প্রান্তপুস্পিকারা পতঙ্গদের আকর্ষণ করে, ফলে এইসব উদ্ভিদের নিষেকের জন্য এটি অতিশয় লাভজনক ও প্রয়োজনীয় হয়, এর ওপর ভিত্তি করে দলমণ্ডলের ক্রমবিকাশ সম্পর্কে স্পেনজেলের ধারণাটি অতিশয় সম্ভবপর; এবং যদি এরূপ হয়, তাহলে প্রাকৃতিক নির্বাচন নিশ্চয় ভূমিকা পালন করে থাকতে পারে। বীজদের ক্ষেত্রে এটি অসম্ভবপর বলে মনে হয় যে আকারের ক্ষেত্রে এদের ভিন্নতাসমূহ কোনভাবে উপকারী হতে পারে, কারণ সেটি দলমণ্ডলের কোন ভিন্নতার সঙ্গে সর্বদা সহসম্পর্কযুক্ত হয় নাঃ তবুও আমবেলিফেরি উদ্ভিদগুলিতে এইসব ভিন্নতার আপাত প্রয়োজনীয়তা রয়েছে বাইরের ফুলের বীজগুলি কোন কোন সময় অর্থোপারমাস হয় এবং মধ্য ফুলের বীজরা কোয়েলোসপারমাস হয়–সেইজন্য অগ্রজ ডি ক্যান্ডেলে এইসব বৈশিষ্ট্য অনুসারে বর্গটির প্রধান প্রধান বিভাগগুলি সৃষ্টি করেছিলেন। অতএব সিস্টেম্যাটিস্টদের দ্বারা উচ্চমূল্য প্রাপ্ত দেহগঠনের রূপান্তরসমূহ পরিবৃত্তি ও সহসম্পর্কের নিয়মের দ্বারা হতে পারে, যেগুলি ছাড়া, যতদূর আমরা বিবেচনা করতে পারি, প্রজাতিদের পক্ষে অল্পতমও উপকার হয় না।
আমরা প্রায়শই ভুলবশতঃ দেহগঠনে সহসম্পর্কিত পরিবৃত্তির বিষয়টি আরোপ করতে পারি, যেটি আবার সমগ্র জাতিগোষ্ঠীতে অতি সাধারণ ব্যাপার এবং এটি প্রকৃতপক্ষে বংশানুসৃতির জন্য হয়; কারণ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এক আদিম পূর্বপুরুষ দেহগঠনের কোন একটি রূপান্তর অর্জন করে থাকতে পারে এবং কয়েক হাজার বংশের পর অন্য কতিপয় ও ভিন্ন রূপান্তর অর্জন করে থাকতে পারে; এবং বিচিত্র স্বভাব সমেত বংশধরদের একটি ভিন্ন গোষ্ঠীতে বংশগতভাবে প্রেরিত হয়ে এই দুটি রূপান্তর কোন প্রয়োজনের জন্য স্বাভাবিকভাবে সহসম্পর্কযুক্ত হয়ে থাকতে পারে। অন্য কোন সহসম্পর্ক আপাততঃ এমনভাবে হয়েছে যেখানে প্রাকৃতিক নির্বাচন কেবল কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, আলফোনসে ডি ক্যান্ডেলে দেখিয়েছেন যে অবিদারী ফলে সপক্ষ বীজ কখনই দেখা যায় না; ক্যাপসুল বিদারিত না হলে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বীজগুলি ক্রমশ সপক্ষল হওয়ার অসম্ভাব্যতার দ্বারা এই নিয়মটিকে আমার ব্যাখ্যা করা উচিত। কারণ একমাত্র ক্যাপসুল বিদীর্ণ হলেই বাতাস দ্বারা তাড়িত হওয়ার জন্য একটু বেশি উপযোগী বীজগুলি ব্যাপকভাবে বিস্তারের জন্য কম উপযোগী অন্যদের ওপর তুলনামূলক সুবিধা লাভ করতে পারত।
ক্রমবৃদ্ধির ক্ষতিপূরণ ও সঞ্চয়ন
অগ্রজ জিওফ্রয় ও গেটে একই সময়ে বৃদ্ধির সুষমতা ও ক্ষতিপূরণের নিয়মটি উপস্থাপন করেছিলেন; অথবা গেটে যেমন বলেছেন, সেটি হচ্ছে “একদিকে অপব্যয়ের জন্য প্রকৃতি অন্যদিকে সঞ্চয় করে দিতে বাধ্য হয়।” আমি মনে করি আমাদের গৃহপালিত উৎপাদনগুলির ক্ষেত্রে এটি কিছু পরিমাণে খাটে : পুষ্টিকর খাদ্য একটি অংশে বা অঙ্গে অতিরিক্তভাবে প্রভাবিত হলে সেটি কদাচিৎ অন্ততঃ অতিরিক্তভাবে অন্য অংশে প্রবাহিত হয়; এজন্যই বেশি দুধ দেয় ও সহজেই মোটা হয় এমন একটি গরু সংগ্রহ করা কষ্টসাধ্য। বাঁধাকপির একই ভ্যারাইটিরা প্রচুর ও পুষ্টিকর পাতা এবং প্রচুর তেলযুক্ত বীজ উৎপাদন করে না। আমাদের ফলগুলির বীজ কৃশ হলে ফলগুলি আকারে এবং গুণে বড় ও উৎকৃষ্ট হয়। আমাদের হাঁস-মুরগীর খামারে, মাথায় একটি বিরাট পালকগুচ্ছ সাধারণত হ্রাসপ্রাপ্ত ঝুঁটির সঙ্গে সংসর্গী হয় এবং হ্রাসপ্রাপ্ত ঝুঁটির সঙ্গে একটি বিরাট দাড়ি সংসর্গী হয়। প্রাকৃতিক অবস্থায় প্রজাতিদের ক্ষেত্রে নিয়মটি সার্বজনীনভাবে প্রযোজ্য হতে পারে না, কিন্তু অসংখ্য দক্ষ পর্যবেক্ষণকারী, বিশেষতঃ উদ্ভিদবিজ্ঞানীরা এর সত্যতায় বিশ্বাস করেন। তবে এখানে আমি কোন উদাহরণ দেব না, কারণ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিরাটভাবে ক্রমবিকশিত একটি অংশের এবং একই প্রক্রিয়ার মাধ্যমে অব্যবহারের দ্বারা অন্য ও সংলগ্ন অঙ্গের হ্রাসপ্রাপ্তির, অন্যদিকে অন্য ও সংলগ্ন অঙ্গের অতিরিক্ত বৃদ্ধির জন্য একটি অংশের পুষ্টিকর খাদ্যের প্রকৃত প্রত্যাহারের ফলাফলগুলির মধ্যে তফাতের কোন পথ আমি কদাচিৎ লক্ষ্য করি।
ক্ষতিপূরণের ব্যাপারে উপস্থাপিত কয়েকটি ঘটনা এবং এভাবে অন্য কতিপয় তথ্যকে আরও একটি সাধারণ সূত্রের সঙ্গে একত্রীভূত করা যেতে পারে। সূত্রটি হচ্ছে–প্রাকৃতিক নির্বাচন জীবের প্রত্যেক অংশকে সঞ্চয়ী করার চেষ্টা করছে; এ সম্পর্কেও আমার সন্দেহ আছে। জীবনের পরিবর্তিত পরিবেশে পূর্বে উপকারী একটি গঠন এখন কম উপকারী হলে তার জন্য এটির হ্রাসপ্রাপ্তি লাভজনক হবে, কারণ একটি অপকারী অঙ্গের গঠনে পুষ্টিকর খাদ্যের অপচয় না করে এটি এককটির ক্ষেত্রে লাভজনক হবে। সিরিপেড প্রাণীদের পরীক্ষার সময় আশ্চর্যান্বিত হয়ে আমি একটি ঘটনা লক্ষ্য করি এবং এর সদৃশ অন্য অনেক উদাহরণও উপস্থিত করা যেতে পারে। ঘটনাটি হল–একটি সিরিপেড প্রাণী যখন অন্য সিরিপেডের মধ্যে পরজীবী হিসাবে বাস করে এবং এভাবে সুরক্ষিত হয়, তখন সে তার নিজস্ব খোলক অথবা আবরণীটি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। পুরুষ ইবলাদের ক্ষেত্রে ঘটনাটি এই রকম হয় এবং প্রোটিওলেপাসদের ক্ষেত্রে ঘটনাটি প্রকৃতই অসাধারণ : কারণ অন্য সকল সিরিপেডদের বাইরের খোলকটি (ক্যারাপাস) বিরাটভাবে বিকশিত মাথার তিনটি অতিশয় বিকশিত খণ্ড দিয়ে তৈরি এবং এটি বড় শিরা ও মাংসপেশী দ্বারা সজ্জিত; কিন্তু পরজীবী ও সংরক্ষিত প্রোটিওলেপাসের মাথায় সমগ্র অগ্রবর্তী অংশটি আঁকড়ে ধরার শুঙ্গের গোড়ায় সংযুক্ত কেবল অবর্ধক অঙ্গ হিসেবে হাসপ্রাপ্ত হয়। এখন একটি বিরাট ও জটিল দেহগঠন, যদিও অতিরিক্ত হয়, প্রজাতির প্রত্যেক পর্যায়ক্রমিক এককদের ক্ষেত্রে নিশ্চয় সুবিধাজনক হবে, কারণ জীবনসংগ্রামে–যাতে প্রত্যেক প্রাণীকেই অংশগ্রহণ করতে হয়-প্রত্যেকের পুষ্টিকর খাদ্য কম নষ্ট করে নিজেকে রক্ষা করার ভাল সম্ভাবনা থাকবে।
