ব্রঙ্কস এনক্লেভের পূর্ণ দায়িত্বে রয়েছে পেটি– এনক্লেভের প্রধান কর্মকর্তা পেটির বড় গুণ হচ্ছে সমাজের নিচু স্তরের লোকজনদের ধনী করে তোলার জন্য সে সচেষ্ট অনুপ্রেরণা যুগিয়ে থাকে সবসময়। এ প্রক্ষিতে তার অংশও পেটি মাঝে দিয়ে দেয়।
তোমরা হচ্ছ পেটুক ধরনের লোক, জর্জিও তিরস্কারের হাসি হাসল। বলল, তবে আমি বুড়োর জন্য কুড়ি শতাংশের সুপারিশ করব।
পিপি জানে জর্জিও’র এই কুড়ি শতাংশের মানে হবে দশ কিংবা পনের শতাংশ। এমন কৌশলের অবতারণা জর্জিও’র অনেক পুরনো দিনের অভ্যাস।
ভিনসেন্ট পিপিকে প্রশ্ন করল, তা নির্ণয় করব? এর মানে ফিউবার্টা কিংবা তার লোকদের যার কাছ থেকে যত টাকাই আদায় করা হোক না কেন, তা নিজেদের মধ্যে ভাগ করে নেবে- এটা একটা বন্ধুত্বপূর্ণ ইঙ্গিতও বটে। অর্থাৎ যাদের কপালে অবধারিত মৃত্যুর পরোয়ানা জারি করেছেন ডন, তাদের বেঁচে থাকার একটা সুযোগ করে দিতে চায় তার পুত্ররা, সেই আত্মসাৎকৃত টাকা উদ্ধার করে। এতে প্রাণে বেঁচে যাবে ফিউবার্টা ও তার চার সদস্য, আর আর্থিক লাভ হবে ডনপুত্রদের। ভিনসেন্ট বুঝতে পারল পিপির কথার সারমর্ম।
পিপি ভিনসেন্টকে আশ্বস্ত করে বলল, নিশ্চিন্ত থাকো ভিন্স। আমিই তা নির্ধারণ করে দেব।
ছোট্ট ডেন্টির দিকে চোখ গেল পিপির। সে দেখল ডনের হাত ধরে ডেন্টি বাগানে হেঁটে বেড়াচ্ছে। ততক্ষণে টেবিলে বসা সবার চোখ সেদিকেই স্থির হলো। পিপি জর্জিও’র মন্তব্য শুনতে পেল আকস্মিক। জর্জিও বলল, ডেন্টি এবং আমার বাবার এই একাকী হেঁটে বেড়ানোটা এক অভূতপূর্ব দৃশ্য। স্বপ্নের মতো মনে হয়। অথচ বাবা কখনো আমার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করেননি। তাদের দিকে তাকিয়ে উদাসভাবে জর্জিও বলল, তারা সব সময় গিসগিসিয়ে কি যেন অনবরত বলে চলেছে। এক দিক থেকে এটা ভালোই, বুড়ো যথেষ্ট স্মার্ট ও জ্ঞানী, ছোট ডেন্টি তার কাছে শিখবে অনেক কিছু।
পিপির চোখে পড়ল ডেন্টি যেন মাথা উঁচিয়ে ডনের দিকে তাকিয়ে কিছু বলছে। তাদের এই কথোপকথনকে মনে হলো ডন এবং ডেন্টি যেন এমন কিছু গোপন পরামর্শ করছে, যা পৃথিবী এবং স্বর্গের কর্তৃত্বপূর্ণ কোনো বার্তার আদান-প্রদান।
অত্যন্ত সতর্ক পিপি ডি লিনা, সতর্ক তার পরিকল্পনা। অল্প সময়ের মধ্যেই পিপি ড্যানি ফিউবার্টার কেস দক্ষতার সাথে সম্পাদন করতে শুরু করল। এর জন্য সে শুধু গরিলার মতো ছোটাছুটি করেই ক্ষান্ত হয়নি, তাকে হতে হয়েছে রীতিমতো দক্ষ কারিগর। প্রতিটি ক্ষেত্রে পিপি মনোস্তাত্ত্বিক বিষয়ের অবতারণা করেছে শক্তি প্রয়োগ করে নয়। তবে ফিউবার্টা ও তার সঙ্গীদের কাছ থেকে অর্থ আদায় করতে প্রাথমিক অবস্থায় পিপিকে তিনটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার লক্ষ্য প্রথমত, তাকে আত্মসাৎকৃত সমস্ত টাকা উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, ভিনসেন্ট এবং পেটির সাথে সতর্কতামূলক সমন্বয় সাধন করতে হবে (অবশ্য এই পর্বটি খুব কঠিন নয়। পেটি এবং ভিনসেন্ট উভয়েই তাদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষ। দুই দিনের মধ্যেই তারা তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধিদের নামিয়ে দিল অপরাধীদের অনুসরণ করতে। কৌশলে অপরাধীদের কাছ থেকে তাদের অপরাধের স্বীকারোক্তিও নেয়া হলো। তারপর শুরু হলো ক্ষতিপূরণ আদায়ে মোলকলার প্রয়োগ) এবং তৃতীয়ত, ড্যানি ফিউবার্টাকে হত্যা।
ফিউবার্টাকে হত্যা করার কৌশল পিপি অন্যরকমভাবেই চিন্তা করে রেখেছে। সড়ক কিংবা অন্য কোনো দুর্ঘটনায় ফিউবার্টার মৃত্যু পিপির জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। আর এর জন্য পিপি তাঁকে বিাঞ্চলীয় একটি চায়নিজ রেস্তোরাঁয় নিমন্ত্রণ করবে। তার আগে কৌশলে ফুলিয়ে-ফাঁপিয়ে পিপি নিজের প্রতি তার আস্থা অর্জন করে নেবে। হলোও তাই। পিপির নিমন্ত্রণ উপেক্ষা করতে পারল না ফিউবার্টা। সে জানে, পিপি জানা হোটেলের পক্ষে কালেক্টর হিসেবে নিয়োজিত। চায়নিজ হোটেলে নিমন্ত্রণ পিপি যে ব্যবসায়িক স্বার্থেই করছে, এটুকু বুঝতে অসুবিধে হয়নি ফিউবার্টার।
চায়নিজ হোটেলে মুখোমুখি হলো দুজন। স্বাভাবিক, সাবলীল ও ধীর ছিল পিপির আচরণ। রেস্তোরাঁর ওয়েটার আসার অপেক্ষায় ছিল তারা। এর মঝে পিপি বলল, গ্রোনিভেল্টের কাছ থেকে আমি জেনেছি সব। ক্রেডিট কার্ডধারীর শনাক্তের দায়িত্ব বরাবর তোমার। আর এ প্রেক্ষিতে সেদিনের সেই চার অপরাধীর দায়ভারও তোমাকেই বহন করতে হবে।
পিপির দাবি বেমালুম অস্বীকার করল ফিউবার্টা। পিপি একটু ঝুঁকে এলো ফিউবার্টার মুখোমুখি। আলতো করে কাঁধ চাপড়ে পিপি কমরেডের মতো বলল, কাম-অন ড্যানি, কেন মিছেমিছি ভান করছ? গ্লোনিভেন্টের কাছে একেবারে চলমান প্রমাণ রয়েছে। তাছাড়া সেই চারজন তাদের অপরাধ স্বীকার করেছে। একটু থেমে স্বাভাবিক হলো পিপি। আগের মতোই ধীর কণ্ঠে বলল, তুমি কিন্তু দারুণ বিপাকে জড়িয়ে পড়েছ। তবে ইচ্ছে করলে আমি তোমাকে মুক্তি দিতে পারি, যদি তুমি টাকাগুলো ফিরিয়ে দাও। হতে পারে আমি তোমাকে তোমার সেই পুরনো জাঙ্কেট ব্যবসায় পুনরায় ফিরিয়ে আনতে পারি।
এই কথাগুলোর সত্যতা প্রমাণ করতে পিপি চারটি ছবি তুলে ধরল ফিউবার্টার সামনে, এরা হচ্ছে তোমার সেই সাঙ্গ-পাঙ্গ, পিপি বলল। এবং এরা এদের সব দোষ উগরে দিয়েছে। আর সব অপরাধ এখন চেপেছে তোমার ঘাড়ে। এ অবস্থায়, তুমি যদি তোমার ভাগের চার লাখ ডলার ফিরিয়ে দাও, এটাই হবে বুদ্ধিমানের কাজ। সবার কাছে তুমি পরিষ্কার হয়ে যাবে।
