শটগানের ব্যারেল এক চুল সরাল পিটার, লক্ষ্য করে আরো একটু বিস্ফোরিত হলো স্টিভেনের চোখ– বল।
একজন লোক, অনেক দিন থেকে চিনি। আগেও তার সাথে কাজ হয়েছে আমার। বিরাট ধনী আর প্রভাবশালী, তার তুলনায় আমাকে চুনোপুঁটি বলতে পার। ব্যাপারটা হঠাৎ করে বা রাতারাতি ঘটেনি। অনেক মাস, অনেক বছর ধরে ধরে কথা হয়েছে, বিতর্ক হয়েছে, অবশেষে মত পাল্টেছি আমি, তার আদর্শই ঠিক বলে সিদ্ধান্ত নিয়েছি। একপর্যায়ে এই লোক আমাকে বলল, পশ্চিমা জগতের রাজনীতিক আর শিল্পপতিদের নিয়ে একটা সমিতি গঠন করা হয়েছে, যারা নিজেদের একটা পৃথিবীর স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করেছেন, আমি সমিতিতে যোগ দিতে চাই কিনা।
লোকটা কে, স্টিভেন?
পিটার, এ প্রশ্ন কর না!
উত্তর না দিয়ে তোমার উপায় নেই, স্টিভেন। পরস্পরকে দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল ওরা, এক সময় একটা দীর্ঘশ্বাস ফেলল স্টিভেন।
বেশ। লোকটা হলো…, এমন এক লোকের নাম বলল স্টিভেন, আন্তর্জাতিক ব্যাবসায়ী মহলের সবাই তাকে এক ডাকে চেনে। মুক্তবিশ্বের বেশিরভাগ নিউক্লিয়ার ফুয়েল নিয়ন্ত্রণ করে লোকটা, সোনা কেনা-বেচায় তাকে ছাড়ানো প্রায় অসম্ভব, মূল্যবান পাথরের সবচেয়ে বড় স্টক রয়েছে তার।
জিরো-সেভেন-জিরো অপারেশন সফল হলে তাকেই তাহলে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় বসাতে তোমরা?
নিঃশব্দে মাথা ঝাঁকাল স্টিভেন।
বলে যাও।
আমার মতো তাকেও রিক্রুট করা। কিন্তু তাকে কে রিক্রুট করেছিল আমার জানা নেই। সমিতিতে আমি যোগ দিলাম, এবার আমার দায়িত্ব হলো ভালো একজন সদস্য জোগাড় করা–সে কে হবে তা কেবল আমি একাই জানব। চেইনের চিনবে–যে তাকে রিক্রুট করেছে, এবং সে যাকে রিক্রুট করল।
খলিফা? খলিফা সম্পর্কে বল।
কেউ জানে না কে সে।
কিন্তু সে জানে তুমি কে।
হ্যাঁ, অবশ্যই জানে।
তাহলে খলিফার কাছে মেসেজ পাঠাবার একটা উপায় তোমার থাকতে বাধ্য, বলল পিটার। ধরো, নতুন একজন সদস্যকে রিক্রুট করলে, খবরটা খলিফাকে জানাতে হবে তো? কিংবা তোমাকে কোনো নির্দেশ দিতে চায় সে, যোগাযোগ না করে দেবে কিভাবে?
হ্যাঁ।
কিভাবে?
গড, পিটার! এর মূল্য আমার জীবনের চেয়েও বেশি!
এ প্রসঙ্গে পরে ফিরে আসব আমরা, অধৈর্য হয়ে উঠে বলল পিটার। ব্যারন অল্টম্যান সম্পর্কে বল।
ব্যাপারটা লেজে-গোবরে হয়ে যায়, কিন্তু আমার কিছু করার ছিল না। রিক্রুট করার জন্যে তাকে আমি নির্বাচন করি। মনে হচ্ছিল ঠিক তার মতো একজন লোকই আমাদের দরকার। অনেক বছর ধরে তার সাথে পরিচয়, জানা ছিল প্রয়োজনে অসম্ভব কঠোর হতে পারে সে। কাজেই তাকে আমি প্রস্তাব দিলাম।
প্রথমে খুব আগ্রহ দেখাল সে, খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিল, বিশেষ করে খলিফার কাজের পদ্ধতি। তার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে সমিতির সদস্য করতে যাচ্ছি, এই আনন্দে বগল বাজাচ্ছিলাম। আমাকে আভাস দিল, সমিতির ফান্ডে পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দেবে সে। কাজেই খবরটা আমি খলিফার কাছে পাঠালাম। বললাম, ব্যারন অল্টম্যানকে রিক্রুট করতে যাচ্ছি নার্ভাস হয়ে থেমে গেল স্টিভেন, পাথরের ওপর সিগারেট ফেলে জুতোর তলা দিয়ে ঘষল।
তারপর কি হলো? তাগাদা দিল পিটার।
সাথে সাথে সাড়া পেলাম খলিফার। আমাকে হুকুম করা হলো, এই মুহূর্তে ব্যারন অল্টম্যানের সাথে সমস্ত যোগাযোগ কেটে দিতে হবে। বুঝলাম, নির্ঘাত আমি বিপজ্জনক এক লোককে রিক্রুট করতে যাচ্ছিলাম। আজ তোমার মুখ থেকে শুনলাম, ব্যারন মোসাড ছিল। আমি জানতাম না, কিন্তু খলিফা নিশ্চয়ই জানত।
তারপর তুমি কি করলে?
বুঝলাম অল্টম্যান আগুনের গোলা, কাজেই ফেলে দিলাম হাত থেকে। চারদিন পর কিডন্যাপ করা হলো তাকে। তাতে আমার কোনো ভূমিকা ছিল না, পিটার। খোদার কসম, যীশু আর মেরীর কসম। লোকটাকে আমি পছন্দ করতাম, তার প্রতি আমার শ্রদ্ধা ছিল…
কাজটা যে খলিফার, আর তুমিও যে দায়ী, এটা বুঝেছিলে কি?
কিছুক্ষণ চুপ করে থাকার পর মাথা নত করল স্টিভেন। হ্যাঁ।
অল্টম্যানকে টরচার করা হয় কেন? খলিফা সম্পর্কে তথ্য মোসাডকে সে বলে দিয়েছে কিনা জানার জন্যে, তাই না?
হ্যাঁ। মনে হয়। আমি জানি না।
অল্টম্যান সম্পর্কে যা শুনেছি তা যদি সত্যি হয়, ওরা তার মুখ খোলাতে পারেনি।
পারার কথা নয়। ব্যারন মচকাবার লোক ছিল না। সম্ভবত ধৈর্য হারিয়ে টরচারের মাত্রা বাড়িয়ে দেয় ওরা, আর তাতেই মারা যায় সে।
আচ্ছা, তুমি বুঝতে পারছ কি জঘন্য একটা ব্যাপারে জড়িয়েছ নিজেকে? মাথায় ঢোকে, গোটা ব্যাপারটা ঘৃণ্য?
শুরুতে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, আমিও তো চাই দুনিয়াটা সুন্দর হোক। তারপর দলে যোগ দেয়ার পর মনে হলো ঝড়ের বেগে ছুটছে ট্রেন, থামার কোনো উপায় নেই।
বেশ। তারপর তুমি কি করলে? বঁবুইলে রোডে খুন করার চেষ্টা করলে আমাকে জানতে পারি, আমার অপরাধ কি ছিল?
গুড গড, না! বিহ্বল দেখাল স্টিভেনকে। তুমি আমার ভাই, গুড় গড়-!
ব্যারনেস ম্যাগডা স্বামী হত্যার প্রতিশোধ নিতে চাইছিল, আমি তাকে সাহায্য করতে যাচ্ছিলাম, খলিফা ব্যাপারটা টের পেয়ে আমাকে সরাবার ব্যবস্থা করে…।
এর আমি কিছু জানি না, প্লিজ পিটার, বিশ্বাস কর! খলিফা নিশ্চয়ই জানে তুমি আমার ভাই, সে যদি তোমাকে খুন করার প্ল্যান করে থাকে, আমাকে তো জানতে না দেয়ারই কথা।
