ক্যাম্পে ফিরে যাও, ওয়ালেসকে বলল বারউইক, নতুন কিছু জানলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিয়ে। এখন থেকে কড়া নজর রাখবে সবার ওপর। কিছুই যেন তোমার নজর এড়াতে না পারে। দেখো, ভবিষ্যৎ নিয়ে তোমাকে
আর ভাবতে হবে না।
ওয়ালেস চলে গেলে কীথের দিকে ফিরল বারউইক, বাঁকা হাসি দেখা দিল তার ঠোঁটে। অসুবিধে কী? হোক না তদন্ত! ওরা এখানে এসে দেখবে অনেক দেরি হয়ে গেছে। আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়ার কাউকে পাবে না!
পাবে না? কীথের কণ্ঠে অবিশ্বাস, কেড্রিক, শ্যাড আর সামান্থার মতো জলজ্যান্ত সাক্ষী থাকার পরেও একথা বলছ কীভাবে?
সময় হলে দেখবে, শান্ত কণ্ঠে বলল বারউইক, ওরা কেউ নেই। একজনও না, বিশ্বা করো?
১১. বারউইকের বলার ভঙ্গিতে
বারউইকের বলার ভঙ্গিতে এমন কিছু ছিল, চমকে ঘুরে দাঁড়াল কর্নেল লরেন কীথ। কী বলতে চাইছ? জিজ্ঞেস করল সে।
শব্দ করে হাসল বারউইক, পুরু ঠোঁটের ফাঁকে চুরুট নাচাল। দৃষ্টিতে বিষ ঢেলে তাকাল কীথের দিকে। কেড্রিক এমন ছেলেমানুষি না করলে কত সুবিধাই না হত! সবদিক দিয়েই কীথের চেয়ে ভালো ছিল ছোঁড়াটা।
কেন, বলল অ্যাল্টন বারউইক, সাক্ষী পাওয়া না গেলে আমাদের বিরুদ্ধে মামলা দাঁড় করানোর উপায় থাকবে না। শহরের লোকজন কী জানে যে প্রকাশ করবে? কিছুই সন্দেহ করতে পারবে না ওর। তা ছাড়া স্রেফ সন্দেহ তো আর ধোপে টিকবে না, আদালত কিংবা তদন্ত কমিটি যাই বলো, নিরেট প্রমাণ চাইবে। কিন্তু তদন্ত কমিটি এখানে আসার আগেই দেখবে চারদিক শান্ত নিঝুম হয়ে গেছে।
করবেটা কী? আবার জানতে চাইল কীথ।
কী করব? তুমিই বলো কী করার আছে? কেড্রিক, লরেডো আর সামান্থার কবল থেকে বাঁচতে হবে না আমাদের? ওদের সরিয়ে দেব। তারপর প্যসি নিয়ে বের হবে, তুমি। রিমের ওপাশে গা ঢাকা দিয়েছে শয়তানগুলো, ওদের নিশ্চিহ্ন করে আসবে। তখন কার সাথে কথা বলবে তদন্ত কমিটি? ভয় পেয়ে গুন্টারের মুখ খোলার আশঙ্কা ছিল, কিন্তু সে এখন নেই, অন্যদেরও পথ থেকে সরিয়ে দেয়া গেলে-
সামান্থাকে বাদ দাও! প্রতিবাদ করে উঠল লরেন কীথ। ওকে নয়! তোমার আল্লার দোহাই!
ভেংচি কাটল বারউইক, ঠোঁট বেঁকে গিয়ে হিংস্র হয়ে উঠল চেহারা। বিশাল শরীর নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সে। হ্যাঁ, সামান্থাকেও। মেয়েটা আর সবার চেয়ে অনেক বেশি জানে। ধরো, গুন্টার ওকে সব কিছু বলে দিয়েছিল, তা হলে? সেটাই সম্ভব। তো বুঝতেই পারছ, কিছুই অজানা নেই ওর–কিচ্ছু না!
হাঁটতে হাঁটতে কামরার শেষ প্রান্তে চলে গেল বারউইক, ফিরে তাকাল কীথের দিকে। গর্দভ! ক্রুদ্ধ, বিরক্ত বারউইক। আজকাল যে কী সব লোক জন্ম নিচ্ছে দেশে! ভীত, ন্যাকা!-অসহ্য! কীথের প্রয়োজন ফুরিয়ে গেছে। কাজটা শেষ হওয়ার পরও যদি বেঁচে থাকে-ঠিক হ্যায়, ডরনি শ আবার কাথ লোকটাকে দেখতে পারে না। আচমকা হেসে ফেলল বারউইক। ওহ্, সত্যিকার কাজের লোক ডরনি। বব ম্যাকলেননকে যেভাবে খতম করল! নাও, এবার কথা শোনো, সবাইকে জড়ো করো। ফেসেনডেন, গফ, ক্লসন, পয়েটে আর দুই মিক্সাসকে ডরনি শয়ের সঙ্গে পাঠাও। ওই তিনজনের মৃত্যু চাই আমি, বুঝেছ? হপ্তা শেষ হওয়ার আগেই খতম করতে হবে সবকটাকে-এবং লাশের চিহ্নও যেন না থাকে। ঠিক আছে?
জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজাল কীথ, চোখে অস্থির দৃষ্টি। এরকম কিছুর জন্যে মোটেই তৈরি ছিল না সে। অল্প সময়ে নিরুপদ্রবে কাজ হাসিল হবে ভেবেছিল, অথচ এখন…
এখন, অস্বস্তির সঙ্গে উপলব্ধি করল কীথ, বিপদ যদি আসে একমাত্র ওর ঘাড়েই সব দোষ চাপবে। পুবে সবরকম লেনদেনের বেলায় আড়ালে ছিল। অ্যাল্টন বারউইক, যেমন এখানে নেপথ্যে থেকেছে সে। সুতরাং যে কোনও ঘাপলার জন্যে ওকেই দায়ী করা হবে; আর র্যানসাম যেখানে তদন্ত চালাতে যাচ্ছে, ঘাপলা হতে বাধ্য!
কিন্তু, লম্বা করে দম নিল লরেন কীথ, বারউইক মিথ্যে বলে নি। এখন একটা পথই খোলা আছে ওদের সামনে। ডরনি, আর তার দলবল অন্তত এ-কাজে আপত্তি করবে না। আচমকা একটা কথা মনে পড়ে গেল কীথের।
ক্লসনের কথা বললে না? ওকে বাদ দিতে হচ্ছে, বারউইক। স্যাডলের। সঙ্গে বাঁধা অবস্থায় কালরাতে ফিরে এসেছে ক্লসন। না, ক্লসন নয়, তার লাশ, কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল!
কী বললে? পায়চারি থামিয়ে কীথের সামনে এসে দাঁড়াল বারউইক। এতক্ষণে মনে পড়ল? মাথা নামিয়ে কীথের চোখের কয়েক ইঞ্চি দূরে নিয়ে এল সে। অগ্নিদৃষ্টিতে তাকাল। ওর ঘোড়া ব্যাকট্র্যাক করতে গেছে কেউ? হায়রে, বাচাল গর্দভ!পিস্তলে দুর্দান্ত হাত ছিল ক্লসনের, সে গুলি খেয়ে মরেছে, কথাটার মানে বোঝ? এমন কাজ মাত্র তিনজনের পক্ষে সম্ভব। কে কে তুমি খুব ভালো করে জানো!
তীব্র ক্রোধে লাল হয়ে গেল বারউইক, চরকির মতো ঘুরল। ফের পায়চারি শুরু করল সে, অনুচ্চ অথচ হিংস্র কণ্ঠে বিড়বিড় করছে ক্রমাগত। ভয়ে কুঁকড়ে গেছে লরেন কীথ। আবার ওর মুখোমুখি হলো বারউইক, হিংস্র। নেকড়ের মতো চোখজোড়া জ্বলছে। বুঝতে পারছ না, কর্কশ কণ্ঠে জানতে চাইল, ওরা আমাদের জন্যে বিপজ্জনক!।
ওরা যতক্ষণ বেঁচে থাকবে, ততক্ষণ আমাদের বিপদ হতে পারে। ডরনিকে অ্যাকশনে দেখেছ তুমি। কিন্তু বিশ্বাস করো, কেড্রিকের বদলে ওর সঙ্গেও লাগতে রাজি আছি! কেড্রিকের রগ চিনে গেছি আমি। আর্মি অফিসার ছিল-তুমি শুধু এদিকটাই ভেবেছ-সে এখনও একজন অফিসার এবং ভদ্রলোক!
