সায় দিয়ে মাথা ঝাঁকালেন সিআইএ প্রধান। তা যদি প্রমাণ করা যায়, আখমত ইয়াজিদ আর ম্যানুয়ের টপিটজিনের ধর্মীয় মুখোশ খসে পড়বে। একটা কুকীর্তি ফাঁস করা গেলে, পরিবারের আরও হাজারটা অপরাধ বেরিয়ে আসবে।
নিউজ মিডিয়া হয়ে উঠবে ক্ষুধার্ত হাঙর, মন্তব্য করলেন ডগলাস ওটস।
কিন্তু একটা কথা সবাই ভুলে যাচ্ছি, বললেন ডেইল নিকোলাস। লেডি ফ্ল্যামবোরোর নিখোঁজ হওয়ার সাথে ক্যাপেসটার পরিবারের সম্পর্ক এখনও প্রমাণিত হয়নি।
মার্টিন ব্রোগান জিজ্ঞেস করলেন, প্রেসিডেন্ট হাসান, প্রেসিডেন্ট লরেঞ্জো আর হেলাকে কিডন্যাপ করার মোটিভ আর কার থাকতে পারে?
মোটিভ শুধু ক্যাপেসটার পরিবারের আছে, বললেন জুলিয়াস শিলার।
এক মিনিট, বললেন প্রেসিডেন্ট। ডেইলের কথায় যুক্তি আছে। ক্রু রা কিন্তু টিপিকাল মিডল ইস্ট আতঙ্কবাদীদের মতো আচরণ করছে না। এখনও তারা কৃতিত্ব দাবি করেনি। স্বীকার করতে বাধ্য হচ্ছি, ওদের এই চুপ করে থাকাটা দুঃস্বপ্নের মতো লাগছে আমার কাছে।
আমিও স্বীকার করছি, হাইজ্যাকাররা উদ্ভট আচরণ করছে, বললেন মার্টিন ব্রোগান। আমার ধারণা, ক্যাপেসটার পরিবার অপেক্ষার খেলা খেলছে, আশা করছে প্রেসিডেন্ট হাসান আর প্রেসিডেন্ট লরেঞ্জোর অনুপস্থিতিতে ওঁদের সরকারের পতন ঘটবে।
সিনেটর পিটের ছেলে, ডার্ক, জাহাজ বদলের ব্যাপারটা বুঝে ফেলার পর থেকে কী ঘটছে? ওটস প্রশ্ন করলেন।
শেষ খবর পেয়েছি, লেডি ফ্ল্যামবোরো টিয়েরা ডেল ফুগো-তে রয়েছে, জবাব দিলেন জুলিয়াস শিলার। তীরবেগে ছুটছে দক্ষিণ দিকে। স্যাটেলাইট থেকে চোখ রাখা হয়েছে ওটার ওপর, আশা করি এই সময় কাল সকালে কোণঠাসা করা যাবে।
প্রেসিডেন্ট খুশি হতে পারলেন না। ততক্ষণে আরোহীদের সবাইকে ক্রু রা সম্ভবত খুন করে ফেলবে।
এখনও যদি না করে থাকে, বললেন মার্টিন ব্রোগান।
ওদিকে আমাদের ফোর্স বলতে কিছুই কি নেই?
নেই বললেই চলে, মি. প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। থাকার মধ্যে আছে শুধু কয়েকটা এয়ারফোর্স ট্রান্সপোর্ট প্লেন, পোলার রিসার্চ স্টেশনে সাপ্লাই আনা-নেওয়া করে। লেডি ফ্ল্যামবোরার কাছাকাছি মার্কিন জাহাজ মাত্র একটাই আছে, সাউন্ডার। ওটা নুমার একটা ডিপওয়াটার সার্ভে শিপ।
ডার্ক পিট যেটায় আছে?
জি, স্যার।
আমাদের স্পেশাল ফোর্স কী করছে?
বিশ মিনিট আগে পেন্টাগনে ফোন করে জেনারেল কিথের সাথে কথা বলেছি, জবাব দিলেন জুলিয়াস শিলার। ঘণ্টাখানেক আগে কার্গো জেটে উঠে রওনা হয়ে গেছে একটা এলিট দল, ইকুইপমেন্টসহ। ওদের সাথে অ্যাসল্ট এয়ারক্যাফও আছে। চিলির পাল্টা অ্যারেনাস-এ ল্যান্ড করবে ওরা, প্ল্যান বদলের দরকার না হওয়া পর্যন্ত ওখানেই ঘাঁটি গাড়বে।
দূরের পথ, শান্তভাবে বললেন প্রেসিডেন্ট। কখন পৌঁছুবে তারা?
পনেরো ঘণ্টার মধ্যে। আগে পৌঁছালেও লাভ হতো না, কারণ লেডি ফ্ল্যামবোরোকে কোণঠাসা করার পর উদ্ধারকাজ শুরু করতে পারবে স্পেশাল ফোর্স।
ওটসের উদ্দেশ্যে এবারে প্রেসিডেন্ট বললেন, চিলি এবং আর্জেন্টিনার সরকারের সাথে কথা বলো, ডগলাস।
মার্টিন ব্রোগান বললেন। আমাদের সবচেয়ে কাছের ক্যারিয়ার শিপটাও রয়েছে পাঁচ হাজার মাইল দূরে। পুরোমাত্রার আকাশ এবং সমুদ্র সন্ধান এক কথায় অসম্ভব।
কোনো পরিত্যক্ত খাড়িতে যদি লুকায়, লেডি ফ্ল্যামবোরোকে খুঁজে বের করতে কয়েক মাস লেগে যেতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন জুলিয়াস শিলার। অ্যান্টার্কটিক কোস্ট লাইনে অনেক গুহা আছে, সবগুলো পরীক্ষা করতে হলে এক বছর লেগে যাবে, তারপর আছে কুয়াশা, তুষারপাত আর নিচু মেঘ।
কেউ আমাকে জানাবেন আপনারা, প্রেসিডেন্ট ব্যাখ্যা চেয়ে বসলেন, মার্কিন সরকার এরকম দিগম্বর অবস্থায় ধরা পড়ে কেন? ঈশ্বরের দিব্বি, সব কিছু আমরা শুধু লেজেগোবরে করে ছাড়ি। দুনিয়ার সেরা ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছি আমরা, কিন্তু যখন ওগুলো দরকার, দেখা যাবে ভুল জায়গায় রাখা হয়েছে সব।
কেউ কথা বললেন না, কেউ নড়লেন না। পরস্পরের দিকে কেউ তাকালেনও না।
অবশেষে নিস্তব্ধতা ভাঙলেন ডেইল নিকোলাস, জাহাজটাকে আমরা ঠিকই ধরতে পারব, মি. প্রেসিডেন্ট। ওদেরকে জীবিত ফিরিয়ে তে পারলে একমাত্র স্পেশাল ফোর্সই পারবে।
জানি, এ ধরনের মিশনের জন্য উঁচু দরের ট্রেনিং নেয়া আছে ওদের, ম্লান কণ্ঠে বললেন প্রেসিডেন্ট। কিন্তু আমি শুধু ভাবছি, ওরা পৌঁছে উদ্ধার করার মতো কাউকে পাবে কি না। এমন তো নয় যে, স্পেশাল ফোর্সকে আমরা লাশ উদ্ধার করতে পাঠাচ্ছি?
.
৪৬.
স্ত্রীর জন্মদিনের পার্টি থেকে হঠাৎ উঠে আসতে হওয়ায় কর্নেল মরটন হোলিসের মনটা বিশেষ বিক্ষিপ্ত।
ভেনিজুয়েলার ওপর দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে সি-১৪০ ট্রান্সপোর্ট প্লেনটী। বিশেষভাবে সাজানো অফিস কমপার্টমেন্টে একটা ডেস্কের সামনে বসে রয়েছে কর্নেল মরটন হোলিস, হাতে লম্বা হাভানা চুরুট। প্লেন আকাশে ওঠার পর থেকে সমস্যাগুলো নিয়ে দশবার চিন্তা করেছে সে, প্রতিবার অ্যান্টার্কটিক পেনিনসুলার ওয়েদার রিপোর্ট আর বরফ মোড়া উপকূল রেখার ফটোগ্রাফের ওপর চোখ বুলিয়েছে। স্পেশাল অপারেশনস ফোর্স সদ্য গঠিত হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ কমান্ডো ইউনিটের তুলনায় কয়েক গুণ কঠিন ট্রেনিং পেলেও, তাদের অভিজ্ঞতার ঝুলি এখনও ভারী হয়ে ওঠেনি। লেডি ফ্ল্যামবোরো থেকে আরোহীদের উদ্ধার করার। দায়িত্ব যোগ্য টিমের হাতে পড়েছে, তবে এই মাপের অভিযানে এই প্রথম হাত দিচ্ছে তারা।
