ওর খামখেয়ালিপনার কারণেই আজ এই অবস্থা।
ফিওনা ফুঁপিয়ে চলেছে। যদিও এই খুনোখুনি আর আগুন লাগার বিষয় দুটো গ্রের তদন্ত শুরু করার আগেই পরিকল্পনা করে রাখা হয়েছিল তারপরও কথা থেকে যায়। আগুন লাগার পর ঘটনাস্থলে ফিওনাকে একা ফেলে চলে গিয়েছিল গ্রে। ওর মনে পড়ল, মেয়েটি প্রথমে… রাগ করে ডাকলেও পরে অনুনয় করেছিল।
কিন্তু গ্রে পাত্তা দেয়নি।
আমার আর এখন কেউ নেই, গ্রের স্যুটে মাথা রেখে আস্তে আস্তে কাঁদছে ফিওনা।
আমি আছি তো।
ভেজা চোখে মুখ তুলল ও। কিন্তু তুমিও তো চলে যাচ্ছো।
হুঁ, তুমিও আমার সাথে যাচ্ছ।
কিন্তু তুমি তো বলেছিলে…
যা বলেছিলাম ভুলে যাও। গ্রে জানে এই মেয়ে আর এখানে নিরাপদ নয়। একেও পরপারে পাঠিয়ে দেয়া হবে। বাইবেল পাক বা না পাক মেয়েটিকে চিরতরে চুপ করিয়ে ওরা দেবেই। এই মেয়ে অনেক বেশি জানে। যেমন… তুমি বলেছিলে বাইবেলের বিলে থাকা ঠিকানাটা জানোবা।
সন্দেহ নিয়ে গ্রের দিকে তাকাল ও। ফোঁপানো বন্ধ হয়ে গেছে। বিবেচনা করে দেখছে ওর প্রতি গ্রের সহানুভূতি কী এই তথ্যের জন্য জেগেছে নাকি অন্য কিছু। গ্রে ও ফিওনার মনের ভেতরে চলা চিন্তা অনুভব করতে পারল, পথশিশুদের চিন্তাধারা এরকমই হয়।
তবে গ্রে পরিস্থিতিকে খুব ভালভাবে পরিচালনা করতে জানে। প্রাইভেট জেটে করে আমার এক বন্ধু আজ মাঝরাতে এখানে আসছে। আমরা ওর সাথে যোগ দিয়ে যে-কোনো জায়গায় চলে যেতে পারি। আমরা জেট প্লেনে ওঠার পর তুমি ঠিকানা বোলো ডিল ফাইনাল করার জন্য এক হাত বাড়িয়ে দিলে গ্রে।
এক চোখ বাঁকা করে ফিওনা কিছুক্ষণ সন্দেহ করল। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে, ডিল।
গ্রে গতকাল যে ভুলগুলো করেছে সেগুলোর একটা প্রায়চিত্ত হলো মাত্র। সামনে আরও করতে হবে। জেট প্লেনে তুলে দিতে পারলেই এই মেয়ের বিপদ থেকে রক্ষা করা সম্ভব। এখান থেকে চলে গেলে ও নিরাপত্তার মধ্যে থাকবে। অন্যদিকে এখানে কোনো পিছুটান ছাড়া আরও তদন্ত চালিয়ে যেতে পারবে গ্রে আর মনক।
গ্রের নোটবুক গ্রে-কে ফেরত দিল ফিওনা। তোমাকে জানিয়ে রাখছি… আমাদেরকে সেন্ট্রাল জার্মানির প্যাডেরবর্ন-এ যেতে হবে। জায়গামতে গিয়ে আমি তোমাকে বিস্তারিত ঠিকানা দেব।
গ্রে বুঝতে পারল মেয়েটি ওকে একটু হলেও বিশ্বাস করেছে। ঠিক আছে। চলবে।
মাথা নাড়ল ফিওনা।
ডিল মজবুত হয়ে গেছে।
এখন এই মাথা ধরে যাওয়া মিউজিকটাকে বন্ধ করা যায় কি-না দেখ, কাতর কণ্ঠে জানাল ও।
ফিওনার কথা শুনতে পেয়েই যেন বিভিন্ন মেশিনের গুঞ্জন আর সেই মিউজিক দুম করে থেমে গেল। হঠাৎ করে নীরবতা নেমে এলো চারিদিকে। সরু দরজার এদিকে কে যেন আসছে।
গ্রে উঠে দাঁড়াল। আমার পেছনে থাকো, ফিসফিস করে বলল ও।
বাইবেল তুলে নিয়ে নিজের পার্সে ভরল ফিওনা।
একটু আগে একটি রিবার পেয়েছিল গ্রে, ওটাকেই হাতে তুলে নিল।
দরজা খুলে যেতে উজ্জ্বল আলো এসে পড়ল ওদের চোখে।
লোকটি চমকে গেছে। ডেনিশ ভাষায় বলল, তোমরা দুইজন এখানে কী করছ?
সোজা হয়ে হাতের দণ্ডকে নিচু করল গ্রে। আর একটু হলেই মেইনটেন্যান্স ইউনিফর্ম পরা এই লোকটিকে আঘাত করে ফেলতো।
রাইড শেষ, ভেতরে ঢুকল সে। সিকিউরিটিকে ডাকার আগে এখান থেকে বেরিয়ে যাও!
নির্দেশ পালন করল গ্রে। ওকে পাশ দিয়ে যেতে দেখে–কুটি করল লোকটি। গ্রে জানে ব্যাপারটা একটু অন্যরকম দেখাচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক লোকের সাথে একটি টিনেজ মেয়ে পার্কের এরকম একটা ছোট রুমে…
মা, তুমি ঠিক আছে তো? লোকটি প্রশ্ন করল। ফিওনার ফোলা ফোলা চোখ আর ছিঁড়ে যাওয়া স্কার্ট নিশ্চয়ই লোকটির চোখে পড়েছে।
আমরা একদম ঠিক আছি। গ্রের এক হাত জড়িয়ে ধরে একটু পা ফাঁক করল ফিওনা। এই রাইডের জন্য ইনি আমাকে বাড়তি পয়সা দিয়েছেন।
মুখ বিকৃত করল লোকটি। পেছনের দরজা ওদিকে। বাইর লেখা একটি নিয়ন সাইন দেখাল সে। এখানে যেন আর কখনও না দেখি। এখানে ঢোকা বিপজ্জনক।
বাইরের অবস্থা তো আরও বিপজ্জনক। ফিওনাকে নিয়ে দরজার দিকে এগোল গ্রে। ঘড়ি দেখল। পার্ক বন্ধ হতে আরও ১ ঘন্টা লাগবে। একবার বাইরে বেরোনোর চেষ্টা করা যেতে পারে।
রাইড ভবনের এক কোণা আসার পর ওরা দেখল পার্কের এই অংশ প্রায় জনমানব শূন্য হয়ে গেছে। রাইড চলা শেষ। সব বন্ধ।
পার্কের লেকের ওদিক থেকে আসা মিউজিকের আওয়াজ শুনতে পেল গ্রে।
ইলেকট্রিক্যাল কুচকাওয়াজের জন্য জড়ো হচ্ছে সবাই। ফিওনা বলল। আতসবাজি ফুটিয়ে পার্ক বন্ধ করা হবে।
গ্রে প্রার্থনা করল আজকের আতসবাজি যেন ভালই ভালই শেষ হয়ে যায়। কোনো রক্তারক্তি যেন না ঘটে। পার্কের ভূমিতে নজর দিল গ্রে। হারিকেন রাতের আলোকে দূর করার চেষ্টা করছে। ফুল বাগানে টিউলিপ ফুলের বহর। ওদের যে রাস্তা ধরে এগোতে হবে ওতে কোনো লোকজন নেই। একদম উদোম, ফাঁকা।
দুজন সিকিউরিটি গার্ডকে একটু তাড়াহুড়ো করে এদিকে আসতে দেখল গ্রে। ওই লোক গিয়ে সিকিউরিটিদের সতর্ক করে দিয়েছে নাকি?
আবার হারিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। গ্রে বলল। ফিওনাকে নিয়ে গার্ডদের ঠিক বিপরীত দিকে রওনা হয়ে গেল ও। লোকজন যেখানে কুচকাওয়াজের জন্য জড়ো হচ্ছে ওরা সেদিকেই যাচ্ছে। গাছের ছায়ার ভেতর দিয়ে দ্রুত এগোল ওরা। কুচকাওয়াজ দেখতে দর্শনার্থী বলতে শুধু ওরা দুজন।
