“আহ, আর এটাই তার মৃত্যু ডেকে আনবে”, বুজার্ড হাসতে হাসতে বলল। “আর তা খুব শীঘ্রই হবে।”
“তাহলে আমরা এখন কী করব?”
“আমরা আমাদের জাহাজটাকে দক্ষিণ দিকে পরবর্তী সমুদ্র সৈকতে নোঙর করাব। তাহলে কার্টনি আমাদের সন্ধান পাবে না। কারণ সে আসবে। উত্তর দিক থেকে। কার্টনি পৌঁছেই প্রথম যে কাজটা করবে তা হলো লংবোট নিয়ে গুপ্তধনের সন্ধানে বের হয়ে যাবে। সে যখন ফিরে আসবে জাহাজের সবাই তাকে অভিনন্দন জানানোর ব্যবস্থা করে রাখবে।” আমরা যা করব তা হচ্ছে, “ওদের আনন্দ উৎসবের পরপরই হাল-এর শেষকৃত্য আয়োজনের ব্যবস্থা শুরু করে দেব।”
*
নরম শীতল পানির ওপর দিয়ে শক্তভাবে দাঁড় বেয়ে তারা নৌকোটাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তাদের আগমনে শান্ত পানিতে ঢেউ ও এর সৃষ্টি হয়। সেই সাথে পানিতে বসে থাকা বন্য পাখির ঝাঁক ডানা ঝাঁপটাতে ঝাঁপটাতে আকাশে উড়ে যায়। বুনো হাঁসের ডাক চারদিকে ধ্বনিত হতে থাকে।
কিন্তু জায়গাটার নীরবতা নিয়ে তাদেরকে বেশিক্ষণ হতাশ থাকতে হয় নি। যখনই গোল্ডেন বাউ বীচ-এ নোঙর ফেলে, তখন তারা দেখতে পায় কতগুলো বিশালাকার বন্য হাতি দূরে দাঁড়িয়ে আছে। যখন হাতিগুলো এরকম নীরব বনের মাঝে মানুষ দেখতে পেল, তখন তারা তাদের বিরাটাকার মাথাগুলো তুলে কুলার ন্যায় কানগুলো নাড়াতে থাকল, যেন তারা মানুষগুলোকে স্বাগত জানাচ্ছে।
“ওহ, কী বিশাল জন্তু!” জুডিথ জাহাজের সামনে দাঁড়িয়ে হাতিগুলোকে দেখতে পেয়ে বলে উঠল।
“সেই সাথে আমার দেখা অনেক মানুষের চেয়েও এরা বেশি চালাক।” অ্যাবোলি তার স্বাভাবিক গাম্ভীর্য ধরে রেখে যোগ করল।
“আমরা এগুলোর কয়েকটাকে গুলি করে মারছি না কেন?” বিগ ডেনিয়েল বেশ আগ্রহভরে প্রস্তাব উত্থাপন করল। হাতির দাঁত-এর অনেক দাম, জানোই তো। ওগুলো দিয়ে আমাদের ভাগ্য ফিরে যেতে পারে।
“আমরা এর চেয়ে সহজে অনেক গুপ্তধন পাব, ড্যান”, হাল তার মাথাটা ড্যান-এর দিকে নাড়িয়ে বলল। “আমার মনে হয় ওদেরকে শান্তিতে থাকতে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে।”
পুরনো দুর্গের ধ্বংসাবশেষ-এর কাছাকাছি এসে হাল তার গোল্ডেন বাউকে নোঙর করল। সবাইকে বন্দুক বের করে গ্রেপশট-এর গুলি লোড করতে আদেশ দিল সে যাতে করে বন্য কোনো উপজাতি বা অন্য কেউ যদি হঠাৎ করে আক্রমণ চালিয়ে বসে, তাহলে সেটা প্রতিহত করতে পারা যায়। এরপর সে জুডিথকে টেনে একপাশে নিয়ে এলো।
“আমি চাই যে তুমি আমার সঙ্গে নৌকোয় না গিয়ে এখানে থাকবে। আমি না থাকলেও এখানে পঞ্চাশজন লোক থাকবে তোমার সঙ্গে। তারা তোমার দেখাশোনা করতে পারবে। তাছাড়া “তোমার এখন বিশ্রাম প্রয়োজন, পানসির বিরক্তিকর জার্নি তোমার জন্য ক্ষতির কারণ হবে।”
“বাচ্চার জন্য হলেও আমাকে তাই করতে হবে।” তবে “আমাকে কথা দাও যে, তুমি যত শীঘ্রই সম্ভব ফিরে আসবে। আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব”, জুডিথ বলল।
হাল বার জনের একটা দল নিয়ে লংবোট-এ করে পাহাড়ের মধ্যখান দিয়ে বয়ে চলা উপনদীর মাঝ দিয়ে যাত্রা শুরু করল। যাত্রার শুরুর পরই তারা দেখতে পায় যে ধূসর চামড়ার বিশালাকার জম্ভগুলো তাদের দিক থেকে আগ্রহ হারিয়ে ফেলে বনের দিকে যাত্রা শুরু করেছে।
লম্বা, সোজা একটা রাস্তা পার হওয়ার পর তাদেরকে একটা নদীর বাঁক ঘুরতে হলো। তখন হাল, অ্যাবোলি এবং ডেনিয়েল পাহাড়ের চূড়ায় একঝাঁক বেবুন দেখত পায় যেটা তাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
গোল্ডেন বাউ যেখানে নোঙর করা আছে সেখান থেকে প্রায় দশ মাইল দূরে তাদেরকে যেতে হয়। নদীর পানির ধারা আস্তে আস্তে সরু হতে থাকে। যদিও সময়ের সাথে পাহাড়ের চূড়া তাদের দিক থেকে দূরে সরে যাচ্ছে যেন থর দেবতা তার হাতুড়ি দিয়ে পাহাড় ভেঙে দূরে সরিয়ে দিয়ে গিয়েছে।
“এই সেই জায়গা, মাস্টার ডেনিয়েল”, হাল অন্য নৌকোটির উদ্দেশ্যে বলল। এরপর নৌকোটা দক্ষিণ প্রান্তে ভেড়ানোর জন্য রাডার স্থাপন করল। তার বাবার স্মৃতি বিজড়িত পাথরটার সাথে নৌকোদুটো নোঙর করল সে।
এরপর সেই লোকটির স্মৃতির উদ্দেশ্যে দুই মিনিট নীরবতা পালন করল সে যিনি তাকে জন্ম দিয়েছেন এবং তাকে এই কঠিন বন্ধুর পথে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত করেছেন। হাল চোখ খুলে তাকিয়ে দেখল অ্যাবোলি তার দিকে চেয়ে আছে।
তারা পরস্পর দৃষ্টি বিনিময় করল, এরপর মাথা নাড়ল হাল; এখন কাজ শুরু করার সময় হয়েছে।
হাল উঠে দাঁড়িয়ে দুটো রশির কয়েল তার কাঁধে ঝুলিয়ে রাখল। “আমি প্রথমে যাব, এরপর তুমি”, সে অ্যাবোলির উদ্দেশ্যে বলল। এরপর ডেনিয়েল এর দিকে তাকিয়ে বলল, “তুমি চারজনকে সঙ্গে নিয়ে নৌকোয় থাকবে। আমি এখান থেকে যা কিছু নামিয়ে দেব সেগুলো নৌকোয় রাখবে। বাকিরা সতর্ক দৃষ্টি রেখে চারদিক পাহাড়া দেবে, ঠিক আছে?”
পাথরটার পাশে লাফ দিয়ে নামল হাল, তারপর আস্তে আস্তে উপরে উঠতে শুরু করল।
“সাবধানে উঠ, গান্ডওয়েন”, অ্যাবোলি পেছন থেকে বলে উঠল। তাড়াহুড়োর কিছু নেই।
হাল অ্যাবোলির কথা কানে তুলল না। হঠাৎ করেই সে নিজের ভেতর এক ধরনের তাড়না অনুভব করছে। এতদিন পর্যন্ত কী গুপ্তধনগুলো অরক্ষিত অবস্থায় আছে নাকি অন্য কেউ সেটা খুঁজে পেয়েছে?
