শেষতঃ, কোন বিশেষ সময়ে নয়, বরং সব সময় লক্ষ্য করলে, যদি আমার তত্ত্বটি সত্য হয়, তাহলে একই গোষ্ঠীর সমস্ত প্রজাতিদের একত্রে ঘনিষ্ঠভাবে যুক্ত করে অসংখ্য মধ্যবর্তী ভ্যারাইটি নিঃসন্দেহে অবস্থান করে থাকবে; কিন্তু প্রাকৃতিক নির্বাচনের যথাযথ প্রক্রিয়াটি পিতামাতা আকার সংযোজকদের অনবরত ধ্বংস করার চেষ্টা করে, যেটি প্রায়শই বলা হয়েছে। ফলে, এসব পূর্ব অবস্থানের সাক্ষ্যটি কেবলমাত্র জীবাশ্মদের মধ্যে একটি অতি অসম্পূর্ণ অবস্থায় দেখা যেতে পারে, যা আমরা পরবর্তী একটি অধ্যায়ে দেখাতে চেষ্টা করব।
বিশেষ স্বভাব ও অবয়ব সম্বলিত জীবদের উৎপত্তি ও উত্তরণ
আমার এইসব মতবাদের বিরোধীরা প্রশ্ন করেন, কেমন করে একটি স্থলচর মাংসাশী প্রাণী জলচর স্বভাবের একটি প্রাণীতে রূপান্তরিত হতে পারে? কেমন করে সংক্রমণগত বা উত্তরণগত অবস্থায় প্রাণীটি বেঁচে থাকবে? এটি দেখানো সহজ হবে যে স্থল থেকে জলে বাস করার স্বভাব সমেত মধ্যবর্তী স্তর সম্বলিত মাংসাশী প্রাণীরা এখনও রয়েছে; এবং যেহেতু প্রত্যেকে জীবনসংগ্রামের দ্বারা বাঁচে, তাই এটি স্পষ্ট যে প্রত্যেকে প্রাকৃতিক অবস্থায় তার জায়গায় নিশ্চয় ভালভাবে অভ্যস্ত হবে। উত্তর আমেরিকার মুসটেলা বাইসনদের দিকে লক্ষ্য করুন, যাদের লিপ্তপদ রয়েছে এবং যাদের লোম, ছোট পা এবং লেজের আকার একটি ভোঁদড়ের মতো হয়। গ্রীষ্মকালে এই প্রাণীটি জলে ডুব দেয় এবং মাছ শিকার করে, কিন্তু দীর্ঘ শীতকালে প্রাণীটি জমাটবাঁধা জল ত্যাগ করে এবং মেরু অঞ্চলের বিড়ালদের মতো ইঁদুর ও স্থলচর প্রাণীদের শিকার করে। যদি অন্য আর একটি ভিন্ন ঘটনা ধরা হয় এবং কেমন করে একটি পতঙ্গভুক চতুষ্পদ প্রাণী একটি উড়ন্ত বাদুড়ে রূপান্তরিত হয়ে থাকতে পরে–এই প্রশ্নটি উত্থাপিত হলে প্রশ্নটির উত্তর দেওয়া আরও কষ্টকর হয়ে ওঠে। তবুও আমি মনে করি, এইসব প্রতিবন্ধকের গুরুত্ব খুবই অল্প।
অন্য অনেক ঘটনার মতো এখানেও আমি অতিশয় অসুবিধাজনক অবস্থায় রয়েছি, কারণ আমার সংগৃহীত অনেক চিত্তাকর্ষক ঘটনার মধ্যে, নিকট সম্বন্ধীয় প্রজাতির সংক্রমণগত স্বভাব ও দেহগঠনসমূহের এবং একই প্রজাতির হয় অপরিবর্তনীয় নয়তো অনিয়মিত বিচিত্র স্বভাবের কেবল যে কোন একটি বিশেষ ঘটনার ব্যাখ্যা করার অসুবিধা দূর করতে এইসব ঘটনার একটি দীর্ঘ তালিকা যথেষ্ট নয়।
কাঠবিড়ালি গোত্রের দিকে লক্ষ্য করুন। অল্প চ্যাপ্টা লেজ সমেত প্রাণীদের চমৎকার দৃষ্টান্ত এরা। স্যার জে. রিচার্ডসনের মতানুসারে, শরীরের পশ্চাদভাগ প্রশস্ত এবং পঞ্জর ও জঙঘার মধ্যবর্তী পার্শ্বদেশের পরিপূর্ণ চর্ম সমেত অন্য প্রাণীগুলি থেকে সুপরিচিত উড়ন্ত কাঠবিড়ালি পর্যন্ত সুন্দরতম ক্রমবিন্যাস আমরা লক্ষ্য করেছি, উড়ন্ত কাঠবিড়ালির বাহু এবং এমনকি লেজের নিম্নভাগ একটি প্রশস্ত চামড়া দ্বারা যুক্ত থাকে, যা প্যারাসুটের মতো কাজ করে এবং বিস্ময়কর দূরত্বের গাছ থেকে গাছে বাতাসের মধ্য দিয়ে উড়ে যেতে এদের সাহায্য করে। আমরা সন্দেহ করতে পারি না যে পৃথক-পৃথক দেশের প্রত্যেক প্রকার কাঠবিড়ালির প্রত্যেক দেহগঠনের ব্যবহার আছে, যেমন পাখি ও শিকারিদের নাগাল থেকে পালিয়ে যাওয়া, দ্রুততার সঙ্গে খাদ্য সংগ্রহ করা অথবা আকস্মিক পতনের বিপদ থেকে রক্ষা পাওয়া। কিন্তু এই ঘটনা থেকে এটি বোঝা যায় না যে প্রত্যেক কাঠবিড়ালির দেহগঠনকে সমস্ত সম্ভবপর অবস্থায় সর্বোত্তম বলে কল্পনা করা সম্ভব। আবহাওয়া ও বনানী পরিবর্তিত হতে দেওয়া হোক, অন্য প্রতিযোগী রোডেন্ট অথবা শিকারি পশুপাখিদের বসবাসের জন্য আনা হোক, অথবা বয়স্করা রূপান্তরিত হোক, সেক্ষেত্রে সমস্ত উপমা আমাদের বিশ্বাস করতে প্ররোচিত করবে যে কাঠবিড়ালিরা অন্ততঃ কিছু সংখ্যায় হ্রাস পাবে অথবা ধ্বংসপ্রাপ্ত হবে, যদি না এরাও সদৃশ উপায়ে দেহগঠনে রূপান্তরিত অথবা উন্নত হয়। সুতরাং আরও বিশেষভাবে, জীবনের পরিবর্তিত অবস্থাসমূহে এবং স্ফীততর পাঁজরা ও নিতম্বের মধ্যবর্তী ঝিল্লি সমেত এককদের অনবরত সংরক্ষণে আমি কোন অসুবিধা দেখি না, যতক্ষণ না প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার সঞ্চিত প্রভাবসমূহের দ্বারা একটি নিখুঁত সুপরিচিত উড়ন্ত কাঠবিড়ালির সৃষ্টি হয়, ততক্ষণ প্রত্যেক রূপান্তরই উপকারী, প্রত্যেকেই বংশবিস্তার করে।
এরপর গ্যালিওপিথেকাস বা তথাকথিত উড়ন্ত লেমুরের দিকে লক্ষ্য করুন, যাদের পূর্বে বাদুড়ের শ্রেণীভুক্ত করা হয়েছিল, কিন্তু এখন মনে করা হয় এরা পতঙ্গভুকদের অন্তর্ভুক্ত। একটি অতিশয় বিস্তৃত ফ্ল্যাঙ্ক ঝিল্লি চোয়ালের কোণ থেকে লেজ পর্যন্ত প্রসারিত এবং লম্বাটে আঙ্গুলগুলি সমেত বাহুদের অঙ্গীভূত করে। এই ফ্ল্যাঙ্ক ঝিল্লি প্রতিনমক পেশী দ্বারা সজ্জিত। যদিও গ্যালিওপিথেকাসদের সঙ্গে অন্যান্য পতঙ্গভুকদের সংযুক্ত করার জন্য বাতাসে ওড়ার উপযুক্ত দেহগঠনের কোন ক্রমিক সংযোজক বর্তমানে নেই, তথাপি ধরে নিতে অসুবিধা নেই যে এই সংযোজকগুলি পূর্বে ছিল এবং প্রত্যেকে কম অসম্পূর্ণ উড়ন্ত কাঠবিড়ালিদের মতো একই উপায়ে বিকশিত হয়েছিল, দেহগঠনের প্রত্যেক ধাপ তার অধিকারীর পক্ষে উপকারী। অথবা আরও বিশ্বাস করা যায় যে গ্যালিওপিথেকাসের হাত ও আঙ্গুলসমূহকে সংযুক্তকারী ঝিল্লিটি প্রাকৃতিক নির্বাচন দ্বারা বিরাটভাবে দীর্ঘায়িত হয়ে থাকবে এবং ওড়ার অঙ্গ হিসাবে বিবেচনা করলে এটি প্রাণীটিকে একটি বাদুড়ে রূপান্তরিত করে থাকবে। যে-সব বাদুড়ের ডানার ঝিল্লি স্কন্ধের শীর্ষ থেকে লেজ পর্যন্ত বিস্তৃত হয় এবং পিছনের পাগুলিকে অঙ্গীভূত করে, তাদের ক্ষেত্রে আমরা বোধহয় একটি দেহাংশের চিহ্নগুলি দেখি যা ওড়ার চেয়ে বাতাসে ভেসে বেড়ানোর জন্য আদিম অবস্থায় সজ্জিত ছিল।
