জনগণের দায় পড়েছে! নিজেরাই নিজেকে দেয়। আপনারা বিজ্ঞানীও নন, শ্রদ্ধেয় সাহিত্যিকও নন, সঙ্গীতশিল্পীও নন। শুনুন অনুষ্ঠান হবে সল্টলেক স্টেডিয়ামে। বম্বের সমস্ত টপ আর্টিস্টকে আনা হবে। একালের লাস্যময়ী নায়িকা ধীরাকুমারী নেচে নেচে আপনাকে মালা পরাবে। মালা পরাবে টপ নায়ক উজ্জ্বলকুমার। সাতজন নায়িকা ও সাতজন নায়ক একসঙ্গে ব্রেক ড্যান্স দেখাবে। গান গাইবে বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার জুলজুলকুমার। এমন একটা অনুষ্ঠানের প্ল্যান করেছি, যা লাস্ট হান্ড্রেড ইয়ারসে হয়নি। বাজেট বিশ থেকে তিরিশ লাখ টাকা।
কে দেবে?
কেন, পার্টি ইন পাওয়ারকে যাঁরা টাকা দেন তাঁরাই দেবেন।
আমার পেছনে কেউ নেই।
পেছনে কেউ না থাকলে তো মারা পড়বেন। আপনাদের পেছনটাই তো সব।
পি এ এসে জানালেন, গঙ্গাবতার বুবনা এসেছে দেখা করতে। নাম শুনেই বুকের ভেতরটা কেমন করে উঠল। মিঃ সেনশর্মা সংবর্ধনার ব্যাপারটা আমি আপনাকে পরে জানাচ্ছি।
থ্যাঙ্কস।
মিঃ সেনশর্মা বেরিয়ে গেলেন। ঘরে ঢুকল গঙ্গাবতার। লোকটিকে ভালো করে দেখে নিলুম। ভারী সুন্দর দেখতে। সাধারণত এই কমিউনিটির ছেলেদের এত ভালো দেখতে হয় না। মোটা হয়ে একটা কিম্ভুতকিমাকার দেখতে হয়ে যায়।
নমস্কার।
নমস্কার। বসুন।
দাদাকে মার্ডার করেছে। শুনেছেন তো?
শুনেছি।
আপনাদের কিছু অসুবিধে হয়ে গেল। ভাববেন না, আমি আছি।
ভালো কথা। কিন্তু পুলিশ কি আপনাকে ছেড়ে দেবে?
দাদার বাঙালি বউটা কিছু ঝামেলা করবে; তবে সুবিধে করতে পারবে না।
আমার কাছে কেন এলেন?
সাপোর্ট দিতে।
শুধু শুধু?
আমাদের বিজনেস কমিউনিটিকে তো চেনেন। আমরা গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করি। দ্যাট ইজ বিজনেস।
কী গিভ করতে হবে?
মল্লিকবাজারটা আমাকে লিখে দিতে হবে। আমি ডেভেলাপ করব। ফ্যানসি বাজারের মতো একটা ফরেন গুডসের বাজার করব। ফুললি এয়ারকন্ডিশানড। মাল্টিস্টোরিড। অনেক অ্যাপার্টমেন্ট বেরোবে। আর একটা করতে হবে, প্রাইস কন্ট্রোল করা চলবে না। কনজিউমারদের নিয়ে আমরা একটু খেলা করব। অনেকদিন আমরা কিছু করিনি। সেই সেনসাহেবের আমলে যা হয়ে গেছে। আমরা আপনাদের ফান্ডে ভালোই দেব।
আপনার কথা শুনতে একদম ভালো লাগছে না। একেবারে না।
দাদার কথা তো শুনতে ভালোই লাগছিল।
দাদা এইরকম সব সাঙ্তিক প্রস্তাব আনেননি।
আপনারা বেশিদিন চালাতে পারবেন না। মওকা যখন এসে গেছে, কুইক কিছু মানি করে নিন। বাঙালিরা খুব বোকা। দুনিয়া মানে টাকা। মানি, মানি। আপনাকে আমি রোলান্ড রোডে ফাসক্লাশ ছোট্ট একটা বাংলো দিয়ে দেব। উইথ লন, অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন। একটা এয়ার কন্ডিশানড গাড়ি দিয়ে দেব। ব্যাঙ্কে এত টাকা ফিকসড করে দেব, কী রেস্ট অফ ইওর লাইফ আপনি স্কচ খেতে পারবেন। আপনি তো স্বদেশী বন্দেমাতরম নন। লাক ফেভার করেছে, আয়সি চলে এসেছেন। দাদা অবশ্য খুব হেল্প করেছে। এ তো ওনার মিনিস্ট্রি। দাদার অ্যাকাউন্ট ক্লোজড। এবার আমার অ্যাকাউন্ট খুলতে চাই। দেশ আপনারও নয়, আমারও নয়। আমরা জাস্ট প্লেয়ার। থোড়া দিন খেলে চলে যাব প্যাভেলিয়ানে। আমি আপনার ওয়াইফকে বেশ কিছু জুয়েলারি দিয়ে দেব। ডায়মন্ড। রুবি। টোপাজ।
আপনি আসুন।
শুধু হাতে। এম্পটি হ্যান্ড!
ধরে নিন তাই।
আই রিমাইন্ড ইউ ওই চেয়ারটা আমার ফ্যামিলির। আপনাকে বসতে দিয়েছি। উইকেটের মাথার ওপর বেল থাকে জানেন তো। আপনারা সেই বেল, আমরা হলুম ফাস্ট বোলার। কয়েক ওভার খেলার সুযোগ দেব। ভারতবর্ষ আপনারা চালাচ্ছেন না, চালাচ্ছে বিজনেস হাউস। ডোন্ট ফরগেট দ্যাট। ওই চেয়ার আমাদের।
আপনি আসুন।
বুবনা বেরিয়ে যাচ্ছিল। একটা প্রশ্ন ছুড়ে দিলুম, দাদাকে মারলেন কেন? আপনাদের কমিউনিটিতে তো মার্ডার ছিল না। বুবনা ঘুরে দাঁড়িয়ে বললে, কে বলেছে, আমি মেরেছি। আমরা ঠিক সময়ে ঠিক জায়গায় হিট করি। আমি সতেরোবার ফরেন গেছি। আই নো দি আর্ট! মার্ডার যেই করুক, জেনে রাখুন কনভিকটেড হবে দাদার বাঙালি বউ। প্লেন অ্যান্ড সিম্পল। আচ্ছা। গুড বাই।
বুবনা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকলেন চেম্বার অফ কমার্সের সুলক্ষণ জৈন।
বসুন।
আমি খুবই কম সময় নেব। আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ডু আস এ ফেভার। আমার কয়েকটা সিক ইন্ড্রাস্ট্রিকে এই স্টেট থেকে সরিয়ে নিয়ে যেতে চাই।
কেন?
এখানে হবে না। আপনাদের তিনটি পাওয়ার প্ল্যান্ট ভেঙে পড়ে গেছে। এক একটা এরিয়ায় ফর্টি এইট আওয়ার্স, ফিফটি টু আওয়ার্স লোডশেডিং। ইনহিউম্যান অবস্থা।
কয়েকদিনের মধ্যেই আমরা পাওয়ার পজিশান ঠিক করে ফেলব।
পারবেন না। পাওয়ার, ট্রান্সপোর্ট, ইরিগেশান খুব সহজেই স্যাবোটেজ করা যায়। আর তাই হচ্ছেও। আগেও হয়েছে। এখন আরও বেশি হচ্ছে। আপনি জেনে রাখুন, এই স্টেটের মানুষ, স্টেটের স্বার্থ দেখে না, নিজেদের স্বার্থ দেখে। এখানে কিছু করা যাবে না। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেখানে যা আছে আমাদের নিয়ে যাবার অনুমতি দিন, অ্যান্ড ফর দ্যাট আমরা আপনাকে, আই মিন আপনার ছেলেকে ব্যাঙ্গালোরে একটা ইন্ডাস্ট্রি করে দিচ্ছি। রেস্ট অফ হিজ লাইফ…!
আই অ্যাম সরি মিঃ জৈন, আমার কোনও ছেলে নেই।
সো সরি। বেশ আপনার স্ত্রীকে করে দিচ্ছি।
ইন্ডাস্ট্রি তুলে নিয়ে যাবার অনুমতি আমি দিতে পারব না।
