সেইলের চুম্বনের রেশ ক্রসের মন থেকে সরেনি তখনো। তারপরও সেইলের আকস্মিক এই উক্তিতে সে প্রশ্ন করল, কেন?
কারণ তুমি দারুণ সুন্দর এবং পার্ফেক্ট। সেইলের সহজ উত্তর। ক্রসের মুখ থেকে তার হাত দুটো সরিয়ে নিল। তারপর চোখের দিকে টানা দৃষ্টি হেনেই ক্রসের হাতে রাখল তার হাত।
বলল, আজকের মতো এমন ভুল একটি দিনের জন্যও আমার হয়নি।
একটু থেমে আবার সে বলল, আমাদেরও কি একটি সুন্দর পরিবার হতে পারে না?
ক্রস নিরুত্তর। তবে স্বাভাবিক। সেইলের কপালে কুঞ্চিত রেখা দেখা গেল মাত্র কয়েক পলকের জন্য। আকস্মিক বলল, আচ্ছা, তুমি তোমার বাবার সাথে কেন থাকছ?
ঠিক এমন একটি বিষয়ের জন্যই তুমি হয়তো আমাকে এখানে আনতে পেরেছ? সপ্রতিভ উত্তর ক্রসের।
বিষয়টি এতক্ষণে পরিষ্কার হলো সেইলের। পাল্টা প্রশ্ন করল ক্রসের উদ্দেশ্যে, তাই বুঝি ডেন্টির সাথে ঝগড়া বাধিয়ে বসেছিলে? সেইল বলল, সে কি তোমাকে খুব আঘাত দিয়ে কিছু বলেছে?
না, ডেন্টি সঠিক ছিল, ক্রস বলল প্রতিউত্তরে। শিশুদের মতো তর্ক করছিলাম আমরা। ডেন্টি একজন সাক্ষাৎ জোকার, ঠিক আমার পেটির মতো।
জোকার না কচু! খুব উগ্র সে, সেইলের প্রতিবাদী উত্তর। তারপর আবার আকস্মিক ক্রসের ঠোঁটে চুমু দিল সেইল। বলল, প্রচুর অর্থ করেছে আমার বাবা। কেন্টাকিতে একটি বাড়ি কিনেছে। ১৯২০ রোলস রয়েস গাড়িও কিনেছে। এমনিতেই তার রয়েছে তিনটি অ্যান্টিক গাড়ি, আবার কেন্টাকিতে ঘোড়াও কেনার পরিকল্পনা করছে। তুমি বরং কালই আমাদের ওখানে বেড়াতে চলো– আমাদের গাড়িগুলোও দেখতে পাবে। আর তাছাড়া তুমি ছোটবেলা থেকে আমার মায়ের রান্না পছন্দ করতে।
সম্ভব নয়। আগামীকালই আমাকে ভেগাসে ফিরে যেতে হবে। বলল ক্রস। আমি সেখানে জানাদু হোটলে কাজ করি।
ক্রসের হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল সেইল, অ ভেগাস। আমার মতে একটি বিরক্তিকর শহর ভেগাস।
কিন্তু আমার কাছে সেরা, পাল্টা জবাব ক্রসের। তুমি যদি সেখানে না-ই গিয়ে থাকো, তবে এত ঘৃণা কেন?
কারণ সেখানকার মানুষ তাদের কষ্টের উপার্জন নিমেষেই শেষ করে আসে, ঘৃণামিশ্রিত শিশুসুলভ অভিব্যক্তি প্রকাশ করে বলল সেইল। ঈশ্বরকে ধন্যবাদ যে আমার বাবা গ্যাম্বলের আগে-পাছে নেই। এমনকি সেই শো গার্লদের প্রতিও আগ্রহী নয়।
হেসে ফেলল ক্রস। বলল, আমি এত কিছু জানি না। আমি কেবল গলফ কোর্টে ছুটাছুটি করি। ক্যাসিনোর অভ্যন্তরে কি ঘটে না ঘটে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।
সেইল জানে ক্রস তার সাথে মজা করছে। তারপরও সে বলল, আচ্ছা আমি যেদিন কলেজের পাট চুকিয়ে বের হবে, সে দিন যদি তোমাকে ইনভাইট করি, তুমি আসবে?
অবশ্যই, ক্রস আশ্বাস দিল। এমন বিষয়ে ক্রস সেইলের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। মেয়েটির এই সরলতায় মুগ্ধ হলো ক্রস। মুগ্ধ হলো এখনো তার হাত দুটি যেভাবে সেইল ধরে রেখেছে, তা ভেবে। তবে ক্রস বুঝতে পেরেছে সেইলের এই আমন্ত্রণ তাদের অর্থ, গাড়ি-বাড়ি, প্রতিপত্তি প্রদর্শনেরই দাবি। ক্রস এ-ও বুঝতে পারল, সেইলের এই মিষ্টি স্পর্শ, প্রাণহীন মেকি চুম্বন ও তার নারীত্ব দিয়ে ক্রসকে জয় করার প্রচেষ্টা।
ক্রস এবার বলল, আমাদের বোধ হয় এবার ম্যানশনের দিকে যাওয়া উচিত।
টেনিস কুটির থেকে বেরিয়ে এলো দুজন। দুজনে দুজনার হাত ধরে এগিয়ে চলল পিকনিক এরিয়ার দিকে। সেইলের বাবা তাদের দিকে তাকিয়ে প্রথমে মুখ বাঁকিয়ে ফেলল। তারপর এক আঙুল বাকিয়ে ছিঃ! ছিঃ! লজ্জা বলেই হো হো করে হেসে ফেলল। এগিয়ে গেল তাদের দিকে, জড়িয়ে ধরল দুজনকেই।
এই দিনটির কথা ক্রসের মনে গেঁথে থাকবে দীর্ঘদিন। শুধু এ জন্যই নয় যে সে সেইলের ঘনিষ্ঠতা পেয়েছে। ক্রসের মনে এই ইস্টার সানডের দিনটি আরেকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এ দিনই ডেন্টির কাছে সে তার বাবার প্রকৃত স্বরূপ জানতে পেরেছে। সেই সাথে ছোট্ট শিশুটির সেই ডিম ভেঙে পাখি উড়ে যাওয়ার ঘটনাও দাগ কেটেছে ক্রসের মনে।
ক্রস এবং পিপি ইস্টার সানডের পর দিনই ফিরে গেল ভেগাসে। তবে তাদের মানসিক সম্পর্কে এবার দেখা দিল একটু ভিন্নতা। পিপি নিশ্চিতভাবেই বুঝতে পারল যে এত দিনের গোপন তথ্যের অনেক কিছুই ক্রসের কাছে ফাঁস হয়ে গেছে। আরো তাই নিজের দুর্বল মনকে শক্ত করতে ক্রসের প্রতি সে মনোযোগী হলো আর বেশি। তবে ক্রস বিস্মিত হলো, এত নেতিবাচক তথ্যের পরও বাবা সম্পর্কে মনোভাবের এতটুকু পরিবর্তন হয়নি। এখনও তাকে আগের মতোই ভালোবাসে, শ্রদ্ধা করে ক্রস। বাবা ছাড়া সে যেন তার পৃথিবী কল্পনাও করতে পারে না, যেমন কল্পনাতীত ক্লেরিকুজিও পরিবার ছাড়া গ্রোনিভেল্ট ছাড়া এবং জানাদু হোটেল ছাড়া। এ সবই ক্রসের জীবনে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে এবং সত্যিকার অর্থেই সে সুখী এই জীবনধারায়।
তবে কেমন যেন এক অসহিষ্ণুতা বাসা বেঁধেছে ক্রসের মনে-বুঝে উঠতে পারছে না সে কিছুতেই। এটুকু তার মনে এসেছে যে, হয়তো নতুন কোনো পদক্ষেপ নিতে হবে তাকে। কি সেই পদক্ষেপ, জানে না সে।
০৪. ক্লডিয়া ডি লিনা
পর্ব– তিন
ক্লডিয়া ডি লিনা
অ্যাথেনা অ্যাকুইটেন
০৪.
ক্লডিয়া ডি লিনা প্যাসিফিক প্যালিস্যাডিসে তার অ্যাপার্টমেন্ট থেকে নিজেই গাড়ি চালিয়ে রওনা হলো ম্যালিবুতে অ্যাথেনা অ্যাকুইটেনের অ্যাপার্টমেন্টের দিকে। মনে মনে ভাবতে লাগল– ম্যাসেলিনার জন্য কিভাবে অ্যাথেনাকে রাজি করাবে? কিভাবে ক্লডিয়া নিজেকে উপস্থাপন করবে অ্যাথেনার কাছে?
