দক্ষিণের ঘরের মেঝেতে শুয়ে হঠাৎ একদিন আটটা পেরেকের মাথা আবিষ্কার করেছি। সবকটা মেঝেতে পোঁতা। এক-একটি পেরেক এক-একটি মৃত্যুর হিসেব। ষাটটা বছর স্থির হয়ে আছে আটটা পেরেকের মাথা। দক্ষিণের এই ঘরটা হল মৃত্যুর ঘর। সিঁড়ির কাছাকাছি। দেউলে। মানুষদের বিছানা পড়ে এই ঘরে। বাঁ-দিকের দরজাটা খুলে দিলেই একটু চাতাল মতো জায়গা, সিঁড়ি নেমে গেছে ঘুরে ঘুরে। ওই তো যাওয়ার পথ। মাথার কাছে খাটের পাশে সাইড-টেবিল। ফিডিংকাপ থাকবে, দু-একটা লেবু থাকবে। ওষুধের শিশি থাকবে। স্টোর থেকে বেরোবে বেডপ্যান। থাকবে একটা চেয়ার। রাতের দিকে গম্ভীর মুখে ডাক্তার এসে বসবেন। গলায় স্টেথিসকোপ। সময়ের হিসেব নেবেন। প্রেসক্রিপশান লিখবেন। তিরিশ বছর আগে আসতেন জয়ন্ত ডাক্তার। এখন হয়তো আসবেন ডাক্তার কুশারী। ঘাড় ঘোরালেই দেখা যাবে তিনি নেমে যাচ্ছেন সিঁড়ি দিয়ে ধীর পায়ে। গায়ে উদাসীনতার সাদা কোট। নেমে যাচ্ছে আশা। সন্ধেবেলা ঘরে কেউ ধুনো দিয়ে যাবে। অনেকদিনের অসুখ-অসুখ গন্ধ যদি একটু কাটে। দেয়ালে ঝুলছে আগে আগে যাঁরা গেছেন তাঁদের ভরা-দিনের ছবি।
হঠাৎ একদিন দরজার বাইরে ফিশফিশ কথা শোনা যাবে। লোকটির সময় শেষ হয়েছে। একটা রাত কাটে কি না সন্দেহ। মাথার কাছের জানলা ধরে দাঁড়িয়ে আছে রাতের উদার আকাশ। টিপটিপ করে জ্বলছে সময়ের রাজারা হাজার হাজার বছর ধরে যারা পৃথিবীর দিকে তাকিয়ে আছে, আরও লক্ষ লক্ষ বছর থাকবে। তন্দ্রার ঘোরে সারাজীবন একবার ঘুরে যাবে। ওই তো সেই শিশু, মা-র কোলে, সন্ধ্যার শাঁখ বাজছে। ওই তো সেই কিশোর, বাবার হাত ধরে প্রথম স্কুলে যাচ্ছে। ওই তো সেই যুবক, কলেজে চলেছে। বিশ্ববিদ্যালয়ের করিডরে একটি মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে—প্রথম প্রেম। ওই তো বসেছে বিয়ের পিঁড়িতে। গলায় রজনীগন্ধার মালা। ফুলশয্যার বিছানা। চলে যাওয়া জীবন, চলে যাওয়া মুহূর্তের স্রোত উলটো বইছে।
রাস্তার ওপারে চায়ের দোকানে রাতের কথার খই ফুটছে। ডিম ফোঁটাবার শব্দ আসছে। কে যেন বলছে ওমলেটটা একটু নরম থাকে যেন কার্তিক। ওমলেট আমিও ভালোবাসি। নরম ওমলেট খাবার আর সময় নেই। আবার খাওয়া যাবে অন্য কোথাও অন্য কোনওখানে। মালাটা ছিঁড়ে গেছে। সমস্ত পুঁতি ছড়িয়ে পড়েছে। একটা একটা করে কুড়োতে পারি কি না দেখি! না বড় শক্ত কাজ।
দক্ষিণের ঘরের আটটা পেরেক নটা হবে। এটা নতুন, মাথাটা অন্যগুলোর চেয়ে চকচকে। চশমাটা কেউ খাপে ভরে রাখবে। কলমের মাথাটা বন্ধ করে রাখবে। বিয়ের গরদের পাঞ্জাবিটা পরিয়ে দেবে। নতুন ধুতিগুলো ছাপিয়ে শাড়ি করে নেবে। নতুন চটিজোড়া রাকে তুলে রাখবে। আমি তখন খাট থেকে ফুটতিনেক উঁচুতে ছবি হয়ে ঝুলব! সব মুহূর্ত খরচ করে আমি তখন চলে গেছি সময়ের ভাণ্ডারে আমার রিক্ত ঝুলি নতুন করে ভরে নিতে। আমার দু-পাটি বাঁধানো দাঁত আলমারির কাঁচের ওপাশ থেকে অবয়বহীন হাসি ছড়াবে ইন্টারন্যাল লাফ-এ গ্রিন উইদাউট এ ফেস।
পরিশিষ্ট
Time present and time past
Are both perhaps present in time future
And time future contained in time past.
If all time is eternally present
All time is unredeemable.
[T. S. Eliot.]
দেশসেবার ঝকমারি
দেশসেবা কি কম ঝকমারির কাজ! এ তো কোর্টকাছারি, অফিস-আদালতে গিয়ে ঘণ্টা আষ্টেকের সময় কাটিয়ে আসা নয়। ঘণ্টায়-ঘণ্টায় চা, মিনিটে-মিনিটে ফোন। কথায় কথায় খোশগল্প। দেশসেবা মানে ঘণ্টা বাজিয়ে সময় উৎসর্গ করা তো নয়! জীবনটাকে ঢেলে দেওয়া। অলওয়েজ সেবায় থাকা।
সেবা ব্যাপারটা কী?
সে একটা ভীষণ ব্যাপার। মানুষের ভালো করতে হবে। জানপ্রাণ লড়িয়ে দিতে হবে। আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। প্রচণ্ড সংগ্রাম করতে হবে। সে এক মহা ফাটাফাটি লাঠালাঠি ব্যাপার। সকলের জন্যে সমান অধিকার আদায়ের সংগ্রাম শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, বাসস্থান। নির্য্যাতিত-তিতার পাশে গিয়ে দাঁড়ানো। প্রতিবাদে চিঙ্কার, পথ অবরোধ, বনধ। মানুষকে বোঝানো—একদিন না একদিন সব হবে। যবে হবে, তবে হবে। না হলে না হবে। সংগ্রাম চলছে। সংগ্রাম চলবে। সংগ্রামই জীবন, জীবনই সংগ্রাম।
কবে নাগাদ, মানে কত সালে এই সংগ্রাম শেষ হবে?
সেটা নির্ভর করছে লড়াইয়ের শক্তির ওপর। ফাটিয়ে লড়াই করতে পারলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লড়াই শেষ হয়ে যাবে।
লড়াই শেষ হলে কী হবে? সুজলাং, সুফলাং, শস্যশ্যামলাং?
সে হলে হবে, না হলে না হবে। ওটা আলাদা ব্যাপার। ওদিকে সেবার কোনও সুযোগ নেই। লড়াই শেষ হলে আবার লড়াই শুরু হবে। চিরটাকাল আমাদের লড়াইয়ের মধ্যে থাকতে হবে। বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বড় বড় দুর্ঘটনা। একবার এদিকে ছুটছি, একবার ওদিকে। ছুটছি। মিটিং করছি। বক্তৃতার তোড়ে পাড়া তোলপাড় করে দিচ্ছি। মনে রাখতে হবে, কিছু করার চেয়ে অনেক কিছু করতে পারি—এই মস্ত ধারণাটা মানুষের মনে ধরিয়ে দিতে হবে। কিছু করলে, মানুষ পরক্ষণেই ভুলে যাবে। আরও কেন করা হল না বলে গালাগাল দেবে। দলবাজি করছে, দল বদল করবে। এসব ভীষণ ভীষণ বিরক্তিকর ব্যাপার। অতএব, কিছু করার চেয়ে কিছু না করা অনেক ভালো। অনেক নিরাপদ। একসময় এদেশে কিছু জমিদার ছিলেন, সবাই বলত, বদান্য জমিদার! কোথাও কিছু নেই বিশাল একটা পুকুর কাটিয়ে বললেন, তালপুকুর। তালগাছ দিয়ে ঘেরা। গ্রামবাসী ধন্য ধন্য করতে লাগল। এইবার কী হল, গ্রামে কলেরা, মহামারি শুরু হল। কেন হল? ওই পুকুর। জল দূষিত হয়ে গেছে। পুকুরটা না কাটালে জলকষ্ট হত বটে। কলেরা হত না।
