তৃতীয় বাঁকের আগে বিশ্বনাথ দাঁড়িয়ে পড়ল। সন্তর্পণে কোণের বাড়ি ঘেঁষে উঁকি দিল। দুটো বাচ্চা ছেলে, একজনের হাতে পেট্রোলের টিন, আর খয়েরি লুঙ্গিপরা খালি গা শীর্ণ চেহারার একটি লোক আঙুল তুলে চলে যেতে বলছে। ধমকের তর্জন দূর থেকে বিশ্বনাথ শুনতে পেল। এই লোকটিই তাকে ঢুকতে দেয়নি বস্তিতে। বলেছিল, অনেক হুজ্জত ঝামেলা করে এই কল আদায় করেছি, তখন তো আপনারা সাপোর্ট দিতে আসেননি…জলফল হবে না, অন্য জায়গায় দেখুন। কয়েক জন স্ত্রীলোক তখন দাঁড়িয়েছিল। একজন বলে ওঠে, তিন তলা বাড়িতে থাকার সুখ এবার পিছন দিয়ে বেরুবে।
বাচ্চা দুটো গুটিগুটি ফিরে আসছে। লোকটা লুঙ্গি টেনে তুলে মুদি দোকানের গায়ে ধাপটায় পা ঝুলিয়ে বসল।
কী বলল রে তোদের?
বিশ্বনাথের দিকে এক বার মাত্র তাকিয়ে যেতে যেতেই একজন জবাব দিল, কিনে খেতে বলল।
বিশ্বনাথ ইতস্তত করে পূর্ণিমাকে বলল, তুমি একাই যাও, পারবে তো দু-হাতে দুটো বয়ে আনতে?
পারা না পারা নয়, পারতেই হবে।
পূর্ণিমা বালতি নিয়ে এগোল। তার চলনের মধ্যে গোঁ ফুটে উঠেছে। মুদির দোকান পেরিয়ে বস্তিতে ঢুকতে যাচ্ছে তখন লোকটি চেঁচিয়ে উঠল, এই যে যাচ্ছেন কোথায় বালতি হাতে? …জল? হবে না।
না শোনার ভান করে পূর্ণিমা এগিয়ে যাচ্ছিল। লোকটা ধাপ থেকে লাফিয়ে নেমে প্রায় ছুটেই তার সামনে পথ জুড়ে দাঁড়াল। শুনতে পাননি, কালা নাকি?
একটু জল নেব।
অন্য জায়গায় যান, এখানে হবে না।
বড্ড দরকার, বাচ্চার খাবার জলটুকুও বাড়িতে নেই। পূর্ণিমার স্বরে অকৃত্রিম কাকুতি। ফুটে উঠল।
বলে তো দিয়েছি, অন্য জায়গায় যান, কলকাতায় আরও অনেক টিউকল আছে।
খাবার মতো জল অন্তত নিতে দিন।
খাবার, জলপটি দেবার, ছোঁচাবার কোনো জলই এখানে মিলবে না।
পূর্ণিমা গলা নামিয়ে মৃদুস্বরে বলল, পয়সা দেব, এক-এক বালতি কত করে নেবেন বলুন?
লোকটার পাশে বস্তিরই আরও দুটি মাঝবয়সি লোক ও একটি কিশোরী দাঁড়িয়ে। কিশোরীটি হঠাৎ বলল, পয়সার গরম দেখাচ্ছেন?
সঙ্গে সঙ্গে লোকটা গলা চড়িয়ে বলে উঠল, আমরা বস্তিতে থাকি বলে কি ভেবেছেন পয়সা দিয়ে কিনে নেবেন?
কৌতূহলে পথচারী দু-তিন জন থমকে গেল। বস্তির ভেতর থেকে কয়েক জন এগিয়ে এল, দোকান থেকে মুখ ঝুঁকে পড়ল।
কেনাকেনির কথা তো বলিনি, একটু জল চাই শুধু।
আপনি পয়সার কথা বলেননি, মিথ্যুক। ভদ্দরলোকের মেয়ে যদি হন তো বলুন পয়সার কথা বলেননি?
বলেছি, কিন্তু সে তো জল কিনব বলে!
একই কথা।
আমাদের বাড়ির কাছেরটা ভেঙে পড়ে আছে আজ বারো-চোদ্দো দিন, আর কোথায়…
তাই বলে এখানে পয়সার ফুটুনি মারতে আসা? জল কেনার শখ হয়েছে, তিন-তলা বাড়িতে ফ্যানের হাওয়া খেয়ে জল তুলতে এসেছেন…যান যান জলফল হবে না।
কেন হবে না?
পূর্ণিমা হঠাৎ কোণঠাসা বেড়ালের মতো কুঁজো হয়ে বালতি দুটো ঝাঁকাতে ঝাঁকাতে তীক্ষস্বরে বলল, কেন জল পাব না, কলটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি, মগের মুল্লুক নাকি? আমি জল নেবই।।
সামনের দু-তিন জনকে ধাক্কা দিয়ে সরিয়ে সে বস্তির মধ্যে যাবার জন্য হনহনিয়ে এগোতেই কিশোরীটি ছুটে গিয়ে পিছন থেকে তার আঁচল টেনে ধরল। শরীরের উপর থেকে শাড়িটা খুলে কোমরে টান পড়তেই পূর্ণিমা ঘুরে বালতি দিয়ে মেয়েটির বাহুতে আঘাত করল।
ওরে মেজদি, ওরে শেফালি শিগগিরি আয়, আমাকে মারছে রে।
মেয়েটি তারস্বরে চিৎকার করে উঠতেই দু-পাশ থেকে পাঁচ-ছটি স্ত্রীলোক ছুটে এল। নারী পুরুষের একটা ভিড় পূর্ণিমাকে ঘিরে। তার মধ্য থেকে এক বিবাহিতা তরুণী বিশ্রী একটা গালি দিয়ে পূর্ণিমার গালে চড় মারল।
হারামির বাচ্চা মারপিট করতে এসেছিস, দাঁড়া তোর বাপের নাম ভোলাচ্ছি।
একটি অল্পবয়সি মেয়ে পূর্ণিমার চুল টেনে ঝাঁকুনি দিতে দিতে বলল, হাত ভেঙে দোব, কোতায় খাপ খুলতে এসেচ জান? চোক উপড়ে লোব।
হাত থেকে বালতি দুটো কে ছিনিয়ে নিয়েছে। অপ্রত্যাশিত অকল্পনীয় ঘটনায় পূর্ণিমা বিহ্বল চোখে এধার-ওধার তাকিয়ে ভিড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেই তিন চারটে মেয়ে তাকে আটকে রেখে টানতে শুরু করল। ব্লাউজ ভেঁড়ার শব্দ হল। তার ঘাড়ে নখ বসিয়ে মাংস খুবলে তুলতে চাইল একজন। হাঁটু দিয়ে একজন তার তলপেটে আঘাত করল। অন্ধের মতো দু-হাত ছুড়তে ছুড়তে পূর্ণিমা চিৎকার করে উঠল, ছোটোলোক, ছোটোলোকের দল। …আমায় যেতে দাও, যেতে দাও।
পুরুষ কন্ঠে কে বলল, চোপা কত! হাতটা ভেঙে দে-না।
আর একজন বলল, ন্যাংটো করে দে মাগিকে, পয়সার গরম তাহলে কমবে।
ঠেলাঠেলির মধ্যে কেউ তার শাড়ি ধরে টেনেছে। পূর্ণিমা দুই মুঠোয় শাড়ি ধরে আর্তনাদ করে উঠল, খুলো না, পায়ে পড়ি তোমাদের খুলো না।
টান টান, খুলে দে।
দুটি মেয়ে হ্যাঁচকা টান দিতেই পূর্ণিমা মাটিতে মুখ থুবড়ে পড়ল। শাড়িটা শক্ত করে সে ধরে রেখেছে। সেইভাবেই হাত দশেক তাকে ওরা টেনে নিয়ে গেল। তখন সে হাউহাউ করে ওঠে, আমার শাড়ি নিয়ো না, ওগগা খুলে নিয়ো না।
একটি স্থূলকায় বিধবা পূর্ণিমার দুই মুঠির উপর দাঁড়াতেই শাড়িটা তার দখল থেকে বেরিয়ে গেল। মাটিতে মুখ চেপে সে ফোঁপাতে শুরু করল। মিনিট তিনেকের মধ্যে ব্যাপারটা ঘটে গেল, সেই সময় ভিড়ের ফাঁক দিয়ে বিশ্বনাথ উঁকি দিল আর পূর্ণিমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠল।
একী একী, অ্যাাঁ একী!
উত্তেজনায় ঠকঠক করে সে কাঁপছে, আর কোনো কথা তার মুখ দিয়ে বেরুচ্ছে না। শুধু শায়াটা হাঁটুর কাছ থেকে নীচে নামিয়ে দেওয়া ছাড়া তার শরীর আর কোনো আবেগ বা
