ঠিক, সায় দিলেন ফারাও। সমুদ্রের মতো গভীর তার পাপ, আকাশ সমান উঁচু। উপযুক্ত শাস্তির ব্যাপারে ভাবতে হবে আমাকে। ফাসীর দড়ি এর জন্যে কিছুই নয়।
ম্যাজিস্টি, আপনার চিকিৎসক হিসেবে বলছি, এখন বিশ্রাম প্রয়োজন আপনার। প্রচুর ধকল গিয়েছে আজ।
ইনটেফ কোথায়? সে শাস্তি না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই।
নিজের প্রকোষ্ঠে বন্দী আছে সে। নীল বাহিনীর যোগ্য যোদ্ধারা পাহারা দিচ্ছে। দোনোমনো করে যোগ করলাম, র্যাসফারকেও পাহারা দিয়ে রাখা হয়েছে।
র্যাসফার ইনটেফের দোসর ওই যে কুৎসিত শয়তানটা? ওসিরিসের মন্দিরে যে তোমাকে মেরে ফেলতে চাইছিলো? ট্যানাসের মার থেকে বেঁচে গেছে সে?
বেঁচে গেছে, সায় দিলাম। মহান ফারাও কী জানেন, বহুকাল আগে এই র্যাসফারই আমাকে খোঁজা করেছিলো? রাজার চেহারায় ফুটে উঠলো দুঃখবোধলক্ষ্য করলাম আমি।
ঠিক ওর প্রভুর মতোই গতি হবে ওর, প্রতিজ্ঞা করলেন ফারাও। ইনটেফের শাস্তি সেও পাবে। তাতে চলবে তো, টাইটা?
মহান সম্রাটের সিদ্ধান্ত ন্যায্য তিনি সর্বজ্ঞ। ধীরে তার শয্যাপাশ ছেড়ে লসট্রিসের খোঁজে চললাম।
আমারই জন্যে অপেক্ষা করছিলো সে। মধ্যরাত পেরিয়ে গেছে ততক্ষণে, আমিও ক্লান্ত, কিন্তু কিছুতেই ছাড়বে না লসট্রিস। উত্তেজনায় কলকল করছিলো সে। জানি ঘুমোতে দেবে না আমাকে, বাধ্য হয়ে ট্যানাস আর বিভিন্ন বিষয়ে ওর বকবক শুনতে ব্যাপৃত হলাম।
*
ঘুমের স্বল্পতা সত্ত্বেও পরদিন সকালে ওসিরিসের মন্দিরে যখন পৌঁছলাম, বেশ তরতাজা বোধ করছিলাম।
আগের দিনের চেয়েও যেনো বেশি লোক সমবেত হয়েছে আজ। রাজ-উজিরের শাস্তি শুনতে থিবেসের প্রতিটি মানুষ উদগ্রীব। এমনকি, যারা তার সংস্পর্শে থেকে লাভবান হয়েছে, তারা পর্যন্ত ইনটেফের বিরুদ্ধে যেতে সময় নেয়নি একটুও; ঠিক হায়েনার পালের মতো ঘিরে ধরেছে নিজেদের এতদিনের অভিভাবককে।
হাত-পা বাঁধা অবস্থায় হাজির করা হলো শ্রাইক নেতাদের। ইনটেফ এলেন দারুন লিনেন কাপড় আর রুপোর স্যান্ডল পড়ে। চুল পরিপাটি করে আঁচড়ানো, মুখে প্রসাধন, গলায় ঝুলে আছে প্রশংসার স্বর্ণ শেকল।
শ্ৰাইক নেতারা নিচু হয়ে দাঁড়ালো রাজার সামনে। কিন্তু এমনকি প্রহরীর তলোয়ারের খোঁচা খেয়েও নিচু হতে অস্বীকৃতি জানালেন ইনটেফ। রাজা ইশারায় বাধা দিলেন প্রহরীকে।
তাকে দাঁড়াতে দাও! নির্দেশ দিলেন ফারাও। কবরে তো বহুকাল শুয়েই থাকবে! এরপর, স্বর্ণালঙ্কার আর রাজকীয় পোশাকে সজ্জিত রাজা উঠে দাঁড়ালেন। সত্যিই, অন্তত একবারের জন্যে, সত্যিকারের রাজা মনে হচ্ছিলো তাঁকে; তার বংশধারার প্রথমজনের মতো। এমনকি আমি যে জানি তার সমস্ত দুর্বলতা পর্যন্ত মুগ্ধ না হয়ে পারলাম না।
লর্ড ইনটেফ, বিশ্বাসঘাতকতা আর হত্যার অভিযোগে অভিযুক্ত তুমি। লুটপাট, ষড়যন্ত্র, আরও অন্তত একশ অপরাধ–যার শাস্তিঅবশ্যম্ভাবী তুমি করেছে। সকল রকম পেশার পঞ্চাশজন নাগরিক আমার কাছে দেবতাদের নামে কসম কেটে বলেছে, তা সে জমিদার হোক বা দাস। রাজকোষ থেকে তোমার চুরি করা সমস্ত সম্পদ আমি নিজ চোখে দেখেছি। তোমার ব্যক্তিগত সীল ছিলো সেই বাক্সে। এ সমস্ত কারণেই, তোমার অপরাধ অন্তত হাজার বার প্রমাণিত হয়েছে। আমি, মামোস, বংশধারার অষ্টম সম্রাট, ফারাও এবং এই মিশরের শাসক, এতদ্বারা তোমাকে দোষী বলে ঘোষণা করলাম; এবং যে কোনো রকম রাজ-ক্ষমা পাওয়ার সুযোগ থেকে তোমাকে অযোগ্য ঘোষণা করলাম।
ফারাও দীর্ঘজীবি হোন! হুঙ্কার দিয়ে উঠলো ট্যানাস। সেই চিৎকার ঠোঁটে তুলে নেয় থিবেসের হাজারো জনতা। ফারাও চিরজীবি হোন!
নীরবতা নেমে আসতে আবারো মুখ খুললেন ফারাও। লর্ড ইনটেফ, প্রশংসার স্বর্ণ শেকল পড়ে আছো তুমি । একজন বিশ্বাসঘাতকের গলায় ওটা মানায় না, ট্যানাসের উদ্দেশ্যে তাকালেন তিনি, হে বীর, আসামীর গলা থেকে ওটা খুলে নাও!
ইনটেফের গলা থেকে হারটা খুলে নিয়ে রাজার কাছে ফিরিয়ে নিয়ে যায় ট্যানাস, দুই হাতে ওটা ধরলেন তিনি। কিন্তু ট্যানাস ফিরে যেতে উদ্যত হতেই ওকে থামালেন।
বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে লর্ড হেরাব নামটি কলঙ্কত হয়েছে। পিতার নির্দোষীতা প্রমাণ করেছো তুমি পিয়াংকি, লর্ড হেরাবের বিরুদ্ধে সমুদয় শাস্তি রহিত করলাম আমি; এবং মৃত্যু-পরবর্তী সমস্ত সম্মান এবং উপাধিতে তাঁকে ভূষিত করলাম যা জীবদ্দশায় কেড়ে নেওয়া হয়েছিলো তার কাছ থেকে। সমস্ত উপাধি এবং সম্মান এখন উত্তরাধিকারসূত্রে তোমার উপর বর্তালো।
বাক্-হার! চেঁচিয়ে উঠে জনতা। ফারাও চিরজীবি হোন! জয়, ট্যানাস-প্রভু হেরাবের জয় হোক!
উত্তরাধিকারসূত্রে পাওয়া উপাধি ছাড়াও, নতুন করে সম্মান দিতে চাই আমি তোমাকে। আমার দেওয়া আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করেছে। শ্রাইকদের ধ্বংস করে তাদের নেতাদের আইনের হাতে সমর্পণ করেছে। ম্রাটের প্রতি এই সেবার জন্যে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করলাম তোমাকে। নিচু হও, লর্ড হেরাব, রাজার পুরস্কার গ্রহণ করো!
বা হার! আনন্দে ফেটে পড়লো জনতা। মাত্রই ইনটেফের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের হারের সঙ্গে বীরের প্রতীক একটি তারকা যোগ করে ট্যানাসের গলায় পরিয়ে দিলেন ফারাও।
প্রভু হেরাবের জয় হোক!
ট্যানাস তার জায়গায় ফিরে যেতে আসামীর দিকে দৃষ্টি ফেরালেন ফারাও। থিবেসের অভিভাবক উপাধি কেড়ে নেওয়া হলো তোমার কাছে থেকে, ইনটে। সমস্ত ভাস্কর্য, মূর্তি, দলিল থেকে তোমার নাম মুছে ফেলা হবে। মহৎ প্রাণের উপত্যকায়, যেখানে নিজের সমাধি তৈরি করেছে সেখান থেকেও। তোমার সম্পদ, চুরি করা ছাড়াও যেগুলো অর্জন করেছিলে, রাজকোষে ফিরিয়ে নেওয়া হবে। কেবল, পিয়াংকি, লর্ড হেরাবের সম্পদ ফিরিয়ে দেওয়া হবে তার একমাত্র উত্তরাধিকারী, পুত্র ট্যানাস, লর্ড হেরাবকে।
