গ্লাস এবং হুইস্কির বোতল নিয়ে আবারো ডেস্কে এসে বসলেন এভেরি। সে যুদ্ধ শুরু করতে চাচ্ছে? আচ্ছা, করুক। আমিও দেখতে চাই কতোটা গভীরে এসে জড়াতে পারে ও।
অথবা, আপনি কিন্তু উনার দাবিটা মেনে নিয়ে ব্যাপারটা এখানেই শেষ করে দিতে পারেন।
না, কখনোই করবো না তা, বলে গ্লাসে চুমুক দিলেন এভেরি। তিনি এই কাজ করলে ঐদিন নরকও শীতল হয়ে যেতে পারে বলে ধারণা উনার।
আরো কিছু বলতে যাবেন, ঠিক তখনই ফোন বেজে উঠলো। ফিস্কের কল। অবশেষে।
জামাইকার ব্যাপারে সংবাদ আছে একটা, ফিস্ক বলছে। অবশ্য আপনি হয়তো এটা পছন্দ করতে পারবেন না, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি যে এবার কাজ হবে।
রাগে হাত দিয়ে গ্লাসটা চেপে ধরলেন এভেরি। কাজ হবে? তুমি কি বলতে চাচ্ছো তুমি এখনো ঐ ডকুমেন্টগুলো যোগার করতে পারোনি?
ওটার ব্যাপারে আসলে… আসলে সত্যি বলতে, ফার্গোরা এখনো কিভাবে যেন বেঁচে আছে।
কথাটা শুনেই রাগে খেঁকিয়ে উঠলেন এভেরি। কী বললে? কিভাবে দুটো মানুষ বারবার তোমাদের হাতের তলা থেকে ছুটে যাচ্ছে?
আমি তো আগেই বলেছিলাম, বস, তারা সাধারণ কোনো দম্পতি না। স্যাম ফার্গো ডারপায় উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা ছিলো, সম্ভবত সিআইএর সাথেও জড়িত ছিলো। তার স্ত্রী বোস্টন কলেজ থেকে… ফোনে ফিস্ককে কাগজ উল্টানোর শব্দ শুনতে পাচ্ছেন এভেরি, …অ্যানথ্রোপোলজি এবং প্রাচীন ব্যবসায়ীক ইতিহাসের ওপর মাস্টার্স ডিগ্রি নেওয়া মহিলা।
এজন্যই তো গুপ্তধনের প্রতি আগ্রহ তার। তবে এতে কিন্তু মহিলা কিভাবে বেঁচে আছে তার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।
মহিলা প্রচণ্ড বুদ্ধিমতি। এবং হাতের নিশানাও প্রচণ্ড দক্ষ।
তাতে কী? গলফিনহোর কেউ কি ঐ মহিলার হাতে বন্দুক তুলে দিয়েছিলো? আমি তোমার থেকে ব্যর্থতার আর কোনো অজুহাত শুনতে চাই না। নিশ্চিত ফলাফলের জন্যই টাকা দেওয়া হয় তোমাকে।
ভুল তো হয়ই, বস। তবে তাদেরকে খোঁজা হচ্ছে।
আমি তো শুনেছিলাম যে তোমার ভাড়া করাগলফিনহোর ক্রুরা খুব সহজেই সমুদ্রে ডাইভ করতে যাওয়া মানুষ দুটোকে সরিয়ে দিতে পারবে। অতিরিক্ত নাক গলানো মানুষদের সরিয়ে দেওয়ার মতো নাকি যথেষ্ট দক্ষ ওরা!
আগেও যেমনটা বলেছিলাম, বস, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। মাঝে একসময় ফার্গোদেরকে হাতের নাগালেও পেয়ে গিয়েছিলাম। আমার লোকেরা তাদেরকে কার রেন্টাল কোম্পানি থেকে কিংস্টন পর্যন্ত অনুসরণ করে গিয়েছিলো। তবে, দুর্ভাগ্যবশতঃ ফার্গোরা এবারো কিভাবে যেন পালিয়ে গেছে। তবে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না আর।
আমি তো ভেবেছিলাম তোমার লোকেদের কাজটা করার মতো দক্ষতা আছে।
তারা অবশ্যই দক্ষ লোক, বস।
তাহলে কিভাবে বারবার দুজন সমাজকর্মী তোমাদের হাত থেকে খসে যাচ্ছে? তোমার লোকগুলোর দক্ষতা নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে আমার।
আমি আগেই বলেছিলাম, ফার্গোদের হাত অনেক লম্বা।
কথাটা শুনেই ঝট করে গ্লাসটা টেবিলে আছড়ে রাখলেন এভেরি। তুমি বলেছিলে কাজটা তুমি সামলাতে পারবে। তোমার লোকদের এই কাজ করা দক্ষতা আছে।
হ্যাঁ, বস, তাদের দক্ষতা আছে, এবং তারা ঠিকই কাজটা করবে।
অবশ্যই করা উচিৎ তাদের। আমি ঐ ডকুমেন্ট এবং ফার্গোদের মৃত্যুর খবর শুনতে চাই। এটাই শেষ কথা আমার। তোমার লোকদের ওপর ভরসা না থাকলে, তুমি নিজেই স্বশরীরে করো। আমি ফলাফল চাই, ব্যর্থতা না।
বুঝেছি, বস। একটা পরিকল্পনা করে রেখেছি। সব কিছু ঠিকঠাক করে আপনাকে জানাবো আমি।
সাথে সাথেই কল কেটে রিসিভারটা ক্রেড়ালে আছড়ে রাখলেন এভেরি। তারপর আবার গ্লাসটা তুলে নিয়ে লম্বা চুমুক দিলেন তাতে।
ধরে নিচ্ছি, সংবাদটা নিশ্চয় ভালো ছিলো না? বলল উইন্টন।
এসব নিয়ে না ভেবে আমার স্ত্রীর ওপরে মনোযোগ দিলেই ভালো হবে তোমার জন্য। আর আমার অন্যান্য কাজ নিয়ে আমাকেই ভাবতে দাও।
আপনি নিশ্চয় এটায় অবগত আছেন যে ওগুলোর কোনোটায় টাকা খরচ করলে তা আপনার স্ত্রীর কাছে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি আছে?
হ্যাঁ! ঝুঁকির ব্যাপারে খুব ভালোভাবেই জানা আছে আমার।
শুনে মাথা ঝাঁকালো উইন্টন। তারপর উঠে দাঁড়িয়ে বলল, যেহেতু আমার কাজ শেষ, তাই আজকের মতো উঠছি এখন।
উইন্টন চলে যেতেই গ্লাসে আরেকবার হুইস্কি ঢাললেন এভেরি। তার চোখ ঘুরছে হলদেটে কাগজের প্যাডটার ওপর। ফার্গোদের নামটা যেন তার দিকে তাকিয়ে চোখ রাঙাচ্ছে। ঝট করে প্যাড থেকে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ছুঁড়ে ফেললেন এভেরি। প্রচণ্ড রেগে আছেন এখন। যদিও এটা বুঝতে পারছেন না যে তিনি আসলে কোন কারণে রেগে আছেন। ফার্গোদের তার কাজে নাক গলানোর কারণে, নাকি আলেক্সান্দ্রার তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টার কারণে?
যেটাই হোক। সবগুলো মানুষকেই তিনি মৃত লাশ হিসেবে দেখতে চান।
এটা মাথায় আসতেই তার মনে হলো, তিনি কি আসলেই আলেক্সান্দ্রাকে মারতে চান?
সত্যি বলতে, হা, তিনি তাই চান। মহিলা হয়তো তাঁর দুই সন্তানের মা, কিন্তু সন্তানদের কেউই তার মতো হয়নি। নিশ্চিতভাবেই মায়ের গোলাম হয়েছে ওরা। তিনি শুধু দক্ষভাবে আলেক্সান্দ্রাকে সরিয়ে দিতে চান, যাতে করে। তাকে কেউ সন্দেহ না করে। কিন্তু প্রশ্নটা হলো, তিনি কিভাবে তা করবেন? কিভাবে খুনটাকে সাধারণ মৃত্যু হিসেবে ফুটিয়ে তুলবেন।
