আরাকচিভ যেভাবে বলকনস্কিকে অভ্যর্থনা জানিয়েছে অল্প কয়েকটি কথায় কোচুবে তার উল্লেখ করল। স্পেরানস্কি আরো স্পষ্ট করে হাসল।
প্রতিটি শব্দ ও শব্দাংশের উপর জোর দিয়ে সে বলল, সেনাবাহিনীর বিধিসংক্রান্ত কমিটির সভাপতি সঁসিয় মাগনিস্কি আমার বিশিষ্ট বন্ধু। আপনি চান তো তাঁর সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দিতে পারি। একটু থেমে বলল, আশা করি তিনি আপনাকে সহানুভূতি দেখাবেন এবং যুক্তিসঙ্গত যেকোন ব্যবস্থায় আপনার সঙ্গে সহযোগিতা করবেন।
অচিরেই স্পেরানস্কিকে ঘিরে একটা চক্র গড়ে উঠল, যে বুড়োমানুষটি তার অধীনস্থ প্রিয়ানিচনিকভের কথা বলছিল সে স্পেরানস্কিকে একটা প্রশ্ন করল।
আলোচনায় যোগ না দিয়ে প্রিন্স আন্দ্রু স্পেরানস্কির প্রতিটি গতিবিধি লক্ষ্য করতে লাগল : কিছুদিন আগেও এই লোকটি ছিল ধর্মশাস্ত্রের একজন নগণ্য ছাত্র, আর আজ তার হাতের মুঠোয়–ঐ দুটো স্কুল, সাদা হাতে-রাশিয়ার ভাগ্য বিধৃত। যেরকম অসাধারণ ঘৃণার সঙ্গে স্পেরানস্কি বুড়ো লোকটির প্রশ্নের জবাব দিল তা শুনে প্রিন্স আন্দ্রু অবাক হয়ে গেল। বুড়ো লোকটি যখন উঁচু গলায় কথা বলতে শুরু করল, স্পেনস্কি তখন হেসে বলল, সম্রাট কিসে খুশি হবেন তার সুবিধা-অসুবিধার কথা বিচার করবার অধিকার তার নেই।
সকলের সঙ্গে সাধারণভাবে কিছুক্ষণ কথা বলার পরে স্পেরানস্কি প্রিন্স আন্দ্রুর কাছে এগিয়ে গিয়ে তাকে সঙ্গে নিয়ে ঘরের এককোণে চলে গেল। পরিষ্কার বোঝা গেল, বলকনস্কির প্রতি সে আগ্রহী হয়ে উঠেছে।
ঈষৎ বিদ্রুপের হাসি হেসে সে বলল, ঐ সম্মানিত ভদ্রলোকটি যে উত্তেজিত আলোচনার মধ্যে আমাকে জড়িয়ে রেখেছিল তাতে আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি প্রিন্স। এই স্তুতি-বচনে প্রিন্স আন্দ্রু খুশি হয়ে উঠল। আপনার কথা আমি অনেক আগেই শুনেছি, প্রথমতো ভূমিদাসদের ব্যাপারে আপনার কাজের কথা শুনেছি, এই প্রথম দৃষ্টান্তটির আরো অনেক অনুকরণকারী থাকা বাঞ্ছনীয়, আর দ্বিতীয়ত, আপনি সেই সব ভদ্রলোকদের একজন যারা সভাসদদের পদমর্যাদাসংক্রান্ত নতুন বিধানে আঘাত পাননি, অথচ তা নিয়ে গল্প-গুজব ও হৈ-চৈর অন্ত নেই।
প্রিন্স আন্দ্রু বলল, না, আমার বাবা চাননি যে সেসব সুবিধার সুযোগ আমি নেই। একেবারে নিচু পদ থেকেই আমি চাকরি শুরু করেছিলাম।
আপনার বাবা বিগত শতাব্দীর মানুষ, যে ব্যবস্থা স্বাভাবিক ন্যায়ের পুনঃ প্রতিষ্ঠামাত্র তার বিরুদ্ধাচরণ করছে যেসব সম্প্রতিকালের মানুষ তিনি স্বভাবতই তাদের অনেক উর্ধ্বে প্রতিষ্ঠিত।
স্পেরানস্কির প্রভাব সম্পর্কে সচেতন হয়ে থাকে প্রতিরোধ করার চেষ্টায় প্রিন্স আন্দ্রু পাল্টা জবাব দিল, অবশ্য আমি মনে করি যে এই বিরুদ্ধাচরণের স্বপক্ষেও কিছু যুক্তি আছে। স্পেরানস্কির সব কথার সঙ্গে একমত হতে সে চায় না, প্রতিবাদ করার একটা ইচ্ছা জাগল তার মনে। সাধারণত সে সহজে ও ভালোভাবেই কথা বলতে পারে, কিন্তু এখন স্পেরানস্কির সঙ্গে কথা বলতে গিয়ে নিজের মনোভাব প্রকাশ করতে সে কিছুটা অসুবিধা বোধ করতে লাগল। এই বিখ্যাত লোকটির ব্যক্তিত্বকে পর্যবেক্ষণ করার কাজে সে বড় বেশি ডুবে গিয়েছিল।
ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কারণ হতে পারে, স্পেরানস্কি শান্তভাবে বলল।
আর কতকটা রাষ্ট্রের স্বার্থও বটে, প্রিন্স আন্দ্রু বলল।
চোখ নামিয়ে স্পেরানস্কি শান্তভাবে শুধাল, আপনি কি বলতে চান?
প্রিন্স আন্দ্রু জবাব দিল, মতেঙ্কুকে আমি শ্রদ্ধা করি, আর তার ধারণা যে অভিজাত শ্রেণীর কতকগুলি অধিকার ও সুযোগ-সুবিধাকে আমি তর্কাতীত বলে মনে করি তাকেও আমি সমর্থন করি।
স্পেরানস্কির সাদা মুখের উপর থেকে হাসি মিলিয়ে গেল। সম্ভবত প্রিন্স আন্দ্রুর চিন্তাধারা তার ভালো লেগেছে।
প্রশ্নটাকে আপনি যদি সেদিক থেকে বিচার করেন, ফরাসিতে কথাগুলি বলতে স্পেরানস্কির যথেষ্ট অসুবিধা হলেও সে বেশ শান্তভাবে কথাগুলি বলল। তার যুক্তিগুলি সংক্ষিপ্ত, সরল ও স্পষ্ট। কিন্তু আলোচনাটা তার সঙ্গীকে বিব্রত করে তুলেছে দেখে তার উপর ইতি টেনে স্পেনস্কি বলল, আপনি যদি দয়া করে বুধবারে আমার সঙ্গে দেখা করেন, তাহলে ইতিমধ্যে মাগনিস্কির সঙ্গে কথা বলে নিয়ে আপনাকে সব কথা জানিয়ে দেব এবং আরো খোলাখুলিভাবে আপনার সঙ্গে আলোচনা করে আনন্দ লাভ করব।
চোখ দুটি বন্ধ করে সে ফরাসি কায়দায় অভিবাদন জানাল, এবং বিদায় না নিয়ে যথাসম্ভব অল্প মনোযোগ আকর্ষণ করে ঘর থেকে বেরিয়ে গেল।
.
অধ্যায়-৬
পিটার্সবুর্গে অবস্থিতির প্রথম কয়েক সপ্তাহেই প্রিন্স আন্দ্রু বুঝতে পারল, নিভৃত জীবন-যাপনের দিনগুলিতে যে চিন্তাধারা তার মনে গড়ে উঠেছিল, এই শহরের ছোট ছোট চিন্তাভাবনাগুলি তাকে একেবারেই চাপা দিয়ে ফেলেছে।
সন্ধ্যায় বাড়ি ফিরে নিজের নোট-বইতে চার-পাঁচটি দরকারি দেখা-সাক্ষাতের বিষয় ও নির্দিষ্ট সময় সে টুকে রাখে। জীবনের যান্ত্রিক গতি, সর্বত্র যথাসময়ে উপস্থিত হবার দৈনন্দিন ব্যবস্থা–এতেই তার কর্মশক্তির বেশির ভাগ্য ব্যয় হতে লাগল। সে কিছুই করে না, চিন্তা পর্যন্ত করে না, অথবা চিন্তা করার সময়ই পায় না, কিন্তু গ্রামে থাকতে যা কিছু ভেবেছে ৪ধু তাই নিয়ে কথা বলে, সাফল্যের সঙ্গে কথা বলে।
