এ ব্যপারে কথা শেষ, ওকে আমি এতো ভালো করে চিনি–কোনো সন্দেহ নেই আর। যা বলছে, তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে ট্যানাস।
কী করবে তাহলে, হতচ্ছাড়া বোকা, রাগে জ্বলে উঠলাম আমি। আমার কোনো কথারই মূল্য নেই তোমার কাছে। নিজেই যদি সব বোঝো, তবে একাই কর। হঠাৎ করেই যদি তোমার জ্ঞান এতো বেশি হয়ে থাকে যে আমাকে তোমার আর প্রয়োজন নেই, তাহলে আর কি করা।
তোমার পরামর্শ আমি ততক্ষণ পর্যন্ত নেবো, যতক্ষণ তা আমার কাছে অর্থবহ মনে হবে। হাত ধরে টেনে তার পাশে আমাকে বসালো ট্যানাস। দয়া করে আমাদের সাহায্য করো, টাইটা। লসট্রিস আর আমার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে। সম্মানজনক একটা উপায় বাতলাও আমাদের।
আফসোস, সেরকম কিছু আর সম্ভব নয়, জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম। যদি মুকুটের দখল নেওয়ার কোনো অভিপ্রায় না থাকে, তাহলে আর এখানে থাকার সাহস করো না। লসট্রিসকে নিয়ে কোথাও পালিয়ে যাও।
চন্দ্রালোকিত সেই রাতে স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে ছিলো ট্যানাস। মিশর ছেড়ে চলে যাবো? নিশ্চই তামাশা করছো তুমি। এটা আমার মাটি, আমার আর লসট্রিসের জন্মস্থান।
না! জোর গলায় বললাম। আমি তা বোঝাতে চাইনি। মিশরে আরো একজন ফারাও আছেন। শক্ত লোক আর যোদ্ধার বড়ো প্রয়োজন তার। তোমাকে বরণ করে নেবে সে। এখানে, এই কারনাকের মতো নিম্ন-রাজ্যেও তোমার সুখ্যাতি আছে। হোরাসের প্রশ্বাসে করে লসট্রিসকে নিয়ে উত্তরে চলে যাও। কোনো জাহাজের সাধ্যি নেই তোমার নাগাল পায়। এই বাতাস আর স্রোত পেলে দশ দিনের মধ্যেই মেমফিস এ, লাল ফারাও-এর প্রাসাদে পৌঁছে যাবে। তাকে–
হোরাসের কসম, আমাকে বিশ্বাস ঘাতক বানিয়ে ছাড়বে তুমি! আমাকে থামিয়ে বলে উঠে ট্যানাস। কার আনুগত্য স্বীকার করবো, একজন জবরদখলকারির? ফারাও মামোসকে যে প্রতিজ্ঞা করেছি, তার কি হবে তাহলে? এর কোনো মানে নেই তোমার কাছে, তাই না? যদি একজন রাজা আর একজন দস্যর প্রতি একই প্রতিজ্ঞা করি তাহলে কি রকম মানুষ হলাম আমি? প্রতিজ্ঞা ভেঙে ফেলার জন্যে করা হয় না, টাইটা, এক জীবনে একবারই করা যায়। আমি সত্যিকারের ফারাও মামোসের অনুগত।
তোমার সেই সত্যিকারের ফারাও-ই কিন্তু ছিনিয়ে নেবে তোমার প্রেম, এবং গলায় ফাঁসির দড়ি পরানোর আদেশও তিনিই দেবেন, নিষ্ঠুরভাবে চোখে আঙুল দিয়ে সত্যিটা ওকে দেখিয়ে দিলাম আমি। এবারে ট্যানাসও যেনো একটু ভড়কালো।
ঠিকই বলছো। কারনাকে থাকা ঠিক হবে না আমাদের। কিন্তু আমি কখনই প্রতিজ্ঞা ভাঙতে পারবো না, আমার এই তলোয়ার কখনও ফারাও-এর বিরুদ্ধে চলবে না।
তোমার ভাবাবেগের এক বিন্দু অর্থ নেই আমার কাছে। গলার স্বরে ভর্ৎসনা লুকিয়ে রাখতে পারলাম না। আমি যা বুঝি, সব ভেস্তে যাবে। কী করবে নিজেকে, লসট্রিসকে ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে রক্ষা করতে?
জানি, বুড়ো বন্ধু, আমার উপর রাগ করার অনেক কারণ আছে। আমিই তোমার কাছে পরামর্শ চেয়েছিলাম, আবার আমিই তোমাকে নাকচ করছি। একটু ধৈর্য ধরো, টাইটা। আর কিছু সময় অন্তত আমাকে সাহায্য কর। উঠে দাঁড়িয়ে ফারাও-এর চিড়িয়াখানায় বন্দী চিতার মতো এদিক-সেদিক পায়চারী করতে লাগলো ট্যানাস। বিড়বড়ি করে নিজেকেই কি যেনো বলছে, থেকে থেকে মুঠো পাকাচ্ছে। ঘুষি মারছে হাতে।
শেষমেষ আমার সামনে এসে দাঁড়ালো সে। বিশ্বাসঘাতক আমি হতে পারবো । কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে নিজের উপর জোর খাঁটিয়ে কাপুরুষের ভূমিকায় খেলতে রাজী আছি। যদি লসট্রিস রাজী থাকে, তবে ওকে নিয়ে পালিয়ে যাবো আমি। এইখান থেকে দূরে কোথাও চলে যাবো আমরা। কোথায়? আমি জানতে চাইলাম।
জানি, নদী ছেড়ে থাকতে পারবে না লসট্রিস। হাপির সঙ্গেই থাকবো আমরা। একটাই মাত্র জায়গা আছে যাওয়ার, শক্তিশালী হাত উচিয়ে চাঁদের আলোয় দক্ষিণ দিক নির্দেশ করে ট্যানাস। নীলনদের গতিপথ ধরে দক্ষিণের গভীরে, আফ্রিকার গহীনে চলে যাবো আমরা সেই কুশ দেশের ওপারে। জলপ্রপাত পেরিয়ে চলে যাবো, যেখানে আজ পর্যন্ত কোনো সভ্য মানুষের পা পরেনি। ওখানে, দেবতারা সহায় হলে, হয়তো নিজেদের জন্যে আরো একটা টা-মেরি তৈরি করে নেবো আমরা।
তোমার সঙ্গী হবে কারা?
ক্ৰাতাস, অবশ্যই; আর আমার লোকেদের মধ্যে যারা শিকার আর বন্যপ্রাণী ভালবাসে, তারা যাবে। আজ রাতেই ওদের ডেকে নিয়ে সুযোগ দেবো আমি। পাঁচটা জাহাজ, আর ওগুলো চালানোর মতো যোদ্ধা হলেই চলবে। সূর্যোদয়ের আগেই যাত্রা শুরু করতে হবে আমাদের। তুমি নেক্রোপোলিসে গিয়ে আমার কাছে নিয়ে আসতে পারবে এখন লসট্রিসকে?
আর আমি? শান্ত স্বরে জানতে চাইলাম। আমাকে নেবে সঙ্গে?
তুমি যাবে? হাসিতে ভেঙে পরলো ট্যানাস। সত্যিই কী তোমার বাগান, তোমার বই, গীতিনাট্য, মন্দির নির্মাণ ছেড়ে আসতে পারবে? বিপদজনক পথ ওটা, পদে পদে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকবে। সত্যিই কী আসতে চাও, টাইটা?
আমার পরিচর্যা ছাড়া তোমরা টিকতে পারবে না। আমি না থাকলে না জানি নির্বোধের মতো কত বিপদে ফেলবে তুমি মিসট্রেসকে।
এসো তাহলে! আমার পেছনে চাপড়ে দিয়ে বললো ট্যানাস। আমি জানতাম, তুমি আসবেই। এও জানি, লসট্রিস কখনও তোমাকে ছেড়ে আসবে না। অনেক কথা হয়েছে! এখন দ্রুত কাজ করতে হবে আমাদের। প্রথমে, ক্ৰাতাস এবং অন্যদের সুযোগ দেবো আমরা। এরপরে, নেক্রোপোলিসে গিয়ে লসট্রিসকে নিয়ে আসতে হবে তোমাকে। এদিকে আমি যাত্রার প্রস্তুতি শেষ করছি। বারোজন সেরা যোদ্ধা দিচ্ছি। তোমার সাথে, তাড়াতাড়ি করো। মাঝরাত পেরিয়ে গেছে সেই কবে।
