থেবস আর কারনাকে, জবাব দিল তাইতা, দিমিতারের দিকে তাকাল।
মাথা দুলিয়ে সায় দিলেন তিনি। জাগতিক ও অলৌকিক সব উৎস থেকে সব রকম সাহায্য যোগাড় করতে হবে আমাদের।
ফারাও দেবতাদের মনোনীত পুরুষ, মানবজাতির ভেতর সবচেয়ে ক্ষমতাবান, সায় দিল তাইতা।
আর আপনি তার প্রিয়ভাজনদের মধ্যে প্রধান, বললেন দিমিতার। আজ রাতেই আমাদের তাঁর কাছে যেতে রওনা দিতে হবে।
উইন্ডম্মেকের পিঠে আসীন হলো তাইতা, ইকবাতানার সমভূমি থেকে নিয়ে আসা অন্য একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে খুব কাছে থেকে অনুসরণ করল মেরেন। উটের পিঠে নিজের দোল খাওয়া হাওদায় শুয়ে রইলেন দিমিতার। তার পাশাপাশি এগোল তাইতা। হাওদার পর্দা খোলা, কাফেলার নানা মৃদু শব্দ-ছাপিয়ে ছোট পেরেকের ঝুনঝুনানি, হলদে বালির বুকে ঘোড়া আর উটের পায়ের শব্দ এবং চাকা ও পাহারাদারদের নিচুকণ্ঠের কথোকথন পরস্পরের সাথে আলাপ করছিল ওরা। রাতে বিশ্রাম নিতে ও পশুদের পানি খাওয়াতে দুবার থামল ওরা। প্রতিবার বিরতির সময় আত্মগোপনের জাদুর অনুশীলন করল তাইতা ও দিমিতার। ওদের মিলিত শক্তি দুর্ভেদ্য, দুর্জয় হয়ে উঠল যেন: যদিও আবার পশুর পিঠে আসীন হওয়ার আগে চারপাশের নৈঃশব্দ্য ও অন্ধকারে তীক্ষ্ণ তল্লাশি চালালেও ইয়োসের ভীষণ উপস্থিতির নতুন কানও চিহ্ন বের করতে পারেনি ওরা।
আপাতত আমাদের হারিয়ে ফেলেছে সে, কিন্তু সব সময়ই ঝুঁকির ভেতর থাকব আমরা; ঘুমের সময় বিপদ হবে সবচেয়ে বেশি। একসাথে দুজনের ঘুমানো ঠিক হবে না, পরামর্শ দিলেন দিমিতার।
আমরা আর কখনওই সতর্কতায় ঢিল দিতে পারব না, বলল তাইতা। অযথা ভুলের ব্যাপারে সতর্ক থাকব। প্রতিপক্ষকে খাট করে দেখেছিলাম আমি। অসতর্ক অবস্থায় হানা দেওয়ার সুযোগ করে দিয়েছি ইয়োসকে। আমার এই বোকামি ও দুর্বলতার জন্যে দুঃখিত।
আপনার চেয়ে আমার দোষ শতগুন বেশি, স্বীকার গেলেন দিমিতার। আমার ক্ষমতা দ্রুত ক্ষয়ে যাবার ভয় হচ্ছে, তাইতা। আপনাকে আগেই পরামর্শ দেওয়া উচিত ছিল আমার, কিন্তু নবীশের মতো আচরণ করেছি আমি। এরপর আর আমাদের কোনও ভুল করা চলবে না। অবশ্যই প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই পথেই আক্রমণ শানাতে হবে। তবে নিজেদের প্রকাশ করা চলবে না।
আপনার সব কথা সত্ত্বেও ইয়োস সম্পর্কে আমার বিদ্যা ও উপলব্ধি বেদনাদায়কভাবে ক্ষীণ। নিজের বিপদের সময় মোকাবিলা করা ওর প্রতিটি খুঁটিনাটি ব্যাপার মনে করতে হবে আপনাকে, সে যত তুচ্ছই হোক, কিংবা তাৎপর্যহীন মনে হোক, বলল তাইতা, নইলে সব সুবিধা থাকবে ওর পক্ষে, আমি অন্ধ থেকে যাব।
আমাদের মধ্যে আপনার ক্ষমতা অনেক বেশি, বললেন দিমিতার। তবে ঠিক কথাই বলেছেন। আমরা একসাথে হওয়ার পর তার প্রতিক্রিয়া কত ক্ষিপ্র ছিল ভেবে দেখুন, আমাদের মিলিত শক্তিকে ছিন্নভিন্ন করে দিয়েছে সে। আমাদের দেখা হওয়ার কয়েক ঘণ্টার ভেতর পাল্লা দিয়েছে। এখন থেকে আমার উপর তার আক্রমণ অবিরাম ও ভয়ঙ্কর হয়ে উঠবে। ওর সম্পর্কে যা কিছু জানি তার সবটুকু আপনার হাতে তুলে না দেওয়া পর্যন্ত বিশ্রাম নেওয়া চলবে না। সে আমাকে খুন বা আমাদের ভেতর বিভেদ সৃষ্টি করার আগে কতটা সময় পাওয়া যাবে কে জানে। প্রতিটি ঘণ্টা মূল্যবান।
মাথা দোলাল তাইতা। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েই শুরু করা যাক। সে কে, কোত্থেকে এসেছে, জানি আমি। এবার জানতে হবে তার ঠিকানা। কোথায় আছে সে, দিমিতার? ওকে কোথায় খুঁজে পাব আমরা?
অনেক অনেক আগে আগামেনন ও তার ভাই মেনেলস ইম্বালিয়ন দখল করার পর অ্যাপোলোর মন্দির থেকে পালানোর পর থেকে অসংখ্য আস্তানায় আত্মগোপন করেছে সে।
তার সাথে আপনার সেই করুণ সাক্ষাৎ হয়েছিল কোথায়?
মধ্য সাগরের এক দ্বীপে, জলদস্যু ও ডাকাতের শক্ত ঘাঁটি হয়ে উঠেছিল সেটা। সেই সময় এরনা নামের এক বিরাট অগ্নি-পাহাড়ের ঢালে থাকত সে। আগ্নেয়গিরি থেকে আগুন, অগ্নি পাথর আর বিষাক্ত ধোঁয়ার মেঘ বেরিয়ে সোজা আকাশের দিকে উঠে যেত।
অনেক আগের ঘটনা?
আমার বা আপনার জন্মেরও বহু শত বছর আগে।
শুষ্ক হাসল তাইতা। হ্যাঁ, তা বটে। অনেক আগের কথাই। আবার কঠিন হয়ে উঠল ওর অভিব্যাক্তি। এমন কি হতে পারে যে ইয়োস এখনও এরনাতেই আছে?
এখন আর ওখানে নেই সে, বিনা দ্বিধায় জবাব দিলেন দিমিতার।
নিশ্চিত হচ্ছেন কীভাবে?
তার কবল থেকে ফিরে আসার সময় আমার শরীর ও প্রাণশক্তি, দুটোই খানখান হয়ে গিয়েছিল, আমার মন বেসামাল হয়ে গেছে, আমাকে যেই বিপদে সে ফেলেছিল তার কারণে মানসিক শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। এক দশকের কিছু বেশি সময় তার বন্দি ছিলাম, কিন্তু প্রতিটি বছর যেন আয়ুর সমান বুড়িয়ে গেছি আমি। তারপরেও পালানোর সময় নিজেকে আড়াল করতে আগ্নেয়গিরির বিশাল অগ্নৎপাতের সুযোগ নিয়েছিলাম। এরনার পুব ঢালে এক সামান্য দেবতার মন্দিরের যাজকদের সাহায্য পেয়েছিলাম। একটা ছোট নৌকায় সংকীর্ণ প্রণালী দিয়ে দ্রুত আমাকে মূল ভূখণ্ডে পৌঁছে দিয়েছে ওরা। আমাকে পাহাড়ের গায়ে লুকানো গোত্রের আরেকটা মন্দিরের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তারপর। ওখানে ওদের ভাইদের হাওলায় রেখে যায়। ওই সৎ যাজকরা আমার অবশিষ্ট ক্ষমতা ফিরে পেতে সাহায্য করেছে, ইয়োসের পাঠানো এককভাবে বিষাক্ত জাদু টের পাওয়ার জন্যে সেটা দরকার ছিল আমার।
