বন্ডের তখন মনে হল অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। মুখোশের আড়াল থেকে লাল সোনালি পোশাক পরা লোকটার দিকে সে তাকাল। বলল, এখান থেকে চলে যাও। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হল কোন গণ্ডগোল করে কোন লাভ নেই। তার উপর সবার নজর পড়ে যাবে।
বন্ড কোন রকম দাঁড়িয়ে পড়ল। ধীরে ধীরে সে বরফের মেঝেয় ভীড়ের মধ্যে গেল। তাকে সোজা হয়ে দাঁড়াতে অনেক কষ্ট করতে হল। সে তার ডান ও বাঁ দিকে তাকাল। মেয়ে পুরুষ সব হাত ধরাধরি করে সারা ঘর জুড়ে বিশাল এক বৃত্ত তৈরি করে নিয়েছে। তার মধ্যে একটা ফাঁক পেয়ে বন্ড গিয়ে দাঁড়াল তাদের মধ্যখানে। কেউ একজন তার ডান হাতটা চেপে ধরল, সে তখন কৃতজ্ঞ মনে করল লোকটাকে।
কে-একজন তার বাঁ হাতটা ধরার জন্য চেষ্টা করতে লাগল। ছোট কালো স্কেটিং স্কার্ট পরা একটি মেয়ে অতি দ্রুতভাবে তার কাছে এগিয়ে এল। বন্ড তার দিকে তাকিয়ে দেখল। মুখটা খুব চেনা মনে হচ্ছে তার–সেই নীল উজ্জ্বল চোখ সেই অপূর্ব মধুর হাসি। কে এই মেয়েটা।
সে বন্ডের হাতটা শক্ত করে ধরে ফেলল। জেমস্-এর কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল, ও জেমস? আমি, আমি ট্রেসী। কি হয়েছে তোমার? কি করে এমন অবস্থা হল, কোথা থেকে তুমি আসছ।
ট্রেসি তুমি আমাকে শক্ত করে ধর আমি আর আস্ত নেই। পরে তোমাকে সব কথা বলব।
বাজনা আবার বেজে উঠল।
.
রাস্তার বাঁ দিকে মৃত্যু
বন্ড নিজেও জানে না কেমন করে সে তার দেহটা সোজা রেখেছিল।
নাচ শেষ হয়ে গেল। বৃত্তটা ভেঙ্গে গেল এবার। দু জন বা কয়েক জন করে বের হয়ে যেতে লাগল ঘর থেকে।
ট্রেসী বন্ডকে ভাল করে ঝাপটে ধরল। বন্ড অস্পষ্টভাবে বলল, আলাদা থাকবে না। ভিড়ের সাথে মিশে চলতে থাক। এখান থেকে আমাকে পালাতে হবে। পেছনে লোক লেগেছে। সে হঠাৎ যেন একটু আশার আলো দেখতে পেল। তোমার গাড়ি আছে? আছে। তুমি কিছু ভেবোনা, সব ঠিক হয়ে যাবে। আমার গায়ে তুমি ভর দিয়ে হাঁটতে থাক। বাইরে কি তোমার জন্য লোকজন দাঁড়িয়ে আছে? থাকতে পারে। কিছুই বলা যায় না। একটা কালো বড় মার্সিডিস গাড়ি দেখতে পাও কিনা খেয়াল রাখবে। ওরা হয়ত গুলিও চালাতে পারে। বাইরে বেরিয়ে ভিন্ন হয়ে যাবে আমার কাছ থেকে। আমি যা হোক কিছু একটা করতে পারব। তোমার গাড়িটা কোথায় আছে?
রাস্তার ডান দিকে। একটা কাজ করা যাক, তুমি আমার এই উপরের জামাটা গায়ে দাও।
এক টান দিয়ে গলা থেকে কোমর অবধি জিপটা খুলে ফেলল ট্রেসী একটু আঁট হবে তোমার গায়ে–কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এই যে হাতটা।
তোমার যে ঠাণ্ডা লেগে যাবে।
যা বলছি, মন দিয়ে শোন। আমার গায়ে একটা সোয়েটারও রয়েছে। আর নিচেও অনেক কিছু আছে। ট্রেসি জামাটার জিপ টেনে দিল। ডার্লিং তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। বন্ড অনেকটা সুস্থ হয়ে উঠল। সে আর পিজ গ্লোরিয়ার চূড়াতে নেই। এখানে আনন্দ ও জীবনে স্পন্দন আছে। ট্রেসীর হাত ধরে বন্ড ভিড়ের মধ্যে দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু বিপদ এবার আসবে। ব্লোফেল্ড এতক্ষণে তার পিছনে লোক লাগিয়ে দিয়েছে। কেননা ট্রেন থেকে তাকে অনেকেই দেখে রেখেছে। সে যে সামাডেন পৌঁছে গেছে এ খবর আর এখন গোপন নেই। ওরা নিশ্চয় বুঝতে পারবে সে ভিড়ের মধ্যে মিশে আছে। কে বলতে পারবে যে, সেই মাতাল টিকিট বিক্রেতা হয়ত তাকে চিনে রেখে। দিয়েছে। বন্ড যে কোন পরিবেশে নিজেকে প্রস্তুত করে নিল। বন্ড গেটের কাছে গিয়ে একটুক্ষণের জন্য থামল। মুখোশের আড়াল থেকে বন্ড নজর দিয়ে চারদিকে তাকিয়ে দেখল। তার অনুমান সত্যিই হয়ে গেল। টিকিট কাউন্টারের পাশে বসে আছে দুটি লোক, একদম চুপ করে। তাদের যেন কোন পলকই পড়ছে না। ভীড়ের মধ্যে কোন লোকই যেন তাদের এড়িয়ে যেতে না পারে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে। গেট থেকে বেশ কিছু দূরে রাস্তার এক পাশে বন্ড ওদের মার্সিডিস গাড়িটাকে দেখতে পেল। তাহলে বোঝা যাচ্ছে যে, তাকে ওরা সত্যিই ছেড়ে দেয়নি। তাকে একদম পালাতে দেবে না। বন্ড ট্রেসীর গলাটা জড়িয়ে ধরল। এই! তুমি আমাকে চুমু দিতে থাক। টিকিট কাউন্টার থেকে রাস্তা পর্যন্ত চুমু দিতে দিতে যাবে। ওরা আছে এখানেই। তবে মনে হয় ওদের চোখে ধুলো দিতে হয়ত পেরে যাব। ট্রেসী তাকে বাহু দিয়ে জড়িয়ে ধরল। এর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করেছিলাম। তার মুখটা যেন বন্ডের মুখের উপর ঝুঁকে পড়ল। হাসি আর গানের সাথে গলা মিলিয়ে তারা রাস্তায় বের হয়ে গেল।
ট্রেসীর গাড়ির কাছে এসে তারা থেমে গেল।
আর ঠিক সেই সময়ে মার্সিডিস গাড়ির হর্নটা বেজে উঠল একটা জরুরী ডাকের মত। বন্ডের হাঁটবার ধরন, বা তার পুরানো ট্রাউজার্স দেখে গাড়ির লোকটি যে তাকে চিনে গেছে তার কোন সন্দেহই নেই।
বন্ড ট্রেসীকে ডাকল।
ট্রেসী প্রায় এক লাফ দিয়ে গাড়িতে উঠেই স্টার্ট দিয়ে দিল। বন্ড তার পাশেই উঠল। গাড়ি চলতে শুরু করল।
বন্ড পিছনে ফিরে দেখে নিল। লোক দুটিও তখন রাস্তায় চলে এসেছে। এত লোকের মাঝখানে ওরা গুলি ছুঁড়তে পারবে না। মার্সিডিস গাড়ির দিকেই তারা দৌড়াতে লাগল।
ট্রেসী বাঁক নিয়ে নিল। গাড়ির স্পীড খুব বাড়ি দিয়ে গাড়িটাকে বড় রাস্তায় নিয়ে এল। সেই পথ, যেখান দিয়ে মাত্র আধঘণ্টা আগেই এসেছে। তাদের কাছে আসতে মারসিডিসের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে। ট্রেসী ছুটে চলেছে উল্কার বেগে। কিন্তু রাস্তায় আরো গাড়ি আছে। তাছাড়া স্কী-হাতে সব ছেলেমেয়েরাও আছে। তারা চলে যাবে পাট্রেসিল। ট্রেসী তুমি খুব ভাল মেয়ে কিন্তু অত ব্যস্ত না হলেও চলবে। কেননা পথের ধারে হাত পা ভেঙ্গে পড়ে না। থাকলেও চলবে তাই না বল?
