পিপি টেবিল ঘিরে একটি শূন্য চেয়ার দখল করে বসল। ডেন্টির খাওয়ার পর্ব শেষ না হওয়া অবধি মিটিং শুরু হওয়ার সম্ভাবনা নেই। অবশেষে ডেন্টির মা রোজ ম্যারির হস্তক্ষেপে সে পর্বের সমাপ্তি ঘটল। ডেন্টি যখন তার মায়ের সাথে হেঁটে চলে যাচ্ছিল ডন এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ডেন্টির দিকে হয়তো খানিকটা উদাসও হয়ে পড়েছিলেন। অবশেষে ফিরে এলেন, তাকালেন পিপির দিকে। তবে ডেন্টির রেশ তখনও ছিল তার মননে– কুলরক্ষক ভবিষ্যতের ডন ডেন্টির উদ্দেশে একটা দীর্ঘশ্বাসই ফেললেন ক্লেরিকুজিও।
পিপির উদ্দেশে বললেন, ওই ফিউবার্টা, রাসকেলটার সম্পর্কে কি ভাবছ তুমি? আমরা তাকে দিয়েছি জীবিকা। আমাদের খরচেই তাকে আমরা পেটুক বানিয়ে তুলছি।
জর্জিও স্বভাবসুলভ শান্ত কণ্ঠে বলল, আত্মসাৎকৃত অর্থগুলো যদি সে ফিরিয়ে দেয় তবেই সে আগের মতো আমাদের হয়ে কাজ করতে পারবে। জর্জিও’র এই ছিল ফিউবার্টার জন্য একমাত্র ক্ষমা পাওয়ার পথ।
এটা কোনো ছোট অংকের টাকা নয়, ডন বললেন, টাকাটা তার কাছ থেকে অবশ্যই আমাদের ফিরিয়ে নিতে হবে। ডন পিপির মতামত জানতে চাইলেন।
ফিউবার্টার উদ্দেশ্যে গালাগাল করে পিপি বলল, আমি চেষ্টা করতে পারি তবে তার মতো মানুষ তাদের দুঃসময়ের জন্যও একটি পেনিও জমা করে রাখে না।
ভিনসেন্ট ফিউবার্টার উদ্দেশে বিড়বিড়িয়ে শ্রাগ করল। বলল, দেখি ছবিগুলো দেখাও তো পিপি এক এক করে ছবিগুলো দেখাতে লাগল। ভিনসেন্ট এবং পেটি গভীর মনোযোগে দেখছিল সেই অস্ত্রধারী চার ডাকাতের ছবি। কিছুক্ষণ পর উজ্জ্বল হয়ে উঠল ভিনসেন্টের মুখ। সে বলল, আমি এবং পেটি তাদের চিনি।
পিপি উল্লসিত হয়ে বলল, দারুণ! তাহলে তোমরা এখনই ওই চারজনের তথ্য খুঁজে বের করো। ডনের উদ্দেশ্যে পিপি প্রশ্ন করল, ফিউবার্টার ব্যাপারে কি করা যায়?
ডন বললেন, তারা আমাদের উদ্দেশ্যে ঘৃণা প্রদর্শন করেছে। তারা কি জানে না আমাদের পরিচয়? যারা নির্বোধ, শক্তিহীন তারা যাবে পুলিশের কাছে। ভিনসেন্ট এবং পেটির উদ্দেশে ডন বললেন, তোমরা পিপিকে সহযোগিতা করো। আমি তাদের কাছ থেকে আমাদের অর্থ ফেরত পেতে চাই। আর ওই বিচ্ছগুলো তাদের উপযুক্ত শাস্তি পাবে।
ডনের নির্দেশ ও মনোভাব উপস্থিত সবাই বুঝল। পিপির চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করল। সবাই বুঝতে পারল ডনের উপযুক্ত শাস্তির অর্থ পাঁচ জনের অবধারিত মৃত্যু।
ডন সভা থেকে উঠে গেলেন। শরীর ধরে রাখতে এ সময়টায় তিনি বাগানে কিছুটা সময় পায়চারি করে কাটান। সে উদ্দেশ্যেই সরে পড়লেন তিনি।
একটা দীর্ঘশ্বাস ছাড়ল জর্জিও, আমাদের সময় অনুপাতে এই বৃদ্ধ অত্যন্ত কঠোর। তার যতগুলো কঠোর দিক আছে তার চেয়ে এই নির্দেশটি আমাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অবশ্যই। তবে এতে ভিনি এবং পিটি যদি না জড়াত, তবেই হয়তো ভালো হতো, পিপি বলল। ভিন্স, তুমি কি বলো?
ভিনসেন্টও দ্বিধান্বিত। জর্জিও’র উদ্দেশ্যে বলল, বুড়োর সাথে তোমাকেই এ বিষয়ে আলাপ করতে হবে। ভিনসেন্ট যুক্তি দিয়ে বুঝাল জর্জিওকে যে, তাদের কাছ থেকে এমনিতে একটি পেনিও আদায় করা যাবে না। তাদের কাছ থেকে অর্থ আদায় করতে আমরা তাদের সাথে চুক্তি করব, তারা যেন এই পরিমণ্ডল থেকে বেরিয়ে যায় এবং উপার্জন করে যেন আমাদের অর্থ ফিরিয়ে দেয়। এছাড়া যদি তাদেরকে আগেই মাটি চাপা দেয়া হয় তবে একটি পেনিও আদায় করা সম্ভব হবে না।
ভিনসেন্ট যথেষ্ট বাস্তববাদী। সে কখনোই রক্তের জন্য পিপাসু নয়। এর চেয়ে অন্য কোনো বাস্তব উপায়ে সমাধান বের করতেই তার উৎসাহ বেশি।
ঠিক আছে, আমি না হয় বাবাকে বুঝাব যে তারা প্রকৃত দোষী নয়। তারা ছিল কেবল সাহায্যকারী। কিন্তু ফিউবার্টার ঘাড়ে যে চেপে যাবে আরো বড় অপরাধ, তার নিয়তি ঠেকাবে কিভাবে?
পিপি এবার মুখ খুলল, জাঙ্কেট মাস্টারকে এ খবরটি এখনই জানিয়ে দিতে হবে।
কাজিন, পিপি, জর্জিও ঈষৎ হেসে ফেলল। বলল, এর জন্য তুমি কেমন বোনাস আশা করছ?
কাজিন বলে সম্বোধন করলে পিপি মনোক্ষুণ্ণ হয়, ঘৃণা করে সে এই পরিবারকে, বিশেষ করে জর্জিও ডাকলে তার মাথায় রক্ত চড়ে যায়। কারণ সে পিপির সাথে কেবল কোনো বিষয়ে সমঝোতায় আসার সময় এ সম্বোধন করে থাকে। ভিনসেন্ট এবং পেটি কাজিন ডাকলে পিপির ততটা খারাপ লাগে না। সে জানে তারা কোনো রকম আকর্ষণ কিংবা উদ্দেশ্য ছাড়াই কাজিন বলে ডাকে।
জর্জিও’র প্রশ্নের জবাবে পিপি বলল, ফিউবার্টার বিষয়টি আমার। ধরো তোমরা আমাকে কালেকশন এজেন্সি দিয়েছ। এই সুবাদে আমি জানাদু থেকে একটা মজুরি পাই। তবে এখন যদি আমাকে প্রাপ্ত অর্থ ফিরিয়ে দিতে বলা হয়, তা হবে অত্যন্ত কঠিন– আর তাই আমারও উচিত হবে সেখান থেকে একটা অংশ নেয়া, যেমনটি ভিন্স এবং পেটি তাদের নির্ধারিত ক্ষেত্র থেকে পেয়ে থাকে।
সেটা ঠিক, জর্জিও বলল। কিন্তু এ বিষয়টি তো তোমার কালেকটিং মাকারের মতো নয়। তাছাড়া তুমি পঞ্চাশ শতাংশ আশা করতে পারো না।
না, না, তা তো নয়ই, পিপি বাধা দিয়ে উঠল। বলল, আমি কেবল একটা উদাহরণ দিলাম। আমাকে একটু আমার ঠোঁটটা তত ভেজাতে দাও!
পিপির কথায় হেসে উঠল সবাই। পেটি জর্জিওকে উদ্দেশ্য করে বলল, মূল্যহীন কথা বলল না। আর তাছাড়া তুমি চাও না যে আমি এবং ভিনসেন্ট বাটালি হই।
