তোতা পাখির মত থমথমে ক্রনস্টিন পিঠ খাড়া করে স্থির হয়ে টেবিলের উপর কনুই দুটো রেখে বসে। তার চাপা ঠোঁটে ফুটে উঠেছে ঔদ্ধত্য আর তাচ্ছিল্যের ভাব। ভুল চাল দেবার আতঙ্ক তখনো তার টুটি চেপে ধরে রয়েছে। কিন্তু সাখারভ আর দর্শকদের কাছে তখনো সে জাদুকর। তার খেলাকে মাছ খাবার সঙ্গে তুলনা করা হয়। প্রথমে সে ছাল ছাড়ায়, তারপর কাটা বাছে, তারপর মাছটা খেয়ে নেয়। গত দু বছর ধরে সে মস্কোর চ্যাম্পিয়ন। এবার তৃতীয়বার সে ফাইনালে উঠেছে। এবার জিতলে গ্রান্ড মাস্টার প্রতিযোগিতায় যোগ দিতে পারবে সে।
টেবিল দড়ি দিয়ে ঘেরা। শুধু কনস্টিনের ঘড়ির শব্দ ছাড়া সব নিস্তব্ধ। সাখারভের মত আম্পায়ার দুজনও বুঝেছে এই চালে নিশ্চয়ই বাজিমাত হবে। ২৬-এর চাল পর্যন্ত সাখারভ পাল্লা দিয়েছিল। কিন্তু সেই চালে সে ভুল করে। হয়ত আবার ভুল করব ৩১ আর ৩৩ চালে। কে বলতে পারে?
ক্রনস্টিন গাল থেকে ডানহাত নামিয়ে চাল দিল। দর্শকদের মধ্যে মৃদু গুঞ্জন এবার বাজিমাত। ক্রনস্টিন চেয়ারে হেলান দিয়ে, তার প্রতিদ্বন্দ্বী সাখারভ জর্জিয়ার চ্যাম্পিয়ান-এর দিকে তাকাল।
তখন সাদা পোশাকের একজন লোক দড়ির তলা দিয়ে এসে আমপায়ারকে কি যেন ফিসফিসিয়ে বলল আর তাকে একটা সাদা খাম দিল। আমপায়ার মাথা নাড়িয়ে ঘড়ির দিকে দেখল, একটা বাজতে তিন মিনিট। আমপায়ার গোমড়া মুখে হাত ঘণ্টা বাজিয়ে মাইক্রোফোনে ঘোষণা করল, কমরেড ক্রনস্টিনের একটা জরুরি ব্যক্তিগত বার্তা আছে। তাই তিন মিনিট খেলা বন্ধ থাকবে।
হল ঘরের মধ্যে একটা চাপা গুঞ্জন শোনা গেল। অন্যদের মত ক্রনস্টিনও দারুণ বিরক্ত হলেন। কিন্তু আমপায়ার যখন তার হাতে একটা খাম দিল, তার মুখ তখন ভাবলেশহীন। খামের ভেতরে একটা বেনামা কাগজে বড় বড় হরফে টাইপ করে লেখা, এই মুহূর্তে তোমাকে দরকার। কোন সই বা ঠিকানা নেই। কাগজটা ভাজ করে সাবধানে বুক পকেটে রেখে দিল। হরফগুলো তার সুপরিচিত ছিল। সাদা পোশাকের লোকটা অসহিষ্ণু ও আদেশ ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। খেলা শেষ হবার এই তিন মিনিটের মধ্যে সে কিছুতেই ইস্তফা দেবে না। সেটা করা জাতীয় খেলার প্রতি অপমান। আমপায়ারকে সে ইঙ্গিতে জানাল খেলা চলুক কিন্তু তার বুকের ভেতরটা কেঁপে উঠল।
আবার ঘন্টা বাজল। খেলা চলুক।
কনস্টিনের বুকের কাঁপুনি কমলো না। সে যা করল সেটা SMERSH বা যে কোন রাষ্ট্রীয় সংস্থার কর্মচারির পক্ষে অশ্রুতপূর্ব। তার বিরুদ্ধে রিপোর্ট হবে। কর্তব্যে অবহেলা। ফলটা কি দাঁড়াবে? খুব কমপক্ষে G তাকে ধমকাবেন, তার ফাইলে কালো দাগ পড়বে। আর খুব খারাপ হলে ক্রনস্টিন সে কথা চিন্তা করতে পারল না। বিজয় উল্লাস তার কাছে তিক্ত হয়ে উঠল।
সাখারভের ঘড়িতে তখন পাঁচ সেকেণ্ড বাকি। সংক্ষেপে মাথা নামিয়ে অভিবাদন করে সে আত্মসর্মপণ করল। হলঘরের সকলের হাততালির শব্দে তালা ধরে যায়।
ক্রনস্টিন দাঁড়িয়ে উঠে ঝুঁকে পড়ে অভিবাদন করল তার প্রতিদ্বন্দ্বী, আমপায়ার আর দর্শকদের। তারপর দড়ির বেষ্টনীর তলা দিয়ে গলে তার অসংখ্য অনুরাগীদের ঠেলেঠুলে বেরিয়ে এল, তার পেছনে সাদা পোশাকের লোকটা।
টুর্নামেন্ট হলের বাইরে, যথারীতি একটা কালো বেনামা ZIK সেলুন গাড়ি দাঁড়িয়েছিল। সেটার ইঞ্জিন চালু। গাড়ির পেছনে উঠে দরজা বন্ধ করল। সাদা পোশাকের লোকটা লাফিয়ে সামনের সীটে উঠল। তীর বেগে গাড়িটা ছুটল।
ক্রনস্টিন ভাবতে থাকে কিভাবে সে আত্মপক্ষ সমর্থন করবে। সম্ভবত তর্ক করে সে নিস্তার পেতে পারে। হাজার হলেও SMERSH-এর প্ল্যানিং ডিপার্টমেন্টের সে প্রধান, তার পদ পুরোপুরি অবৈতনিক কর্নেলের।
ক্রনস্টিনকে G-র পার্শ্বচরের কাছে পৌঁছে গার্ড তার হাতে একটুকরো কাগজ দিল। কাগজটায় চোখ বুলিয়ে কোন কথা না বলে ভ্রু কুঁচকে কাঁধ ঝাঁকিয়ে অফিসের টেলিফোন তুলে তার আসার কথা জানাল।
তারা বড় ঘরটায় এল। ইঙ্গিতে ক্রনস্টিনকে চেয়ার দেখানো হল। কর্নেল ক্লেব মৃদু হাসল। পার্শ্বচর যে কাগজটা G-র হাতে দিলে, সেটা পড়ে G কটমট করে তাকাল কনস্টিনের দিকে। পার্শ্বচর চলে গেলে G বললেন, ব্যাপার কি, কমরেড
ক্রনস্টিন শান্ত কর্তৃত্বের স্বরে বলল, কমরেড জেনারেল, জনসাধারণের কাছে আমি একজন পেশাদার দাবা খেলোয়াড়। আজ রাতে পর পর তিন বছর আমি মস্কোর চ্যাম্পিয়ন হয়েছি। যখন মাত্র তিন মিনিট বাকি তখন যদি শুনতাম আমার স্ত্রীকে টুর্নামেন্ট হলের বাইরে খুন করা হচ্ছে তা হলেও তাকে বাঁচাবার জন্য একটা আঙুলও তুলতাম না। তখন চারদিকে গুজবের ঝড় বইতে। রহস্য আবিষ্কারের জন্য আমার ওপর লোকে নজর রাখতো। রাষ্ট্র নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে আদেশ পালন করার তিন মিনিট আগে আমি অপেক্ষা করেছিলাম। তা সত্ত্বেও আমার তাড়াহুড়ো করে বেরিয়ে আসার জন্য নানা মন্তব্য আসবে। আমাকে বলতে হবে আমার সন্তানের অসুস্থতার জন্য। কথাটা বিশ্বাসযোগ্য হবার জন্য, আমার এক সন্তানকে সপ্তাহের জন্য হাসপাতালে রাখতে হবে, আদেশ পালন দেরির জন্য আমি ক্ষমা চাইছি।
G চিন্তা করল যে, লোকটা অপরাধ করেছে তাতে সন্দেহ নেই। কিন্তু স্বপক্ষের যুক্তিগুলো তার ভাল। G সেই কাগজটা বার করে লাইটার দিয়ে পুড়িয়ে ডেস্কোর কাঁচের ঢাকার ওপর রেখে ফুঁ দিয়ে ছাইগুলো মেঝেয় ফেললেন। নজিরটা পুড়িয়ে ফেলার জন্য ক্ৰনস্টিনের কাছে যথেষ্ট। এখন তার ফাইলে আর কিছুই যুক্ত হবে না। জেনারেল গভীর ক্ষমাশীলতা দেখিয়েছেন। ক্রনস্টিন তার সমস্ত বুদ্ধি প্রয়োগ করে উপযুক্ত প্রতিদান দেবে।
