হাদীস নং ১৭২২
আবুল ওয়ালীদ রহ………ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মুহরিমদের উদ্দেশ্যে আরাফাতে ভাষণ দিতে শুনেছি। তিনি বলেছেন : যার চপ্পল নেই সে মোজা পরিধান করবে আর যার লুঙ্গি নেই সে পায়জামা পরিধান করবে।
হাদীস নং ১৭২৩
আহমদ ইবনে ইউনুস রহ…….আবদুল্লাহ রা. থেকে বর্ণিত যে, মুহরিম ব্যক্তি কী কাপড় পরিধান করবে এ সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন : মুহরিম ব্যক্তি জামা, পাগড়ি, পায়জামা, টুপি এবং জাফরান কিংবা ওয়ারস দ্বারা রঞ্জিত কাপড় ব্যবহার করতে পারবে না। যদি তার চপ্পল না থাকে তাহলে মোজা পরবে, তবে মোজা দুটি পায়ের গিরার নিচ থেকে কেটে নিবে।
হাদীস নং ১৭২৪
আদম রহ…….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আমাদেরকে লক্ষ্য করে তাঁর ভাষণে বললেন : (মুহরিম অবস্থায়) যার লুঙ্গি নেই সে যেন পায়জামা পরিধান করে এবং যার চপ্পল নেই সে যেন মোজা পরিধান করে।
হাদীস নং ১৭২৫
উবায়দুল্লাহ রহ………বারা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল- কাদা মাসে উমরা আদায় করার নিয়তে রওয়ানা হলে মক্কাবাসী লোকেরা তাকে মক্কা প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে তিনি তাদের সাথে এই শর্তে চুক্তি করেন যে, সশস্ত্র অবস্থায় নয় বরং তলোয়ার কোষবদ্ধ অবস্থায় তিনি মক্কা প্রবেশ করবেন।
হাদীস নং ১৭২৬
মুসলিম রহ……..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাবাসীদের জন্য যুল-হুলাইফা, নজদবাসীদের জন্য কারনুল মানাযিল এবং ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম নামক স্থানকে ইহরামের জন্য মীকাত নির্ধারণ করেছেন। এ স্থানগুলোর অধিবাসীদের জন্য এবং হজ্জ ও উমরার সংকল্প করে বাইরে থেকে আগত যাত্রী, যারা এ স্থান দিয়ে অতিক্রম করবে, তাদের জন্য এ স্থানগুলো মীকাত হিসাবে গণ্য হবে। আর মীকাতের অভ্যন্তরে অবস্থানকারী লোকদের জন্য তারা যেখান থেকে যাত্রা করবে সেটাই তাদের ইহরাম বাঁধার জায়গা। এমন কি মক্কাবাসী লোকেরা মক্কা থেকেই ইহরাম বাঁধবে।
হাদীস নং ১৭২৭
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের বছর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় (মক্কা) প্রবেশ করেছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্ত্রাণটি মাথা থেকে খোলার পর এক ব্যক্তি এসে তাকে বললেন, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে আছে। তিনি বললেন : তাকে তোমরা হত্যা কর।
হাদীস নং ১৭২৮
আবুল ওয়ালীদ রহ……..ইবেন ইয়ালা রা. তাঁর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। এমতাবস্থায় হলুদ বা অনুরূপ রংগের চিহ্ন বিশিষ্ট জামা পরিহিত এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন। আর উমর রা. আমাকে বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি যখন ওহী নাযিল হয় সে মুহূর্তে তুমি কি তাকে দেখতে চাও ? এরপর (ঐ সময়ে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ওহী নাযিল হল। তারপর এ অবস্থা পরিবর্তন হলে তিনি (প্রশ্নকারীকে) বললেন : হজ্জে তুমি যা কর উমরাতেও তাই কর। এক ব্যক্তি অন্য একজনের হাত কামড়িয়ে ধরলে তার সামনের দুটি দাঁত উৎপাটিত হয়ে যায়, এ সংক্রান্ত নালিশ তিনি বাতিল করে দেন।
হাদীস নং ১৭২৯
সুলাইমান ইবনে হারব রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরাফাত ময়দানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে উকুক (অবস্থায়) করছিলেন। হঠাৎ তিনি তাঁর সাওয়ারী থেকে পড়ে যান এবং তাঁর ঘাড় ভেংগে যায় অথবা সাওয়ারীটি তাঁর ঘাড় ভেংগে দেয়। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তাকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল করাও এবং দুই কাপড়ে অথবা বলেন তার পরিধেয় দুটি কাপড়ে কাফন দাও। তবে তার মাথা ঢেকে দিও না এবং হানুত নামক সুগন্ধিও ব্যবহার কর না। কেননা আল্লাহ তা’আলা তাকে কিয়ামতের দিনে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন।
হাদীস নং ১৭৩০
সুলাইমান ইবনে হারব রহ……..ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আরাফাত ময়দানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উকুক (অবস্থায়) করছিলেন। হঠাৎ তিনি তাঁর সাওয়ারী থেকে পড়ে যান এবং তাঁর ঘাড় ভেংগে যায় অথবা সাওয়ারীটি তাঁর ঘাড় ভেংগে দেয়। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তাকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল করাও এবং দুই কাপড়ে অথবা বলেন তার পরিধেয় দুটি কাপড়ে কাফন দাও। তবে তার শরীরে সুগন্ধি ব্যবহার করবে না তার মাথা ঢাকবে না এবং হানুতও লাগাবে না । কেননা আল্লাহ তা’আলা তাকে কিয়ামতের দিনে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন।
হাদীস নং ১৭৩১
ইয়াকুব ইবনে ইবরাহীম রহ……….ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইহরাম অবস্থায় এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলেন। হঠাৎ তাঁর সাওয়ারী তাঁর ঘাড় ভেংগে দেয় । ফলে তিনি মারা যান। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তোমরা তাকে কুলগাছের পাতা দিয়ে সিদ্ধ পানি দ্বারা গোসল করাও এবং দুই কাপড়ে কাফন দাও। তবে তার শরীরে সুগন্ধি ব্যবহার করবে না এবং তার মাথা ঢাকবে না। কেননা আল্লাহ তা’আলা তাকে কিয়ামতের দিনে তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।
