সে আমার পর্দা ভেদ করছে, টাইটা সহজভাবে বলল কথাটা। হঠাৎ বে দাঁত বের করে হাসল এবং তার সিংহের মন্ত্র কবজটা দিয়ে সরাসরি তাদের দিকে নির্দেশ করল। তার পিছনে হিলটো অবাক বিস্ময়ে চিৎকার করে উঠল। তার থেকে মাত্র ১০০ কিউবিট দূরে খোলা ভূমিতে যেখানে নেফার ও টাইটা শুয়েছিল এবং যা হঠাৎ প্রকাশিত হল সেদিকে সে তাকাল।
প্রিন্স নেফার! আমরা আপনাকে গত ত্রিশ দিন ধরে খুঁজছি। ধন্যবাদ মহান। হুরাস ও ওশিরিশকে। অবশেষে আমরা আপনাকে পেয়েছি।
নেফার দীর্ঘশ্বাস ফেলল এবং উঠে দাঁড়াল। হিলটো গাড়ি চালিয়ে সামনে এল ও রথ থেকে লাফ দিয়ে নামল এবং তার সামনে হাঁটু গেড়ে বসল। মাথা থেকে সে তার ব্রোঞ্জের হেলমেট খুলে ফেলল এবং যুদ্ধের ময়দানে কমান্ড করার মতন করে বলল, ফারাও ট্যামোস মৃত! ফারাও নেফার সেটির জয়। আপনি চিরঞ্জীবী হউন।
সেটি নেফারের পবিত্র নাম, পাঁচটা ক্ষমতার একটা যা তার জন্মের সময় তাকে দেয়া হয়েছিল, যা তার সিংহাসনে আরোহণের অনেক পূর্বেই ঠিক করা হয়। এই সময়ের আগে যতক্ষণ না সে ফারাও হয় তার পূর্বে এই পবিত্র নাম কারো ব্যবহার করার অনুমতি ছিল না।
ফারাও! মহান শক্তিশালী! আমরা আপনাকে পবিত্র শহরে নিয়ে যেতে এসেছি যাতে আপনি থেবস্-এ হুরাসের স্বর্গীয় প্রতীক রূপে সিংহাসনে আরোহণ করেন।
আমি যদি আপনাদের সাথে যেতে রাজি না হই তবে কি হবে, কর্নেল হিলটো? নেফার জানতে চাইল।
হিলটোকে হতাশ দেখাল। সমস্ত ভালোবাসা ও আনুগত্যের সহকারে, এটা মিশরের রাজ-প্রতিভূর কঠোর আদেশ যেন আপনাকে থেব নিয়ে যাই। আমাকে ঐ আদেশ মানতে হবে এমনকি আপনি অসন্তুষ্ট হলেও।
নেফার পাশে টাইটার দিকে এক নজর তাকাল এবং মুখটা এগিয়ে নিচু কণ্ঠে জিজ্ঞেস করল; আমার কি করা উচিত?
আমাদের তাদের সাথে যেতেই হবে।
*
হিলটোর নেতৃত্বে ৫০টি যুদ্ধ রথের বহর যোগে তারা থেবসের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কঠিন নির্দেশ থাকার ফলে রথের কলামকে প্রথমে থেবস-এর মরুদ্যান দিয়ে যেতে হবে। দ্রুতগামী ঘোড়া সওয়ারীদের থেবস-এ উদ্দেশ্যে পাঠানো হল সংবাদটা দিতে। যাতে লর্ড নাজা, মিশরের রাজ প্রতিভূ শহর থেকে বেড়িয়ে এগিয়ে মরুদ্যানে এসে নতুন ফারাও নেফার সেটির সাথে সাক্ষাৎ করেন।
পঞ্চাশতম দিনে রথের বহরটি দীর্ঘ এক মাসের অধিক সময়ের ধুলোয় মাখামাখি ও বিধ্বস্ত হয়ে ছোট ছোট পদক্ষেপে মরুদ্যানে প্রবেশ করল। যখন তারা তাল গাছের ছায়ায় ঘেরা বনে প্রবেশ করল একটা পুরো ফেট গার্ড বাহিনী প্যারড সহকারে তাদের অভ্যর্থনা জানাল। সৈন্যরা তাদের অস্ত্র খাপে ভরে রেখেছিল এবং এর পরিবর্তে তাল গাছের পাখাযুক্ত ডাল তারা হাতে ধরে ছিল। সেগুলো দোলাতে দোলাতে তারা তাদের শাসকের উদ্দেশ্যে স্তুতি ধ্বনি দিচ্ছিল।
সেটি, মহান শক্তিশালী। সত্য প্রিয়সী। স্বর্ণের হুরাস যে জীবন বাঁচিয়ে রাখে তার প্রতিনিধি। সে এরকা ও মৌমাছি। রা-এর পুত্র সেটি, সূর্যের দেবতা, চিরজীব। ও শাশ্বত।
সামনের রথে হিলটো ও টাইটার মাঝে নেফার দাঁড়িয়ে ছিল। তার কাপড় ছেঁড়া ও ধুলায় মাখা এবং ঘন চুল ধুলোয় আবৃত। সূর্যের তাপে তার চেহারা ও ত্বক পুড়িয়ে কাঠ বাদামের রং করে দিয়েছে। হিলটো রথটাকে সৈন্যেদের মাঝ দিয়ে চালিয়ে নিয়ে গেল এবং নেফার উচ্চপদস্থ লোকদের যাদের সে চেনে সেদিকে তাকিয়ে লাজুকভাবে হাসল। তারাও তাকে স্বতঃস্ফুর্ত উৎসাহ দিল। তারা সবাই তার পিতাকে ভালোবাসত এবং এখন তাকে ভালোবাসে। উদ্যানের মাঝে কুয়ার পাশে নানান রঙের তাঁবু টানানো হয়েছে। রাজকীয় তাঁবুর বাইরে লর্ড নাজা দাঁড়িয়ে আছে আর তাকে ঘিরে রয়েছে সভাসদ, গণ্যমান্য ব্যক্তি ও যাজকেরা। সবাই রাজাকে গ্রহণের প্রতীক্ষারত। নাজাকে দেখে মনে হচ্ছিল মহান শক্তিশালী কেউ ও রাজকীয় জ্যোতিতে বিরাজমান। উজ্জ্বল দামী পাথর ও স্বর্ণের অলংকার এবং সুন্দর, মিষ্টি প্রলেপন ও সুগন্ধি গায়ে মেখে সে দাঁড়িয়েছিল।
তার দুই পাশে রাজকীয় ট্যামোস হাউজের রাজকুমারী হেজারেট ও মেরিকারা দাঁড়ানো। মেক-আপ এর দরুণ তাদের মুখ মুক্তার ন্যায় সাদা এবং চোখগুলো বড় ও কালো দেখাচ্ছে। ঘোড়ার চুলের তৈরি পরচুলাটা তাদের মাথার তুলনায় বেশি বড় এবং তাদের স্কার্টটা মুক্তা ও স্বর্ণের ওজনে এতো ভারি যে বাঁকানো পুতুলের মত তারা দাঁড়িয়ে আছে। হিলটো তাদের সামনে রথটা থামাতেই লর্ড নাজা সামনে এগিয়ে এল এবং ধুলো-ময়লায় ঢাকা ছেলেটাকে নামাল। গেবেল নগর ত্যাগ করার পর থেকে সে আর গোসল করার সুযোগ পায় নি এবং তার শরীর থেকে এখন পাঠার ন্যায় গন্ধ বেরুচ্ছে।
আপনার রাজ-প্রতিভূ হিসেবে আমি আপনাকে স্যালুট জানাচ্ছি। আমি আপনার দাস এবং রাজকীয় সাথী। আপনি হাজার বছর বাঁচুন। সে বিশেষ ভাবে শব্দ করে বলল যাতে কাছে দাঁড়ানো উচ্চ পদস্থ ব্যক্তিগণ প্রতিটি শব্দ শুনতে পায়। লর্ড নাজা নেফারকে কাউন্সিলের বেদীর দিকে নিয়ে গেল যা আফ্রিকা মহাদেশের গভীর বনের কালো মূল্যবান কাঠ দ্বারা তৈরি এবং আইভরি ও মুক্তা খচিত। তাকে সে তার উপর বসাল। তারপর হাঁটুগেড়ে বসে নেফারের ময়লা ও নোংরা পা কোন রকম অস্বস্তি ছাড়াই চুম্বন করল। তার পায়ের আঙুল ভাঙ্গা ও কালো ময়লার ঢেকে আছে।
