এইসব জিনিসের ক্রেতা হলো সেই নির্বাক যুগের দুই জন তারকা।
তাদের পরিচয় এখনও অজানা। আশেপাশে বসা অংশগ্রহণকারীদের ফিসফিসানি শুনল গ্রে। না, কেউ-ই তাদের পরিচয় জানে না। প্যাডেল নাম্বার দিয়েই তাদের পরিচয়।
নাম্বার ০০২।
ফিওনার দিকে ঝুঁকল গ্রে। তুমি ওই দুইজনকে চেনো? তোমাদের দোকানে কখনো গিয়েছিল?
নিজের সিটে সোজা হয়ে বসে পুরো মিনিট ধরে পর্যবেক্ষণ করল ফিওনা, তারপর আবার হেলান দিল। না।
এখানকার অন্য কাউকে চেনো?
শ্রাগ করল ও।
তুমি শিওর তো?
হ্যাঁ, কটমট করে বলল ও। শিওর, শিওর, ধেৎ!
ওদের আওয়াজ শুনে সামনে থেকে কয়েকজন পেছনের দিকে ফিরে তাকাল।
অবশেষে সর্বশেষ জিনিসটি নিলামে উঠল। তালাবন্ধ কেস থেকে ডারউইন বাইবেলটিকে রীতিমতো ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে বিশেষ হ্যালোজেন স্পটের নিচে রাখা হলো।
ঢাউস সাইজের গ্রন্থটি দেখতে মোটেও ভাল নয়। কভার হিসেবে থাকা কালো চামড়ার অংশটুকু কীরকম ছিঁড়ে, মলিন হয়ে গেছে। এতে কোনো কিছু লেখাও নেই। এটা যেকোন পুরাতন জার্নালও হতে পারে।
ফিওনা সোজা হয়ে বসল। এই জিনিসের জন্যই তো ও এতক্ষণ বসে আছে। গ্রের কব্জি ধরল ও। তুমি কী ওটার জন্য সত্যিই নিলামে অংশগ্রহণ করবে? প্রশ্ন করল, ওর চোখে আশা।
ভ্রু কুঁচকে তাকাল গ্রে… আইডিয়া তো অত খারাপ নয়। যদি অন্য কেউ এটাকে হাতিয়ে নিতে চায় তাহলে হয়তো কিছু সূত্র পাওয়া যাবে। অন্যদিকে, এই বাইবেলে চোখ বুলানোর জন্য গ্ৰে খুব মুখিয়ে আছে। এছাড়া, সিগমা ফোর্স এই ভবনের ডিপোজিটে ২.৫ মিলিয়ন ডলার দিয়ে রেখেছে, যার মানে গ্রে সর্বোচ্চ ২.৫ মিলিয়ন পর্যন্ত দর হাঁকতে পারবে। ২.৫ মিলিয়ন; বাইবেলের সর্বোচ্চ মূল্যের চেয়েও দ্বিগুণ। যদি ও জেতে তাহলে জিনিসটিকে হাতে নিয়ে পরীক্ষা করে দেখতে পারবে।
লোগান গ্রেগরির হুঁশিয়ারি আদেশ ওর এখনও মনে আছে। কিন্তু ফিওনাকে অনুসরণ করে এখানে ঢুকে সেই আদেশ অনেক আগেই ভঙ্গ করেছে ও। গ্রে এরচেয়ে আর বেশি বাড়াবাড়ি করার দুঃসাহস দেখাতে চায় না।
ও বুঝতে পারল ফিওনা ওর দিকে তাকিয়ে রয়েছে।
দর হাঁকতে শুরু করলেই ওদের জীবন হুমকির মধ্যে পড়ে যাবে। নিজেদের কপালে নিজেরাই ওয়ান্টেড সিল মারা হবে। আর যদি হেরে যায়? তাহলে এই ঝুঁকি নেয়া সম্পূর্ণ বৃথা। গ্রে আজ যথেষ্ট বোকামি করেছে, আরও করবে নাকি?
সুধীবৃন্দ, আজকের এই সর্বশেষ আইটেমের জন্য কত দাম দিয়ে নিলাম শুরু করা যায় বলুন তো? চমৎকারভাবে বললেন ইরগেনচেইন। এক লাখ ডলার দিয়েই শুরু করি? হ্যাঁ, শুরু হয়ে গেছে… নতুন একজন দর হেঁকেছেন। নাম্বার ১৪৪।
প্যাডেল নামাল গ্রে, সবাই ওর দিকে তাকিয়ে আছে, কী যেন বলাবলি করছে ওরা।
ওর পাশে বসে চওড়া হাসি দিল ফিওনা।
দ্বিগুণ দর, বললেন ইরগেনচেইন। দুই লাখ ডলার, নাম্বার ০০২!
এবার তারকা যুগল দর হেঁকেছে।
গ্ৰে অনুভব করল ওই দুইজনসহ পুরো রুমসুদ্ধ লোক এবার ওর দিকে তাকিয়ে আছে। এখন আর পিছিয়ে আসা চলবে না, দেরি হয়েছে গেছে। গ্রে প্যাডেল উঁচু করল।
পরবর্তী আরও ১০ মিনিট ধরে টানটান উত্তেজনাপূর্ণভাবে দর হাঁকা-হাকি চলল। নিলাম রুম থেকে কেউ চলে যায়নি। সবাই বসে আছে। ডারউইন বাইবেল কে নেয় সেটা দেখার জন্য অপেক্ষা করছে সবাই। গ্রের জন্য কিছু অপ্রত্যাশিত সাহায্য চলে এলো। দর হাঁকতে যাওয়া আরও বেশ কয়েকজনকে হারিয়ে বীরদর্পে নিলামে টিকে রইল ০০২ ধারী দুজন। অর্থের পরিমাণ ইতোমধ্যে ২০ লাখ অর্থাৎ ২ মিলিন ডলার ছাড়িয়ে গেছে। বাইবেলের সর্বোচ্চ মূল্যকে ছাপিয়ে দর বেড়ে যাওয়া গুঞ্জন শুরু হয়ে গেল রুমের মধ্যে।
মাঝখানে হঠাৎ করে একজন দর হেঁকে বাজিমাৎ করার চেষ্টা করলেও নাম্বার ০০২ তাকেও উড়িয়ে দেয়। মজার ব্যাপার হলো, সেই ব্যক্তি আর দর হাঁকার সাহস করেনি।
তবে গ্রে হাঁকল। ২.৩ মিলিয়ন। ওর হাতের তালু ঘেমে যাচ্ছে।
২.৪ মিলিয়ন হাঁকলেন… নাম্বার ০০২! সুধীবৃন্দ সবাই যার যার আসনে বসে থাকুন।
আবার প্যাডেল তুলল গ্রে।
২.৫ মিলিয়ন।
গ্রে জানে ওর দম শেষ। এবার ০০২ আবার প্যাডেল তুলবে আর ও সেটা চেয়ে চেয়ে দেখবে। ০০২ একদম অপ্রতিরোধ্য।
তিন মিলিয়ন, যুগল থেকে পুরুষটি ঘোষণা করল, উঠে দাঁড়িয়ে গ্রের দিকে তাকাল সে। যেন চ্যালেঞ্জ করছে।
নিজেও সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে গ্রে। চাইলেও আর দর হাঁকতে পারবে না। প্যাডেল নিচু রেখে মাথা নাড়ল ও। হার স্বীকার করে নিল।
বাউ করল অপরজন, প্রতিপক্ষের প্রতি সৌজন্যতা আরকী। একটি কাল্পনিক হ্যাঁটে হাত ছোঁয়াল সে। গ্রে খেয়াল করল তার ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখানে জালের মতো জড়িয়ে থাকা নীল রঙের একটি দাগ আছে। ট্যাটু। এখন পুরুষের সাথে সাথা সঙ্গিণীটির সম্পর্কেও গ্রে ধারণা পেল। হয়তো এরা দুই ভাই-বোন, এমনকী যমজও হতে পারে, এই একই চিহ্ন মেয়েটির বাম হাতে আছে।
গ্রে ট্যাটুটি মনের মধ্যে গেঁথে নিল। হয়তো তাদের পরিচয়ের ব্যাপারে এটা একটা সূত্র হিসেবে কাজে আসবে।
নিলামদারের কথায় ওর মনোযোগ বিচ্ছিন্ন হলো।
দেখা যাচ্ছে নাম্বার ১৪৪-এর দৌড় শেষ! বললেন ইরগেনচেইন। আর কেউ দর হাঁকবেন? এক, দুই, তিন। হাতুড়ি তুলে নিয়ে কয়েক মুহূর্ত ধরে রাখার পর বাড়ি মারলেন তিনি। নিলাম শেষ!
