লর্ড নাজা রাজা অ্যাপেপি ও তার ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ দিয়ে তার কথা শুরু করল। তারপর সে মৃত ফারাও-এর অনেক উচ্চ প্রশংসা করল। সে তার অসংখ্য সামরিক জয়ের কথা স্মরণ করল এবং তার রাজ্য পরিচালনায় কৃতিত্ব, হাথোরের শান্তি চুক্তিতে তার সর্বোচ্চ সহায়তা–যা দুই রাজ্যের কয়েক দশকের আত্মঘাতী যুদ্ধাবস্থা ও বিবাদ সমাপ্তি ঘটিয়ে শান্তি এনেছে তা স্মরণ করল।
রাজা অ্যাপেপি অথবা একজন শক্তিশালী ফারাও ছাড়া নিম্ন রাজ্যের সকল বিষয়াদি পরিচালনা এবং ফারাও নেফার সেটি ও তার রাজ-প্রতিভূর সাথে যুগ্ম শাসন করার জন্যে সম্পাদিত শান্তি চুক্তি একটা বিপদজনক অবস্থায় থাকছে। শান্তি চুক্তির পূর্বোক্ত ষাট বছর আগের যুদ্ধাবস্থা ও অরাজকতায় আরো একবার ফিরে যাওয়া অচিন্তনীয়।
লর্ড টর্ক তার তলোয়ারের খাপ তার ব্রোঞ্জের ঢালের সাথে আঘাত করল ও চিৎকার করে উঠল। বাক-হার! বাক-হার! সঙ্গে সঙ্গে তুমূল জয়ধ্বনি তার পিছনে দাঁড়ানো সব সেনাবাহিনীর সামন্তরা নিয়ে নিল এবং ধীরে ধীরে পুরো সমাবেশে তা ছড়িয়ে পড়ল যতোক্ষণ না এটা একটা কানফাটানো বজ্রের মতো শোনাল।
নাজা এটা আরো কিছুক্ষণ চলতে দিল, তারপর দুই হাত তুলল। যখন নিরবতা নামল সে শুরু করল, তার মৃত্যুর করুণ পরিস্থিতিতে রাজা অ্যাপেপি মুকুটের কোন পুরুষ দাবিদার রেখে যাননি। কোমলভাবে সে মিনটাকার মনোযোগ উপেক্ষা করে গেল। জরুরি বিষয় হিসেবে আমি দুই রাজ্যের উচ্চপদস্থ সভাসদগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করেছি। নতুন ফারাও-এর ব্যাপারে তাদের পছন্দ সর্বসম্মত। এক বাক্যে তারা ক্ষমতার লাগাম ধরার জন্যে মেমফিসের লর্ড টর্কের কথা বলেছেন। তার উপর দ্বৈত মুকুট এবং রাজা অ্যাপেপির ঐতিহ্য অনুযায়ী জাতিকে সামনে এগিয়ে নিতে প্রতি আস্থা জ্ঞাপন করেছেন।
এ ঘোষণার ফলে গভীর ও নাজুক একটা নিরবতা নেমে এল। লোকেরা শূন্য অবাক বিস্ময়ে একে অপরের দিকে তাকাল। আর কেবল মাত্র তখনই তারা বিষয়টার গুরুত্ব বুঝল যখন লর্ড নাজার ঘোষণার সাথে সাথে টর্কের নেতৃত্বের ও বিশ্বস্তের দুই রেজিমেন্ট সৈন্য পাশের ঝোঁপ থেকে নিরবে বের হয়ে এসে সমাবেশ ঘিরে ফেলল। তাদের তলোয়ার খাপে ভরা কিন্তু হাতলের উপর তাদের একটা করে হাত রাখা। তাদের এক মুহূর্ত সময় লাগবে ব্রোঞ্জের ফলাটা বের করতে। হতাশা ও আতঙ্কের একটা প্রবাহ সবার মাঝে বয়ে গেল। মিনটাকা সুযোগটা নিল। সে টুল থেকে উঠে দাঁড়াল যেন সবাই তাকে দেখতে পায়। হে আমার মিশরের লর্ড ও বিশস্ত নাগরিকগণ…
সে আর বেশি কিছু বলতে পারল না। চার জন সবচাইতে লম্বা হিকস্ যোদ্ধা তাকে ঘিরে ধরল ও তাকে আড়াল করে ফেলল। তারা তাদের খোলা তরবারি দিয়ে তাদের ঢালে আঘাত করে আওয়াজ করল ও একসাথে চিৎকার করে উঠল। দীর্ঘজীবী হোন, ফারাও লর্ড টর্ক দীর্ঘজীবী হউন! চিৎকার বাকি আর্মিদের মধ্যে ছড়িয়ে গেল। আনন্দের গর্জনে যা হচ্ছিল তার মধ্যে একটা শক্তিশালী হাত মিনটাকাকে তুলে নিল এবং উৎফুল্ল জনতার মধ্য দিয়ে তাকে টেনে নিয়ে গেল। সে বিফল লড়াই করল এবং একসময় তার চেষ্টা বাদ দিল এবং তার কণ্ঠ জনতার আনন্দের উল্লাসে চাপা পড়ে গেল। নদী তীরে গিয়ে সে ঘুরে পিছনে তাকাল। জনতার মাথার উপর দিয়ে সে দেখল লর্ড নাজা নতুন ফারাও-এর মাথায় দ্বৈত মুকুট পড়াচ্ছে।
তাকে ধাক্কা দিয়ে তীরে অপেক্ষারত নৌকায় উঠানো হল এবং বন্দী ও পাহারা রত লর্ড টর্কের জাহাজের কেবিনে তাকে ফিরিয়ে আনা হল।
*
মিনটাকা তার দাসীদের সাথে জনাকীর্ণ কেবিনে বসে ছিল এবং নতুন ফারাও যখন জাহাজে ফিরবে তখন তার ভাগ্যে কি ঘটে তার অপেক্ষায় আছে। তার সঙ্গীরা তার মতই ভয়ার্ত ও দ্বিধান্বিত ছিল। যাই হোক, সে তাদের শান্ত করার চেষ্টা করল। যখন তারা একটু শান্ত হল সে তাদের প্রিয় খেলা শুরু করল। কিন্তু এগুলো দ্রুতই বিরক্তি কর হয়ে উঠল। তাই সে বীণা আনতে বলল। তার নিজেরটা তার পিতার জাহাজে হারিয়ে গেছে কিন্তু তারা একজন গার্ড থেকে একটা ধার করে আনল। মিনটাকা একটি প্রতিযোগিতার আয়োজন করল, প্রতিটি মেয়ে ছোট কেবিনের বন্দী স্থানে পর্যায়ক্রমে নাচতে লাগল। কিছুক্ষণের জন্যে তারা সব ভুলে হাসল ও হাত তালি দিল এবং এক সময় তারা নতুন ফারাওকে জাহাজে ফিরতে শুনল। মেয়েরা চুপ হয়ে গেল কিন্তু সে তাদের চালিয়ে যেতে উৎসাহ দিল। শীঘ্রই তারা আগের মতই হৈ-চৈ আর হাসিতে মেতে উঠল।
মিনটাকা আনন্দ উল্লাসে যোগ দিল না। প্রথমে সে তার চারপাশটা ভালোভাবে দেখল। তার প্রধান কেবিনের সাথে একটা আরো ছোট কক্ষ, একটা কাপবোর্ডের চাইতে ছোট কক্ষ আছে যা পায়খানা হিসেবে ব্যবহৃত হয়। যার মধ্যে একটি ঢাকনা যুক্ত মাটির টয়লেট বোল এবং এর পাশেই এক কলস পানি রাখা আছে ব্যবহার করার জন্যে। পরবর্তী কক্ষ থেকে একে যে দেয়াল আলাদা করেছে তা অপেক্ষাকৃত সরু ও পাতলা, কারিগরেরা নৌকা তৈরি সময় ওজন কমানোর ব্যাপারটা মাথায় রেখেছিল। মিনটাকা এ জাহাজে তার সুখের সময়ে এসেছিল যখন সে এবং তার পিতা লর্ড টর্কের অতিথি ছিল। সে জানে দেয়ালের ওপাশে প্রধান কেবিনটা অবস্থিত।
মিনটাকা পায়খানার ঢুকে পড়ল। এমনকি তার দাসীদের হৈ-চৈ-এর মধ্যেও সে দেয়ালের ও পাশের লোকদের কথা শুনল। সে নাজার কণ্ঠ পরিষ্কারভাবে চিনল, কৃতিত্বপূর্ণ কণ্ঠ এবং টর্কের কণ্ঠটা কর্কশ শুনাল। সাবধানে সাথে সে দেয়ালের উপর কান রাখল এবং সঙ্গে সঙ্গেই কতগুলো আরো পরিষ্কার হলো ও শব্দগুলো বোধগম্য হলো।
