মেয়েটির বয়স তিরিশের কিছু বেশি হবে। সুন্দর চেহারা, মুখের গড়নটাও সুন্দর। সোজা দুই কালো ভুরুর নিচে প্যাথী ফুলের মত ঘন বেগুনী দুই চোখের মণি সরল দৃষ্টিতে চেয়ে আছে। মাথায় কালো অগোছাল চুল, দৃঢ় সংবদ্ধ ঠোঁট লাল রঙে রাঙান।
বন্ডের চোখে অপরূপা মনে হল মেয়েটিকে। টিলি মাস্টারটনও যে মুগ্ধ হয়েছে তা তার হাঁ করা দেখেই বোঝা যাচ্ছে। চোখে গভীর ভক্তি ও অধরোষ্ট কামনা ফুটে উঠতে দেখে বন্ড যেটুকু বুঝতে পারছিল না সেটুকু পরিষ্কার হয়ে গেল এক মুহূর্তে।
গোল্ডফিংগার শুরু করলেন–এবার আমার পরিচয় প্রসঙ্গে আসা যাক। আমার আসল নাম গোল্ড নয়। আপাতত আপনাদের কাছে আমার যোগ্যতার কিছু প্রমাণ রাখছি। গত বিশ বছর বিভিন্ন কাজকর্মের সাহায্যে, যাদের অধিকাংশই বেআইনি, আমি বিশাল পরিমাণ অর্থ উপার্জন করেছি। পরিমাণ ছ কোটি ডলার। টেবিলের চারপাশে সম্ভ্রমের গুঞ্জন শোনা গেল।
-আমার প্রায় সব কাজকর্মই ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে আপনারা হয়ত শুনে খুশি হবেন যে মাদক দ্রব্য চোরাই চালানের জন্য হংকং-এ গোল্ডেন পপি ডিস্ট্রিবিউটার্স নামক যে সংস্থা ছিল, আমিই তার মালিক ছিলাম। (মিঃ জ্যাক স্ট্র্যাপ সবিস্ময়ে শিস্ দিয়ে উঠলেন)
-হ্যাপী ল্যান্ডিংস ট্র্যাভেল এজেন্সীর সাহায্যে আপনারা অনেক বিপদ থেকে উদ্ধার পেয়েছেন, এটাও আমারই সৃষ্টি। এবং উঠে যাবার আগে পর্যন্ত ওটাকে আমিই চালাতাম। (মিঃ হেলমুট স্প্রিংগার তাড়াতাড়ি তার একটা ঘষা মার্বেলের মত চোখে চশমার কাঁচ এঁটে বসালেন, যাতে গোল্ডফিংগারকে আরো ভাল দেখা যায়।)
আমার এই ছোটখাট সংস্থাগুলির কথা জানানোর একমাত্র কারণ আমি আপনাদের জানাতে চাই যে, আমার সঙ্গে আগে কোন সরাসরি সম্পর্ক না হলেও এর মাধ্যমে অনেকবার আমি আপনাদের হয়ে কাজ করেছি। (আরে বাস্ কি কাণ্ড। বিস্ময়ের প্রাবাল্যে বিড়বিড় করে উঠলেন মিঃ জেড মিডনাইট। ) এবং এই সূত্রেই ভদ্রমহোদয়গণ ও দ্রমহোদয়া আপনাদের চেনবার সৌভাগ্য হয়েছিল। সেই সূত্রেই আমেরিকার অপরাধী মহলের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হিসেবে আপনাদের আজ এখানে নিমন্ত্রণ জানিয়েছি।
বন্ড মুগ্ধ না হয়ে পারল না যখন দেখল মাত্র তিন মিনিটের মধ্যে গোল্ডফিংগার সবকটি লোককে কজা করে ফেলেছেন। প্রত্যেকেই একান্ত আগ্রহের সঙ্গে তার দিকে চেয়ে আছেন। মিস পুসি গ্যালোরের তো পলক পড়ছেই না। গোল্ডেন পপি ডিস্ট্রিবিউটার্স ও হ্যাঁপী ল্যান্ডিংস সম্পর্কে কিছুই জানে না বন্ড। কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এঁদের অনেক এই দুই সংস্থার কাজ নিয়েছেন এবং সম্পূর্ণ সন্তুষ্ট। সকলে এমনভাবে কথা শুনছে যেন মনে হচ্ছে স্বয়ং আইনস্টাইন বক্তৃতা দিচ্ছেন।
গোল্ডফিংগারের মুখে আবেগের চিহ্নমাত্র নেই। ডান হাত দিয়ে তাচ্ছিল্যের ভঙ্গি করে নিরুত্তাপ কণ্ঠে বললেন, এইমাত্র দুটি সংস্থার যে নাম করলাম আমি, তা সাফল্য অর্জন করেছিল, কিন্তু এদের কাজ ছিল নেহাৎ ছোট মাপের। এছাড়াও বড় কাজেও আমি ব্যর্থ হইনি। যতদূর জানি কোন দেশের পুলিশের খাতায় নাম নেই আমার।
এসব কথা আপনাদের বলছি শুধু এজন্য যে আমার অথবা আমাদের পেশা সম্পর্কে আমার যথেষ্ঠ দক্ষতা আছে। এইবার আপনাদের আমি আমার বড় কাজের পার্টনার হতে অনুরোধ করছি। কাজটা এক সপ্তাহর মধ্যে শেষ হবে, আপনাদের প্রত্যেকের ভাগে পড়বে এক বিলিয়ন ডলার। বিলিয়ন কথাটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় ইউরোপ ও আমেরিকায়। আমি এখানে এক বিলিয়ন ডলার বলতে বোঝাচ্ছি একশ কোটি ডলার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন?
.
সবচেয়ে বড় ডাকাতি
নদীর ওপর থেকে স্টীমারের ভো শোনা গেল। উত্তরে ভো দিল আরেকটি। ক্রমশ দূরে সরে গেল স্টীমার দুটো।
বন্ডের ডানদিকে মিঃ মিডনাইট গলা ঝাড়লেন। উত্তেজিতভাবে বললেন, মিঃ গোল্ড অথবা যাই আপনার নাম হোক না কেন, বিলিয়নের সংজ্ঞা আমাদের দরকার নেই। যে কোন অর্থেই ধরুন এক বিলিয়ন ডলার অনেক টাকা, আপনি বলে যান যা বলছিলেন।
মিঃ শোলো শান্ত দুই চোখ তুলে তাকালেন গোল্ডফিংগারের দিকে। বললেন, টাকাটা সত্যি অনেক, কিন্তু আপনার ভাগে কতখানি আছে, মিস্টার?
পাঁচ বিলিয়ন।
লাম ভেগাসের মিঃ জ্যাক স্ট্র্যাপ উচ্ছলভাবে হেসে উঠলেন, শুনুন বন্ধুগণ, বন্ধুদের মধ্যে কয়েক মিলিয়নে কি এসে যায়। মিঃ হীরে কি নাম যেন যদি আমাদের বিলিয়ন করে পাইয়ে দেন তাহলে ওঁর ভাগে কিছু বেশি গেলে আমার আপত্তি নেই। এসব ব্যাপারে নজর ছোট হলে চলে না, কি বলেন?
মিঃ হেলমুট স্প্রিংগার চোখ থেকে কাঁচটা খুলে নিয়ে সামনের সোনার বাটে টোকা মারলেন। সবাই দেখল তার দিকে। মিঃ হীরে গোল্ড, পরিবারিক উকিলের মত গম্ভীর মেজাজে বললেন, আপনার টাকার অংক গুলো বেশ বড়। সব মিলিয়ে লুঠের পরিমাণ দাঁড়াচ্ছে এগারশ কোটি ডলার।
গোল্ডফিংগার সংক্ষেপে বললেন, পনেরশ কোটি ডলার। যে পরিমাণ অর্থ আমাদের পক্ষে বয়ে আনা সম্ভব হবে কেবল সেইটুকুই উল্লেখ করেছিলাম।
মিঃ বিলি রিংয়ের দিকে তাকাতে দেখা গেল এক টুকরো উত্তেজিত হাসি।
-নিশ্চয় নিশ্চয় মিঃ গোল্ড। মিঃ স্প্রিংগার আরেকবার চশমার কাঁচটা এক চোখে এঁটে নিলেন, গোল্ডফিংগারের প্রতিক্রিয়া দেখবার জন্য। কিন্তু এই পরিমাণ সোনা বা নগদ টাকা আমেরিকার মাত্র তিনটি কোষাগারে আছে। এ তিনটি হল ওয়াশিংটনের সরকারী টাকশাল, নিউইয়র্কের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক এবং কেনটাকির ফোর্ট নক্স। আপনি কি এদেরই একটিকে লুঠ করতে চাইছেন? তা হলে, কোনটিকে?
