প্রিন্স নিকলাসের চোখে ভ্রুকুটি দেখা দিল, মুখে কিছু বলল না।
চিঠি পাবার পক্ষকাল পরে একদিন সন্ধ্যায় প্রিন্স ভাসিলির চাকর বাকররা আগাম এসে হাজির হলো, সে আর তার ছেলে এল পরদিন।
প্রিন্স ভাসিলির চরিত্র সম্পর্কে বুড়ো বলকনস্কির ধারণা কোনোদিনই ভালো নয়, সম্প্রতি সেটা আরো খারাপ হয়েছে কারণ পল এবং আলেক্সারের নতুন রাজত্বে প্রিন্স ভাসিলি উচ্চপদে ও সম্মানে অধিষ্ঠিত হয়েছে। এখন চিঠি থেকে এবং ছোট প্রিন্সিসের উক্তি থেকে সে বুঝতে পারল হাওয়া কোনদিকে বইছে, আর তার খারাপ ধারণার পরিবর্তে দেখা দিল একটা ঘৃণার মনোভাব। প্রিন্স ভাসিলির কথা মনে হতেই সে যেন খেঁকিয়ে উঠতে লাগল। যেদিন প্রিন্স ভাসিলির আসার কথা সেদিন প্রিন্স বলকনস্কির মন মেজাজ বিশেষরকম খিঁচড়ে রইল। প্রিন্স ভাসিলি আসছে বলে তার মন খারাপ হোক, আর তার মন খারাপ বলেই প্রিন্স ভাসিলির আগমনে তার মেজাজ তিরিক্ষি হোক, এটা ঠিক সে তার মেজাজ বেশ খারাপ হয়ে আছে, আর সকালেই তিখোন স্থপতিকে সাবধান করে দিল সে যেন প্রিন্সের কাছে না যায়।
প্রিন্সের পায়ের শব্দের দিকে স্থপতির দৃষ্টি আকর্ষণ করে তিখোন বলল, ওঁর হাঁটার ধরনটা শুনতে পাচ্ছেন? গোড়ালির উপর ভর দিয়ে পা ফেলছেন–ওর অর্থ আমরা ভালোই জানি…
যাই হোক, সকাল নটায় ভেলভেট কোট ও কালো কলার ও টুপি চাপিয়ে প্রিন্স যথারীতি বেড়াতে বেরিয়ে গেল। আগেরদিন বরফ পড়েছে, বাগানের যে কাঁচের ঘরটার পাশ দিয়ে প্রিন্সের বেড়ানো অভ্যাস তার উপর দিয়ে বরফের স্রোত বয়ে গেছে : বরফের মধ্যে গাছ-গাছড়াগুলো দেখা যাচ্ছে, পথের দুপাশের উঁচু বরফের এক পাশে একটা বেলচা আটকে রয়েছে। অগত্যা ভুরু কুঁচকে প্রিন্স নিঃশব্দে সবজিঘর, ভূমিদাসের বাসস্থান ও বহির্বাটির ভিতর দিয়ে এগিয়ে গেল।
বাড়ি ফিরবার সময় ওভারসিয়ার তার সঙ্গী হল, লোকটি আচার আচরণে তার মনিবের মতোই শ্রদ্ধাস্পদ। প্রিন্স তাকে জিজ্ঞেস করল, একটা স্লেজ যেতে পারবে কি?
ইয়োর অনার, বরফ বেশ পুরু হয়ে পড়েছে। পথটা আঁটা দেওয়াবার ব্যবস্থা করছি।
মাথাটা নুইয়ে প্রিন্স ফটক পর্যন্ত এগিয়ে গেল। ওভারসিয়ার ভাবল, ঈশ্বরকে ধন্যবাদ যে ঝড়টা থেমে গেছে!
মুখে বলল, গাড়ি চালিয়ে যাওয়া খুব শক্ত হত ইয়োর অনার। শুনলাম, একজন মন্ত্রী আপনার সঙ্গে দেকা করতে আসছেন।
প্রিন্স ওভারসিয়ারের দিকে ঘুড়ে দাঁড়াল, ভুরু কুঁচকে একদৃষ্টিতে তাকাল তার দিকে।
কি? মন্ত্রী? কোন মন্ত্রী? কে হুকুম দিল? কর্কশ গলায় প্রিন্স বলল। রাস্তাটা আমার মেয়ের জন্য ঝাটা না দিয়ে দেয়া হল একজন মন্ত্রীর জন্য! আমার কাছে মন্ত্রী বলে কেউ নেই!
ইয়োর অনার, আমি ভেবেছিলাম…
তুমি ভেবেছিলে! প্রিন্স চেঁচিয়ে উঠল। যতসব রাস্কেল! বদমাস!… ভাবনা কাকে বলে তোমাকে শিখিয়ে দিচ্ছি! লাঠিটা তুলে এমনভাবে ঘোরাল যে ওভারসিয়ার আলপাতিচ হঠাৎ সরে না গেলে তার গায়েই লাগত। ভেবেছিলাম… বদমাসের দল… প্রিন্স সমানে চেঁচাতে লাগল।
কিন্তু আঘাতকে এড়িয়ে যাওয়ার দুঃসাহসের জন্য ভয় পেলেও আলপাতিচ মাথা নিচু করে প্রিন্সের কাছেই গেল, আর হয়তো সেই কারণেই মুখে বদমাস!… রাস্তার উপর আবার বরফ ছড়িয়ে দাও বলে চেঁচালেও প্রিন্স দ্বিতীয়বার লাঠিটা না তুলে দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকে গেল।
ডিনারের আগে প্রিন্সেস মারি ও মাদময়জেল বুরিয়ে প্রিন্সের বদমেজাজের খবর পেয়ে তার আসার অপেক্ষায়ই আগে থেকে এসে দাঁড়িয়ে ছিল, মাদময়জেল বুরিয়ের উজ্জ্বল মুখ যেন বলছে : আমি কিছুই জানি না, আমি আগের মতোই আছি, আর প্রিন্সেস মারির মুখখানি বিষণ্ণ, ভীত, চোখ দুটি আনত।
মেয়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে প্রিন্স বলল, বোকা…নাকি পুতুল!
আর অপরটি এখানে আসেইনি, কত রকম কথাই যে এরা রটাচ্ছে, খাবার ঘরে হোট প্রিন্সেসকে না দেখে সে ভাবল।
প্রশ্ন করল, প্রিন্সেস কোথায়? গা-ঢাকা দিয়েছে?
উজ্জ্বল হাসি হেসে মাদময়জেল বুরিয়ে বলল, আর শরীরটা ভালো নেই। সে আসতে পারবে না। এ অবস্থায় সেটাই স্বাভাবিক।
হুম। হুম! বসতে বসতে প্রিন্স বিড় বিড় করে বলল।
প্লেটটা যথেষ্ট পরিষ্কার মনে না হওয়ায় একটা দাগ দেখিয়ে প্রিন্স সেটা ছুঁড়ে ফেলে দিল। তিখোন সেটা ধরে নিয়ে একজন পরিচারকের হাতে দিল। ছোট প্রিন্সেস অসুস্থ হয়নি, কিন্তু প্রিন্সের বদমেজাজের খবর পেয়ে এতই ভয় পেয়েছে যে এখানে আসবে না বলেই স্থির করেছে। ১ মাদময়জের বুরিয়েকে বলেছে, বাচ্চার জন্যই আমি ভয় পাচ্ছি, ভয় থেকে যে কী হতে পারে তা ঈশ্বরই জানেন।
বন্ড হিলসে ছোট প্রিন্সেস সবসময়ই ভয়ে ভয়ে থাকে, সেই সঙ্গে বুড়ো প্রিন্সের প্রতি তার মনে একটা বিরূপতার ভাবও আছে। আবার তার প্রতিও এই বিরূপতার ভাব আছে বুড়ো প্রিন্সেরও মনে, যদিও বিরূপতার চাইতে ঘৃণার ভাবই তার মনে বেশি। বন্ড হিলের জীবনযাত্রায় অভ্যস্ত হবার পর থেকেই মাদময়জেল বুরিয়েকে ছোট প্রিন্সেসের খুব ভালো লেগেছে। তার সঙ্গেই সারাটা দিন কাটায়, নিজের ঘরে তাকে শুতে বলেছে, প্রায়ই বুড়ো প্রিন্স সম্পর্কে তার সঙ্গে কথা বলে, সমালোচনা করে।
গোলাপি আঙুল দিয়ে সাদা তোয়ালের ভাজ খুলতে খুলতে মাদময়জেল বুরিয়ে বলল, তাহলে কিছু : অতিথি আসছেন, তাই না প্রিয় প্রিন্স? শুনলাম হিজ এক্সেলেন্সি প্রিন্স ভাসিলি কুরাগিন ও তার ছেলে আসছেন?
