কখনো ভাবিনি, আমার এই শরীরে এতো সুখ আছে। নিজের নগ্ন দেহের দিকে তাকিয়ে মন্তব্য করলো লসট্রিস। চাইছে আমিও তাই করি। ঠিক যা যা বলেছিলে, ট্যানাসের সাথে থাকার সময় তেমনটি বোধ হয়েছিলো, টাইটা। ফারাও তোমাকে প্রশংসার স্বর্ণ শেকল দিয়েছেন, আমিই বা পিছিয়ে থাকবো কেনো? আমিও চাই, এই আনন্দে তোমাকে একটা উপহার দিতে।
তোমার সেবায় আসতে পারাই আমার সবচেয়ে বড়ো পুরস্কার।
পোশাক পরিয়ে দাও, ও নির্দেশ দিলো আমাকে। মাথার উপরে উঁচু করে ধরলো হাত দুটো। যেনো জীবন্ত লাফিয়ে উঠলো বুকজোড়া। আমার চোখের সামনেই তো বড়ো হয়েছে ও দুটো। ধীরে রাতের পোশাক চড়িয়ে দিলাম ওর অনবদ্য শরীরে। এতে করে যেনো আরো খোলতাই হলো ওর সৌন্দর্য ঠিক যেমনি করে সকালের কুয়াশার আবরণে আরো সুন্দর দেখায় নীলের জল।
ভোজসভার আয়োজন করেছি আমি, সকল রাজ-বধূদের দাওয়াত করেছি।
খুব ভালো, মাই লেডি। আয়োজন সফল করতে সবকিছু করবো, চিন্তা করো না।
আরে, না, না। তোমার সম্মানে ওই ভোজসভা। আমার পাশে অতিথি হিসেবে বসবে তুমি।
এর চেয়ে ভয়ানক কথা কে কবে শুনেছে? পাগল হয়েছে, মিসট্রেস? ওটা রীতি নয়।
আমি ফারাও-এর স্ত্রী। রীতিনীতি সমস্ত আমারই তৈরি। ভোজসভায় তোমার জন্যে একটা উপহার দেবো। সবার সামনে সেই উপহার গ্রহণ করবে তুমি।
কী উপহার? দ্বিধান্বিত কণ্ঠে জানতে চাইলাম। কোন্ বিদঘুঁটে কাণ্ড করছে এবারে লসট্রিস, কে বলবে?
নিশ্চই বোলবো, রহস্য করে হাসলো ও। তবে এখন নয়।
*
যদিও আমার সম্মানেই ডোজসভা, তথাপি রান্না-আয়োজনের ভার তো আর রাধুনি-দাসী মেয়েদের হাতে ছেড়ে দিতে পারি না। মেজবান হিসেবে আমার কর্ত্রীর সম্মানের দিকটাওতো দেখতে হবে। পরদিন সূর্যোদয়ের আগেই বাজারে গিয়ে সবচেয়ে তাজা মাছ-সবজি নিয়ে এলাম।
আতনকে প্রতিজ্ঞা করে বলেছি, ও থাকবে নিমন্ত্রিত অতিথিদের মধ্যে; রাজার মদের ভাড়ার খুলে দিয়ে ওখান থেকে আমার পছন্দমতো জিনিস নেওয়ার সুযোগ করে দিলো সে। শহরের সেরা বাদক দল আর কসরৎ প্রদর্শনকারীদের ভাড়া করেছি। ইতিমধ্যেই আমাদের বাগানে ফুটে থাকা অসংখ্য ফুলের সমারোহ উৎসবের আমেজ নিয়ে এসেছে। অভ্যাগত অতিথিদের বসার জন্যে ফুল বিছানো নরম তুলোর তাকিয়া সাজিয়ে রাখলাম।
রাত নামতেই রাজ-বধূরা আসতে শুরু করলো একে একে। কেউ কেউ নিজেদের আসল চুল ফেলে দিয়ে পেটের দায়ে গরিবের বিক্রি করা চুল থেকে তৈরি পরচুলা পরে এসেছে। সবচেয়ে ঘৃণা করি আমি এই সাজ, জীবনের সমস্ত শক্তি দিয়ে হলেও আমার মিসট্রেসকে ওটা করতে বাধা দেবো এ আমার প্রতিজ্ঞা। ওর দীর্ঘ কালো চুলগুলো অসাধারণ সম্পদ; কিন্তু এমনকি সবচেয়ে রূপসী মেয়েকেও সাজ-সজ্জার ব্যাপারে বিশ্বাস করতে নেই।
লসট্রিসের চাপাচাপিতে বাধ্য হয়ে নরম গদিতে, ওর পাশে বসতে হলো। আমার এই আসনে সমাগত অতিথিদের মধ্যে কানা-ঘুষা শুরু হয়ে গেলো। আমার মতো তারাও চরম অস্বস্তিতে ভুগছে। অনেকটা অস্বস্তি কাটানোর জন্যেই দাস বালকগুলোকে ইশারায় জানালাম মদের পাত্রগুলো পূর্ণ করে দিতে। বাদ্য বেজে উঠতে নাচতে শুরু করে দিলো ভাড়া করে আনা নাচিয়েরা।
দারুন খাঁটি মদ, অসাধারণ আবেদনময়ী সুর আর পুরুষ নাচিয়েদের প্রদর্শনীতে মুহূর্তে জমে গেলো আমাদের অনুষ্ঠান। নাচিয়েদের আগেই বলে রেখেছিলাম, যেনো প্রকৃতি-প্রদত্ত ত্বক ছাড়া খুব কম বস্ত্র পরিধান করে আসে; কথামতো নিজেদের লিঙ্গ পরিচয় প্রদর্শনে ব্যপৃত হলো তারা। আমাদের রাজ-বধূরা অত্যন্ত চমৎকৃত হলো এমন আয়োজনে, খুব দ্রুতই মদ তার প্রভাব বিস্তার করলো। আমি নিশ্চিত, বেশিরভাগ পুরুষ নাচিয়ে সকালের আগে হারেম ছেড়ে যাবে না। অনেক রাজ-বধূরই শারীরিক চাহিদা অফুরন্ত, আর রাজা সবাইকে শয্যাপাশে ডেকে নেন না। অনেকের ক্ষেত্রে বছর পর্যন্ত গড়িয়ে যায় ।
এই যখন পরিস্থিতি, আমার মিসট্রেস উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। এরপর, আমার আর ওর ফেলে আসা জীবনের এতো কথা বলতে শুরু করলো। আমি পর্যন্ত লজ্জা পেয়ে গেলাম। সুরার প্রভাব কমবেশি সবার উপরেই পড়েছে, কেউ কেউ দেখলাম বিনা কারণে কাঁদছে। অনেকে আবার মিসট্রেসের আমাকে নিয়ে বলা কথা শুনে হর্ষধ্বনি করতে শুরু করলো।
যা হোক, এই পর্যায়ে এসে আমাকে তার সামনে হাঁটু গেড়ে বসার আদেশ দিলো লসট্রিস। বিশুদ্ধ লিনেনের তৈরি একটা আঁটো জামা পড়েছি আমি, চুলগুলো সুন্দর করে টেনে আঁচড়ে দিয়েছে দাসী মেয়েরা। গলার চারধারে প্রশংসার স্বর্ণ-শেকল ছাড়া শরীরে উপরিভাগে আর কোনো বস্ত্র নেই। এমন জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানে আমার এই সাধারণ বেশ-ভূষা ছিলো সত্যিই মনে গেঁথে যাওয়ার মতো। নিয়মিত সাঁতার আর ব্যায়ামের কারণে আমার শরীরও চমৎকার অবস্থায় আছে। সেই সময়ে আমার স্বাস্থ্য আসলেও চোখে পড়ার মতো ছিলো।
শুনলাম, এক বয়স্কা রাজ-বধূ তার পাশের জনকে বলছে, আফসোস, বেচারা ওর আসল জিনিসটাই হারিয়ে ফেলেছে। না হলে যে কী অসাধারণ একটা খেলনা হতো সে! আজকে সন্ধার জন্যে এই কথাগুলো উড়িয়ে দিতে পারি আমি, অন্য সময়ে হলে হয়তো বুকে বড়ো বাজতো।
বেশ আত্মতৃপ্ত দেখাচ্ছিলো লসট্রিসকে। এতটা সময় পর্যন্ত ওর উপহার সম্পর্কে আমাকে অন্ধকারে রেখেছে সে। সাধারণত, আমার কাছ থেকে কোনো কিছু গোপন রাখতে পারে না ও। আমার নিচু করে রাখা মাথার দিকে তাকিয়ে নরম স্বরে শুরু করলো লসট্রিস।
