গু-ম–’বাজে কথা, ইংরেজরা বেতারে সবসময় সত্যি কথাই বলছে। অতিশয়োক্তি আছে এটা ধরে নিয়েও বলা যায় যে, সত্যি যা ঘটছে তা অতিশয় খারাপ। কেননা পোল্যাণ্ড আর রুশদেশে লক্ষ লক্ষ লোককে ওরা যে স্রেফ কোতল করেছে আর গ্যাস দিয়ে মেরেছে, তা তো আপনি অস্বীকার করতে পারেন না।‘
এইসব কথোপকথনের দৃষ্টান্ত বাড়িয়ে তোমাকে কষ্ট দেব না। আমি নিজে খুব চুপচাপ থাকি এবং এইসব হৈ-হট্টগোলে মোটেই মাথা গলাই না। এখন আমি এমন পর্যায়ে পৌঁচেছি, যেখানে বাঁচি বা মরি এ নিয়ে আমার তেমন মাথাব্যথা নেই। আমি না থাকলেও দুনিয়া যেমন চলছে তেমনি চলবে। যা ঘটবার তা ঘটবে; বাধা দেবার চেষ্টা করে লাভ নেই।
আমি ভাগ্যে বিশ্বাস করি এবং শুধু কাজ করে যাই এই আশায় যে, পরিণামে সব কিছু ভালো হবে।
তোমার আনা।
.
শনিবার, ১২ ফেব্রুয়ারি, ১৯৪৪
আদরের কিটি,
ঝকঝক করছে রোদ, আকাশ গাঢ় নীল, সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি কী আকুল হয়ে অপেক্ষা করছি–মনে মনে চাইছি–সবকিছু। কথা বলে মনের ভার হালকা করতে, খাচা ছেড়ে বেরিয়ে পড়তে, বন্ধুদের সঙ্গ পেতে, নিরিবিলিতে একা থাকতে। সেই সঙ্গে কী যে ইচ্ছে করছে… চিৎকার করে কাঁদতে! আমি জানি কাঁদলে বুকটা একটু হালকা হত; কিন্তু পারছি না। আমি অস্থির হয়ে কেবল এ-ঘর ও-ঘর করছি, বন্ধ জানালার ফাঁক-ফোকড় দিয়ে নিশ্বাস নিচ্ছি আর বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে, যেন বলছে; তুমি কি শেষ অবধি আমার। মনোবাসনাগুলো চরিতার্থ করতে পারো না?’ আমার বিশ্বাস, এ হল আমার মধ্যে নিহিত বসন্ত; আমি অনুভব করছি বসন্তের উনীলন; আমার সারা দেহ মনে তার সাড়া পাচ্ছি। সহজে পারছি না স্বাভাবিক হতে, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, জানি না কী পড়ব, কী লিখব, কী করব, শুধু জানি আমি ব্যাকুল হয়ে আছি।
তোমার আনা।
.
রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ১৯৪৪
আদরের কিটি,
শনিবারের পর আমি আর ঠিক আগের আমি নেই; ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। কিভাবে কী হল বলছি। আমি আকুল ভাবে চাইছিলাম–এবং এখনও চাইছি–কিন্তু… এখন এমন কিছু ঘটেছে, যাতে সেই চাওয়ার তীব্রতা সামান্য, নেহাতই সামান্য, হ্রাস পেয়েছে।
আমার যে কী আনন্দ–অকপটেই তা স্বীকার করব–যখন রাত পোহাতেই আজ সকালে চোখে পড়ল পেটার সারাক্ষণ আমার দিকে তাকিয়ে রয়েছে। সেটা মামুলি গোছের। তাকানো নয়, আমি জানি না কী তার ধরন, আমি ঠিক বুঝিয়ে বলতে পারব না।
আমি ভাবতাম পেটার ভালবাসে মরগটকে, কিন্তু কাল হঠাৎ আমার কেমন যেন মনে হল সেটা ঠিক নয়। আমি বিশেষ ভাবে চেষ্টা করলাম তার দিকে খুব বেশি না তাকাতে, কেননা ওর দিকে চাইলেই ওর চোখও আমার দিকে ফেরে আর তখন–হ্যাঁ, তখন আমার মধ্যে একটা মধুর অনুভূতি জেগে ওঠে, কিন্তু খুব ঘন ঘন সেটা যেন বোধ না করি।
আমি প্রাণপণে একা হতে চাই। বাপি আমার মধ্যেকার ভাবান্তর লক্ষ্য করেছেন, কিন্তু তাকে আমার সব কথা বলা সত্যিই সম্ভব নয়। আমাকে বিরক্ত করো না, নিজের মনে থাকতে দাও’–এই কথা সারাক্ষণ চিৎকার করে আমার বলতে ইচ্ছে করছে। কে জানে, হয়ত এমন দিন আসবে যখন আমি এত একা হয়ে পড়ব যতটা একা হতে আমি চাই না।
তোমার আনা।
.
সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ১৯৪৪
আদরের কিটি,
রবিবার আমি আর পিম ছাড়া বাকি সবাই ‘জার্মান ওস্তাদের অমর সঙ্গীত’ শোনবার জন্যে রেডিওর পাশে বসেছিল। ডুসেল অনবরত রেডিওর চাবিগুলো নিয়ে নাড়াচাড়া করছিলেন। তাতে পেটার এবং অন্যরাও জ্বালাতন বোধ করছিল। আধঘন্টা সহ্য করার পর পেটার খানিকটা রেগেমেগে জিজ্ঞেস করে উনি চাবি নিয়ে নাড়াচাড়া বন্ধ করবেন কিনা। ডুসেল একেবারেই ওকে পাত্তা না দিয়ে জবাব দেন, ‘এটাকে আমি ঠিকঠাক করছি।’ পেটার রাগে অগ্নিশর্মা হয়ে ওঁকে যা-তা বলে। মিস্টার ভান ডান ওর পক্ষ নিলে ডুসেলকে ঘাট মানতে হয়। এই হয়েছিল ব্যাপার।
কারণটা এমনিতে খুব একটা গুরুতর ছিল না, কিন্তু পেটারকে দেখে মনে হল এ নিয়ে ও খুব বিচলিত। যাই হোক, ছাদের ঘরে আমি যখন আলমারিতে বই খুঁজছি, পেটার আমার কাছে এসে পুরো ব্যাপারটা বলতে শুরু করল। আমি কিছুই জানতাম না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেটার যখন দেখল সে একজন মনোযোগী শ্রোতা পেয়েছে তখন সে বেশ গড় গড় করে বলে চলল।
বলল, ‘আর দেখ, আমি সহজে কিছু বলি না। কেননা আমি বিলক্ষণ জানি, বলতে গিয়ে ফল হবে এই যে, আমার কথা আটকে যাবে। আমি তো-তো করতে থাকব, লজ্জায় লাল হব এবং যেটা মনে আছে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে গিয়ে কথা খুঁজে না পেয়ে মাঝপথে চুপ করে যাব। কাল ঠিক তাই হয়েছিল, আমি সম্পূর্ণ অন্য কথা বলতে চেয়েছিলাম, কিন্তু একবার শুরু করে দিয়ে কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল–জঘন্য ব্যাপার। আমার একটা বিশ্রী অভ্যেস ছিল; আমার মনে হয় আজও সেটা থাকলে ভালো হত। আগে কারো ওপর রেগে গেলে তর্কাতর্কির ভেতর না গিয়ে সোজা তাকে ঘুষি মেরে বসতাম। আমি বিলক্ষণ বুঝতে পারি, এই পদ্ধতিতে আমি কিছু করতে পারব না। আমি তোমাকে তারিফ করি সেই কারণেই। কথা খুঁজে পাচ্ছি না, এমন কখনও তোমার হয় না, মানুষকে তুমি বলো ঠিক যে কথাটা তুমি বলতে চাও। কোনো কথা কখনও তোমার বলতে বাধে না।
আমি বললাম, তুমি খুব ভুল করছ। আমার মনে থাকে এক কিন্তু বলবার সময় সাধারণত একেবারে ভিন্ন ভাবে বলি। তাছাড়া আমি একটু বেশি বকবক করি এবং বড় বেশি। সময় নিই, সেটাও কম খারাপ নয়।
