তাহলে সাপোর্ট দল, না অ্যাডভান্স বেস…, জিওর্দিনো শুরু করল।
পরিত্যক্ত খনিটা হেলিকপ্টার লুকিয়ে রাখার জন্য আদর্শ জায়গা হতে পারে না? তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল পিট। খাড়ি থেকে আসা-যাওয়া করার জন্য এই রেইলরোডটাও ওরা ব্যবহার করতে পারবে।
কর্নেল হোলিস, দ্রুত, চাপা সুরে বলল জিওর্দিনো। তাকে ব্যাপারটা জানানো দরকার।
সম্ভব নয়, বলল রুডি। আমাদের প্রতিবেশী কর্নেল যোগাযোগ রাখার জন্য একটা রেডিও দিয়ে যেতে ভুলে গেছেন।
তাহলে কীভাবে তাকে জানানো যায়?
উপায় নেই, শ্রাগ করল পিট। তবে, আতঙ্কবাদীদের হেলিকপ্টারগুলো অকেজো করে দিতে পারি আমরা। পারি খনিতে যারা আছে তাদের কোণঠাসা করে রাখতে।
সংখ্যায় ওরা পঞ্চাশজনও হতে পারে, প্রতিবাদ করল ফিনলে। আমরা মাত্র চারজন।
রুডি বলল, ওরা সতর্ক অবস্থায় নেই। নিশ্চয়ই ঝড়ের মধ্যে নির্জন একটা দ্বীপে ওদের ওপর হামলা চালানো হবে বলে আশঙ্কা করছে না।
রুডি ঠিক বলেছে, সায় দিল জিওর্দিনো। ওরা সতর্ক থাকলে এতক্ষণে আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ত। চলো, আমরাই ওদের ঘাড়ে লাফিয়ে পড়ি।
বিস্ময়ের ধাক্কা জিনিসটা আমারও খুব প্রিয়, বলল পিট। অন্ধকার আমাদেরকে সাহায্য করবে।
ওরা যদি টের পেয়ে যায়, ধাওয়া করে, আমরা কি পাথর ছুঁড়ব? জিজ্ঞেস করল ফিনলে।
আমি বয় স্কাউটদের আদর্শে বিশ্বাসী, মুচকি হেসে বলল পিট।
পিটের সাথে একযোগে জিওর্দিনোও ঝুঁকে পড়ল, খুলে ফেলল ব্যাগ দুটো। জিওর্দিনো সবাইকে একটা করে বুলেটপ্রুফ ভেস্ট বিলি করল, আর পিট বিলি করল আগ্নেয়াস্ত্র। ফিনলের দিতে বাড়িয়ে ধরল একটা সেমি অটোমেটিক শটগান। বলল, বলছে, মাঝেমধ্যে শিকারে গেছ, তাই না? ধার করা জিনিস, তোমাকেও ধার দিলাম-টুয়েলভ-বোর বেনেলি সুপার নাইনটি।
চকচক করে উঠল ফিনলের চোখ। পছন্দ হয়েছে। স্টকের ওপর এমন আলতোভাবে হাত বুলালো সে, ওটা যেন কোনো কুমারীর গাল। এই সময় সে লক্ষ্য করল, রুডি আর হাতে একটা করে হেকলার কোচ মেশিন গান রয়েছে, সাইলেন্সারসহ। এসব তো মোড়ের কোনো মনিহারি দোকানে কিনতে পাওয়া যায় না।
স্পেশাল অপারেশনস ফোর্স-এর সম্পত্তি, বলল জিওর্দিনো৷ ধার করা হয়েছে, মরটন হোলিস আর জন ডিলিঞ্জার যখন অন্যদিকে তাকিয়ে ছিল।
আরও বিস্ময় অপেক্ষা করছিল ফিনলের জন্য, পিটকে একটা থম্পসন সাবমেশিন গানে গোল ড্রাম ঢোকাতে দেখে চোখ ছানাবড়া হয়ে গেল তার।
হাতঘড়ি দেখল পিট। মাত্র ছমিনিট পর জাহাজে হামলা চালাবে হোলিস আর ডিলিঞ্জার। আমি না বলা পর্যন্ত কোনো গোলাগুলি নয়। আমরা চাই না স্পেশাল ফোর্সের হামলাটা কেঁচে যাক। আতঙ্কবাদীদের ভ্যাবাচ্যাকা খাইয়ে দিতে পারলে ওরাই জিম্মিদের উদ্ধার করতে পারবে।
কিন্তু গ্লেসিয়ারের ব্যাপারটা? জিজ্ঞেস করল ফিনলে। আমরা গুলি ছুড়লে শক ওয়েভ বরফের সামনের পাঁচিলে ফাটল তৈরি করবে না?
এই রেঞ্জ থেকে করবে না, তাকে আশ্বস্ত করল রুডি। সবাই আমরা একসাথে গুলি করলেও দূর থেকে মনে হবে আত্তসবাজি পোড়ানো হচ্ছে।
মনে রেখো, বলল পিট। বন্দুকযুদ্ধ যতক্ষণ পারা যায় এড়িয়ে থাকতে চাই। আমরা। আমাদের প্রথম কাজ হেলিকপ্টারগুলোকে খুঁজে বের করা।
সাথে কিছু বিস্ফোরক থাকলে ভালো হতো, খেদ প্রকাশ করল জিওর্দিনো।
চাইলেই কি সব পাওয়া যায়?
আশপাশই ভালো করে চিনে নেয়ার জন্য ফিনলেকে কয়েক সেকেন্ড সময় দিল পিট। তারপর মাথা ঝাঁকাল জিওলজিস্ট, ওদেরকে নিয়ে রওনা হয়ে গেল। পুরনো, পড়ো পড়ো ভবনগুলোর পেছন দিয়ে এগোল ওরা, ছায়ার ভেতর থাকল, পা ফেলছে যতটা সম্ভব নিঃশব্দে।
খনির চারপাশে ভবনগুলো বেশির ভাগই কাঠের মোটা পিলারের ওপর তৈরি করা হয়েছে, মাথার করোগেটেড টিনে মরচে ধরে গেছে। কোনোটা ঘোট দোচালা, কোনোটা তিন বা চারতলা উঁচু, দেয়ালগুলো অন্ধকারে হারিয়ে গেছে। মাংস ঝলসানোর গন্ধ বাদ দিলে, পরিত্যক্ত ওয়েস্টার্ন শহরের মতো জায়গাটা।
হঠাৎ করে লম্বা একটা শেডের পেছনে থমকে দাঁড়িয়ে পড়ল ফিনলে, একটা হাত তুলল, বাকি তিনজন তার কাছাকাছি আসার অপেক্ষায় থাকল। কোণ থেকে উঁকি দিয়ে একবার তাকাল সে, তারপর আরেকবার, সবশেষে ফিরল পিটের দিকে। আমার ডান দিকে, কাছেই রিক্রিয়েশন আর ডাইনিং হল ভবন, ফিসফিস করে বলল সে। ভারী পর্দার ভেতর থেকে আলোর ফালি বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছি আমি।
নাক টেনে বাতাসের গন্ধ নিল জিওর্দিনো। পা-টা ওরা খুব ভালোভাবে ঝলসাচ্ছে।
গার্ডদের দেখতে পাচ্ছ? জিজ্ঞেস করল পিট।
না, কেউ কোথাও নেই।
হেলিকপ্টারগুলো কোথায় লুকাতে পারে?
মেইন মাইন হলো খাড়া একটা শ্যাফট, সিক্স লেভেল পর্যন্ত নেমে গেছে। কাজেই পার্কিং গ্যারেজ হিসেবে ওটা কোনো কাজে লাগবে না।
তাহলে কোথায়?
ভোর-রাতের অন্ধকারে একটা হাত তুলল ফিনলে। সবচেয়ে বড় খোলা জায়গা ওর-ক্রাশিং মিল। হেভি ইকুইপমেন্ট রাখার জন্য ওখানে একটা স্লাইডিং দরজাও আছে। কপ্টারের বোটর ব্লেড যদি ভাঁজ করা যায়, ভেতরে অন্তত তিনটে ঢোকানো সম্ভব।
চলো তাহলে দেখানেই আগে দেখি, বলল পিট।
নষ্ট করার মতো সময় নেই। এখন থেকে যেকোনো মুহূর্তে অ্যাসল্ট দল হামলা শুরু করবে। ডাইনিং হল পেরিয়ে সামান্য একটু এগিয়েছে ওরা, অকস্মাৎ দড়াম করে একটা দরজা খুলে গেল, বৃষ্টির ভেতর দিয়ে ছুটে এল উজ্জ্বল আলোর একটা লম্বা কালি, হাঁটুর নিচে থেকে ওদের পাগুলো আলোকিত করল। স্থির মূর্তি হয়ে গেল চারজনই, অস্ত্রগুলো ফায়ারিং পজিশনে চলে এসেছে।
