রোগীর ঘরে এসে প্রায়ই তাকে সঙ্গ দেয় দারা আর মুরাদ। কয়েক দিনের মাঝেই বোরহানপুর থেকে আওরঙ্গজেব আর বাংলা থেকে শাহ সুজাও এসে পৌঁছে যাবে। আবারো একত্রিত হবে তার পুরো পরিবার; কিন্তু পরিস্থিতি কতটা ভয়াবহ। কীভাবে তিনি তাদেরকে বলবেন যে সত্যিই কী হয়েছিল? কোথায় গেল সেই সৌভাগ্যের তারকা যা তাঁকে আগ্রাতে ফিরিয়ে নিয়ে এসেছিল মমতাজের মৃত্যুর পর?…তারপরেও এমন নয় যে ভাগ্য তাঁর প্রতি বিমুখ হয়েছে। বরঞ্চ নিজের দুর্বলতা দিয়ে তিনিই এটিকে ডেকে এনেছেন। জাহানারা যদি সুস্থও হয়ে যায় তার ক্ষত সব সময় মনে করিবে দেবে যে কীভাবে তিনি কন্যার বিশ্বাসের অমর্যাদা করেছিলেন। নিজের ভাবনায় এতটাই ডুবে ছিলেন যে প্রথমটাতে শুনতেই পাননি কক্ষের মাঝে হাকিমের পায়ের শব্দ, কাছে এসে ডেকে উঠল হাকিম, জাহাপানা?
কী হয়েছে?
বিদেশীটা বলছে সে সে একজন ইউরোপীয় ডাক্তারকে চেনে যে হয়তো শাহজাদীকে সাহায্য করতে পারবে। যদিও আমার সন্দেহ হচ্ছে তারপরেও আমি প্রতিজ্ঞা করেছি যে আপনার কাছে পৌঁছে দেব বার্তা।
কোন বিদেশী?…নিকোলাস ব্যালান্টাইনের কথা বলছ?
হা, ইংরেজ লোকটা।
এখনি আমার কাছে পাঠিয়ে দাও তাকে। যদি সে জানে যে কেউ একজন বা কিছু সাহায্য করতে পারবে আমি এ সম্পর্কে শুনতে চাই।
আধ ঘণ্টা পরে তার সামনে ছাদের উপর দাঁড়িয়ে আছে নিকোলাস। জাহানারার স্কার্টে যে জায়গাতে আগুন ধরে গিয়েছিল তার থেকে মাত্র কয়েক ফুট দূরত্ব।
কী অবস্থা? আমি জেনেছি যে তুমি নাকি একজন চিকিৎসককে চেনো যে শাহজাদীকে সাহায্য করতে পারবে?
মাথা নাড়ল নিকোলাস।
একজন ফরাসী চিকিৎসক এখন এখানে আগ্রাতে স্থায়ী হয়েছে। অনেক বছর আগে একবার দেখা হয়েছিল তার সাথে আমার প্রভু স্যার টমাসকে সুস্থ করে তুলেছিল পাকস্থলী প্রদাহ থেকে আর আমি জানি যে, একাজে তার দক্ষতা অসাধারণ। মাননীয়া জাহানারার পুড়ে যাওয়া সম্পর্কে আমার কাছে শুনে একটা প্রতিষেধকের কথা জানিয়েছে। যুদ্ধের সময় কামান ফেটে বা তীরের মাধ্যমে পুড়ে যাওয়া সৈন্যদের সাহায্য করার জন্য এ ওষুধ আবিষ্কার করেছে সে। এই ওষুধ আরব, তার নিজের দেশ আর হিন্দুস্তানের যৌথ জ্ঞানের মাধ্যমে তৈরি। শপথ করে জানিয়েছে যে এতে ব্যথা কমে যায়। আরো জানিয়েছে যে তাড়াতাড়ি লাগাতে পারলে পোড়া চামড়া নতুন করে গজাতে থাকে। বাইরে দাঁড়িয়ে আছে। আমি আমার সাথে করেই নিয়ে এসেছি যদি আপনি তার সাথে কথাবলতে চান–আমি দোভাষীয় কাজ করব। অল্প অল্প ফারসী বলতে পারে ডাক্তার।
ভেতরে নিয়ে আসো তাকে।
খাটো চৌকানো দেহাবয়বের ডাক্তারের কালো বেল্ট বাঁধা রোব গোলাকার পেটের কাছে এসে আঁটসাঁট হয়ে আছে।
কী ধরনের চিকিৎসার প্রস্তাব করতে চাও তুমি?
অনুবাদ করে শোনালো নিকোলাস আবার মনোযোগ দিয়ে ডাক্তারের উত্তর শুনে নিয়ে ঘুরে তাকালো শাহজাহানের দিকে। চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার আগে একবার রোগীকে অবশ্যই দেখতে চায়। জানতে চাইছে এটা কি সত্যি যে কাঁধ, পেছন দিকে আর পা মারাত্মকভাবে পুড়ে গেছে?
মাথা নাড়লেন শাহজাহান। এক মুহূর্ত ভেবে নিয়ে আবারো বলে উঠলেন ডাক্তার। এখানে আগ্রাতেও একই রোগের চিকিৎসা করেছে বলে দাবি করছে। খড়ে ছাওয়া ছাদ এতটাই শুকিয়ে ছিল যে ফুলিঙ্গ থেকেই আগুন ধরে যায়। গত মাসে শহরের উত্তর দিকে এভাবেই আগুন ধরে গিয়েছিল বাড়ির সারিগুলোতে। বেশ কয়েকজন নারী মারা গেছে কারণ তারা পর্দা ভেঙে বাইরে আসতে ভয় পেয়েছিল। কিন্তু সে কয়েকজনকে বাঁচাতে পেরেছে…এর সাথে যে মলমের কথা আপনাকে বলেছি তা তার নিজের আবিস্কার, এ সব কিছুই রোগীর যন্ত্রণা কমাতে পারে।
সে ব্যথা কমানোর কথা বলছে। রোগীর সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে পারবে? আমার কন্যার দুজন সেবাদাসী পুড়ে যাবার কারণে মারা গেছে।
আমি এর উত্তর জানি। জাহাপনা–আমি নিজেই তাকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছে যে চেষ্টা করবে কিন্তু কোন প্রতিজ্ঞা করতে পারবে না–অন্তত যতক্ষণ পর্যন্ত না শাহজাদীকে দেখতে পাচ্ছে।
আর ক্ষতের আকার? যদি আমার কন্যা সুস্থ হয়েও যায় এটা কমাতে পারবে সে?
ডাক্তারের সাথে কথা বলে নিল নিকোলাস, না, জাহাপনা পুড়ে যাবার ফলে সৃষ্টি ক্ষতের দাগ পুরোপুরি মুছে ফেলতে পারবে না।
এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। তাকে জানিয়ে দাও যে যদি সে আমার কন্যার জীবন রক্ষা করতে পারে তাহলে যা চায় পাবে।
আবারো ফিসফিস করে ডাক্তারের সাথে আলাপ করে নিকোলাস উত্তর জানালো, জানতে চাইছে কত দ্রুত রোগিনীকে দেখতে পারবে?
এখানে রাজকীয় হারেমে তাকে দেখাশোনা করা হচ্ছে। কেবলমাত্র অসম্ভব জরুরি হলেই আমার হাকিমেরা প্রবেশের অনুমতি পায়। কোন বিদেশীকে এর আগে প্রবেশাধিকার দেয়া হয়নি। এ ধরনের বিপর্যয়ের মুহূর্তে যদিও এসব নিয়ম বোকামীর সামিল, তার পরেও শ্রদ্ধা দেখাতেই হবে। তোমাদের দুজনকে হারেমে যাবার অনুমতি দিলাম আমি। কিন্তু আমার নপুংসক ভৃত্যেরা তোমাদের মাথা ঢেকে নিয়ে যাবে।
ফরাসী লোকটা কিছু বলে উঠতেই মাথা নিচু করে শুনলো নিকোলাস। জাহাপনা, শাহজাদী খাদ্য আর পানীয়ের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলছে ডাক্তার।
