উত্তর: আমি সব ধরনের ধর্মীয় মৌলবাদ বিরোধী সেটা আমার বই পড়লেই জানা যায়। এমন নয় যে আপনাকে দেওয়া গত সাক্ষাৎকারে এই কথাটা আমি প্রথম জানিয়েছি।
এই ক্ষোভের কথাই তাহলে বলছিলেন! শুনুন, শঙ্খ ঘোষকে আমি বলেছিলাম যে, আমি যে টাকা দিলাম গুজরাতের উদ্বাস্তু মুসলমানদের জন্য, তা নিজের প্রচারের জন্য নয়, কিছু দান করে বড়াই করাআমি পছন্দ করি না। মানুষকে বরাবরই আমি নিভুতেই সাহায্য করি, ঢোল পিটিয়ে করিনা। শঙ্খ ঘোষকে বিনীত ভাবে শুধু জানিয়েছিলাম, আমি ঢোলে বিশ্বাসী নই, আর ঢোলের শব্দও আমাকে একটু অপ্রতিভ করে। কিন্তু আমাকে যখন মুসলিম বিরোধী অপবাদ দিয়ে হায়দারাবাদে শারীরিক আক্রমণ করা হলো, একটা বীভৎস মৃত্যু আমার প্রায় ছুঁই ছুঁই দূরত্বে ছিল, সেদিনই কলকাতায় ফিরে এলে আমাকে যখন ঘরবন্দি করলো সরকার, পার্ক সার্কাসের রাস্তায় কিছু পকেটমার নেমেছিল বলে মুসলিম বিরোধী অজুহাত তুলে যখন আমাকে রাজ্যছাড়া করলো, আর দিল্লিতেও আমাকে যখন নিরাপদ বাড়ির নাম করে একই রকম গৃহবন্দি করা হয়েছিল, প্রতিদিন চাপ দেওয়া হচ্ছিল দেশ ছাড়ার জন্য, মুসলমানরা রৈ রৈ করে ধেয়ে এসে আমাকে প্রায় ছিঁড়ে খেয়ে ফেলে এমন যখন রাজনৈতিক অবস্থা, সামনে মৃত্যু আর নির্বাসন, যে কোনওটিকে যখন আমার বেছে নিতে হবে, তখন শঙ্খ ঘোষ চুপচাপ বসে সবই দেখছিলেন, সবই জানছিলেন, শুধু একবার মুখ ফুটে কোথাও একবারের জন্য বলেননি যে, মুসলিমবিরোধী বলে যা প্রচার হচ্ছে আমার বিরুদ্ধে, তা সত্য নয়। শঙ্খ ঘোষ চুপ করে থাকাই শ্রেয় মনে করেছিলেন। দান করে নাম কেনার প্রচার, আর নিবাসন বা মৃত্যু থেকে আমাকে বাঁচানোর প্রয়োজনে একটা সত্য প্রচার– এই দুই প্রচারের মধ্যের তফাতটা শঙ্খ ঘোষ জানেন না আমি বিশ্বাস করি না।
শঙ্খ ঘোষ সত্যকে সেদিন প্রকাশ করলে জানি না কতটা লাভ হতো। হয়তো খড় কুটোর মতোই মূল্যহীন হতো তাঁর বিবৃতি। তবে যেহেতু ওই দুঃসময়ে আমি হতাশার অতলে ডুবছিলাম, প্রাণপণে কিছু খড়কুটোই খুঁজছিলাম আঁকড়ে বাঁচার জন্য।
যা হয়ে গেছে হয়ে গেছে। ছাড়ুন ওসব পুরোনো কথা। আমাকে পশ্চিমবঙ্গে থেকে বের করে দেওয়া হয়েছে। পুরো ভারতবর্ষ থেকেও বের করে দেওয়া হয়েছিলো। কয়েক বছর পর আবার অনুমতি পেয়েছি বটে দিল্লিতে থাকার, তবে পায়ের তলার মাটি এখনও বড় নড়বড়ে।
৩. আপনার বিড়াল মিনুকে নিয়ে চূর্ণী গাঙ্গুলী ছবি বানাচ্ছেন। যা আসলে আপনার জীবনের একটা অংশ। আপনার জীবন নিয়ে সরাসরি ছবি করলে অসুবিধে হতে পারে মনে করেই কি তা না করে মিনুকে নিয়ে ছবি করার কথা ভেবেছেন চূর্ণী?
উত্তর: চূর্ণী কী ভেবেছে সে তো আমি জানি না মশাই। মিনুকে নিয়ে কৌশিকের একটা স্ক্রিপ্টই তৈরি ছিল। কৌশিকেরই করার কথা ছিল ছবি। তবে এখন ওরা সিদ্ধান্ত নিয়েছে, কৌশিকের স্ক্রিপ্ট নিয়ে ছবি চূর্ণীই করবে। চূর্ণী এসেছিল মিনুকে দেখতে। মিনুও তো বেজায় খুশি। মিনু, আমার কেন যেন মনে হয়, বুঝতে পেরেছে যে, ওকে নিয়ে ছবি হচ্ছে। বেশ একটা নায়িকা নায়িকা ভাব করে কদিন হাঁটা চলা করলো। শুনুন বাপু, আমার জীবন নিয়ে ছবি করতে লোকের ভয় পাওয়ার কোনও তো কারণ দেখি না। যদি কেউ ভয় পায়, সে তার দুর্বল স্নায়ুর দোষ। ভয় পেলেই ভয় পাওয়া হয়, না পেলেই পাওয়া হয় না। যারা ভয় পায়, তারা আমার বেড়াল কেন, আমার বাড়ি থেকে তিরিশ মাইল দূরে যে ইঁদুরগুলো দৌড়াচ্ছে, সেই ইঁদুরগুলোর ছবি তুলতে গেলেও দেখবেন হাত কাঁপছে।
৪. মহেশ ভাট নাকি আপনার জীবন নিয়ে ছবি করার ইচ্ছের কথা জানিয়েছি। লেন? সেটার কী হলো?
উত্তর: সেটার কী হল সেটা মহেশ ভাটকেই না হয় জিজ্ঞেস করুন। আজ তেরো বছর আগে ঘোষণা করেছিলেন আমাকে নিয়ে ছবি বানাবেন। তারপর হয়তো ছবি। বানানোর আইডিয়াটা মাথা থেকে একসময় ঝেড়েও ফেলেছিলেন। কী কারণ, কিছুই জানি না। আমি মনে করি, কোনও চিত্রপরিচালক কোনও একটা বিষয় নিয়ে ছবি বানানোর ইচ্ছের কথা বলতেই পারেন। পরে সেই ইচ্ছেটা তিনি পরিবর্তন করতেই পারেন। মত প্রকাশের যেমন অধিকার আছে, মত পরিবর্তনেরও মানুষের তেমন অধিকার আছে। তবে অবাক হয়েছি কিছুদিন আগে যখন তিনি পুরো অস্বীকার করে বসলেন যে আমাকে নিয়ে ছবি বানানোর কথা কস্মিনকালেও তিনি নাকি বলেননি। সবচেয়ে মজার বিষয়, ইন্টারনেটের দৌলতে পুরোনো কাসুন্দি বেশ ঘাঁটা যায়।
৫. আপনার ভূমিকায় যদি আপনাকে অভিনয় করতে বলা হয়, আপনি রাজি
উত্তর: না। কারণ আমি অভিনয় করতে জানি না। যারা মিথ্যে কথা বলে তারা ভালো অভিনয় জানে। যেহেতু আমি মিথ্যে বলতে জানি না, আমাকে দিয়ে আর যাই হোক, ওই অভিনয়টা হবে না।
৬. মৌলবাদীদের ভয়ে শুধু রাজনৈতিক দলগুলি নয়, বিভিন্ন মিডিয়া হাউজ আপনাকে নিষিদ্ধ করেছে। তবে ইদানীং কিছু পত্রিকায় আপনার লেখা দেখতে পাচ্ছি। অবস্থাটা কি কিছুটা পাল্টেছে?
উত্তর: ব্যক্তিগত উদ্যোগে দুএকজন ছাপোষা সাংবাদিক কোনওরকম নিষেধা জ্ঞার তোয়াক্কা না করে আমার লেখা ছাপাচ্ছে মাঝে মাঝে। পাঠক এতে বিষম খুশি, গোগ্রাসে পড়ছে লেখা। কেন বঞ্চিত করা হচ্ছে এত পাঠককে! দুঃখ হয়। আসলে কী জানেন, ভয়টা একটা বিচ্ছিরি রোগ। এই রোগটা বাংলাতেই বেশি। একসময় বাংলায় সব নির্ভীক প্রতিবাদী বিপ্লবী মানুষ বাস করতেন। এই বাংলা এখন আর সেই বাংলা নেই। বাংলাটা এখন যেন কেমন ভীতুদের, আপোসকামীদের, সুবিধে বাদীদের, আদর্শহীনদের, বুদ্ধিহীনদের রাজ্য হয়ে উঠছে। এই বাংলাকে ভালোবেসে সেই সুদুর নির্বাসন থেকে একসময় সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে চলে এসেছিলাম, বড় ভালোবেসে বাসা বেঁধেছিলাম। সেই বাসা ভেঙে চুরমার করে দিয়েছে বাংলার লোকেরা। সবচেয়ে বড় যে জিনিসটা আমার ভেঙেছে, সেটা মন। এখনও দুঃস্বপ্নের মতো সেই দিনগুলো?
