বিদ্বৎজন নিয়ে নিয়মিত আলোচনার আসর বসাতেন বাড়িতে, সে আসরে নানা বয়সের স্ত্রী-পুরুষ থাকতেন। প্রতিভাবান তরুণ তরুণীদের সঙ্গে বিস্তর সময় কাটাতেন, তাদের সঙ্গে মত বিনিময় করতেন, তাদের উৎসাহ দিতেন লিখতে। গুরুত্ব দিতেন মেয়েদের জীবনের অভিজ্ঞতাকে, তাদের প্রতিবাদকে, তাদের দেখার চোখকে, তাদের ভাষাকে। অন্ধকারে ঠিক ঠিক দেখতে পেতেন হিরের দ্যূতি।
বাংলা থেকে বিতাড়িত হয়ে যখন দিল্লিতে পাকাপাকিভাবে বাস করতে শুরু করেছি, যখন বাংলা পত্রপত্রিকা ভয়ে গুটিয়ে রেখেছে নিজেদের, আর যে কারও অধিকার থাকলেও সেসবে আমার লেখার অধিকার নেই, এমনকী জনসত্তা পত্রিকাও আমার নিয়মিত কলামকে অতি ধারালো বলে বাদ দিয়ে দিল, তখন রাজেন্দ্রজি আমাকে বললেন তাঁর হান্স পত্রিকার জন্য নিয়মিত লিখতে। তিনি আমাকে অন্য সম্পাদকদের মতো আমাকে বলেননি, ধর্মের নিন্দা করা যাবে না, সরকারের দুর্নাম করা যাবে না, ভারতীয় ঐতিহ্যকে হেয় করা চলবে না, ধমর্ব্যবসায়ী বাবাদের নিয়ে কটুকথা বলা চলবে না। যে কোনও বিষয় নিয়ে যা কিছু লেখার স্বাধীনতা আমাকে দিলেন রাজেন্দ্রজি। অন্য পত্রিকার সম্পাদকরা রে রে করে ছুটে আসে, ধর্মের কোনও সমালোচনা কেউই বরদাস্ত করে না, লেখা বাদ দিয়ে দেয়, নয়তো সেন্সরের কাঁচি চালিয়ে লেখার সর্বনাশ করে, রাজেন্দ্রজি আমার কোনও লেখায় অপ্রিয় সত্য কথা থাকার অপরাধে বাদ দেননি, কোনও লেখায় কাঁচি চালাননি। তিনি বাক স্বাধীনতায় একশ ভাগ বিশ্বাস করতেন। ঠিক আমার মতো। মানবতাবাদে, ধর্মনিরপেক্ষতায়, জাতপাতহীনতায়, শ্রেণীহীনতায় আমাদের দু’জনেরই বিশ্বাস ছিল। বয়স হয়েছিল রাজেন্দ্রজির, হলে কী হবে, তিনি খুব আধুনিক মানুষ ছিলেন। তাঁকে ঘিরে থাকতো যে তরুণ তরুণীরা, তাদের সবার চেয়েও বেশি আধুনিক, সবার চেয়ে বেশি মুক্ত মনের।
‘বাক স্বাধীনতা’ নিয়ে গালিব অডিটোরিয়ামে তিনি একটা বড় অনুষ্ঠান করেছিলেন কিছুদিন আগে। তাঁর সম্পাদিত পত্রিকা হান্সের বার্ষিক উৎসব। ওতে কথা ছিল আমি বক্তৃতা দেব। কিন্তু নিরাপত্তার কথা ভেবে শেষ অবধি যেতে পারিনি। রাজেন্দ্রজি অনেকবার অনুষ্ঠান থেকে ফোন করেছেন আমাকে, অনেক অনুরোধ করেছেন অনুষ্ঠানে যাওয়ার জন্য। এখনও তাঁর সেই কাতর অনুরোধগুলো কানে বাজে। মুসলিম মৌলবাদীরা চারদিকে ওত পেতে আছে আমাকে মেরে ফেলার জন্য, এ কথা তিনি বিশ্বাস করতেন না। আমিও করি না, কিন্তু এখনও জনতার ভিড় দেখলে এক ঝাঁক বিভৎস স্মৃতি আমাকে জাপটে ধরে। যে কোনও সময় যে কোনও মৌলবাদী কোনও একটা অনিষ্ট করে বসবে, মেরে না ফেললেও, চেঁচালেও তো খবর হবে। আর সেই খবরের ধাক্কা সামলাতে না পেরে সরকার যদি বলে বসে, দেশ ছাড়ো! এরকম তো বলেছে অনেক। বাংলা হারিয়েছি। ভারত হারানোর বেদনা আমি সইতে পারবো না। নিরাপত্তা রক্ষীরা এদিকে আবার সাবধানও করে দিয়েছেন, ভিড়ের মধ্যে কোনও মঞ্চে ওঠা চলবে না। রাজেন্দ্রজি আমাকে আমন্ত্রণ জানানোর পর কথা দিয়েছিলাম, অনুষ্ঠানে যাবো। কথা রাখতে পারিনি। খুব দুঃখ পেয়েছিলেন তিনি। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে আমার নাম দিতে চেয়েছিলেন, নাম না দিতে অনুরোধ করেছিলাম, বলেছিলাম, হঠাৎ করেই উপস্থিত হবো অনুষ্ঠানে। তিনি কথা রেখেছিলেন, আমার নামটা উল্লেখ করেননি, কিন্তু অপেক্ষা করছিলেন আমার উপস্থিতির। বাক স্বাধীনতা বিষয়ে আমার বক্তব্য, উনি বিশ্বাস করতেন, খুব মূল্যবান। লেখালেখির কারণে পূর্ব আর পশ্চিম, দুই বাংলা থেকেই আমার নির্বাসন হয়েছে, বাংলার পত্র পত্রিকায়ও আমি নিষিদ্ধ, অনেকগুলো বই নিষিদ্ধ হয়েছে, আমার বই নিষিদ্ধ করার আর আমার মৃত্যুদণ্ডের দাবিতে শহরে লক্ষ লোকের মিছিল হয়েছে। এই নিষিদ্ধ মানুষটিকেই রাজেন্দ্রজি শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন তাঁর জীবনের শেষ অনুষ্ঠানটিতে। আনুষ্ঠানিকভাবে আমাকে সম্মানিত করতে পারলেন না, তা রাজেন্দ্রজির জন্য যতটুকু কষ্টের ছিল, তার চেয়ে বেশি আমার জন্য এটি কষ্টের যে আমি রাজেন্দ্রজি দ্বারা আনুষ্ঠানিকভাবে সম্মানিত হতে পারলাম না। নিষিদ্ধ লেখককে দেখে লেখক বুদ্ধিজীবিদেরও ভয়ে দূরে সরে যেতে দেখেছি, রাজেন্দ্রজি ফুলের মালা হাতে এগিয়ে এসেছিলেন সামনে। রাজেন্দ্রজি আর সবার চেয়ে নিশ্চয়ই আলাদা ছিলেন।
রাজেন্দ্রজিকে নিয়ে শেষ দিকে নানা কথা শুনতাম। বিহার থেকে আসা জ্যোতিকুমারী নামের এক মেয়েকে চাকরি দিয়েছিলেন, লেখালেখির– এমনকী বই বের করার সুযোগ করে দিয়েছিলেন, আসকারা দিয়ে মাথায় তুলেছিলেন। জ্যোতিকুমারী আর রাজেন্দ্রজির সম্পর্ক নিয়ে লোকে অশোভন সব কথাও বলেছে। এক পক্ষ বলেছে, ‘রাজেন্দ্রজি চিরকাল মেয়েমানুষ নিয়ে মোচ্ছব করেছে, জ্যোতিকেও ছাড়েনি’। অপরপক্ষ বলেছে, ‘জ্যোতি খুব খারাপ মেয়ে। ও রাজেন্দ্রজিকে নিজের ওপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যাবহার করছে’। মাথা উঁচু করে চলা আত্মবিশ্বাসী মেয়েদের এই সমাজে মন্দ বলার লোকের অভাব নেই। স্নেহ অনেক মেয়েকেই করেছেন রাজেন্দ্রজি। ভালোও বেসেছেন অনেককে। কিন্তু কারও অনুমতি ছাড়া তিনি কাউকে স্পর্শ করেছেন এ তাঁর শত্রুরাও বলে না। শেষদিন যেদিন দেখা হয়েছিল রাজেন্দ্রজির সঙ্গে আমার বাড়ির আড্ডায়, আমাকে হঠাৎ তিনি জিজ্ঞেস করেছিলেন, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আমার অভিযোগের কারণ কী ছিল। আমি বললাম, ‘সুনীলকে খুব শ্রদ্ধা করতাম, কিন্তু হঠাৎ তিনি একদিন আমার শরীরে আমার অনুমতি না নিয়ে স্পর্শ করেছিলেন। প্রতিবাদ করা উচিত বলেই প্রতিবাদ করেছিলাম। অন্য মেয়েদের জীবনে যৌন হেনস্থা ঘটলে প্রতিবাদ করি, নিজের জীবনে ঘটলে মুখ বুজে থাকবো কেন?’ রাজেন্দ্রজি আমার সঙ্গে একমত হলেন, একবারও বলেননি সুনীলের বিরুদ্ধে অভিযোগ করা আমার উচিত হয়নি।
রাজেন্দ্রজিকে তরুণরা খুব ঘিরে ছিল। তারা খুব শ্রদ্ধা করতো তাঁকে। তাদের বলতে শুনেছি, আমরা পিতৃহারা হলাম। রাজেন্দ্রজির স্নেহধন্য কবি-লেখকরা যেন রাজেন্দ্রজির মতো মুক্তচিন্তায় বিশ্বাসী হয়, সাহসী হয়, যেন কোনও অপ্রিয় সত্য কথা বলতে তাদের কোনও দ্বিধা না থাকে। হবে কি কেউ এমন? আমি যেমন আমার আত্মজীবনীতে কোনও কিছু লুকোইনি, সম্প্রতি লেখা ‘সুস্থ ব্যাক্তিকো বিমার বিচার’ নামে লেখা তাঁর বইতে রাজেন্দ্রজি নিজের কিছুই লুকোননি। জীবনের সব সম্পর্কের কথা লিখেছেন. সমাজের চোখে যা বৈধ , যা অবৈধ, সব। লোকে কী বলবে তা নিয়ে ভাবেননা। তাঁর মতো এরকম অকপট কি হতে পারবে, মত প্রকাশের স্বাধীনতায় কি রাজেন্দ্রজির মতো তরুণেরা বিশ্বাস করে, যাদের তিনি রেখে গেলেন?
তুই নিষিদ্ধ তুই কথা কইস না
বইমেলার নাম শুনলে রক্তে আমার উত্তাল ঢেউ ওঠে। এই বইমেলা দেখতে সাত সাগর তেরো নদী পেরিয়ে চলে আসি এখানে, এই ধুলোবালির কলকাতায়। আসি প্রাণের টানে। আমি তো স্বীকারই করি যে পৃথিবীর কোনও বইমেলার সঙ্গে এই কলকাতা-বইমেলার কোনও তুলনা হয় না। এত যে বইমেলা বইমেলা, কিন্তু বাংলার বইমেলা কত দিন! একশো বা দু’শো বছর পর এই বইমেলার দশা কী হবে, তা ভেবে আমার ভয় হয়। নতুন প্রজন্মের অনেকেই বাংলা লিখতে পড়তে জানে না, এমনকী ভাল বলতেও জানে না, জানলেও বলে না বা বলতে চায় না। বাংলার প্রতি এদের কোনও ভালবাসা নেই। সম্ভবত হতদরিদ্র চাষাভুষো মানুষের কাছেই বেশ কিছু কাল বেঁচে থাকবে বাংলা বইয়ের মেলা। বইমেলা যদি হয় কোথাও, হয়তো গ্রামের মাঠে ময়দানেই হবে। বাংলাভাষাটি ক্রমে ক্রমে দীন-হীনের ভাষা হয়ে উঠেছে। বাংলার জন্য আমি আপাদমস্তক দীনহীন হতে পারি। কিন্তু দীনহীনের ভাষা তো, এমনই নিয়ম, যে, বিলুপ্ত হয়ে যায়। যাচ্ছে। বাংলা নামের একটি ভাষা ছিল জগতে, এটি এক দিন হয়তো ইতিহাস হয়ে উঠবে, পূর্ববঙ্গে না হলেও এই পশ্চিমবঙ্গে। হয়তো হবে, হয়তো নয়। হয়তোর আভাস দেখি বেশি। বাংলা ভাষাটিকে নিয়ে বাঙালির লজ্জা হয় খুব। আমি সাধারণত বাংলায় বসে বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলি না কারও সঙ্গে। বাংলায় বাস করা বিহারি ট্যাক্সিওয়ালা, মারওয়াড়ি ব্যবসায়ী, উত্তর প্রদেশীয় কালাকার সকলের সঙ্গেই বাংলা চালিয়ে যাই, বুঝবে না— তাই বলব না এই ছুতোতে বা থিওরিতে আমি বিশ্বাসী নই। আসলে, বোঝে তারা ঠিকই, কিন্তু ভাষাটি তাদের বোঝার এবং বলার সুযোগটিই কোনও বাঙালি দিতে চায় না। পৃথিবীর সব ভাষাই সুন্দর, সব ভাষাকেই শ্রদ্ধা করি কিন্তু বাংলায় থেকে বাংলায় কথা বলার সুখ আমি পেতে চাই এবং এই সুখ অন্যকেও দিতে চাই। না, এতে মান যায় না, বরং মান বাড়ে। নিজেকে না ভালবাসলে কেউ তেমন কিছু দিতে পারে না নিজের জীবনকে, তেমনই নিজের ভাষাটিকে ভাল না বাসলে, কেউ এই ভাষাভাষির মানুষকে এবং মাটিকে এই ভাষা যে মাটির, দিতে পারে না ভাল কিছু।
