হয়তো আমরাই এটা প্রথম ব্যবহার করছি না। যাহোক, একটা পাসিকে এখানে ঢোকার মুখের বারো ফুট দূর দিয়ে গিয়েও এটা মিস করতে দেখেছি।
এখানে খাবারের ভাল সাপ্লাই রাখা হয়, সাথে বাড়তি ঘোড়া, আর প্রচুর গুলি। একটা আর্মি দল এলেও এটা দখল করতে পারবে না।
দেখে মনে হয় না পারবে। কাপটা টেবিলের ওপর নামিয়ে রাখল রনি। তবে এখানে অনেকদিন থাকাটা বিরক্তিকর হয়ে উঠতে পারে। সরল ভাবেই মন্তব্য করল সে-যেন সকালে ওকে গজর-গজর করতে শোনেনি। সঙ্গী হিসেবে ওকে আদর্শ বলে মনে হয় না। ঘুমন্ত আউটলর দিকে সে ইঙ্গিত করল। আমি ফ্রেণ্ডলি লোক। কথা বলতে আর শুনতে পছন্দ করি।
ওর কথায় গলে গেল ডাক। নতুন লোকটা সত্যি আলাপী। ওর মত আরও কিছু লোককে দলে নেয়া উচিত। লারামি ওদের মধ্যে সবথেকে ভাল। কিন্তু লোকটা সবসময় এদিক-ওদিক ঘুরে বেড়ায়–আস্তানায় খুব কমই থাকে। কেবল ডাককেই সর্বক্ষণ হাইড-আউটে আটকা পড়ে থাকতে হয়। ওর বেশি কথা বলাই যে এর কারণ, এটা সে আজও বোঝেনি। বস্ ওকে অনেক আগেই বিদায় করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু লারামি ওকে পছন্দ করে। তাছাড়া লোকটা ঘোড়ার ভাল যত্ন নিতে পারে। পিস্তলবাজ না হলেও ওর সাহসের অভাব নেই।
তুমি কোথাকার লোক, রেগান? প্রশ্ন করে জবাবের অপেক্ষা না রেখেই সে আবার বলল, আমি মনট্যানা থেকে এসেছি। কিন্তু অনেকদিন দেশে ফেরা হয়নি। ওয়াইওমিঙের আউলহুটে (Owlhoot-আউটলদের একটা নিরাপদ আস্তানা) ছিলাম কিছুদিন। তারপর নেব্রাসকার ওগালালায় গরু চুরি শুরু করি। একটা শহর বটে! কখনও গেছ ওখানে?
ওয়ালালায় তার গত যাত্রায় কি ঘটেছিল মনে পড়তেই সে হাসল।ওর সাথে ডাগ মারফি আর ডেড শট ওয়াইলসও ছিল। স্নান করতে নেমে ওরা সাতার কাটছিল। এই সময়ে তিনজন আউটল ওদের নাগাল পায়। বিনা অস্ত্রে অল্পের জন্যে ওরা বেঁচে যায়। এক সময়ে অ্যাবিলিন আর ডজ সিটি যা ছিল, ওই সময়ে ওগালালাও ছিল ওই রকম।
হ্যাঁ, গেছি। টেক্সাস থেকে গরুর একটা দলকে তাড়িয়ে নিয়ে গেছিলাম।
ওটা আমি দু’বার করেছি। একবার কোমাঞ্চির একটা দলের সাথে যুদ্ধও করতে হয়েছে। বিশ্বাস করো, ওই ট্রেইলটায় অনেক ঝামেলা। আমার বাবা ছিল টেনেসির লোক। কিন্তু আমি যখন ছোট, তখন সে মিসৌরিতে যায়। বন্ড নবের পাশেই আমরা সেট করি–ওদের নাম
তুমি শুনেছ?
রনির মাথা আঁকিয়ে সায় দেয়ায় সে আবার বলে চলল, ওখান থেকে বেরিয়ে পড়লাম। পশ্চিমে মোষ শিকারে গেলাম। লারামির সাথে আমার পরিচয় হয় টাসকোসায়। একই সাথে আমরা পশ্চিমে গেলাম। এখানে-সেখানে কিছু গরু আর ঘোড়া তুলে নিলাম। কিন্তু জেমস ব্রাদার্সের চিন্তা মাথায় ঘুরঘুর করছে-তুমি তো জানো, ট্রেন ডাকাতি-এইসব। ওতে পয়সা ভালই রোজগার হয়।
ওটা চেষ্টা করে দেখিনি, রনি সত্যি কথাই বলল। এখানেও তো ভাল রোজগার হওয়ার কথা। ভাগে কেমন পড়ে?
ডাকের চেহারা কিছুটা উত্তেজিত হলো। ভাগ? কোন ভাগই হয়নি। সব সোনা বস্ নিজেই নিয়ে গেছে! সবই সোনার বার, সহজে পাচার করা অসম্ভব। তবে মনে হয় এগুলো ঝাড়ার একটা উপায় সে বের করেছে।
ইতস্তত করছে রনি। সে বুঝতে পারছে না আর কত প্রশ্ন ডাক বিনা সন্দেহে সহ্য করবে। শেষে সাবধানে এগোনোর সিদ্ধান্তই নিল। হয়তো এমন একটা ব্যবস্থা হতে পারে-যে জানে এটা চুরি করা সোনা, সেও তিরিশ বা চল্লিশ পারসেন্ট কমে পেলে কিনতে রাজি হতে পারে।
জানি। বসও একই কথা বলেছিল। কিন্তু মনে হচ্ছে সে নতুন একটা লাইন খুঁজে পেয়েছে। মনে হয় শীঘ্রি আমরা কিছু টাকা পাব।
একটা স্টেজ কাজের ঘটনা ইদানীং শুনলাম। দু’জন লোক মারা পড়েছে।
হ্যাঁ। টোপ গিলল না ডাক। সরে গিয়ে অন্য কথায় এল। ওর সন্দেহ না জাগিয়ে ওই কথায় ফিরে যাওয়ার আর সুযোগ রইল না। রনি চুপ করে বসে ওর কথা শুনছে, মাঝেমাঝে দু’একটা মন্তব্যও করছে।
একজন ভাল শ্রোতা পেয়ে উৎসাহের সাথে সে কথা বলে চলল।
ট্রেইল ড্রাইভ, গরু চুরি, কঠিন মার্শাল আর শেরিফ–নানান বিষয়ে সে অবিরাম কথা বলে চলেছে। গুপ্ত আস্তানা, অজানা ট্রেইল, যদিও এর বেশির ভাগই সে চেনে, তবু কিছু আছে, যার সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু ডাকের ধারণা সে সবই চেনে–আপন মনে কথা বলে চলল সে। রনি অপেক্ষা করছে, কোনমতে সেভেন পাইনসের স্টেজ হোন্ড আপের দিকে ওর কথার মোড় ঘোরাতে চাইছে।
লারামির প্রতি ডাকের এমন প্রচন্ড টান, এটা বারবার ঘুরে ফিরে ওর কথায় ফুটে উঠছে। তাই ওই ব্যাপারেই কথা বলতে উৎসাহিত করল ওকে। লারামি কি শেষ কাজটায় সাহায্য করেছিল?
নিশ্চয়। আমাদের সবথেকে ভাল লোক ওই একটাই আছে। কিন্তু ও ওই খুনের কথা জেনে খুব দুঃখ পেয়েছে।
সায়মন? কিন্তু যা শুনেছি, ওকে ওর সুযোগ দেয়া হয়েছিল।
না, সায়মন না। হার্ট।
কিন্তু সায়মনকে ডেকে হত্যা করায় বুকের পাটা দরকার। এই কথায় রনির দিকে অবাক দৃষ্টিতে চাইল ডাক। পুরো বুঝতে পারছে না সে। সায়মন এখানে কি করছিল? প্রশ্ন করল রনি।
জানি না, কিন্তু ওকে দেখেই কেন যেন খেপে উঠল বস। ডাবল ক্রসের ব্যাপারে কি যেন বলল, তারপর ওকে ডেকে একপাশে নিয়ে গেল। গুলি করে মারার উদ্দেশ্যে!
সায়মনের মত মানুষকে এভাবে ডেকে নিয়ে হত্যা করা, এটা একটু বেখাপ্পা না? লোকটা নাম করা গানম্যান ছিল। কিন্তু মনে হয় ওকেও সুযোগ দেয়া হয়েছিল।
