তাছাড়া? হেড ক্লার্ককে কথা শেষ করতে না দিয়েই চেয়ারম্যান প্রশ্ন করলেন।
আমাদের সেকশনে পদমর্যাদার দিক দিয়ে মি. রাইকসের পরেই আপাতত আমার স্থান। মাঝখানে সুপারিন্টেনডেন্টের একটা পদ আছে বটে কিন্তু সে পদটা কিছুদিন ধরে খালি। অফিসের কাজে মি. রাইকসকে আগে। চলে যেতে হলে তিনি আমাকে সেকশন দেখাশোনার ভার দিয়ে যান। কাজেই ছুটির আগে মি. রাইকস কখনও হেড অফিস থেকে চলে গেলে আমি তা জানতে পারি। গত চার তারিখে এরকম কিছু ঘটেনি। সেদিন। সাড়ে চারটে পর্যন্ত আমি মি. রাইকসের ঘরেই ছিলাম। কাজেই এটা বেশ জোর দিয়েই বলতে পারি যে বিকেল অন্তত সাড়ে চারটে পর্যন্ত মি. রাইকস হেড অফিসেই ছিলেন। গত সেপ্টেম্বর মাসে তিনি ছুটি নিয়েছিলেন। ছুটির শেষে কাজে যোগ দিয়ে তিনি একদিনও অফিস কামাই করেননি।
হেড ক্লার্কের বক্তব্যে মি. রাইকসের ওপর থেকে সন্দেহটা কেটে গেল। এসব কথা শুনবার পর চেয়ারম্যান এবং ডিরেক্টররা তো তাকে আর সন্দেহ করতে পারেন না। এরপরেও সন্দেহ করলে অন্যায়ই করা হবে।
আমি হতবুদ্ধি হয়ে গেলাম।
একটু হেসে আমার দিকে তাকালেন চেয়ারম্যান। সেই হাসির আড়ালে বোধ করি একটু বিরক্তিও লুকিয়ে ছিল।
সবই তো শুনলেন, মি. ল্যাংফোর্ড?
শুনলাম। কিন্তু এখনও আমি আমার বিশ্বাসে অবিচল।
কিন্তু আপনার বিশ্বাসের ভিত্তি খুব দুর্বল, একটু কেশে চেয়ারম্যান বললেন, আমার ধারণা আপনি স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নটাকেই সত্যি বলে ভেবেছেন, এটা মনের একটা বিপজ্জনক অভ্যাস; এর ফল খুব মারাত্মক হয়ে উঠতে পারে। মি. রাইকসের সন্তোষজনক অ্যালিবাই না থাকলে তাকে অত্যন্ত অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হতো।
আমি জবাব দিতে যাচ্ছিলাম, কিন্তু চেয়ারম্যান আমাকে সময় দিলেন না। বোর্ডের অন্যান্য সদস্যদের লক্ষ করে বললেন, এ নিয়ে আর অনুসন্ধান চালানোর অর্থ হচ্ছে সময়ের অপব্যয়। মি. ল্যাংফোর্ডের বক্তব্যে দুটো গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথমত, মি. ডুয়েরিং হাউস তার সহযাত্রী ছিলেন, দ্বিতীয়ত জংশন স্টেশনে তিনি আমাদের অফিসের একজন আন্ডার সেক্রেটারি মি. রাইকসকে দেখেছিলেন। কিন্তু গার্ড বেঞ্জামিন সোমার্সের সাক্ষ্য প্রমাণ করেছে যে মি. ডুয়েরিং হাউস মি. ল্যাংফোর্ডের সহযাত্রী ছিলেন না। হেড ক্লার্কের সাক্ষ্যের ফলে জানা যাচ্ছে ওই দিন ওই সময় মি. রাইকসের পক্ষে জংশন স্টেশনের প্লাটফরমে থাকা একেবারেই অসম্ভব। তাহলে আমাদের এই সিদ্ধান্তেই আসতে হচ্ছে যে ইউস্টন থেকে ক্লেবরো যাবার সময় মি. ল্যাংফোর্ড ট্রেনে ঘুমিয়ে পড়েছিলেন। এবং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলেন। অবশ্য তাঁর স্বপ্নটা যে জীবন্ত এ কথা মানতেই হবে। আর তাঁর স্বপ্নের সঙ্গে আমাদের কোম্পানির একটা ব্যাপার দৈবাৎ এসেও গিয়েছে। তবে এটা নিতান্তই কাকতালীয়। ব্যাপারটাকে এখানেই ছেড়ে দেয়া যেতে পারে।
একজনের দৃঢ় বিশ্বাসকে সবাই যদি অবিশ্বাস করতে শুরু করে তার চেয়ে অস্বস্তিকর এবং বিরক্তিকর আর কিছু হয় না। ব্যাপারটা যে দিকে মোড় নিল তাতে আমার ধৈর্য চ্যুতি ঘটল। চেয়ারম্যানের ভদ্র পরিহাস, গার্ড বেঞ্জামিন সোমার্সের ঠোঁটের কোণে নিঃশব্দ বাঁকা হাসি আর আন্ডার সেক্রেটারি রাইকসের চোখের দৃষ্টিতে আধা বিদ্বেষ এবং আধা বিজয়ের উল্লাস আমার কাছে অসহ্য ঠেকল।
স্পষ্টই বোঝা যাচ্ছে রাইকস লোকটা হতবুদ্ধি হয়ে গিয়েছে- ভয়ও পেয়েছে। ওর চকিত চাহনি যেন আমাকে নীরবে প্রশ্ন করছে- কে তুমি? কী চাও? কেন আমার চাকরির ব্যাপারে নাক গলাতে এসেছ? ছুটি না নিয়ে আমি অফিসে অনুপস্থিত ছিলাম কিনা তা জেনে তোমার কী লাভ?
এসব দেখে এবং ঘটনার গতি লক্ষ করে আমি একটু বিরক্ত হয়ে বললাম, মাননীয় চেয়ারম্যান, মাননীয় সদস্যগণ আমি আর একটু সময় চাইছি আপনাদের কাছে।
ছেড়ে দাও ব্যাপারটা, আমার বন্ধু ফিসফিস করে বলল, চেয়ারম্যান ঠিকই বলেছেন, তুমি স্বপ্নই দেখেছ। এখন যত কম কথা বলা যায় ততই ভালো।
কিন্তু এভাবে আমাকে চুপ করিয়ে দেয়া গেল না। আমার আরো কিছু বলার আছে এবং তা আমি বলবই।
চেয়ারম্যান এবং বোর্ডের সদস্যরা আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন।
চেয়ারম্যানের দিকে তাকিয়ে আমি স্থির গলায় বললাম, মি. চেয়ারম্যান স্যার, আপনি বলছেন আমি স্বপ্ন দেখেছি। বেশ তর্কের খাতিরে মেনে নিলাম আপনার কথা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে।
কী প্রশ্ন?
দেখুন, স্বপ্নের মধ্যে কেউ বাস্তব জিনিসের সংস্পর্শে আসতে পারে না। এই সিগার কেসটা একটা স্কুল বাস্তব জিনিস। বলতে পারেন কী করে স্বপ্নের মধ্যে আমি সিগারকেসটা পেলাম?
সিগারকেসটা, হ্যাঁ, মি. ল্যাংফোর্ড, আমি স্বীকার করছি কেসটা আপনার স্বপক্ষে একটা জোরালো পয়েন্ট। কিন্তু এটাই আপনার একমাত্র জোরালো পয়েন্ট। কিন্তু এমনও তো হতে পারে যে একটা নিছক সাদৃশ্যের দ্বারা আমরা ভুল পথে চালিত হচ্ছি। আপনার পাওয়া সিগারকেসটার সঙ্গে মি. ডুয়েরিং হাউসের সিগারকেসটার গঠনগত মিল থাকবার জন্যই হয়তো আমরা একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। আপনি অনুগ্রহ করে সিগারকেসটা আরেকবার দেখাবেন?
সিগারকেসটা চেয়ারম্যানের হাতে দিতে গিয়ে বললাম, তা কী করে সম্ভব? অন্যের সিগারকেসে মি. ডুয়েরিং হাউসের মনোগ্রাম কী করে থাকবে? তাছাড়া অন্য সব দিক দিয়েও বা কী করে এটা তার সিগারকেসের মতো হবে?
