বন্ডের কলারের নিচে ঘাম জমে গেল। পাহাড় থেকে পড়ে গিয়ে ঘাড়টা ভেঙ্গে গিয়েছিল। আহা রে। একা একা পাহাড়ে ঘোরার জন্য একটা বাতিক হয়েছিল ওর। আমি আজকের জেনীকে লিখে দেব। ক্ষমা করবেন, এমনভাবে গায়ে পড়ে কথা বলার জন্য ভারী অদ্ভুত বলে মনে হল, হঠাৎ এমন জায়গায় হিলারীর দেখা পাব ভাবতে পারিনি। আচ্ছা যাচ্ছি।
লোকটি কয়েকটি টেবিলের মাঝ দিয়ে চলে গেল। বন্ড তার চেয়ারে বসে পড়ে খাবারে আবার মন দিল। ইরমা। বান্ট তার দিকেই তাকিয়ে আছে। মনে হল কপালেও তার ঘাম জমেছে। সে রুমাল বার করে ঘামটা মুছে নিল। ইস্ বড় গরম লাগছে এখানে। আমার আপন চাচাতো ভাইয়ের বন্ধু এটা। বেচারা এই সে দিন মারা গেল।
অদ্ভুত যোগাযোগ দেখ, ইরমা বলল, আপনারা কি দুইজনে একই রকম দেখতে ছিলেন? একেবারে প্রায় একই রকম। লোকেরা প্রায়ই গুলিয়ে ফেলতো দু জনের মধ্যে। বন্ড আগাগোড়া ঘটনাটা একবার ভেবে দেখতে লাগল কফি খেতে খেতে। রুবির সাথে কথা শুরু করেছিল তার মনে হচ্ছে ইরমা বান্ট এই লোকটির সাথে তার কথাবার্তা সবকিছু শুনেনি। আর চারিধারে এত কথা শোনা যাচ্ছে। কিন্তু খুব বেঁচে গেলাম। আর সেটা অতি অল্পের জন্যই হল। এই নিয়ে দুই দিনে দু বার হল।
শত্রু এলাকায় আরো সাবধান হতে হবে। একদম ভাল কথা নয়। একেবারেই নয়।
অন হার ম্যাজেস্টিস্ সিক্রেট সার্ভিস (পার্ট ২)
রাজকন্যা রুবি
প্রিয় সেবুল ব্যাসিলিস্ক,
আমি ভালভাবেই পৌঁছে গেছি–শেষ পথটুকু হেলিকপ্টারে, বোঝ একবার ১০,০০০ ফুট উঁচু, পিজ গ্লোরিয়া জায়গাটার নাম। খুব আরাম এখানে। বিভিন্ন জাতির কয়েকজন চতুর ভৃত্য এখানে আছে। আর ফাউন্ডের অতি সুযোগ্য এক সেক্রেটারী আছে। নাম তার ফ্রলাইন ইরমা বান্ট, দেশ হল তার মিউনিক।
আজ সকাল বেলাতে কাউন্টের সাথে আমার দেখা হল, আলোচনায় কাজ হয়েছে। এখানে এক সপ্তাহ থাকার জন্য কাউন্ট আমাকে অনুরোধ করেছেন। বংশ তালিকায় প্রথম খসড়াটা মিলিয়ে নেব। আশা করি একটা দিন আমাকে ছেড়ে দিতে হবে। অবশ্য আমিও কাউন্টকে বলে রেখেছি নতুন কমনওয়েলথ রাষ্ট্রের অনেক কাজ আমাদের হাতে জমা হয়ে আছে। কাউন্ট নিজেও এর জনহিতকর গবেষণার কাজে সর্বদা ব্যস্ত থাকেন, এখানে অ্যালার্জির কারণ নিয়ে একা বিশেষ ধরনের পরীক্ষা চলছে। দশটি ইংরেজ রোগীনী গবেষণার তত্ত্বাবধানে আছে।
কাউন্টের সাথে প্রতি দিনই আলোচনা হবে।
ব্লিউভিলি পরিবার ফ্রান্স থেকে অগস্ বার্গ-এ দেশান্তরী হবার মধ্যবর্তী সময়টাতে অনেক ফাঁক দেখা গেছে। রে সূত্রগুলি অনুসন্ধান করতে হবে। অগসবার্গ থেকে জিভাইনিয়া আসার পর কিছুদিনের জন্য এই পরিবার ক্লোফেল্ড উপাধি ধারণা করেছিল। এই ব্যাপারেও ভাল করে খুঁটিয়ে দেখতে হবে।
প্রাথমিক কাজটা শেষ করে একবারের জন্য অগসবার্গ যেতে পারলে খুব ভাল হত। আমি কাউন্টকে এই কথাটা বলেছি। কাউন্ট তার কি সিদ্ধান্ত, এখনো জানাননি।
অনুগ্রহ করে জেনী-ব্রে-কে জানিও যে তার পরলোকগত স্বামীর এক অন্তরঙ্গ বন্ধুর কাছ থেকে একটা চিঠি পেতে পারে। এই বন্ধুটি আবার হিলারীর সাথে লোভাট স্কাউটস-এ ছিল। এ আমাকে ঐ হিলারী বলে ভুল করেছিল। দেখ কি অপূর্ব যোগাযোগ।
এখানে কাজ করার অনেক সুবিধা আছে। স্কী-দলের এত হৈ-চৈ থেকে বেশ দূরে আছি। কোন বাধাবিঘ্ন এতে হয় না। দশটার পরে সব মেয়েরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। খুবই ভাল ব্যবস্থা আছে বলতে হবে। আর বাজে গল্প করে ও এদিক সেদিক ঘুরে বেড়াবার সুবিধা এদের নেই। মেয়েগুলি খুবই সুন্দরী ও বেশিই তারা ভালমানুষ। এবারে একটা দরকারী কথা বলে নিই কাউন্টের কানের লতি নেই। খবরটা খুবই ভাল, বল? তা ছাড়া অতি সম্ভ্রান্ত চেহারাও ওর, মাথার চুল সাদা, মুখে সর্বদা মনোরম হাসি লেগে আছে। শরীরের কৃশ গড়ন সম্মানীয় বংশের পরিচয় দেয়। দুর্ভাগ্যক্রমে চোখের জন্য কাউন্টকে ঘন-সবুজ রঙের চশমা পরতে হয়েছে। আর এত উঁচুতে সূর্যের তেজটাও খুবই বেশি আছে। কাউন্ট কিন্তু অতি ভাল ইংরেজি বলেন, গলার স্বর খুবই মধুর। আমার সঙ্গে তার হৃদ্যতার কোনই অভাব হয়নি। এর মধ্যে কাজে লাগে এমন তথ্য যদি পেয়ে যাও তবে শীঘ্র তার করবে।
আজ এই পর্যন্ত থাক।
—বিশ্বস্ত
হিলারী ব্রে।
পুনশ্চ : মা-কে আমার কথা বল না। অন্তহীন বরফের মধ্যে আছি শুনলে তার চিন্তায় মাথা খারাপ হয়ে যাবে। এখানে একটা বিশ্রী অ্যাকসিডেন্ট হয়ে গেল ঠিক সকাল বেলায়। এখানকারই এক কর্মচারি, মনে হয় সে যুগোস্লাভ হবে, পা পিছলে গিয়ে খাদে গড়িয়ে পড়ে যায়। ভীষণ খারাপ ব্যাপার। মৃতদেহ উদ্ধার করে মনে হয় কালকেই তাকে কবর দেবে।
তোমার কি মনে হয় যে আমি একটা মালা পাঠাব?–এইচ-বি।
বন্ড খুব ভালভাবেই জানে যে এই চিঠিটা ডাকবাক্সে ফেলার আগে চিঠিটা খুলে পড়ে নেবে ও পরে ফটোস্ট্যাট করা হবে। আবার ডাকে না দিয়ে সেটা নষ্ট করে দেওয়া হতে পারে। তবে, কিছু তথ্য পাঠিয়ে দিতে বলা হয়েছে তাই হয়ত ডাকে ফেলতেও পারে।
বন্ড ঘণ্টা বাজাল, বেয়ারার হাতে চিঠিটা দিয়ে আবার কাজে মন দিল। কাজ মানে সে কাঁচ ও প্ল্যাসটিকটা নিয়ে গেল গোসলের ঘরে। দু ইঞ্চি লম্বা এক খণ্ড প্ল্যাসটিক কেটে ঢুকিয়ে নিল পকেটের ভিতর। গোসল খানা থেকে বের হয়ে ব্লিউভিলি বংশ নিয়ে আবার বসে পড়ল। অন্ততঃ আরও এক বছরের বৃত্তান্ত তাকে শেষ করে ফেলতে হবে। বন্ড প্রায় পাঁচটার সময় উঠে পড়ল। আলো এত কম হয়ে গেছে যে আর কাজ করা সম্ভব হল না। হাত-পা টান করে নিল। জানালা বন্ধ করে দেবার আগে বাইরেটা একবার দেখে নিল। জনশূন্য বারান্দা ও চেয়ারগুলি উঠিয়ে নিয়ে গেছে। এইবার বন্ড জানালা বন্ধ করে দিল। থারমসট্যাট কমিয়ে সত্তরে নিয়ে গেল। আলো জ্বালাবার জন্য সুইচে হাত দিয়েছে, এমনি সময়ে মনে হল দরজায় কেউ আস্তে করে টোকা দিল।
