এখনও খুব দুর্বল ডন, বেশি কথা বলতে পারছেন না। কিন্তু তবু তার একান্ত ইচ্ছা যা কিছু ঘটেছে সব তিনি শুনবেন এবং চরম সিদ্ধান্ত তিনি নিজে নৈবেন। ক্যাসিনোর জুয়া খেলা ব্যবসা শেখার জন্যে লাস ভেগাসে পাঠানো হয়েছে ফ্রেডিকে, এ-কথা শুনে মাথা দুলিয়ে কাজটাকে সমর্থন এবং ওদের এই সিদ্ধান্তটাকে অনুমোদন করলেন ডন। তারপর তাকে জানানো হলো, কর্লিয়নিদের সৈনিকরা। ব্রুনো টাটাগ্লিয়াকে মেরে ফেলেছে। এদিক-ওদিক মাথা দুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। সলোযো আর ক্যাপটেন ম্যাকক্লাস্কিকে খুন করেছে মাইকেল, লুকিয়ে থাকার জন্যে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে সিসিলিতে, কথাটা শোনামাত্র আশ্চর্য একটা বিচলিত ভাব দেখা গেল ডনের চেহারায়, কেউ কখনও দেখেনি। খবরটা কানে ঢোকামাত্র ইশারায় সবাইকে তিনি তার কামরা থেকে চলে যেতে বললেন।
নিঃশব্দে বেরিয়ে এল ওরা সবাই। কোণার কামরাটা একটা লাইব্রেরী, এখানে সব আইনের বই রাখা হয়, কথাবার্তা বলার জন্যে এই লাইব্রেরীতে এসে বসল ওরা। ডেস্কের পিছনে প্রকাণ্ড একটা রিভলভিং চেয়ার, লম্বা-চওড়া ব্রিট শরীর নিয়ে সেটায় হেলান দিয়ে বল সনি, হাত দুটো রাখল হাতলে, লম্বা করে দিল পা দুটো।
বলল, হপ্তা দুই বিশ্রাম করতে দেয়া উচিত বাবাকে। তার আগে ডাক্তার বোধহয় তাকে কাজ করার অনুমতি দেবে না।
সনি আরও কিছু বলবে ধরে নিয়ে চুপ করে আছে সবাই।
আমি চাই, কয়েক সেকেণ্ড পর আবার বলল সনি, বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগেই আবার কাজকর্ম শুরু করা হোক। পুলিশ তো ইঙ্গিতে জানিয়েই দিয়েছে আবার ব্যবসা শুরু করতে পারি আমরা। হারলেমের পলিসি ব্যাংকগুলোর কি হবে, এটা প্রথম প্রশ্ন। এতদিন চুটিয়ে মজা লুটেছে কার্লো ছোকরাগুলো, ওদেরকে হটিয়ে দিয়ে এবার আমরা নিজেদের জায়গা দখল করব। সমস্ত ব্যাপার যত পারা যায় অগোছাল করে রেখেছে ব্যাটারা, যে-কোন কাজে হাত দিলেই এই রকম বারোটা বাজিয়ে ছেড়ে দেয়াই স্বভাবওদের। জুয়ায় যারা জেতে, ওদের চররা তাদেরকে টাকা দেয় না। ক্যাডিলাক গাড়িতে চেপে মক্কেলদের কাছে যায়, গিয়ে বলে জিৎ-এর টাকা পেতে হলে অপেক্ষা করতে হবে। নয়তো পাওনা টাকার অর্ধেক দেয়, বাকিটা মেরে খায়। চরেরা খুব পয়সাওয়ালা লোক, মক্কেলরা এটা টের পাক, তা আমি চাই না। চাই না পাওনাদাররা তাদের পাওনা থেকে এক বিন্দু বঞ্চিত হোক। চরেরা ঘন ঘন দামী সট বদল করে ঘুরে বেড়াবে, বা নতুন মডেলের গাড়ি চেপে বেড়াবে, এসব আমি একেবারেই পছন্দ করি না। সবচেয়ে বড় কথা, আমাদের ব্যবসাতে ফ্রি-ল্যান্সারদের রাখতে চাই না আমি। ওদের কোন দায় দায়িত্ববোধ নেই, ওদেরকে দিয়ে কাজ করালে বদনামের ভাগীদার হওয়া ছাড়া আর কোন লাভ নেই। টম, এর একটা বিহিত-ব্যবস্থা এখুনি শুরু করে দাও তুমি। পুলিশের তরফ থেকে কড়াকড়ি শিথিল করা হয়েছে, এ-খবর তোমার কাছ থেকে পেলেই এবার আমরা কি করতে যাচ্ছি তা ওরা সাথে সাথে টের পেয়ে যাবে, লেজ তুলে কেটে পড়বে সবাই, রাতারাতি আবার সব ফিরে পাব আমরা।
কিন্তু হারলেমে কিছু দুর্দান্ত টাইপের ছোকরা আছে, বলল টম হেগেন, টাকার স্বাদ পেয়ে সাঙ্ঘাতিক লোভী হয়ে উঠেছে তারা। এখন কি আর তারা চর অথবা সাব-ব্যাংকারের কম ঘসার কাজ করতেখাজী হবে?
মস্ত কাঁধ ঝাঁকাল সনি। বলল, রাজী না হলে ওদের নামগুলো জানিয়ে দিয়ে ক্লেমেঞ্জাকে। এসব সমস্যার সমাধান করা তো ওর দায়িত্ব।
হেগেনের দিকে ফিরল ক্লেমেঞ্জা। আশ্বাস দিয়ে বলল, চিন্তার কিছু নেই, ব্যাপারটা আমি মিটিয়ে ফেলব
সবচেয়ে গুরুত্বপূর্ণ, জরুরী সমস্যার কথাটা তুলল টেসিও। কিন্তু আমরা কাজ শুরু করলেই একসাথে হামলা আরম্ভ করবে পচ পরিবার। হারলেমে আমাদের ব্যাংকারদের উপর, ইস্ট সাইডে আমাদের বুক মেকারদের ওপর ঝাঁপিয়ে পড়বে ওরা। আমাদের ব্যবস্থাপনায় রেডিমেড কাপড়ের ব্যবসাগুলো চলছে, সেখানেও হানা দিতে ছাড়বে না শয়তানের বাচ্চারা। ওদেরকে ঠেকিয়ে রাখার ব্যবস্থা করে তবে ব্যবসায় হাত দিতে হবে আমাদেরকে কিন্তু তাতে প্রচুর টাকা বেরিয়ে যাবে।
এতটা বাড়াবাড়ি করার সাহস বোধহয় হবে না ওদের, বলল সনি। ওরা জানে, গায়ে আঁচড় লাগলে আমরাও ছেড়ে দেব না, উল্টো মার দেব। শান্তি-প্রস্তাব দিয়ে সবার কাছেই তো দূত পাঠিয়েছি আমি। আশা করছি, ব্রুনো টাটাগ্লিয়ার জন্যে কিছু ক্ষতিপূরণ দিলে মিটমাট করে ফেলবে ওরা।
না, বলল হেগেন। আমার কাছে খবর এসেছে, তোমার প্রস্তাবকে ওরা আমলই দিচ্ছে না। গত কমাসে যে বিরাট অঙ্কের টাকা লোকসান দিতে হয়েছে ওদের, তার জন্যে আমাদেরকে দায়ী করছে ওরা। আসল কথা, ওদের ড্রাগ ব্যবসায় আমাদের সহযোগিতা চাইছে। আমাদের রাজনৈতিক প্রভাব আছে, সেটা ওদের অনুকূলে খাটালেই নির্বিঘ্নে ব্যবসাটায় হাত দিতে পারে। তার মানে, ওরা চাইছে, সলোযো নেই ভালই হয়েছে, কিন্তু সলোযোর প্রস্তাবটা আমরা যেন মেনে নিই। কিন্তু আরও খানিক যুদ্ধ করে আগে আমাদেরকে আরও কিছুটা দুর্বল করে নিতে চাইছে, তারপর প্রস্তাবটা নতুন করে তুলবে। ওদের বিশ্বাস, লোকসান দিয়ে আর নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা যখন নরম হব, তখন নিশ্চয়ই মেনে নেব প্রস্তাবটা।
