পালানোর চেষ্টা করতেই মায়ের হাতে ধরা খেয়ে দীর্ঘশ্বাস ফেলল শাসা। কোনোমতে বলল, “জ্যাক আর আমি নতুন টাট্ট ঘোড়াটাকে নিয়ে সময় কাটাবো।”
“ম্যাডাম ক্লেয়ার তোমার জন্য অপেক্ষা করবেন। গণিতে তো আরেকটু মন দেয়া উচিত তাই না?”
“ওহ, মা, এখন তো ছুটি।”
“তুমি যখন অলস সময় কাটাবে তখন কেউ হয়ত কঠোর পরিশ্রম করবে আর যখন সময় আসবে তখন তোমাকে ল্যাং মেরে ফেলে দেবে।”
“ইয়েস।” সাহায্যের আশায় নানার দিকে তাকাল শাসা।
“আরে, নানুভাই, গণিতের ম্যাডাম চলে গেলেই মা তোমাকে কয়েকঘণ্টা ছুটি দেবে। কারণ এখন তো সত্যিই ছুটি।”
মেয়ের দিকে আশা নিয়ে তাকালেন স্যার গ্যারি।
“আমিও আমার ইয়াং ক্লায়েন্টের হয়ে আর্জি জানাতে চাই।” জেনারেলের কথা শুনে হেসে ফেললেন সেনটেইন।
“ঠিক আছে। কিন্তু আগে টিচার।”
পকেটে হাত ঢুকিয়ে বিরস বদনে ম্যাডামের কাছে ছুটল শাসা।
“তো চলো” সিরিলের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালেন সেনটেইন, “কাজ করা যাক।”
জোড়া কাঠের সদর দরজা ঠেলে শেষ মাথার স্টাডিতে চলে এলেন সেনটেইন। পুরুষ সেক্রেটারির দল এখানেই অপেক্ষা করছে। সবাই বেশ তরুণ আর সুদর্শন। ফুলে ফুলে ভরে আছে স্টাডি। রোজ নতুন ফুল তুলে ফ্লাওয়ার ভাসে রাখাটাই তার রীতি।
চতুর্দশ লুইসের লম্বা টেবিলটাকে ডেস্ক হিসেবে ব্যবহার করেন সেনটেইন। চারপাশে পৃথক পৃথক রূপার ফ্রেমে ঝুলছে শাসার পিতার ডজন ডজন ছবি। একেবারে শেষের ছবিটাতে দেখা যাচ্ছে সিঙ্গেল সিটার স্কাউট প্লেটের সামনে নিজ স্কোয়াড্রনের পাইলটদের সামনে দাঁড়িয়ে আছেন মাইকেল কোটান। চামড়ার চেয়ারে বসে খানিকটা হেলে পড়া ছবিটাকে ঠিক করে দিলেন সেনটেইন।
“আমি পুরো কনট্রাকটটা পড়ে দেখেছি।” মুখোমুখি চেয়ারে বসল সিরিল। কিন্তু দুটি অনুচ্ছেদ মনঃপূত হয়নি। প্রথমটা হল ছাব্বিশ।” বাধ্য ছেলের মত পাতা উল্টালো সিরিল। দু’পাশে দাঁড়ানো মনোযোগী সেক্রেটারির দল নিয়ে দিনের কাজ শুরু করলেন সেনটেইন।
সব সময় হানি খনি দিয়েই কাজ শুরু হয়। এ সময় মনে হয় যেন কালাহারির বিশালতায় আত্মমগ্ন হয়ে পড়েন সেনটেইন। আনন্দচিত্তে ভাবলেন, “কাল আমি আর শাসা আবার সেখানে যাবো।” এরপর একেবারে শেষ ডকুমেন্টে সাইন করে দিয়ে এগিয়ে গেলেন খোলা ফ্রেঞ্চ দরজার দিকে।
নিচে পরিচারকদের কোয়ার্টারের পেছনে জক মারফি’র সাথে টাটু ঘোড়া নিয়ে খেলছে শাসা।
ঘোড়াটা বেশ বড়সড়। মাত্র কয়েকদিন আগেই ঘোড়ার আকার থেকে সীমারেখার নীতি তুলে নিয়েছে আন্তর্জাতিক পোলো অ্যাসোসিয়েশন। বয়স কম হলেও এখনই শক্ত হয়ে বসে দৃঢ়তার সাথে পোলো অনুশীলনে দক্ষ হয়ে উঠেছে শাসা।
জক মারফিকেও সেনটেইনই খুঁজে এনেছেন। এর আগে বিভিন্ন ধরনের কাজ করেছে জক: রয়্যাল মেরিন, পেশাদার কুস্তিগির, মাদক বহনকারী আরো কত কী। এখন সেই শাসার শারীরিক প্রশিক্ষক। শাসাকে নিজের ছেলের মতই ভালোবাসে জক।
কেবল প্রতি তিন মাসে একবার হুইস্কি খেলে হয়ে উঠে আস্ত একটা শয়তান। ফলে সেনটেইনকে পুলিশ স্টেশনে লোক পাঠিয়ে জককে ছাড়িয়ে আনাতে হয়। প্রতিবার একই ঘটনা। বুকের উপর ঝুলতে থাকে ডার্বি হ্যাট, লজ্জায় চকচক করে ওঠে টাক মাথা আর আকুতি জানিয়ে বলে,
“আর কখনো এমন হবে না। আমাকে আরেকটা সুযোগ দিন, কথা দিচ্ছি আর এরকম করব না।”
***
একজন মানুষের দুর্বল দিক সম্পর্কে জেনে রাখা খুবই প্রয়োজন। লাগাম টেনে তাকে রুখে দেয়া যাবে আবার ইচ্ছেমত চালানোও যাবে।
উইন্ডহকেও কোনো কাজ পাওয়া গেল না। কখনো পায়ে হেঁটে, কখনো ট্রাক আর ওয়াগনে লিফট প্রার্থনা করে অবশেষে শহরতলীতে পৌঁছালো তিনজনে।
এখানকার তাবুর মাঝে ভালো জায়গাগুলো আগেই দখল হয়ে গেছে। কোনোরকমে একটা গাছের নিচে ঠাই মিলল। আগুনের পাশে বসে গরম পানিতে গম ঠেলে যৎসামান্য খাবার বানাবার চেষ্টা করছেন সোয়ার্ট হেনড্রিক। শহরে কাজ খুঁজতে গিয়েও হতাশ হয়ে ফিরে এসেছেন লোথার।
“ম্যানফ্রেড কোথায়?”
চিবুক উঁচিয়ে কাছের একটা চালাঘরের দিকে নির্দেশ করলেন হেনড্রিক। মন্ত্রমুগ্ধের মতন লম্বা দাঁড়িঅলা এক লোকের কথা শুনছে ডজনখানেক ভবঘুরে।
“ম্যাল উইলেম” বিড়বিড় করলেন হেনড্রিক, “পাগল উইলিয়াম” ছেলেকে খুঁজলেন লোথার। অন্যদের মাঝে দেখা গেল ম্যানফ্রেডের উজ্জ্বল সোনালি চুল।
এরপর নিজে পাইপ ধরিয়ে হেনড্রিকের দিকে ছুঁড়ে দিলেন তামাক পাতা।
“তুমি কী পেলে?” দিন আর রাতের বেশিরভাগ সময় উইন্ডহকের ওপাশে কৃষ্ণাঙ্গদের বস্তিতেই কাটান হেনড্রিক। কেননা কারো গোপন কথা জানলে, তার পরিচারকেরাই হতে পারে শ্রেষ্ঠ উৎস।
“কী খুঁজে পেয়েছি জানো, কেউ তোমাকে ফ্রি ড্রিংক দেবে না আর উইন্ডহকের পরিচারিকাদেরকে তো কেবল ভালোবাসার কথা বলে কিছুতেই কাবু করা যাবে না।” দাঁত বের করে হাসলেন হেনড্রিক।
থু, মুখ থেকে তামাকের পিক ফেলে ছেলের দিকে তাকালেন লোথার। ক্যাম্পে নিজ বয়সীদের ছেড়ে বয়স্ক পুরুষদের সাথে ওর মেশার আগ্রহ দেখে খানিকটা চিন্তা হচ্ছে।
“আর কী?” হেনড্রিকের কাছে জানতে চাইলেন লোথার। “লোকটার নাম ফুরি। গত দশ বছর ধরে খনিতে কাজ করছে। প্রতি সপ্তাহে চার-পাঁচটা ট্রাক নিয়ে আসে আর তারপর মাল বোঝাই করে চলে যায়।”
