক্রি করে। ওর ধারণা বিশ্বনাথ বারকয়েক ওর খদ্দের ছুটিয়ে নিয়েছে। ব্যাপারটা ওর কাছে ম্যানিয়া মতো হয়ে গেছে। একবার তো ওদের হাতাহাতি মারপিট শুরু হয়ে গিয়েছিল, আমিই কোনওরকমে থামিয়ে দিয়েছিলাম। একটু থেমে সরজানা আবার বলল, আসলে নৃপেন দত্ত ভালো সেলসম্যান নয়। না আছে টাকা, না আছে কথা। শিভালকরকে ও হিংসে করত।
নৃপেন দত্ত কোথায় থাকে?
খিদিরপুরে শুনেছি। তবে ঠিকানা জানি না।
পাতা উলটে নোটবইয়ের নতুন পাতায় এলাম।
দুজন হল, আমি বললাম, আর কেউ?
না–অন্তত আমি জানি না।
মিস্টার শিভালকরকে প্যাটেল নামে একজন ফোন করেছিল। উনি এই প্যাটেলকে ভীষণ ভয় করতেন। এ নামে কাউকে চেনেন?
শ্যাম সরজানার ভুরু কিছুক্ষণের জন্যে কুঁচকে গেল। তারপর ও মাথা নাড়ল না, চিনি না।
মিস্টার শিভালকর কোনওরকম বিপদে পড়েছিলেন? ধরুন কারও কাছ থেকে টাকা ধার নেওয়া, কিংবা কোনও মামলায় জড়িয়ে পড়া, বা জুয়ার বোর্ডে সর্বস্বান্ত হওয়া–এরকম কিছু?
না। অন্তত আমি যদুর জানি।
আপনি বললেন, অন্য একটা মেয়ের জন্যে মিস্টার শিভালকর কবিতা পারেখকে ছুটি দিয়েছিলেন। কে সে মেয়ে?
যমুনা সরকার। বাঙালি। ইশারায় অদূরে টেবিলে রাখা একটা ফটোর দিকে দেখাল সরজানা : ওই যে–ওর ফটো।
ফটোটা পরীক্ষা করতে কাছে এগিয়ে গেলাম। মেয়েটার বয়েস কম, এবং দেখতে সত্যিই সুন্দর। কিন্তু ওর সৌন্দর্যে রয়েছে কেমন এক অদ্ভুত শীতল দীপ্তি। তা ছাড়া ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টানা-টানা দুটো চোখকে সংক্রামিত করতে পারেনি।
ফিরে এসে আবার বসলাম, সরজানার মুখোমুখি।
ওঁর সঙ্গে কথা বলা দরকার, আমি বললাম, ঠিকানা জানেন?
না।
মিস্টার শিভালকর দেখছি মেয়েদের মধ্যমণি ছিলেন, কী বলেন?
ঠিক তা নয়। মেয়েরা ওর কাছে ভিড় করত, কিন্তু ও একসঙ্গে একজনের বেশি কাউকে পাত্তা দিত না। একটু থামল শ্যাম সরজানা, তারপর বলল, এই যমুনা মেয়েটা বিশ্বনাথকে যেন জাদু করেছিল। বেচারা ওর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিল। আসলে কবিতা পারেখকে ও বিয়ে করবে বলে সব ঠিক ছিল। কিন্তু ওই যমুনা মেয়েটা কোত্থেকে যে এসে উদয় হল, ব্যস, বিশ্বনাথ কবিতা ভুলে নিছক গদ্যে মনোযোগ দিল। যমুনার প্রেমে হতভাগা একেবারে অন্ধ হয়ে গিয়েছিল।
যমুনা সরকারের সঙ্গে আপনার আলাপ আছে?
না। কখনও দেখিনি, আর মাঝে-মাঝে মনে হত, শিভালকরও ওকে কোনওদিন না দেখলে ভালো হত। দিনরাত্তির ওর মুখে খালি যমুনার কথা, আর কাজকর্ম ফেলে মেয়েটার পেছনে ঘুরঘুর করত। বললাম তো, না দেখলে বিশ্বাস হবে না।
চেয়ারে নড়েচড়ে বসে নোটবইয়ে একটা নতুন পয়েন্ট লিখে নিলাম।
মিস্টার শিভালকর কার হয়ে কাজ করতেন?
কারও হয়ে নয়। খাতায় সই করে পাথর নিত।
খাতায় সই করে?
হ্যাঁ, ধারে। প্রায় আধডজন জহুরির কাছ থেকে ও খাতায় সই করে হীরে চুনি এসব নিত। তারপর পাথর বিক্রি হলে তাদের টাকা শোধ করত।
তাহলে বাজারে তাঁর সুনাম ছিল বলতে হবে?
তার চেয়েও বেশি।
বিশ্বনাথ শিভালকরকে আপনি শেষ কখন দেখেন, মিস্টার সরজানা?
চকিতে আমার দিকে তাকাল শ্যাম সরজানা। তারপর গেলাস তুলে চুমুক দিল। অবশিষ্ট তরলটুকু শেষ করতে করতে গেলাসের ওপর দিয়ে আমাকে স্থির চোখে লক্ষ করতে লাগল।
আমাকে সন্দেহ করছেন? ও বলল।
জাস্ট রুটিন, মিস্টার সরজানা, আশ্বাস দিয়ে বললাম, কখন দেখেছেন?
টেবিলের এক কোণে গেলাসটা নামিয়ে রাখল ও, বলল, আজ সকালে। তখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। ব্যাপারটার মাথামুণ্ডু কিছুই বুঝে উঠতে পারিনি।
কী হয়েছিল?
শিভালকরের ঘরেই আমাদের কমন একটা ফোন রয়েছে। আজ ভোরে, প্রায় ছটা নাগাদ, আচমকা টেলিফোন বেজে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। সুতরাং আমি বিছানা ছেড়ে রান্নাঘরে চা করতে যাই। কয়েক মিনিট পরেই দেখি বিশ্বনাথ অ্যাটাচি কেস হাতে জামাকাপড় পরে হাজির। ওকে দেখে মনে হল যেন ভীষণ ভয় পেয়েছে। জানি না, তার কারণ ওই টেলিফোন কি না।
