হ্যাঁ, মৃদুকণ্ঠে বলর পিটার। সম্ভবত তেলের দাম কমে যাওয়ায় ভাগ্য খুলে যাচ্ছে তোমাদের।
এ আর কি কমেছে, কাঁধের ওপর দিয়ে পিটারের দিকে তাকিয়ে চোখ টিপল স্টিভেন। আগামী মাসে আরো পাঁচ পার্সেন্ট কমবে বলে ধরে নিতে পার। এতদিনে পথে এসেছে আরবরা। তোমার যদি অলস কিছু টাকা থেকে থাকে, পিটার, এই কোম্পানিগুলোর শেয়ার কিনে ফেল–এখনই সময়।
নিজের অজান্তেই শিউরে উঠল পিটার। কি, ঠাণ্ডা?
না, মনে হলো যেন কবরের উপর দিয়ে কেউ হেঁটে গেল, বলল পিটার।
নিচু পাঁচিল টপকে ওপর দিকে উঠে যাচ্ছে স্টিভেন, চোখ তুললেই রোমান ক্যাম্পের পেরিমিটার দেখা যাচ্ছে। তাকে অনুসরণ করল পিটার। ধ্বংসাবশেষকে পাশ কাটিয়ে পাহাড়ের ওপর উঠতে শুরু করল ওরা। যখন উঠে এল, স্টিভেন হাঁপাচ্ছে। কিনারায় একটা গাছ, তার ছায়ায় দাঁড়াল ওরা।
গাছের গায়ে শটগানটা ঠেস দিয়ে রাখল স্টিভেন, কোমরে দুহাত রেখে তাকিয়ে আছে নিচের উপত্যকায়। চওড়া বুকটা ঘন ঘন ওঠা-নামা করছে তার। গাছের গায়ে হেলান দিল পিটার, হাত দুটো পকেটে নয়, কোটের ল্যাপেল ধরে আছে। দেখে মনে হচ্ছে পেশিতে কোনো টান নেই, আসলে প্যাঁচানো প্রিঙের মতো হয়ে আছে শরীরটা। ডান হাতের নাগালের মধ্যে রয়েছে শটগান।
আগেই লক্ষ্য করেছে পিটার, নাম্বার ফোর শট লোড করেছে স্টিভেন, দশ কদম দূরের একজন লোককে মাঝখান থেকে দুভাগ করে দেবে।
কোটের সাইড পকেট থেকে সিগারেট কেস বের করল স্টিভেন। ব্যারনেস ম্যাগডার ব্যাপারটা সত্যি দুঃখজনক, গম্ভীর সুরে বলল সে, কিন্তু পিটারের চোখের দিকে তাকাল না।
হ্যাঁ, ফিসফিস করে বলল পিটার।
তবু ভালো যে নোংরা ঝামেলা পাকায়নি। তোমাকে ওরা অনায়াসে ফাসাতে পারত।
তা পারত, একমত হলো পিটার।
নার্সকোয় তোমার চাকরিটা কি…? প্রশ্ন শেষ না করে অপেক্ষা করে থাকল। স্টিভেন।
জানি না। ব্রাসেলসে না ফিরলে কিছু বোঝা যাবে না।
মুখে কখনো উচ্চারণ করিনি, পিটার, কিন্তু তুমি জানো কোনো রকম সাহায্য দরকার হলে আমাকে তুমি সব সময় পাশে পাবে, আন্তরিক কণ্ঠে বলল স্টিভেন।
ধন্যবাদ, স্টিভেন, শুকনো গলায় বলল পিটার।
ডানহিল লাইটার জ্বেলে সিগারেটটা এতক্ষণে ধরাল স্টিভেন। লম্বা টান দিয়ে আয়েশ করে করে ধোয়া ছাড়ল।
পিটার বলল, অল্টম্যানের শেয়ার কেনা নেই তো হে? একেবারে তলায় নেমে গেছে দর।
আশ্চর্যই বলতে হবে, মাথা নেড়ে হাসল স্টিভেন, কসপ্তাহ আগে সব শেয়ার বিক্রি করে দিয়েছি, ফর গডস সেক। সান ইস্তাবানের জন্যে টাকার দরকার ছিল।
লাকি, বিড়বিড় করে বলল পিটার; কিন্তু আসলে তা নয়, জানে ও। একটু অবাক হলো, এত সহজে শেয়ার বিক্রির কথাটা স্বীকার করল কেন স্টিভেন? এক সেকেন্ড পর কারণটা মাথায় ঢুকল পিটারের ব্যাপারটা গোপন রাখা সম্ভব নয়, কে শেয়ার বিক্রি করেছে অনায়াসে খোঁজ করে বের করা যাবে।
চোরা চোখে স্টিভেনের দিকে তাকিয়ে পিটার ভাবল, স্টিভেন কি এত বড় একটা প্রতিভা যে এরকম জটিল একটা প্ল্যান করার যোগ্যতা রাখে? কি ব্যাপার, পিটার–অমন করে কি দেখছ? সামান্য একটু ভ্রু কুচকে জিজ্ঞেস করল স্টিভেন।
ভাবছি, ব্যাপারটা অবিশ্বাস্য। তোমার সে যোগ্যতা আছে কিনা সন্দেহ হয়।
দুঃখিত। বুঝলাম না। কি নিয়ে কথা বলছ?
খলিফা, একটা মাত্র শব্দ উচ্চারণ করল পিটার। চমকে স্থির হয়ে গেল স্টিভেন। পরমুহূর্তে তিরতির করে কেঁপে উঠল চোখের পাতা, নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সে।
দুঃখিত, এবারও তোমার কথা বুঝলাম না।
চমৎকার অভিনয়, মনে মনে প্রশংসা করল পিটার। না, স্বীকার করতে হয়, স্টিভেনের মধ্যে এমন কিছু গুণ আছে এতদিন যা ওর চোখে ধরা পড়েনি। অন্তত অভিনয়ে সে একটা জিনিয়াস।
হয়তো খলিফা হবার জন্যে আর যে সব গুণ দরকার তাও স্টিভেনের মধ্যে আছে।
তোমার একমাত্র ভুলটা ছিল, স্টিভেন, অল্টম্যানকে নিজের নামটা জানতে দেয়া, শান্ত কণ্ঠে বলল পিটার। আমার ধারণা, তুমি জানতে না অল্টম্যান মোসাড এজেন্ট ছিল, তোমার নামটা সরাসরি ইসরায়েলি ইন্টেলিজেন্সের কম্পিউটারে চলে যাবে। কারো সাধ্য নেই মেমরি রোল থেকে ওটা মুছে ফেলে। তুমি ফাঁস হয়ে গেছ, স্টিভেন।
চট করে একবার শটগানের দিকে তাকাল স্টিভেন। পিটারের নিশ্চিত হবার জন্যে আর কি প্রমাণ দরকার।
না, স্টিভেন। ওটা তোমার জন্যে নয়। মাথা নাড়াল পিটার। ওটা আমার কাজ। তোমার গায়ে চর্বি জমেছে, তাছাড়া ট্রেনিংও পাওনি। সে জন্যেই খুন করার কাজগুলো অন্য লোকদের দিয়ে করাতে হয় তোমাকে। অস্ত্রের দিকে এমনকি হাত বাড়ানোও উচিত হবে না তোমার।
শটগান থেকে পিটারের মুখে উঠে এল স্টিভে তার চেহারা এখনো বদলায়নি। ব্যাপার কি বল তো, কি বলছ?
তোমার অন্তত জানার কথা, যে কোনো মানুষকে খুন করার ক্ষমতা আমার আছে। তোমার কিছু কাজ সেই পর্যায়ে নিয়ে এসেছে আমাকে।
হেঁয়ালি চিরকাল অপছন্দ করি, হেসে উঠে বলল স্টিভেন, যেন কিছুই হয়নি। কেন তুমি কাউকে খুন করতে যাবে, পিটার?
স্টিভেন, আমাদের দুজনকেই অপমান করছ তুমি। আমি জানি। কাজেই অস্বীকার করে কোনো লাভ হবে না। নিজেদের মধ্যে বসে এর একটা সমাধান খুঁজে বের করতে হবে আমাদের। ফাঁদ, আপোসের টোপ ফেলে অপরাধ স্বীকার করাতে চাইছে পিটার। স্টিভেনের চোখে সন্দেহের ছায়া দেখল ও, সেও ভাবছে এটা ফাঁদ কিনা। ঠোঁটের কোণ একটু বেঁকে গেল, সিদ্ধান্ত নিতে চেষ্টা করছে। কিন্তু প্লিজ, নিজের বিপদটাকে ছোট করে দেখ না, স্টিভেন, আবার বলল পিটার, পকেট থেকে কালো একজোড়া লেদার গ্লাভস বের করে পরল হাতে। সাধারণ একটা কাজ, কিন্তু কি যেন একটা ভয়ঙ্কর অর্থ আছে। গ্লাভস দুটোর দিকে পালা করে তাকাল স্টিভেন।
