অমরস্যারের ভয়ে আগে কখনও আসিনি। বেশ ভয়-ভয় করছে। এইবার একটু জোরে ডাকলুম, ‘কুশল’। মায়ের মতো দেখতে এক মহিলা বেরিয়ে এলেন, ‘তোমরা কে বাবা?
‘আমরা কুশলের বন্ধু। কুশল কেন স্কুলে যাচ্ছে না মাসিমা?’
‘কুশল তো হাসপাতালে।’
‘হাসপাতালে! কেন কী হয়েছে?’
‘তোমরা জানো না!’
‘কোন হসপাতালে মাসিমা?’
‘জেলা হাসপাতালে।’
‘কী হয়েছে কুশলের?’
‘কুশলকে আর চেনা যাচ্ছে না। চুনের গামলায় পড়ে গেছে।’
আমি আর অপূর্ব দু’জনে বোকার মতো মুখের দিকে তাকালুম। কুশলের মা বললেন, ‘আমার আর দাঁড়াবার সময় নেই বাবা, আমি এখন কুশলকে দেখতে যাচ্ছি। তোমরা আসবে তো এসো।’
হাসপাতালের বিছানায় কুশল শুয়ে আছে। গোটা শরীর সাদা ব্যান্ডেজে জড়ানো। মুখেও ব্যান্ডেজ। শুধু নাকের একটুখানি আর চোখ দুটো বেরিয়ে আছে। কুশল চিত হয়ে শুয়ে আছে। মনে হচ্ছে একটা বোয়াল মাছ। চোখ দুটো গুলির মতো জ্বলজ্বল করছে। নাকটা মাছ ধরার। ফাতনার মতো জেগে আছে। ব্যান্ডেজের ভেতর থেকে কুশল একটা কিছু বলার চেষ্টা করল। কাচের জানালায় ডুমো মাছি আটকে গেলে যেমন বুজুর-বুজুর শব্দ হয়, সেইরকম একটা শব্দ ছাড়া কিছুই বোঝা গেল না।
আমি আর অপূর্ব দুজনে দুটো টুলে বসলুম। কুশলের বিছানা ঘেঁষে। কুশলের মা বসে আছেন মাথার কাছে। ছেলের চুলে হাত বুলোচ্ছেন। চুল ছাড়া শরীরে আর কোনও অংশই তো খোলা নেই। অপূর্ব বলল,—’তুই কী করে এমন হয়ে গেলি কুশল?’ কুশল কাচের গায়ে মাছির গলায় যা বলল, সেটা হল—কুশলের অনেকদিনের ইচ্ছে, সাইকেল চালানো শিখবে। অমরস্যার বারবার সাবধান করেছিলেন, ‘কুশল, টেস্ট পরীক্ষার আগে সাইকেল-মাইকেল নিয়ে মেতো না। পরীক্ষার পর তুমি নর্দমায় পড়ো; খানায় পড়ো আমার কিছু বলার নেই।’ কুশল বাবার কথা অমান্য করেছে।
‘তা লোকে তো সাইকেল নিয়ে খানায় পড়ে, তুই চুনের গামলায় পড়লি কী করে?’
বুজুর-বুজুর করে ব্যান্ডেজের তলা থেকে কুশল বলে গেল, ‘আমার ছোটমামার একটা সাইকেল আছে। যেমন বড়, তেমন ভারী।’
‘তাতে তোর কী?’
‘ছোটমামা অনেকদিন থেকে বলছিলেন, কুশল, সাইকেলটা শিখে রাখ, ব্যাটাছেলের সাইকেল শেখা খুব দরকার। অনেক উপকারে লাগবে।’ বললেন, ‘একমাস সাইকেলটা ধরে হাঁট। সাইকেলটা পাশে নিয়ে মাইলের পর মাইল হাঁট। সাইকেলটা তোর পাশে থাকতে-থাকতে বেশ পোষ মেনে যাবে। তারপর হঠাৎ একদিন তার ওপর চেপে বসাব।’
‘তা তুই হাঁটলি?’
‘সেই হাঁটতে গিয়েই তো এই কাণ্ডটা হল। ঘোষালদের দোকান চুনকাম হবে, পয়লা বৈশাখ এসে। গেল। গরুর জাবর খাওয়ার বড় গামলায় চুন ভেজানো ছিল। গামলাটা ছিল পথের পাশে। সাইকেলটা মাঝে-মাঝে আমাকে হ্যাঁচকা টান মারছিল। আমিও টান মারছিলুম। টানাটানি চলছিলই। গামলাটার কাছে এসে সাইকেলটা লগবগিয়ে শুয়ে পড়তে চাইল। আমিও মারলুম টান। সাইকেলটা আমার ঘাড়ের ওপর শুয়ে পড়ল, আমিও শুয়ে পড়লুম চুনের গামলায়। সবাই এসে যখন উদ্ধার করল তখন আমি চুনে ভিজে সপসপে হয়ে গেছি।’
সাতদিন পরে কুশল স্কুলে এল। রংটা বেশ ফরসা দেখাচ্ছে। চোখ দুটো কোনওক্রমে বেঁচে গেছে। চুন ঢুকে গেলে আর কিছু করা যেত না। নাকে ঢুকে গেলেও সাঙ্তিক ব্যাপার হত। কুশল বলল, ‘সাইকেলটার ওপর ভয়ংকর প্রতিশোধ নোব।’
‘কীভাবে নিবি?’
‘হাফ প্যাডল, ফুল প্যাডলের মধ্যে যাব না। একেবারে সিটে চেপে বসব। প্যাডলে পা। ব্যাপারটার মধ্যে হাতি-ঘোড়া কিছু নেই। শুধু ভোলার ব্যাপার।’
‘ভোলার ব্যাপার মানে?’
‘মানে ভুলতে হবে যে, আমি সাইকেল চেপে আছি। ভুলতে হবে যে আমি সাইকেল চালাতে জানি না। পৃথিবীর বড়-বড় মানুষ বড় হয়েছে কীভাবে জানিস? ভয়কে জয় করে। দুটো কথা মনে রাখবি—পারিব না, এ-কথাটি বলিও না ভাই, এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হল, আমি ভয় করব না ভয় করব না, দু’বেলা মরার আগে মরব না ভাই মরব না।’
‘এতেই হয়ে যাবে?’
‘হয় কি না দেখবি চল।’
কুশলের সঙ্গে কুশলের মামার বাড়িতে গেলুম। কুশল আমাদের ম্যাজিক দেখাবে। সাইকেল। চালানোনা শিখেই পাকা চালিয়ের মতো সাইকেল চালাবে। স্রেফ দুটো কথার ওপর নির্ভর করে, ‘পারিব না এ কথাটি’ আর ‘আমি ভয় করব না’। কুশল সাইকেলটা বাড়ি থেকে রাস্তায় বের করে। আনল। বেশ তাগড়া, শক্তপোক্ত একটা সাইকেল। কুশলের মেজোমামা লম্বা মানুষ, তাই সিটটা বেশ উঁচু করা। রাস্তাটা সোজা পুব থেকে পশ্চিমে চলে গেছে। পশ্চিমে গঙ্গা। রাস্তাটা গঙ্গার ঘাটে গিয়ে শেষ হয়েছে। সেকালের জমিদারদের করা ঘাট। একটু ভেঙে এলেও বেশ সুন্দর। বিশাল চাতাল। ধাপে-ধাপে পইঠা নেমে গেছে জলে। রাস্তাটা নির্জন। তেমন লোক চলাচল নেই। দু পাশে বাগানবাড়ি, প্রাচীন মন্দির। বড়-বড় গাছ। বেশ স্নিগ্ধ, শান্ত পরিবেশ।
কুশল বলল, ‘আজ তোদের আমি দেখাতে চাই, কী দেখাতে চাই?’
‘সাইকেল চড়া।’
‘না সাইকেল চড়া নয়, আজ প্রমাণ করব, মানুষের মনই সব। মনই সব করে। যে জীবনে কখনও সাইকেল চড়েনি, সে সাইকেলে চড়ে চালাতে-চালাতে চলে যাবে।’
কুশল একটারকের কাছে সাইকেলটাকে নিয়ে এল। গম্ভীর মুখে বললে, ‘একটু বেআইনি হচ্ছে, মানে, রকে উঠে সিটে বসব। প্যাডেলে পা রেখে সাইকেলে চড়া, প্রথমেই পারব না। পড়ে মরব। অনেক পেকে গেলে তবেই ওভাবে চড়া যায়। আশা করি এতে তোমাদের আপত্তি হবে না।’
