G নরম স্বরে বললেন। কমরেড় অনেক ক্ষেত্রে তারা কিন্তু জিতেছে। আপনি তাদের উচিত কদর দিচ্ছেন না।
জেনারেল ভজদভিশেনস্কি কাঁধ ঝাঁকিয়ে বললেন, কমরেড জেনারেল, কয়েকটি ব্যাপারে তারা জিততে পারে। হাজারটা বীজ ছড়ালে অন্তত একটা আলু ফলবেই। আমি মনে করি না আমেরিকানদের নিয়ে এই সভায় আলোচনার দরকার। জেনারেল স্লাভিন বলল, কমরেড জেনারেল ভজ্বদিভশনস্কির কথাগুলো শুনে আমার আর কিছু বলার নেই। রাষ্ট্র নিরাপত্তা দপ্তরের কর্নেল নিকিতিন বলল, ইংরেজ দফতর বিভাগকেই আমি শিকার হিসেবে সুপারিশ করছি। ডেস্কে তার লাইটার আস্তে ঠকে G বললেন, কমরেডস এ বিষয়ে সবাই তা হলে একমত? ব্রিটিশ গোয়েন্দা বিভাগের। বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে?
টেবিলের সবাই সাবধানে ধীরে ধীরে মাথা নাড়ল। এ বিষয়ে আমিও একমত। এখন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের কোন লোক আমাদের শিকার হবে। কমরেড জেনারেল ভজদভিশেনস্কি আমাদের একটি লোকের কাহিনী বলেছিল, যার ওপর ব্রিটিশ গোয়েন্দা বিভাগের সমস্ত শক্তি নির্ভর করে। সেটাই এখন প্রশ্ন–এ লোকটা কে? সে কি তাদের বড়কর্তা? ব্রিটিশ গুপ্তচর দফতরের বড়কর্তা কে?
কর্নেল নিকিতিন বলল, লোকটি একজন অ্যাডমিরাল। লোকে তাকে M নামে জানে। খুব সামান্য তথ্য নিয়ে তার একটা ফাইল আমাদের আছে। সে বিশেষ মদ খায় না। মেয়ে মানুষের ওপর লোভের বয়েস নেই। সাধারণ লোকে তার অস্তিত্ব জানে না। তার মৃত্যু নিয়ে কেলেঙ্কারি জাহির করা কঠিন। সে বিদেশেও বেশি যায় না। তাকে খুন করা শক্ত। লন্ডনের পথে তাকে গুলি করে মারা বুদ্ধিমানের কাজ হবে না।
G বললেন, আপনার কথাই ঠিক। কিন্তু আমরা এখানে এসেছি এমন একটা শিকার খোঁজার জন্য, যে আমাদের সব চাহিদা মেটাতে পারবে। তাদের হিরো হবার কি এই প্রতিষ্ঠানে কেউ নেই? হিরোদের নিয়েই গল্প কথা ওঠে। সে ধরনের কোন লোক তাদের মধ্যে কে হতে পারে? MGB-র কর্নেল নিকিতিন বললেন, এ ধরনের একজন লোক আছে। তার নাম বন্ড।
.
ডেথ ওয়ারেন্ট
G চেঁচিয়ে উঠলেন, সত্যি-ই বন্ড নামে একটা লোক আছে–জেমস্ বন্ড। কি অবাক কান্ড, আমার পর্যন্ত তার নামটা মনে পড়েনি, গুপ্তচর বিভাগের সমালোচনাটা মিথ্যে নয়।
ভজদভিশেনস্কি নিজের বিভাগকে সমর্থন করে বলল, কমরেড জেনারেল, সোভিয়েত ইউনিয়নের অনেক শত্রু আছে। এই বন্ড লোকটার নাম আমার জানা। বহুবার সে আমাদের বেকায়দায় ফেলেছে। কিন্তু যারা আমাদের অস্বস্তির কারণ শুধু তাদের নামগুলোই আমার মাথায় ঘুরছে। ফুটবল আমার খুব ভাল লাগে। কিন্তু আমাদের জিনামা ক্লাবের বিরুদ্ধে যে সব বিদেশীরা যোগ দিয়েছে তাদের নাম আমার মনে নেই।
G বললেন, কমরেড তামাশা করবেন না। এটা একটা গুরুতর বিষয়। এই কুখ্যাত এজেন্টের নাম আমার মনে থাকা দরকার ছিল। কমরেড কর্নেল নিকিতিন নিশ্চয়ই আমাদের আরো নানা কথা স্মরণ করিয়ে দেবেন। এই বন্ড লোকটা অন্তত দুবার SMERSH-এর প্ল্যান বানচাল করে দিয়েছিল। মানে, আমি তখন এই বিভাগে ছিলাম না।
ফ্যান্সের ক্যাসিনো রয়্যালে ল্য শিফরে নামে একটা লোক ফ্রান্সে আমাদের পাটির খুব ভাল নেতা ছিল। নিজের বোকামীর জন্য সে টাকার টানাটানিতে পড়ে। এই বন্ড বাদ না সাধলে টাকার অসুবিধে সে কাটিয়ে উঠতে পারত। আমাদের ডিপার্টমেন্ট চটপট শিফরেকে খতম করতে বাধ্য হয়। তখনই এই ইংরেজটাকেও মেরে ফেলা উচিত ছিল। তারপর হারলেমে আমাদের দলের সেই নিগ্রোটার ব্যাপার। দারুণ লোক। আমরা যেসব বড় বড় বিদেশীদের চাকরি দিয়েছি সে তাদেরই একজন। ক্যারিবিয়ানে কিছু ধনদৌলতের ব্যাপার ছিল। ব্রিটিশ গোয়েন্দা বিভাগ ঐ ইংরেজকে পাঠায়। সমস্ত দলটাকে সে ভেঙে চুরমার করে দেয়, আমাদের এজেন্টকে খুন করে। আমাদের দারুণ ক্ষতি হয়। এই ইংরেজ গুপ্তচরকে সরাসরি মেরে ফেলাই উচিত ছিল।
কর্নেল নিকিতিন বললেন, ঐ ধরনের অভিজ্ঞতা আমাদেরও আছে। সেই জার্মান আর মুনরেকরা রকেটের ব্যাপারটা। কমরেড, নিশ্চয়ই সে ঘটনা আপনার মনে আছে। সমস্ত ব্যাপারটা সার্থক হলে ভাল লাভ হত। কিন্তু আবার এই বন্ড সবকিছু বানচাল করে দেয়। সেই জার্মানটা মারা পড়ে।
GRU-এর জেনারেল স্ন্যাভিনের মনে হল তারও কিছু বলা দরকার। রকেটের ব্যাপারটা সামরিক বিভাগের। সেটা ব্যর্থ হবার দোষ GRU-এর ঘাড়ে চাপানো হয়। নিকিতিন ব্যাপারটা ভাল করেই জানতেন। যথা নিয়মে MGB চেষ্টা করছিল এইভাবে অতীতের কথা তুলে GRU-কে ফ্যাসাদে ফেলতে।
নীরস স্বরে সে বলল, কমরেড কর্নেল, আমরা বলেছিলাম আপনার ডিপার্টমেন্ট লোকটার যেন একটা ব্যবস্থা। করে। আমাদের অনুরোধমত কাজ হলে আজ আর ঐ লোকটাকে নিয়ে মাথা ব্যথা হত না।
কর্নেল নিকিতিন প্রচণ্ড রাগ সামলে নিয়ে তীব্র ব্যঙ্গ স্বরে বলল, কমরেড জেনারেল সবিনয়ে জানাচ্ছি, ওপর মহল থেকে GRU-এর অনুরোধের সমর্থন আসেনি। ইংল্যান্ডের সঙ্গে আরো বেশি গণ্ডগোল পাকানো কাম্য নয়। হয়ত কথাটা আপনি ভাবেননি। যদি হোক, MGB-র কাছে সে রকম কোন অনুরোধ এসে থাকলে অ্যাকশনের জন্য SMERSH-কে কথাটা জানাত।
তীক্ষ্ণ গলায় বললেন, আমার ডিপার্টমেন্ট সে রকম কোন আদেশ পায়নি। পেলে এই লোকটাকে চটপট সাবাড় করে দেওয়া হত। এই লোকটার সাম্প্রতিক কাজকর্মের কথা MGB আমাদের বলুন।
