নিজের কথাও এ প্রসঙ্গে উল্লেখ্য, বয়ঃসন্ধির সময় পর্বে শুশান সম্পর্কে কৌতুহলী না হলে কোনওদিনই আমার ‘ভৈরব ভৈরবীর সঙ্গে তন্ত্র জিজ্ঞাসায় লেখা হতো। প্রমোদকুমার চট্টোপাধ্যায় ছিলেন চিত্রশিল্পী। ঘর ছাড়লেন মনে উদাসীনের ওঠাপড়ায়। না হলে তন্ত্র বিষয়ে কালজয়ী গ্রন্থখানি লেখাই হতো না। সাধক নিগমানন্দ তাঁর সাধন উপলব্ধ জ্ঞানে লিখলেন ‘তান্ত্রিক গুরু’। পণ্ডিত প্রবর গোপীনাথ কবিরাজ বেনারসে সাধু মহাত্মাদের সান্নিধ্যে এসেছিলেন বলেই লেখা হয়েছিল ‘সাধু দর্শন ও সৎ প্রসঙ্গ তাঁর তন্ত্র বিষয়ে তাত্ত্বিক গবেষণাও এখানে উল্লেখ্য। শক্তিনাথ ঝাঁ সেই কবেই আউলিয়া-বাউলিয়া সঙ্গে আখড়াবাসী হয়েছেন। বাউল ফকির সংঘের সভাপতিও তিনি। ভৈরব ভৈরবীর সঙ্গে তন্ত্র জিজ্ঞাসায় পড়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন বাংলাদেশে ভাবান্দোলনের প্রাণপুরুষ ফারহাদ মাজহার। মাজহার নিজেও লালন ঘরানার সাধক। কুষ্টিয়ায় তাঁর আখড়া আছে। তাঁর ‘ভাবান্দোলন’ ও ‘সাঁইজির দৈন্যগান’ সহজিয়া দর্শনের প্রামাণিক আকর।
রাজশাহীতে জন্মেছিলেন প্রশান্তচন্দ্র রায়। গ্রামে ছিল বৈরাগীপাড়া। মরমিয়া বাদের ছোঁয়া লাগল মনে তাঁর সেখান হতেই। এরপর এপার বাংলায় আসার পর সেই বৈরাগী ছোঁয়া আরও যেন পরিধি পেল। তিনি চলে এলেন বীরভূম, বাঁকুড়া, নদীয়ার ঘোষপাড়া, জয়দেবে, পাথরচাপুড়িতে, দুবরাজপুরে, বর্ধমানের বৈরাগীতলার মেলায় বাউল ফকিরদের সান্নিধ্যে। এসে পড়লেন দ্বন্দ্বে। যে দ্বন্দ্বে আমিও পড়েছিলাম ২০০০ সালে শুরুর সময় মেলায়-আখড়ার বৈষ্ণবীয় বহরে। বৈরাগীতলা, জয়দেব, সোনামুখী, রামকেলী সবই বৈষ্ণবীয় সাধকদের নামে জমায়েত। অথচ ভিড় বাউলদের। এই দ্বন্দ্বের ভেতরে সুধীর চক্রবর্তীও পড়েছিলেন। তাঁর প্রচারিত গ্রন্থ ‘বাউল ফকির কথা’তে বাউল আর বৈষ্ণব বিভাজন নিয়ে একখানি অধ্যায়ই আছে লালনশাহী মতের সাধক দুদ্দুশাহের বিভাজন রেখাকে নামিত করে। প্রশান্তচন্দ্রও দ্বন্দ্বে পড়ে যার উল্লেখ রেখেছনে—‘বাউল বৈষ্ণবধর্ম এক নহে তো ভাই/ বাউল ধর্মের সাথে বৈষ্ণবের যোগ নাই/ বিশেষ সম্প্রদায় বৈষ্ণব পঞ্চতত্ত্বে করে জপতপ/ তুলসীমালা অনুষ্ঠান সদাই/ বাউল মানুষ ভজে,যেখানে নিত্য বিরাজে/ বস্তুর অমৃত মজে, নারী সঙ্গী তাই।’ সহজিয়া বৈষ্ণবতায়ও নারী বা সাধন সঙ্গিনী অনিবার্য। এই সাধনধারাও বাউল মতের ‘বস্তুর’ই সাধনা। কায়াবাদী সাধকরা তো বস্তুহীন নন। শরীরের বর্জ্য ও রজ-বীর্য নিয়েই তো তাঁদের গোপন ও গুহ্য আচরণবাদ। বাউলের সিংহভাগ সাধন সঙ্গীতও তো এই আচরিত পথ ও পন্থা নিয়েই। দুদ্দু শাহ তাঁর মধুস্রাবী গানে বাউলের গোপন ও গুহ্য আচরণবাদের অনেক কিছুই স্পষ্ট করেছেন। তাঁর গানে দেহকেন্দ্রিক আচরণের আধিক্যই বেশি। তিনি তন্ত্রাচারী ফকির বাউলের আচরণও গানে ব্যক্ত করেছেন আবার বাউল বৈষ্ণবের সাজুয্যের আচরণবাদকে পৃথক করতে নিদান হেঁকেছেন। তাঁর এই হাঁকাহাঁকিতে অবশ্য নদিয়া-রাঢ়ের বাউলেরা নেই। নদিয়া রাঢ় দুই ভূমিতেই বৈষ্ণবীয় আচরণবাদের দাপট। স্বভাবতই তা বাউলে মিশেছে। বাউলরা সাধন সঙ্গিনীকে ‘বোষ্টুমী’ বলেও ডাকাডাকি করছেন। লালন শাহের ‘চরণদাসী’ হওয়ার আশায় এ পথের মেয়েরাও তাই অনেক বাউল সাধকের কথকতায় ‘বৈষ্ণবী’ হয়ে উঠেছেন। অথচ বাউলের সাধন সঙ্গিনী ‘চরণদাসী’ হওয়ারই উপযোগী সাধনের গোপ্য ধারায়–নিগম বিচারে সত্য গেল তাই জানা/ মায়েরে ভজিলে হয় তাঁর বাপের ঠিকানা। এই ঠিকানায় সন্ধানী মেয়েরা বাউলপথে ‘চরণদাসী’ হলেও সাজুয্যের বৈষ্ণবতায় ‘বোষ্টুমী’ হয়ে বসেছেন কোথাও কোথাও। লীনা চাকী এঁদের নিয়ে বিস্তারিত কাজ করেছেন। বাউল মেয়েদের মনের কথা জেনে লিখে ফেলেছেন ‘বাউলের চরণদাসী। বাউল বৈষ্ণবের সাজুয্য ধারায় কোথাও হয়েছেন আবার ‘বৈষ্ণব বাউল। এসব দ্বন্দ্বখেলায় সুধীর চক্রবর্তী যেমন পড়েছেন, পড়তে হয়েছে মরমিয়াবাদের সন্ধানী সকলকেই। প্রশান্ত চন্দ্র রায় সত্তর দশকে সেই দ্বন্দ্বমেলায় পড়েছিলেন। সালতামামির আখড়া মেলাতে ঘোরায় তিনি সুধীর চক্রবর্তী, শক্তিনাথ ঝাঁ-দের সমসাময়িক প্রশান্তচন্দ্র লিখেছেন, ‘মালা তিলক কষ্ঠীধারী বৈষ্ণবএর সাথে মানুষভজা বাউলের পার্থক্য এতটাই যে বাউলরা বস্তুবাদী, বস্তু অর্থে শুক্র, জীবন রস।
দীর্ঘ সতেরো বছর হল আমার সহজিয়াদের সঙ্গে ওঠাবসা। সহজিয়া বৈষ্ণবদের অনেক ধারা। পাটুলির স্রোত, বীরভদ্রের স্রোত, নিত্যানন্দের স্রোত, রূপকবিরাজী স্রোত। সব স্রোতেই কলমি পুঁথি আছে। আছে রাধাতত্ত্ব, কৃষ্ণতত্ত্বের কথা। কৃষ্ণ মানে ভগবান নন, মানুষ। কৃষ্ণ মানে যিনি কর্ষণ করতে পারেন। কৃষ্ণ হলেন ক্ষেত্রজ পুরুষ। যিনি বীজ বুনতে পারেন। বীজ মানেও কৃষ্ণ, অর্থাৎ বিন্দু বা বাউলের বস্তু। রাধা হলেন ক্ষেত্র অর্থাৎ কিনা সাধন সঙ্গিনী, বোষ্ট্রমী। বাউলের চরণদাসী। তাই সহজিয়া বৈষ্ণবরাও এক অর্থে বস্তুবাদী। চৈতন্য এই এলাকায় শরীরের চেতনসত্তা, চৈতন্যদেব নন। দুদ্দুশাহ বৈষ্ণবীয় গুপ্ত কড়চার কথা যে জানতেন তাঁর মস্ত প্রমাণ গানে সাধনতত্ত্বের ব্যবহার। দুদ্দু গুরু লালন সাঁইয়ের মতো নিরক্ষর ছিলেন না। তিনি পাঠশালার পাঠ শেষ করে আরবি ফারসি ভাষা ও ইসলামি তত্ত্বের পাঠ নিয়েছিলেন। তাঁর গ্রাম হরিশপুরে বৈষ্ণব ধর্ম এবং সংস্কৃত ও বাংলা ভাষার চর্চা ছিল। লালন ঘরানার এই সাধকের গান পড়লেই তাঁর বিদ্যাচর্চা সহজেই অনুমেয়। দুদ্দুর গান ও রচিত গ্রন্থ ছিল। সেগুলো অমুদ্রিত থাকায় দুর্লভ। শক্তিনাথ ঝাঁ ২০১২ সালে দুদ্দুশাহের ২১৪টি গান অর্থ সংকেত সহ গ্রন্থনা করেছেন। এর অনেক আগেই বাংলা একাডেমী, ঢাকা থেকে প্রকাশ পেয়েছিল বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সম্পাদনায় ‘বাউল গান ও দুদ্দু শাহ’ গ্রন্থখানিপ্রশান্তচন্দ্র রায় তাঁর সম্পাদিত ও সংকলিত গ্রন্থ ‘সহজিয়া সাধন সঙ্গীত’ এ দুদ্দুর গান রেখেছেন, তবে লালন ঘরানার আরেক মরমিয়া পাঞ্জু শাহের গান সংকলনভুক্ত হয়নি। পাঞ্জুর জীবিত কালেই তাঁর রচিত গান ও গ্রন্থ ছহি ইস্কি ছাদেকী গওহহার প্রকাশিত হয় ১৮৯০ সালে। প্রশান্তচন্দ্র যে আখড়ায় নাড়া বেঁধেছিলেন সেই কেন্দুলি তমালতলার সুধীর বাবার ওখানে সন্ধেবেলার দৈন্যগানের আসরে সাঁইজি, দুদ্দু ও পাঞ্জুর গান হতো। লালন সাঁই, দুদ্দু শাহ প্রশান্তচন্দ্রের সংকলনে থাকলেও গুরুকুলের পাঞ্জু শাহের অনুপস্থিতি চোখে পড়ার মতো।
