হাদীস নং ১৫৯৯
কাবীসা রহ………আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যবেহকৃত কুরবানীর উটের পৃষ্ঠের আবরণ এবং তার চামড়া সাদকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হাদীস ১৬০০
ইবরাহীম ইবনে মুনযির রহ………নাফি রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে যুবাইরের খিলাফতকালে খারিজীদের হজ্জ আদায়ের বছর ইবনে উমর রা. হজ্জ পালন করার ইচ্ছা করেন। তখন তাকে বলা হল, লোকদের মাঝে পরস্পর লড়াই সংঘটিত হতে যাচ্ছে, আর তারা আপনাকে বাঁধা দিতে পারে বলে আমরা আশংকা করি। ইবনে উমর রা. বললেন, (আল্লাহ তা’আলা বলেছেন) নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আর্দশ। কাজেই আমি সেরূপ করব যেরূপ করেছিলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের সাক্ষী করে বলছি, আমি আমার উপর উমরা ওয়াজিব করে ফেলেছি। এরপর বায়দার উপকণ্ঠে পৌছে তিনি বললেন, হজ্জ এবং উমরার ব্যাপার তো একই। আমি তোমাদের সাক্ষী করে বলছি, উমরার সাথে আমি হজ্জকেও একত্রিত করলাম। এরপর তিনি কিলাদা পরিহিত কুরবানীর পশু নিয়ে চললেন, যেটি তিনি আসার পথে কিনেছিলেন। তারপর তিনি বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা-মারওয়ার সায়ী করলেন। তাছাড়া অতিরিক্ত কিছু করেননি এবং সে সব বিষয় থেকে হালাল হননি যেসব বিষয় তাঁর উপর হারাম ছিল-কুরবানীর দিন পর্যন্ত। তখন তিনি মাথা মুড়ালেন এবং কুরবানী করলেন। তাঁর মতে প্রথম তাওয়াফ দ্বারা হজ্জ ও উমরার তাওয়াফ সম্পন্ন হয়েছে। এ সব করার পর তিনি বললেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন।
হাদীস নং ১৬০১
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ………..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যিল-কাদাহ মাসের পাঁচ দিন বাকী থাকতে আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে রওয়ানা হলাম। হজ্জ আদায় ছাড়া আমাদের অন্য কোন ইচ্ছা ছিল না। যখন আমরা মক্কার কাছাকাছি পৌঁছলাম, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন : যার সাথে কুরবানীর জানোয়ার নেই সে যেন বায়তুল্লাহর তাওয়াফ এবং সাফা-মারওয়ার সায়ী করে হালাল হয়ে যায়। আয়িশা রা. বলেন, কুরবানীর দিন আমাদের কাছে গুরুর গোশত আনা হলে আমি বললাম, উক্ত হাদীসখানা কাসিমের নিকট আলোচনা করলে তিনি বললেন, সঠিকভাবেই তিনি হাদীসটি তোমার কাছে বর্ণনা করেছেন।
হাদীস নং ১৬০২
ইসহাক ইবনে ইবরাহীম রহ………..নাফি রহ .থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ রা. কুরবানীর স্থানে কুরবানী করতেন। উবায়দুল্লাহ রহ. বলেন, (অর্থাৎ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরবানীর স্থানে।
হাদীস নং ১৬০৩
ইবরাহীম ইবনে মুনযির রহ………..নাফি রহ. থেকে বর্ণিত যে, ইবনে উমর রা. মুযদালিফা থেকে শেষ রাতের দিকে হাজীদের সাথে, যাদের মধ্যে আযাদ ও ক্রীতদাস থাকত, নিজ কুরবানীর জানোয়ার পাঠিয়ে দিতেন, যাতে তা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কুরবানীর স্থানে পৌছে যায়।
হাদীস নং ১৬০৪
সাহল ইবনে বাক্কার রহ……….আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাতটি উট দাঁড়িয়ে থাকা অবস্থায় কুরবানী করেন এবং মদীনাতেও হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট সুন্দর দুটি দুম্বা তিনি কুরবানী করেছেন। এখানে হাদীসটি সংক্ষেপে বর্ণিত হয়েছে।
হাদীস নং ১৬০৫
আবদুল্লাহ ইবনে মাসলামা রহ………যিয়াদ ইবনে যুবাইর রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর রা. কে দেখেছি যে, তিনি আসলেন এমন এক ব্যক্তির নিকট, যে তার নিজের উটটিকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইবনে উমর রা. বললেন, সেটি উঠিয়ে দাঁড়ান অবস্থায় বেঁধে নাও। (এ) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত । (ইমাম বুখারী রহ. বলেন) শুবা রহ. ইউনুস সুত্রে যিয়াদ রহ. থেকে হাদীসটি (আখবারানী) শব্দ দিয়ে বর্ণনা করেন।
হাদীস নং ১৬০৬
সাহল ইবনে বাক্কার রহ………..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাতে যুহর চার রাকআত এবং যুল হুলাইফাতে আসর দু’ রাকআত আদায় করলেন এবং এখানেই রাত যাপন করলেন। ভোর হলে তিনি সাওয়ারীতে আরোহণ করে তাহলীল ও তাসবীহ পাঠ করতে লাগলেন। এরপর বায়দায় যাওয়ার পর তিনি হজ্জ ও উমরা উভয়ের জন্য তালবিয়া পাঠ করেন এবং মক্কায় প্রবেশ করে তিনি সাহাবাদের ইহরাম খুলে ফেলার নির্দেশ দেন। আর (সে হজ্জে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি উট দাঁড় করিয়ে নিজ হাতে কুরবানী করেন আর মদীনাতে হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট সুন্দর দুটি মেষ কুরবানী দেন।
হাদীস নং ১৬০৭
মুসাদ্দাদ রহ……..আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাতে যুহর চার রাকআত এবং যুল হুলাইফাতে আসর দু’ রাকআত আদায় করলেন আয়্যূব রহ. এক ব্যক্তির মাধ্যমে আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণনা করেন, এরপর এখানেই রাত যাপন করলেন। ভোর হলে তিনি ফজরের সালাত আদায় করার পর সাওয়ারীতে আরোহণ করেন। এরপর বায়দায় পৌঁছলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ ও উমরা উভয়ের জন্য তালবিয়া পাঠ করেন ।
